নবজাতকের প্রথম শীত: একটু বাড়তি যত্নেই থাকুক সুরক্ষা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটি শিশুর জন্ম সৃষ্টিকর্তার এক অমূল্য ও সুন্দর উপহার, যা পরিবারে নতুন আনন্দ ও ভালোবাসা নিয়ে আসে। এই উপহারকে নিরাপদ ও সুন্দরভাবে আগলে রাখা এবং সঠিকভাবে যত্নে বেড়ে তোলাই মা-বাবার প্রধান দায়িত্ব। ছোট ছোট চোখে বিস্ময়ভরে তাকানো, ছোট্ট হাতে আংগুল জড়িয়ে ধরা, নিত্যনতুন পোশাকে তাকে সাজানো; প্রতিটা দিন যেনো হয়ে উঠে উৎসবমুখর। শীতের সকালে নরম রোদ, ছোট্ট শরীরে উলের সোয়েটার, মোজা আর টুপি—নতুন অভিভাবকদের কাছে দৃশ্যগুলো ভীষণ আনন্দের। তবে আনন্দের পাশাপাশি নবজাতকের প্রথম শীতকাল অভিভাবকদের জন্য এক বিশেষ চ্যালেঞ্জও বটে। শিশুর ঠান্ডা লাগছে না তো? পর্যাপ্ত গরম কাপড় পরানো হয়েছে? গোসল করানো ঠিক হবে? রাতে ঘুমানোর সময় কীভাবে উষ্ণ রাখা যাবে? এমন হাজারো প্রশ্ন মনে এসে ভিড় জমায়। সঠিক প্রস্তুতি আর সামান্য সতর্কতা অবলম্বন করলেই এই শীতকে সন্তানের জন্য নিরাপদ ও আরামদায়ক করা সম্ভব। আর এইসব কিছু নিয়েই আমাদের আজকের এই আয়োজন।  


নবজাতকের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা বড়দের মতো পুরোপুরি বিকশিত হয় না। ফলে পরিবেশের তাপমাত্রার পরিবর্তনে তারা তুলনামূলক বেশি সংবেদনশীল। বিশেষ করে সময়ের আগে জন্ম নেওয়া ও কম ওজনের শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি তো আরও বেশি। নবজাতকের ত্বক খুব পাতলা হয় এবং ত্বকের নিচে চর্বির স্তর (Subcutaneous fat) খুব কম থাকে। চর্বি শরীরের তাপ ধরে রাখতে ইনসুলেটর বা অন্তরক হিসেবে কাজ করে, যার অভাবে তারা সহজেই ঠান্ডা হয়ে যায়। শুধু তাই নয়, জন্মের পর প্রথম কয়েক মাস নবজাতকের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে সময় লাগে। তাই স্বাভাবিকভাবেই শীতের শুষ্ক বাতাস ও ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তাদের কম থাকে। তাই শীতকালে তাপমাত্রা নিয়ন্ত্রণ শুধু আরামের বিষয় নয়, এটি একটি স্বাস্থ্য সুরক্ষার বিষয়।


ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা: প্রথম ভিত্তি


শীতের সময় নবজাতকের জন্য ঘরের পরিবেশ আরামদায়ক রাখা জরুরি। জানালা দিয়ে ঠান্ডা বাতাস সরাসরি শিশুর গায়ে লাগতে দেবেন না। আবার ঘর একেবারে বদ্ধ রাখাও ঠিক নয়। পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে


শিশুর ঘুমের ঘর অতিরিক্ত গরম করার প্রয়োজন নেই। যুক্তরাজ্যের 'ন্যাশনাল হেলথ সার্ভিস' (NHS) শিশুর ঘুমের জন্য ১৬–২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আরামদায়ক ও নিরাপদ বলে উল্লেখ করেছে। তবে আমাদের দেশের আবহাওয়া ও ঘরের পরিস্থিতি ভিন্ন হতে পারে। তাই নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে শিশুকে অতিরিক্ত গরম বা ঠান্ডা না হতে দেওয়াই গুরুত্বপূর্ণ। 


শীতকালে বাতাসের আর্দ্রতা কমে গেলে নবজাতকের নাক বন্ধ হয়ে যাওয়া, ঠোঁট ফাটা ও ত্বক রুক্ষ হওয়ার সমস্যা দেখা দেয়। আর্দ্রতা ৪০% এর নিচে নামলে শ্বাসনালিতে অস্বস্তি হতে পারে। শীতে ঘরে হিটার ব্যবহার করলে বাতাস শুষ্ক হয়ে যায়, তাই হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে অথবা ঘরে একটি পানির পাত্র রাখা যেতে পারে, যাতে আর্দ্রতা ৫০-৬০%-এর কাছাকাছি থাকে।


