কাজী রাফির ‘ত্রিমোহিনী’ | ধারাবাহিক উপন্যাস | পর্ব–৬

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬

কাজী রাফির ‘ত্রিমোহিনী’ | ধারাবাহিক উপন্যাস | পর্ব–৬

১২

মাহজাবিনের গৃহ-শিক্ষক আর প্রয়োজন হয়নি। এক বর্ষায় নওয়াব কোনো এক প্রয়োজনে ঢাকায় গমন করলে নওয়াব প্রাসাদের ছাদে উঠল মাহজাবিন। কলেজের কয়েকটা দিন তার জীবনে যে মুক্তির স্বাদ এনে দিয়েছিল সেই মুক্তি নামের পাখির ডানা দুবাহুতে বেঁধে নিয়ে বাতাসে ভর করে মেঘ-মেদুর, বৃষ্টি-চঞ্চল এই দিনে খুব হারিয়ে যেতে ইচ্ছে করছিল তার। দূরে করতোয়ার দ্রুত ধাবমান জলের স্রোতকেও মাহজাবিনের নিজের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হলো। মাহজাবিনের দুরু দুরু নিঃশ্বাসের সাথে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকল,


জলের বয়ে চলা, মেঘের ছুটে চলা, অনাহারী কৃষকের হেঁটে চলা, পাখির ডানা মেলা-এসবেরই তাহলে একটা উদ্দেশ্য আছে। সে নিজেকে প্রশ্ন করল,


তোমার জীবনের লক্ষ্য কী মাহজাবিন? গরীব প্রজাকুলের রক্ত-ঘামে অর্জিত খাজনায় চব্য-চোষ্য খেয়ে বিলাসী জীবন যাপন? সৌন্দর্য বর্ধনের জন্য কয়েকদিন পর চন্দন-হলুদ বাটা সারাগায়ে মেখে অতঃপর দুধের নহরে, গোলাপজলে গোসল করা? তারপর গোসল শেষে নিজের নগ্ন শরীরে যত্মসম্ভূত একজোড়া পেলব স্তনের ভয়াবহ উত্থানের দিকে অবাক তাকিয়ে; নিজের জীবন যৌবনের উত্থান দেখে পুলকিত হওয়া? সঠিক খাবারের অভাবে যখন কোনো মায়ের স্তন শুকিয়ে দুগ্ধহীন শুকনো খাল! হাজার হাজার মানুষের ভীতি আর শ্রমে প্রাপ্য ঝালর দেওয়া ঝকঝকে তকতকে প্রাসাদ, তারপর সেই প্রাসাদের রাজকন্যার ভারী নিতম্ব, সরু কোমর, পুণ্ড্র বর্ধনের পূণ্য নিয়ে জেগে ওঠা করতোয়ার ঢেউ-জাগা পেলবিত বুক! অতপর রাজ্যময় ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে প্রজাকুল যে একবেলা খাবার খাবে, তারপর নওয়াবি সেই অনুষ্ঠান আর খাবারের গুণগান চলবে যুগ যুগ। নওয়াব কন্যার বিয়ের অনুষ্ঠান দেখতে পেরে সারাজীবনের ঘাম-শ্রমকে সার্থক ভাবা প্রজাকূলে মিথ হয়ে ঘুরে ফিরে বেড়াবে নওয়াব-কন্যার রূপলাবণ্য আর সৌন্দর্য। যে সৌন্দর্যকে বলাৎকারের সোৎসার ঘোষণা হবে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। নওয়াবজাদীকে বিয়ে করা আরো এক প্রায় অকর্ম্মণ্য এবং অকর্ম্মণ্যতার কারণে প্রায় মুর্খ নওয়াবজাদাকে সেই অনুষ্ঠানের মাধ্যমে বীরপুরুষের মর্যাদা দেওয়া হবে। ব্রিটিশ রাজদের সাথে হেসে হেসে তারপর ফ্রেমে বাঁধা একটা পারিবারিক ছবি। মহান সময়কে ধারণের স্মৃতিচিহ্ন! পরিশেষে প্রতিদিনের জন্য সেই নওয়াবজাদার যৌন লালসা মেটানো? তার যৌনলালসা মেটানোর জন্যই তোমাকে প্রতিদিন প্রস্তুত করা হচ্ছে? এই তোমার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য মাহজাবিন?


