চুলে খুশকি, কী করবেন? শীতের আগেই নিন যত্ন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মনের মতো করে সাজ-পোশাকে নিজেকে সাজিয়ে বাইরে বের হচ্ছেন। হঠাৎই দেখলেন, কাঁধের কাছে কাপড়ে সাদা গুঁড়ি গুঁড়ি খুশকি পড়ে রয়েছে। এর চেয়ে বিব্রতকর অবস্থা আর কি হতে পারে! শুধু পোশাকেই নয়, চিরুনি, বালিশ এমনকি চুলের গোড়াতেও দেখা মেলে এর উপস্থিতি। সারা বছর চুলে খুশকির সমস্যা অনেকের থাকলেও, শীতে যেন তার উপস্থিতি আরও বেড়ে যায়। মাথার ত্বকে চুলকানি, অস্বস্তি আর পোশাকে খুশকির সাদা আস্তরণ—সব মিলিয়ে বিরক্তির শেষ থাকে না।


খুশকি মূলত মাথার ত্বকের একটি সাধারণ সমস্যা। মাথার ত্বকের মৃত কোষ স্বাভাবিক নিয়মেই ঝরে যায়। কিন্তু কোনো কারণে এই কোষ ঝরে পড়ার প্রক্রিয়া দ্রুত হলে তা সাদা বা হলদেটে আঁশের মতো দেখা দিতে পারে। মাথার ত্বকে স্বাভাবিকভাবে বসবাসকারী ম্যালাসেজিয়া (Malassezia) নামের একধরনের ইস্ট বা ছত্রাকও খুশকির সঙ্গে সম্পর্কিত। মাথার ত্বকে উৎপন্ন তেলের ওপর নির্ভর করে এই অণুজীব বেঁচে থাকে। কিছু মানুষের ক্ষেত্রে এর প্রতি ত্বকের সংবেদনশীলতা এবং প্রদাহের কারণে খুশকির সমস্যা দেখা দেয়। 


শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় মাথার ত্বক শুষ্ক হতে পারে। অন্যদিকে ঠান্ডার কারণে অনেকেই চুল ধোয়ার সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করেন। এসব কারণে মাথার ত্বকের শুষ্কতা, চুলকানি ও খুশকির সমস্যা আরও প্রকট মনে হতে পারে। তবে মনে রাখতে হবে, মাথার ত্বক শুষ্ক হওয়া আর খুশকি এক বিষয় নয়। সেবোরিক ডার্মাটাইটিসের মতো ত্বকের সমস্যার কারণেও খুশকি হতে পারে। যদিও খুশকি কোনো স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করেনা, তবে দীর্ঘদিন ধরে যারা এতে ভুগছে তাদের জন্য এটি বেশ বিরক্তিকর  পরিস্থিতি তৈরি করতে পারে। তাই সমস্যা দেখা দিলে অবহেলা না করে শুরু থেকেই যত্ন নেওয়া প্রয়োজন।


কীভাবে মুক্তি পেতে পারি?


খুশকি রাতারাতি পুরোপুরিভাবে নির্মূল করা যেতে না পারলেও একে ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। সেজন্য কিছু পদক্ষেপ অবলম্বন করা প্রয়োজন। যেমনঃ


নিয়মিত চুল ব্রাশ করা


খুশকির চিকিৎসা বলতে বুঝায় মাথার ত্বকে চুলকানি এবং ফুসকুড়ি থেকে মুক্তি পেতে বা নিয়ন্ত্রণ করতে পারা। এইজন্য চুল নিয়মিত ব্রাশ করা প্রয়োজন। স্থির, দৃঢ় স্ট্রোক দিয়ে মাথার ত্বক থেকে নিচের দিকে চুল ব্রাশ করতে হবে। এটি মাথার ত্বক থেকে তেলকে দূরে নিয়ে যায়, যেখানে এটি এবং ত্বকের কোষগুলো খুশকির কারণ হতে পারে। এছাড়াও এটি চুল চকচকে এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। তবে চুলকানিযুক্ত বা সংবেদনশীল মাথার ত্বকে জোরে ব্রাশ করলে অস্বস্তি বাড়তে পারে। তাই সেইক্ষেত্রে এড়িয়ে যাওয়া ভালো। 


নিয়মিত চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখা


মাথার ত্বকে অতিরিক্ত তেল, ঘাম ও ময়লা জমে থাকলে খুশকির সমস্যা আরও বাড়তে পারে। তাই নিজের চুলের ধরন ও মাথার ত্বকের অবস্থা অনুযায়ী নিয়মিত চুল পরিষ্কার করা জরুরি। তৈলাক্ত মাথার ত্বক হলে তুলনামূলক ঘন ঘন শ্যাম্পু করার প্রয়োজন হতে পারে। আবার শুষ্ক বা কোঁকড়ানো চুল হলে চুলের দৈর্ঘ্য ও ধরন অনুযায়ী শ্যাম্পু করার বিরতি নির্ধারণ করতে হবে। চুল পরিষ্কারের সময় শুধু চুলের গোড়ায় নয়, মাথার ত্বকেও আলতোভাবে শ্যাম্পু ব্যবহার করতে হবে।