ঘরে হিটার ব্যবহার করলে সেটি শিশুর বিছানা থেকে নিরাপদ দূরত্বে রাখুন। কখনোই হিটারের সামনে বা খুব কাছাকাছি শিশুকে রাখবেন না। বৈদ্যুতিক কম্বল, গরম পানির ব্যাগ কিংবা সরাসরি আগুনের তাপ দিয়ে শিশুকে গরম রাখার চেষ্টা করবেন না।



শিশুকে উষ্ণ রাখুন, তবে অতিরিক্ত কাপড় নয়


শীতকালে নবজাতককে উষ্ণ রাখা জরুরি। কিন্তু এর অর্থ এই নয় যে তার গায়ে একের পর এক মোটা কাপড় মুড়িয়ে স্তুপাকারে রাখবেন। অতিরিক্ত কাপড় বা কম্বলে শিশুর শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা ঘুমের সময় আকস্মিক শিশুমৃত্যুর (Sudden Infant Death Syndrome) ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। শীতে নবজাতককে পোশাক পরানোর সবচেয়ে সহজ ও বিজ্ঞানসম্মত নিয়ম হলো—"আপনি যে সংখ্যক স্তরের পোশাক পরছেন, তার চেয়ে এক স্তর বেশি" শিশুকে পরান। তবে মনে রাখতে হবে, এটি পাতলা স্তর হওয়া চাই, মোটা একক পোশাক নয়। পাতলা স্তরগুলো শরীরের তাপ ধরে রাখে এবং প্রয়োজন অনুযায়ী একটি স্তর সরিয়ে বা যোগ করে শিশুর আরাম নিশ্চিত করা যায়।


সরাসরি ত্বকের সংস্পর্শে থাকা প্রথম স্তরটি সবসময় নরম সুতি কাপড়ের হতে হবে। এর ওপর সোয়েটার জাতীয় গরম কাপড় পরাতে পারেন। সরাসরি ত্বকে উল বা সিন্থেটিক কাপড় দিলে চুলকানি বা র‍্যাশ হতে পারে। 


শরীরের তাপমাত্রার বড় একটি অংশ মাথা ও পা দিয়ে বেরিয়ে যায়। তাই ঘরে বা বাইরে নরম সুতির বা পাতলা উলের টুপি, হাতমোজা ও পায়ে মোজা পরিয়ে রাখুন।  তবে ঘরের ভেতরে তাপমাত্রা স্বাভাবিক থাকলে টুপি পরানোর দরকার নেই, আর ঘুমের সময় অবশ্যই টুপি খুলে ফেলুন। কারণ ঘুমন্ত শিশুর মুখ ঢেকে গিয়ে শ্বাসরোধের ঝুঁকি তৈরি হতে পারে। ঘাড় ঘেমে যাওয়া, চুল ভিজে যাওয়া, গাল লাল হয়ে যাওয়া, দ্রুত শ্বাস নেওয়া বা অস্থিরতা দেখা দিলে বুঝবেন কাপড় বেশি হয়ে গেছে। তখন কাপড়ের স্তর কিছুটা কমিয়ে দিবেন। 



গোসল করানোর ক্ষেত্রে সতর্কতা


শীতকালে শিশুকে গোসল করানো নিয়ে অনেক অভিভাবকই দুশ্চিন্তায় থাকেন। ঠান্ডা লাগার ভয়ে কেউ কেউ কয়েক দিন গোসল করান না, আবার কেউ প্রতিদিন গোসল করান। দুটো ক্ষেত্রেই শিশুর প্রয়োজন ও পরিবেশ বিবেচনা করা উচিত।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরামর্শ অনুযায়ী, জন্মের পর নবজাতকের প্রথম গোসল অন্তত ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া উচিত। কোনো সামাজিক বা বিশেষ কারণে ২৪ ঘণ্টা অপেক্ষা করা সম্ভব না হলে অন্তত ৬ ঘণ্টা পর গোসল করানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে শিশু বাইরের পরিবেশের তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পায়। 


শীতকালে নবজাতককে প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই। সপ্তাহে ২ থেকে ৩ দিন কুসুম গরম পানিতে (প্রায় ৩৭°C–৩৮°C) অল্প সময়ের মধ্যে গোসল করানো সবচেয়ে নিরাপদ। আর মাঝের দিনগুলোতে "টপিং অ্যান্ড টেইলিং" (মুখ, ঘাড়, হাত ও নিচের অংশ ভেজা কাপড়ে পরিষ্কার করা) করাই যথেষ্ট এবং এটি শিশুকে বেশি উষ্ণ রাখে।