করতোয়ার নদীর পাশে কার্তিক মন্দির। মাহজাবিন নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেলল। কার্তিক মন্দিরের পাশে একটা পর্ণোকূটির ওপর ঘূর্ণায়মান ধুম্রকুন্ডলীতে তার দৃষ্টি আটকে গেল। রান্নার ধোঁয়া বৃষ্টি-ভেজা নির্মল পরিবেশে মুক্তির মিছিল হয়ে দূরে গাছপালার ফাঁকে কুন্ডলি পাকিয়ে উঠছে। সমগ্র প্রকৃতিতে নিঃশব্দতা এত প্রকট যে চরাচরব্যাপী এই নিঃশব্দতাই যেন শব্দ হয়ে মাহজাবিনের অন্তরে বাজছে।


এই দৃশ্যটুকু কেন মাহজাবিনকে হঠাৎ উদাসীন আনন্দলোকে ভাসিয়ে নিয়ে গেল, সে জানে না। তার শুধু মনে হলো আজ সন্ধ্যার সময় একটা পরিবার খাবার খাবে তারপর তৃপ্তিময় ঘুমে আগামি দিনের স্বপ্ন দেখবে। ব্রিটিশমুক্ত বাংলা! অতুল স্নেহভরা এই বৃষ্টিভেজা বিকেলে সন্ধ্যার মতো নেমে আসা আঁধারকে ঈশ্বরের ছায়া বলে মনে হলো মাহজাবিনের। তেমন কিছু নয়, তবু চিরদিনের জন্য এই দৃশ্যকল্প গেঁথে গেল মাহজাবিনের চিত্তপটে। একটা প্রাকৃতিক দৃশ্য যে অর্বাচিন তৃপ্তিতে ভরিয়ে দিল তার ভাবনালোক, তার অস্তিত্ব নেই নওয়াব প্যালেসের ভেতর।


বাইরের সৌন্দর্য আসলে ‘মুক্তি’ নামের একটা ইচ্ছা। মাহজাবিনের মনে হলো এই নওয়াবি বলয় বৃত্তের মতো এক ‘বাঁধা’ হয়ে আছে। মুক্তির ইচ্ছা ‘জ্যা’ হয়ে তার কেন্দ্রবিন্দুতে মানে নওয়াব প্রাসাদেই ঘুরছে। বৃত্ত অতিক্রমের শক্তি তার নেই। ‘জ্যা’র দৈর্ঘ্য আজ যেন বাড়িয়ে দিয়েছে এই প্রকৃতি। মনের ভেতর তরুণ অধ্যাপকের কয়েকটা বাক্য গুমড়ে গুমড়ে আবৃত্তির স্বরে উচ্চারিত হলো-


‘বৃষ্টি পড়ছিল রিমঝিম। তখন পৃথিবীটা অনেক নির্জন ছিল। মহাবিশ্বের মহাবিস্ময়ের সাথে একটা বনের লকলকে আগাছাগুচ্ছ, নদীর তীর ঘেঁষে ঠায় দাঁড়িয়ে থাকা গাছের প্রান্তরে কলকল জলের অবিরল প্রবাহ...’


বুবুজান আম্মাজন আপনাকে খুঁজছেন। লম্বা স্কার্ফপরা এই মহিলা প্যালেসের খাস কামরায় প্রবেশাধিকার প্রাপ্ত একমাত্র গৃহকর্ত্রী। মেহেরের দিকে উদাসীন দৃষ্টি মেলে তাকাল মাহজাবিন। চুলখোলা, ঋজু শরীরের মাহজাবিনের লাবণ্য দেখে মেহেরের বুকের ভেতর কেমন যেন ছলাৎ একটা ঢেউ ছলকে উঠল। সবুজ প্রান্তরে, আষাঢ়ি বিকেলের মেঘান্ধকারে নওয়াব-বাড়ির এই ছাদে মাহজাবিনের উপস্থিতি যেন ভরা পূর্ণিমা এনেছে। হাত সামান্য খোলা, গলা আর মুখ হতে তারই আলোর আভা ছড়িয়ে পড়ছে।


মাহজাবিনের মুখশ্রীতে তবু এক উদাসীনতার ছাপ মেহেরকে অস্থির করে তুলল। সে মাহজাবিনকে খুশি করার কোনো উপায়ন্তর না দেখে মাত্র জানা সত্যি কথাটা বলে বসল,


খুশির খবর আছে বোন। কয়দিন পর এমন মন খারাপ করে ছাদে আসতে হবে না। মাহজাবিন অবাক হয়ে প্রশ্ন করল, 

কিসের খুশীর খবর?

নওয়াব খুব শীঘ্রই আপনার বিয়ের পয়গাম নিয়ে আসবেন। তিনি আপনার বিয়ের খুব আনজাম করছেন।

নওয়াবি ভাষায় কথা বলতে মেহের খুব পছন্দ করে। কোথায় কোন শব্দ ব্যবহার করতে হবে তার সঠিক ব্যবহার না জানলেও এই শব্দগুলো ব্যবহার করে সে তৃপ্তি পায়।

আমার বিয়ে? কে বলল আপনাকে? 

