শীতকালে শিশুর ত্বকের যত্নে প্রসাধনী কতটা নিরাপদ

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোমল ত্বকের সুরক্ষায় সচেতনতা জরুরি,কিন্তু  অজান্তেই বাড়ছে না তো স্বাস্থ্যঝুঁকি।শিশুর কোমল ত্বক নিয়ে অভিভাবকদের উদ্বেগ ও আগ্রহের শেষ নেই। সন্তানকে সুন্দর, পরিচ্ছন্ন ও সুস্থ রাখতে বাজার থেকে কিনে আনা হয় নানা ধরনের প্রসাধনী বেবি লোশন, পাউডার, শ্যাম্পু, সাবান, বডি ওয়াশ, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এমনকি সুগন্ধিও।এখন শীতকালের বিজ্ঞাপনের আকর্ষণীয় উপস্থাপনা এবং নানা প্রতিশ্রুতি দেখে অনেক অভিভাবক মনে করেন, শীতে শিশুর যত্নে এসব পণ্যের ব্যবহার অপরিহার্য।


কিন্তু কথা হলো, শিশুর ত্বকের জন্য তৈরি প্রতিটি প্রসাধনী কি সত্যিই নিরাপদ।নিয়মিত এসব পণ্য ব্যবহারে শিশুর কোমল ত্বক সুরক্ষিত থাকছে, নাকি অজান্তেই তৈরি হচ্ছে নানা স্বাস্থ্যঝুঁকি।বিশেষজ্ঞদের মতে, শিশুর ত্বকের যত্নে প্রসাধনী ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে শিশুর বয়স, ত্বকের ধরন, পণ্যের উপাদান এবং ব্যবহারের পরিমাণ বিবেচনা করা জরুরি। কারণ শিশুর ত্বক বড়দের তুলনায় অনেক বেশি সংবেদনশীল।




কেন শিশুর ত্বক বেশি সংবেদনশীল:

শিশুর ত্বক বড়দের তুলনায় পাতলা এবং এর প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা পুরোপুরি পরিণত হতে সময় লাগে। বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের ত্বকে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা এবং বাইরের ক্ষতিকর উপাদান প্রতিরোধের ব্যবস্থা তুলনামূলক দুর্বল থাকে।

এ কারণে কিছু প্রসাধনীর রাসায়নিক উপাদান শিশুর ত্বকে সহজেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। দেখা দিতে পারে ত্বকের শুষ্কতা, লালচে ভাব, চুলকানি, র‍্যাশ কিংবা অ্যালার্জি। যেসব শিশুর একজিমা বা অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি হতে পারে।




কোন প্রসাধনী থেকে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে,


বেবি লোশন ও ময়েশ্চারাইজার: 

শিশুর ত্বক শুষ্ক হলে ময়েশ্চারাইজার প্রয়োজন হতে পারে। তবে অতিরিক্ত সুগন্ধি বা কিছু সংরক্ষণকারী উপাদান ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। তাই সুগন্ধিমুক্ত ও সংবেদনশীল ত্বকের উপযোগী পণ্য বেছে নেওয়া ভালো।



বেবি সাবান ও বডি ওয়াশ: অতিরিক্ত সাবান বা কড়া ক্লিনজার শিশুর ত্বকের স্বাভাবিক তেল কমিয়ে দিতে পারে। ফলে ত্বক শুষ্ক, রুক্ষ ও সংবেদনশীল হয়ে পড়ে। মৃদু, সুগন্ধিমুক্ত ক্লিনজার ব্যবহার করা উচিত।



বেবি পাউডার: 

পাউডার ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। পাউডারের সূক্ষ্ম কণা শিশুর নাক ও মুখ দিয়ে শ্বাসনালিতে প্রবেশ করলে শ্বাসকষ্টসহ গুরুতর সমস্যা হতে পারে। তাই বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে পাউডার ব্যবহার না করাই নিরাপদ।



বেবি শ্যাম্পু: 

শিশুর জন্য তৈরি মৃদু শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত ঘন ঘন শ্যাম্পু করা বা চোখে জ্বালাপোড়া সৃষ্টি করে এমন পণ্য ব্যবহার করা উচিত নয়।



বেবি অয়েল: 

সব ধরনের তেল শিশুর ত্বকের জন্য উপযোগী নয়। কিছু তেল ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। তাই শিশুর বয়স ও ত্বকের অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।



সানস্ক্রিন: 

সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে শিশুর ত্বক রক্ষা করা জরুরি। তবে ছয় মাসের কম বয়সী শিশুকে সরাসরি রোদ থেকে দূরে রাখা, ছায়ায় রাখা এবং শরীর ঢেকে রাখাই প্রধান সুরক্ষা। ছয় মাসের পর বয়স উপযোগী ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা যায়।




প্রসাধনীর কোন উপাদানগুলো সম্পর্কে সতর্ক থাকবেন:

শিশুর প্রসাধনী কেনার সময় শুধু পণ্যের ব্র্যান্ড বা বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্যাকেটের গায়ে থাকা উপাদানের তালিকা ভালোভাবে পড়তে হবে।

বিশেষ করে অতিরিক্ত সুগন্ধি, কৃত্রিম রং, ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে এমন অ্যালকোহল এবং অপ্রয়োজনীয় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। অননুমোদিত বা অজানা উৎসের পণ্যে ক্ষতিকর রাসায়নিক কিংবা ভারী ধাতুর দূষণ থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো পণ্যের গায়ে ন্যাচারাল হারবাল অর্গানিক   লেখা থাকলেই সেটি শিশুর জন্য শতভাগ নিরাপদ হয়ে যায় না। প্রাকৃতিক উপাদান থেকেও অ্যালার্জি হতে পারে।




শিশুর ত্বকের যত্নে কী করবেন:

শিশুর ত্বক ভালো রাখতে দামি প্রসাধনীর প্রয়োজন নেই। বরং কিছু সহজ অভ্যাসই শিশুর ত্বকের স্বাভাবিক কোমলতা ও সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।


* শিশুকে প্রয়োজন অনুযায়ী কুসুম গরম পানিতে গোসল করান। অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না।


* গোসলের পর নরম তোয়ালে দিয়ে আলতোভাবে শরীর মুছে দিন। ত্বক শুষ্ক হলে উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


* শিশুর পোশাকের ক্ষেত্রে নরম ও আরামদায়ক সুতি কাপড় বেছে নিন।


* ডায়াপার নিয়মিত পরিবর্তন করুন। ডায়াপার ব্যবহারের কারণে র‍্যাশ হলে উপযুক্ত ব্যারিয়ার ক্রিম ব্যবহার করা যেতে পারে।


* শিশুর ত্বকে একসঙ্গে একাধিক নতুন প্রসাধনী ব্যবহার করবেন না। নতুন পণ্য ব্যবহারের পর কোনো প্রতিক্রিয়া দেখা দিলে সেটি শনাক্ত করা কঠিন হয়ে যায়।


* শিশুকে সরাসরি রোদে বেশি সময় রাখবেন না। বয়স অনুযায়ী পোশাক, টুপি, ছায়া এবং প্রয়োজনীয় সানস্ক্রিনের মাধ্যমে সুরক্ষা দিন।


* শিশুর ত্বকে কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকে ওষুধযুক্ত ক্রিম বা বড়দের প্রসাধনী ব্যবহার করবেন না।



কখন চিকিৎসকের পরামর্শ প্রয়োজন:

নতুন কোনো প্রসাধনী ব্যবহারের পর শিশুর ত্বকে লালচে দাগ, চুলকানি, ফুসকুড়ি, ফোলাভাব কিংবা জ্বালাপোড়া দেখা দিলে পণ্যটি ব্যবহার বন্ধ করতে হবে। সমস্যা না কমলে শিশু বিশেষজ্ঞ অথবা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।ত্বকে ফোসকা, ক্ষত, সংক্রমণের লক্ষণ কিংবা দ্রুত ছড়িয়ে পড়া র‍্যাশ দেখা দিলে চিকিৎসা নিতে দেরি করা উচিত নয়। আর শ্বাসকষ্ট বা মুখ-জিহ্বা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসার প্রয়োজন।



সৌন্দর্য নয়, শিশুর সুস্থতাই হোক অগ্রাধিকার:

শিশুর ত্বকের যত্নের ক্ষেত্রে বিশেষজ্ঞদের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো—লেস ইজ মোর অর্থাৎ অপ্রয়োজনীয় প্রসাধনীর ব্যবহার যত কমানো যায়, ততই ভালো। শিশুর ত্বককে ফর্সা করা, সুগন্ধি রাখা কিংবা বিজ্ঞাপনের মতো মসৃণ করার জন্য কোনো প্রসাধনীর প্রয়োজন নেই।

অভিভাবকদের মনে রাখতে হবে, শিশুর স্বাভাবিক ত্বকের রং, গঠন ও কোমলতা কোনো প্রসাধনীর মাধ্যমে পরিবর্তন করার বিষয় নয়। বরং ত্বকের স্বাভাবিক সুরক্ষা বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্য ব্যবহার করাই প্রকৃত যত্ন।

সন্তানের প্রতি ভালোবাসা থেকেই অভিভাবকেরা অনেক সময় বাজারের আকর্ষণীয় প্রসাধনী কিনে থাকেন। কিন্তু ভালোবাসার সঙ্গে সচেতনতাও জরুরি। কারণ শিশুর ত্বক কোনো সৌন্দর্যচর্চার পরীক্ষাগার নয়। তার সুস্থতা, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশই হওয়া উচিত প্রতিটি অভিভাবকের প্রথম অগ্রাধিকার।






তথ্যসূত্র :


- আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স 

- হেলথ চিলড্রেন. ওআরজি





লেখা 

ইশরাত জাহান ইনা

sidebar ad