গোসলের আগে সবকিছু জিনিস (তোয়ালে, পোশাক, ডায়াপার) হাতের কাছে গুছিয়ে রাখুন, যাতে গোসলের পর দ্রুত শিশুকে মুছে পোশাক পরানো যায়। ভেজা অবস্থায় শিশুকে কখনোই ঠান্ডা বাতাসে রাখবেন না।আর নাভির গোড়ার অংশ শুকনো ও পরিষ্কার রাখতে হবে এবং চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করতে হবে। 



ত্বকের যত্ন: শুষ্কতা থেকে সুরক্ষা


শীতের শুষ্ক বাতাসে নবজাতকের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোসলের পরপরই সুগন্ধিহীন, মৃদু ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করা সবচেয়ে কার্যকর। নবজাতকের ত্বকের বাইরের স্তর বড়দের তুলনায় প্রায় ৩০% পাতলা হওয়ায় এটি খুব দ্রুত আর্দ্রতা হারায়। তাই কিছুটা আর্দ্রতা রেখে ময়েশ্চারাইজার বা ক্রিম লাগান, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। 


অতিরিক্ত সাবান, সুগন্ধি লোশন ও পাউডার ব্যবহার থেকে বিরত থাকুন। শিশুর ত্বকে নতুন কোনো পণ্য ব্যবহারের আগে সতর্ক থাকুন। ত্বকে যদি লালচে দাগ, ফুসকুড়ি, ক্ষত কিংবা অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান তবে চিকিৎসকের পরামর্শ নিন।



ঠান্ডা-কাশি থেকে সুরক্ষায় পরিচ্ছন্নতা জরুরি


শীতকালে সর্দি-কাশি ও শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়তে পারে। নবজাতকের রোগ প্রতিরোধব্যবস্থা এখনও বিকাশের পর্যায়ে থাকায় সংক্রমণের ঝুঁকিও বেশি। কিছু সহজ নিয়ম মেনে চললে এই ঝুঁকি অনেকটাই কমানো যায়:


- শিশুকে কোলে নেওয়ার আগে, খাওয়ানোর আগে এবং ডায়াপার বদলানোর পর পরিবারের সকল সদস্যকে সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভালোভাবে হাত ধুতে হবে। হাত ধোয়ার সুযোগ না থাকলে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত পুরোপুরি শুকিয়ে তবেই শিশুকে ধরুন।


- বাড়ির কারো সর্দি, কাশি, জ্বর বা গলাব্যথা থাকলে তাকে নবজাতকের কাছ থেকে দূরে থাকতে হবে। একান্তই কাছে আসতে হলে অবশ্যই ভালো মানের মাস্ক পরতে হবে এবং শিশুকে চুমু দেওয়া বা মুখের খুব কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে।


- শীতকালে অপ্রয়োজনীয় অতিথি সমাগম এড়িয়ে চলুন এবং শিশুকে নিয়ে শপিং মল বা ভিড়যুক্ত জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন। নবজাতককে (বিশেষত ৮ সপ্তাহের কম বয়সী) ভিড় বা অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে রাখুন। 


- শিশুর ফিডার, নিপল, চুষনি বা খেলনা নিয়মিত গরম পানিতে ফুটিয়ে বা স্টেরিলাইজ (Sterilize) করে পরিষ্কার রাখুন। প্রতিদিন শিশুর ব্যবহৃত তোয়ালে, কাঁথা ও বিছানার চাদর বদলে রোদে শুকিয়ে নিন।


- ঘরের ভেতরে বা আশেপাশে ধূমপান মশার কয়েল, বা আগরবাতির ধোঁয়া নবজাতকের শ্বাসনালিতে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে এবং নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়।


এ ছাড়া শিশুর বয়স অনুযায়ী নির্ধারিত টিকাগুলো সময়মতো দিতে হবে। কোনো টিকা বাদ পড়লে চিকিৎসকের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় জেনে নিন।



বুকের দুধ খাওয়ানোয় বিরতি নয়


শিশুর যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা। জন্মের পর প্রথম ছয় মাস শিশুর জন্য মায়ের বুকের দুধই আদর্শ খাবার। এতে প্রয়োজনীয় পুষ্টির পাশাপাশি রোগ প্রতিরোধে সহায়ক উপাদানও থাকে। শীতকালে নবজাতককে নিয়মিত ও ঘন ঘন বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি, এমনকি মা বা শিশু সামান্য অসুস্থ হলেও এতে বিরতি দেওয়া উচিত নয়। বুকের দুধ শিশুর জন্য প্রাকৃতিক সুরক্ষা কবচ এবং শরীরের তাপমাত্রা বজায় রাখার অন্যতম প্রধান উৎস।