আম্মাজানের সাথে আব্বা হুজুর কথা বলছিলেন। এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার আছে ঢাকায়, তাদের নওয়াবজাদার সাথে... 

মাহজাবিন ভ্রু কুঞ্চিত করে অন্যমনষ্ক হয়ে আঁধার নেমে আসা করতোয়ার দিকে দৃষ্টিপাত করল। ভেসে উঠল এক অধ্যাপকের মুখ ‘...তাহলে বলো এইসব মিথ ইতিহাসেরই এক একটা প্রতীক কি না?’


না মাহজাবিন অকর্ম্মণ্য নওয়াবজাদার শয্যাসঙ্গিনী হবে না। তার শরীর আর মন তাকেই সে সমর্পণ করবে যার জ্ঞানের সাথে অনুভূতির সংযোগ আছে। যিনি মানুষের জীবনচর্চায় ভালোবাসার চোখ মেলে তাকান। বাংলার রূপ যার চোখে আলো হয়ে খেলা করে। যার মুখের ভাষার সাথে চোখের মণিতে আবেগ উথলে ওঠে। যিনি এদেশের অসহায় মানুষের দুঃখ-কষ্টকে নিজের কষ্ট বলে অনুভব করেন।


তন্ময় চৌধুরী। হ্যাঁ মাহজাবিন এই নওয়াবি বলয় থেকে পালাবে বলেই সিদ্ধান্ত নিল। আজ রাতেই অথবা কালকের মধ্যে তন্ময় চৌধুরীর সামনে গিয়ে সে বলবে ‘আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাকে গ্রহণ করুন।’ দেশময় একটা হৈ চৈ হবে। হোক। নিজের জীবনকে সে অন্যের হৈ চৈ এর ভয়ে নষ্ট করতে চায় না। তাছাড়া যুক্তফ্রন্ট ছেড়ে মোহাম্মদ আলীর পাকিস্তানের মন্ত্রিত্ব গ্রহণও মাহজাবিনের কাছে এই প্যালেসে লুকানো যুগ-যুগান্তরের স্বার্থপরতার এক প্রতীক বলে মনে হলো। তার এই প্রাসাদকে আর কোনোভাবেই আপন মনে হচ্ছে না। সেখান থেকে পালাতে পারলে যেন মাহজাবিন বেঁচে যায়। নাগিবের সহায়তায় সেই রাতেই মাহজাবিন চলে গেল ত্রিমোহিনীর চৌধুরী বাড়িতে। অধ্যাপকের মা-বাবা কেউ-ই জীবিত নেই। তন্ময় দরজায় টক টক শব্দ শুনে ভয়-ই পেল। লণ্ঠন হাতে দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠল,

মাহজাবিন! তুমি? মাহজাবিন কোনো ভণিতা ছাড়াই অধ্যাকের চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় বলল,

আমি নওয়াব বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করে আপনার কাছে চলে এসেছি। এদেশের হাড্ডিসার আর নীল চাষের ক্লিষ্ট কৃষকের জন্য আপনার হৃদয়ে যে ভালোবাসা, সেই ভালোবাসায় আমি নিজেকে সম্বরণ করলাম। আমাকে গ্রহণ করুন।


তারপরের ঘটনা সহজেই অনুমেয়। নওয়াব বাড়িতে হৈ চৈ পড়ল। মাহজাবিন সারাদিন বাসায় নেই। নাগিব মুখ খুলছে না। আর ঘটনাটা এমন দিন ঘটল যেদিন নওয়াব মাত্র ঢাকা থেকে ফিরেছেন। নওয়াবের ভয়ঙ্কর তেজি গলার নিচে কচুকাটা হচ্ছিল বাগানের মালি জগদিশ। কারণ আলতাফ খাঁ স্পষ্ট করে বলছে,

মাহজাবিন মূল ফটক হয়ে বাইরে যান নি নওয়াব। খুব সম্ভবত প্রাসাদের পেছনের বাগানের সীমানা প্রাচীরের অনেকগুলো ফটকের একটা দিয়ে তিনি বাইরে গেছেন।


সেক্ষেত্রে জগদিশই দায়ী। কিন্তু জাগদিশ আভূমি নত হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে শুধু হুজুর, হুজুর করছে আর শরীর কাঁপিয়ে গুমড়ে ওঠা কান্না থামাচ্ছে। নওয়াব যা বোঝার বুঝে গেলেন।