শ্যাম্পু পরিবর্তন


শীতের খুশকি কমানোর সবচেয়ে সহজ উপায় হল নিয়মিত অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করা। তবে যেকোনো শ্যাম্পু ব্যবহার করলেই খুশকি দূর হবে না। শ্যাম্পুর উপাদানের দিকে নজর দেওয়া জরুরি। যেমন- 


- কেটোকোনাজল (Ketoconazole), এটি অ্যান্টিফাঙ্গাল উপাদান। খুশকির সঙ্গে সম্পর্কিত ম্যালাসেজিয়া ইস্টের বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে।

- জিঙ্ক পাইরিথিয়ন (Zinc pyrithione), মাথার ত্বকে থাকা ইস্টের বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে।

- সেলেনিয়াম সালফাইড (Selenium sulfide), মাথার ত্বকের কোষ ঝরে পড়ার গতি এবং ইস্টের বৃদ্ধি কমাতে সাহায্য করে।

- স্যালিসাইলিক অ্যাসিড (Salicylic acid,  মাথার ত্বকে জমে থাকা মৃত কোষ ও খুশকির আঁশ আলগা করে দূর করতে সাহায্য করে।

- কোল টার (Coal tar), ত্বকের কোষের অতিরিক্ত উৎপাদন ও ঝরে পড়ার গতি কমাতে সহায়তা করে।


একটি শ্যাম্পুতে সব উপাদান একসঙ্গে থাকে না; বরং মাথার ত্বকের ধরন এবং খুশকির তীব্রতা অনুযায়ী আলাদা আলাদা উপাদান ব্যবহার করা হয়। আর সব শ্যাম্পু সবার জন্য সমানভাবে কার্যকর নয়। প্রয়োজন অনুযায়ী উপযুক্ত শ্যাম্পু বেছে নিতে হবে। ব্যবহারের সময় পণ্যের নির্দেশনা মেনে চলা জরুরি। কিছু অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু কয়েক মিনিট মাথার ত্বকে রেখে তারপর ধুয়ে ফেলতে হয়। আবার কোনো কোনো শ্যাম্পু ব্যবহারের নিয়ম আলাদা। তাই লেবেলের নির্দেশনা ভালোভাবে পড়ে নিতে হবে।


গরম পানি এড়িয়ে চলুন


শীতকালে গরম পানি দিয়ে গোসল করা অনেক আরামদায়ক। তবে এক্ষেত্রে অত্যন্ত গরম পানি মাথায় ঢালা থেকে বিরত থাকতে হবে। এটি মাথার ত্বককে আরও শুষ্ক করে এবং যখন অতিরিক্ত শুষ্ক বাতাসের সাথে মিলিত হয়, তখন শীতের খুশকির উপসর্গগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে। 


মাথার ত্বকে অতিরিক্ত তেল ব্যবহার করবেন না


চুলের যত্নে তেল ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন। নারকেল তেল বা অলিভ অয়েল চুলের শুষ্কতা কমাতে ও চুলের দৈর্ঘ্যে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করতে পারে। তবে খুশকি দূর করার জন্য মাথার ত্বকে অতিরিক্ত তেল লাগানো কোনো প্রমাণিত চিকিৎসা নয়। বিশেষ করে যাদের মাথার ত্বক তৈলাক্ত বা সেবোরিক ডার্মাটাইটিসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত তেল ব্যবহার অস্বস্তি বাড়াতে পারে। তাই তেল ব্যবহার করলেও পরিমিত হওয়া জরুরি।


চুলকাবেন না, মাথার ত্বকে ঘষাঘষি করবেন না


খুশকি হলে মাথার ত্বকে চুলকানি হওয়া স্বাভাবিক। কিন্তু নখ দিয়ে বারবার চুলকানো কিংবা জোরে ঘষে খুশকি তোলার চেষ্টা করা ঠিক নয়। এতে মাথার ত্বকে ক্ষত তৈরি হতে পারে, সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। তাই শ্যাম্পু করার সময় আঙুলের ডগা দিয়ে আলতোভাবে মাথার ত্বক পরিষ্কার করতে হবে।


কখন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন?


নিয়মিত অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহারের পরও যদি খুশকির সমস্যা না কমে, তাহলে নিজে নিজে বিভিন্ন ঘরোয়া উপাদান ব্যবহার না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে মাথার ত্বকে অতিরিক্ত লালচে ভাব, প্রদাহ, তীব্র চুলকানি, ক্ষত কিংবা চুল পড়ার সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ সব সময় খুশকিই মাথার ত্বকের সমস্যার কারণ নয়। সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস কিংবা মাথার ত্বকের ছত্রাকজনিত সংক্রমণেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এসব সমস্যার চিকিৎসাও এক রকম নয়।


খুশকি নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই। এটি খুব সাধারণ একটি সমস্যা, যা সঠিক যত্ন ও চিকিৎসায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই শীতের শুরুতেই চুলের যত্নে একটু বাড়তি মনোযোগ দিন এবং পছন্দের পোশাকে খুশকির সাদা আস্তরণ নয়, বরং থাকুক আত্মবিশ্বাসী উপস্থিতি!


sidebar ad