মায়ের দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি (Antibodies—বিশেষ করে Secretory IgA), শ্বেত রক্তকণিকা এবং রোগ প্রতিরোধকারী উপাদান থাকে। শীতকালে মা কোনো ভাইরাস বা জীবাণুর সংস্পর্শে এলে মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা বুকের দুধের মাধ্যমে শিশুর শরীরে পৌঁছে শিশুকে সর্দি-কাশি ও নিউমোনিয়া থেকে সুরক্ষা দেয়।


মনে রাখবেন, ছয় মাসের কম বয়সী শিশুকে চিকিৎসকের বিশেষ পরামর্শ ছাড়া আলাদা করে পানি, মধু, চিনির পানি কিংবা অন্য কোনো পানীয় দেওয়ার প্রয়োজন নেই। এমনকি শীতকালেও নয়।



শিশুর ঘুমের নিরাপত্তা নিশ্চিত করুন


শীতের রাতে শিশুকে উষ্ণ রাখতে গিয়ে অনেক অভিভাবক মোটা কম্বল, লেপ, বালিশ কিংবা নরম কাঁথা দিয়ে ঘিরে রাখেন। কিন্তু এগুলো শিশুর ঘুমের জন্য বিপজ্জনক হতে পারে। কম্বল বা বালিশ শিশুর মুখ ঢেকে শ্বাস নিতে বাধা সৃষ্টি করতে পারে। 


'আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস' (AAP) -এর নিরাপদ ঘুমবিষয়ক নির্দেশনায় শিশুকে চিত করে ঘুম পাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘুমের জায়গায় বালিশ, নরম খেলনা, ঢিলেঢালা কম্বল ও অন্যান্য আলগা জিনিস না রাখার কথা বলা হয়েছে।


দিনের বেলা হোক বা রাতের বেলা, শিশুকে সবসময় চিৎ করে শোয়ান। উপুড় করে বা কাত করে শোয়ালে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। মা-বাবার সাথে একই লেপ বা কম্বলের নিচে শিশুকে নিয়ে ঘুমানো বিপজ্জনক, কারণ বড়দের ভারী কম্বল বা শরীরের চাপে শিশুর শ্বাসকষ্ট হতে পারে। মা-বাবার বিছানার ঠিক পাশেই শিশুর জন্য আলাদা বেসিনেট (Bassinet) বা সমতল ম্যাট্রেস রাখা সবচেয়ে নিরাপদ। ঘরের ভেতর ঘুমানোর সময় শিশুর মাথার টুপি খুলে রাখুন। মাথা দিয়ে শরীরের অতিরিক্ত তাপ বের হয়; ঘুমের মধ্যে টুপি থাকলে শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে অথবা টুপি খুলে মুখের ওপর পড়ে শ্বাসরোধ হতে পারে। 



শীতে রোদ পোহানো যাবে কি?


শীতের সকালে নরম রোদে শিশুকে নিয়ে বসতে ভালোবাসেন অনেক অভিভাবক। তবে নবজাতককে রোদে রাখার ক্ষেত্রে সতর্কতা জরুরি। বিশেষ করে ছয় মাসের কম বয়সী শিশুকে সরাসরি সূর্যের আলোয় রাখা উচিত নয়। নবজাতকের ত্বক অত্যন্ত সংবেদনশীল, ফলে সূর্যের অতিবেগুনি রশ্মিতে ত্বকের ক্ষতি হতে পারে। সঠিক নিয়ম মেনে রোদ পোহালে শিশু আরামদায়ক উষ্ণতা পায়। সকাল ৮টা থেকে ১০টার মধ্যে, যখন রোদের তাপ মিষ্টি ও সহনীয় থাকে, তখন রোদ পোহানো সবচেয়ে ভালো। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের বেশি রোদে রাখবেন না। 


ছাদে বা খোলা বারান্দায় যদি ঠান্ডা বাতাস বইতে থাকে, তবে সেখানে শিশুকে নেবেন না। এমন জায়গা বেছে নিন যেখানে সরাসরি রোদ আসে কিন্তু ঠান্ডা বাতাস লাগে না। পাতলা ও আরামদায়ক সুতির কাপড় পরিয়ে নিন এবং সূর্যের আলো যেন সরাসরি শিশুর চোখে না পড়ে, সেদিকে খেয়াল রাখুন। 


আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, শিশুকে রোদে রাখলেই জন্ডিস সেরে যাবে—এমন ধারণা ঠিক নয়। নবজাতকের জন্ডিস দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ফটোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। ঘরোয়া উপায়ে রোদে রেখে জন্ডিসের চিকিৎসা করতে গেলে প্রয়োজনীয় চিকিৎসা পেতে দেরি হতে পারে।



ক্যাঙারু মাদার কেয়ার: মায়ের উষ্ণতাই শিশুর আশ্রয়


ক্যাঙ্গারু মাদার কেয়ার বা KMC) হলো নবজাতককে, বিশেষ করে অপরিণত বা কম ওজনের শিশুকে—সরাসরি মায়ের বা বাবার বুকের উন্মুক্ত ত্বকের সাথে ত্বক লাগিয়ে (Skin-to-skin contact) রাখার একটি অত্যন্ত কার্যকর ও বিজ্ঞানসম্মত পদ্ধতি। শীতকালে নবজাতকের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং সংক্রমণ প্রতিরোধে এটি প্রাকৃতিক ইনকিউবেটর হিসেবে কাজ করে।


এ পদ্ধতিতে শিশুকে শুধু ডায়াপার পরিয়ে মায়ের খালি বুকের সঙ্গে বুক মিলিয়ে রাখা হয়। এরপর দুজনকে এমনভাবে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে শিশুর শরীর মায়ের শরীরের উষ্ণতা পায়। এতে শিশুর শরীরের তাপমাত্রা বজায় রাখতে, বুকের দুধ খাওয়াতে এবং মা-শিশুর বন্ধন দৃঢ় করতে সহায়তা করে। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা অপরিণত ও কম ওজনের শিশুদের যত্নে ক্যাঙারু মাদার কেয়ারকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তবে শিশুর শ্বাস-প্রশ্বাস ও অবস্থার দিকে খেয়াল রেখে সঠিক পদ্ধতিতে এটি করতে হবে। হাসপাতাল থেকে প্রশিক্ষণ নিয়ে অভিভাবকেরা বাড়িতেও এই পদ্ধতি চালিয়ে যেতে পারেন।



কখন বুঝবেন শিশুর চিকিৎসা প্রয়োজন?


নবজাতক নিজের অস্বস্তি বা অসুস্থতার কথা বলতে পারে না। তাই তার আচরণ ও শারীরিক পরিবর্তনের দিকে অভিভাবকদের বাড়তি নজর রাখতে হবে। যেসব লক্ষণ খেয়াল করবেন—


- নবজাতকের শরীরের তাপমাত্রা ৩৮°C (১০০.৪°F) বা তার বেশি হলে (বগলের নিচে বা ডিজিটাল থার্মোমিটারে মাপলে)। ৩ মাসের কম বয়সী শিশুর সামান্য জ্বরও গুরুতর সংক্রমণের লক্ষণ হতে পারে।


- শরীরের তাপমাত্রা ৩৬.৫°C (৯৭.৭°F)-এর নিচে নেমে গেলে এবং উষ্ণ কাপড় বা ক্যাঙ্গারু কেয়ার দেওয়ার পরও শরীর গরম না হলে।


- দুধ খেতে না চাওয়া বা স্বাভাবিকের তুলনায় অনেক কম খাওয়া।


- শিশু শান্ত থাকা অবস্থায় মিনিটে ৬০ বার বা তার বেশি শ্বাস নিলে। শ্বাস নেওয়ার সময় বুকের পাঁজরের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া, নাকের পাটা ফুলে ওঠা, গোঙানির মতো শব্দ হওয়া বা বুকের ভেতর বাঁশির মতো শব্দ শোনা গেলে।


- ঠোঁট, জিহ্বা বা মুখমণ্ডল নীলচে বা ফ্যাকাসে হয়ে গেলে।


- অস্বাভাবিক নিস্তেজ হয়ে গেলে। ঘুম থেকে ডেকে তোলা কঠিন হলে, হাত-পা একদম নেতিয়ে পড়লে বা সাড়া না দিলে। 


সব নবজাতকের যত্নের প্রয়োজন এক রকম নয়। সময়ের আগে জন্ম নেওয়া শিশু, কম জন্ম ওজনের শিশু কিংবা জন্মের পর স্বাস্থ্যগত জটিলতা থাকা শিশুর ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। তাই শিশুর বয়স, জন্মের ওজন ও শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। একটু সচেতনতা, সঠিক তথ্য আর ভালোবাসার যত্নে শিশুর প্রথম শীত হয়ে উঠুক নিরাপদ ও স্বস্তির।


তথ্যসূত্র :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস

ন্যাশনাল হেলথ সার্ভিস

sidebar ad