ঠিক তখনই-ই নওয়াব বাড়ির দরজায় একটা ঘোড়ার গাড়ি এসে হাজির হলো। প্রহরী সর্দার ঘোড়ার বাহন হতে নামার পর মূর্তির মতো দাঁড়িয়ে রইল। নওয়াব দেখলেন বাহনটিতে মাহজাবিনের পাশে এক যুবক আসীন। এই দৃশ্য দেখে তিনি চক্ষু ছানাবড়া করে চোখদুটো রগড়ে নিয়ে পুনরায় ঘোড়া গাড়ির দিকে তাকালেন। বাহন থেকে মাহজাবিন নামছে আর তখনো এক যুবক সত্যি সত্যি বাহনটিতে বসা। নওয়াব এবার হুঙ্কার ছাড়লেন,

নাগিব? দোতলার বারান্দা হতে পুরো নাটক দেখা দর্শকের মতো নাগিবের গলা হতে মিন মিন স্বর বের হলো,

আব্বা-হুজুর, এ বাসার প্রহরী- মালি কারো কোনো দোষ নেই। আমিই মাহজাবিনকে তার জীবন সাথীকে স্বেচ্ছায় বরণের জন্য অধ্যাপকের কাছে পাঠিয়েছি। বিস্ময়াবিভূত চোখে নওয়াব নাগিবের দিকে তাকালেন। হাতের ইশারায় অন্যদের চলে যেতে বললেন। বিরক্ত কণ্ঠে নাগিবকে প্রশ্ন করলেন

তুমি কি জানো না, আমি মাহজাবিনের বিয়ের ব্যবস্থা পাকাপোক্ত করে এসেছি? নাগিব নওয়াবের এ কথায় মনোনিবেশ করল না।  

উনি তন্ময় চৌধুরী। ইতিহাসের অধ্যাপক; সুদর্শন আর জ্ঞানী এই মানুষটি আমাদের দুলহা হলে আমি এবং মাহজাবিন দুজনেই খুশি হই। 

চৌধুরী পুত্র! এককালে হাটুরে ছিল ওর পূর্বপুরুষ।


আব্বা-হুজুর এত অহমিকা করে কী লাভ? পুণ্ড্র বাসীর শান্তিপ্রিয়তার মাঝে  হঠাৎ নওয়াব আর জমিদার পরিবার এলো কোত্থেকে? নিজ ভূমিতে অপাংক্তেয় হয়ে বঙ্গের পবিত্র ভূমিতে উড়ে এসে জুড়ে বসা মানুষগুলো যারা তালুকের পর তালুক গড়েছে তাদের ললাটেও একটা বিশেষণ তো জুটে যায়।

নওয়াব আর কথা বললেন না। দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হচ্ছিল। ফিরে যেতে উদ্যত হয়েও কী ভেবে নওয়াব থামলেন, ঘুরে মাহজাবিনের উদ্দেশে বললেন,

 গৌরব অর্জনের জন্য মানুষ সাগর পাড়ি দেয়। মহাকাশেও নাকি ছোটার পাঁয়তারা করছে মানুষ। এরাও তাহলে একদিন জলদস্যু আর আকাশদস্যু হিসাবে তাদের সন্তানদের কাছে, ইতিহাসের কাছে পরিচিত হয়ে থাকবে? প্রশ্নটি করে তিনি কারো কাছ থেকে কোনো সাড়া পেলেন না। নিস্তব্ধতা ভেঙ্গে পুনরায় বললেন

অপরিণত আবেগ বড় মুর্খতার সা,িমল। শুধু বলি, সম্রাট শাহজাহানকে বিয়ে না করলে মমতাজকে পৃথিবী মনে রাখত না। এত মানুষের রক্ত ঘাম ঝরিয়ে শুধু নিজের ভালোবাসা মহৎ করে রাখার জন্য তিনি তাজমহল নির্মাণ করেছিলেন। কই, আধুনিক এই পৃথিবীর মানুষ তো বলছে না, মানুষের রক্ত-ঘাম ঝরিয়ে শাহজাহান অন্যায় করেছেন। নাগিব একটু প্রতিবাদের চেষ্টা করল, 

কেউ কেউ করছেন। বিখ্যাত এক কবি বলেছেন- এই সম্রাট তাজমহল বানিয়ে আমাদের ভালোবাসাকে ছোট করিয়ে দিয়েছেন।


হায়! পৃথিবী যদি তাজমহল দেখা ছেড়ে তার কবিতা নিয়ে মত্ত হয়ে থাকত! বাস্তবতা হলো, তুমি কবির নামটাও ভুলে গেছ অথচ সুযোগ পেলে জীবনে একবার তাজমহল দেখার ইচ্ছাটুকু তোমার বেঁচে থাকবে। আরো ভয়াবহ বাস্তবতা হলো শাহজাহান মমতাজকে কতটুকু ভালোবাসতেন তা নিয়েও পৃথিবীর মানুষের মাথাব্যথা নেই। বিজ্ঞানীও বলছেন- সারভাইভাল ফর দ্য ফিটেস্ট-বেঁচে থাকার প্রণোদনার সূত্র। আজ বলে রাখছি, যাদের জন্য তোমাদের এত দরদ, আভিজাত্যের ভূষণ হারিয়ে ফেললে তাদের কাছেই একদিন তোমরা অবাঞ্ছিত হবে। নত মস্তক তুলে মাহজাবিন নওয়াবের উদ্দেশে প্রথম মুখ খুলল,

এই তুচ্ছ আবেগটুকুই একদিন মহান হয়ে যাবে। এই আবেগ দিয়েই এদেশের মানুষ ব্রিটিশদের এই পবিত্র ভূমি থেকে উচ্ছেদ করবে। জীবনের উদ্দেশ্য তো মর্মর-পাথর দিয়ে স্মৃতিফলক তৈরি করা নয় আব্বা-হুজুর। ছোট্ট এই জীবনে নিজের বোধের কাছে ছোট হয়ে থাকলে জীবনটাও মৃত হয়ে যায়। আর মৃত্যুর পর কাকে নিয়ে কে জয়গান গাইল তাতে মৃত ব্যক্তির আসলে কিছুই এসে যায় না। অমরত্বের ধারণা জীবনে থাকতে যত প্রবল, মৃত্যুর পরে ঠিক ততটাই দুর্বল। শরীর ছাড়লেই আত্মা মানবের মহান প্রবাহে মিশে যেতে যায়। মৃত ব্যক্তির আত্মা নির্জনতা খুঁজবে। তার জীবদ্দশায় কোনো মহৎ কর্মের নির্জনতা। পূণ্যের ভেতর খুঁজে পাওয়া নির্জনতা।


কিংকর্তব্যবিমূঢ় হলেন নওয়াব। ভাবলেন মাত্র সেই দিনের ছোট্ট এই মেয়েটা কখনই বা বড় হলো! এতটাই বড় হলো যে আত্মা, অমরত্ব, কর্মফলের পূণ্য নিয়ে ভিতরের ভাবনাকে মুখে এভাবে প্রকাশ করতে পারে? না এমন মেয়েকে তিন্যি সহ্য করতে পারছেন না। ত্যাগও করতেও পারছেন না। ঘৃণা নয়, ভালোবাসাও নয়Ñমাহজাবিনের নকল পিতা হয়েও নওয়াবের অদ্ভুত এক অনুভব হলো। তিনি ফিরে যাওয়ার আগে শান্তকণ্ঠে নাগিবকে বললেন,

তবে তাই হোক। অধ্যাপকের সাথেই বোনের বিবাহের বন্দোবস্ত করা হোক। বিবাহ শেষে অধ্যাপক তাকে পড়াশুনা চালিয়ে যাওয়ার সুবন্দোবস্ত করবেন Ñএই মনোষ্কামনা পোষণ করি। 


কৈশোর থেকে নওয়াব আর জমিদার বিদ্বেষী মনোভাব নিয়ে বড় হলেও নওয়াব আর জমিদার পরিবারের প্রতি তন্ময় চৌধুরীর আগ্রহও কম ছিল না। আগ্রহ ছিল তাদের বিলাসী জীবনাচরণকে জানার প্রতি, তাদের ভালো আর মন্দ লাগার ধরনের প্রতি। তারা ঘুমালে স্বপ্নে কী দেখেন তাও জানার অপার আগ্রহ ছিল তার। কল্পনা আর স্বপ্নের ঘোর মেশানো তার আগ্রহের কেন্দ্রবিন্দুটি আসলে কী, সে প্রশ্নে যৌবনের প্রারম্ভে তন্ময় যতবার তাড়িত হয়েছে ততবার গোলাপি আভামিশ্রিত, সোনাঝরানো হাসির ঝিলিক ছড়ানো, মুক্তাদাঁতের গভীর ঘন কাজল চোখের এক প্রাসাদ নারী তার বুকের ভেতরে ছলাৎ-ছলাৎ কম্পন তুলে শীতল ঝর্ণাধারার মতো ততবার বয়ে গেছে। স্বপ্নের ঘোর নিয়ে বাস করা তার হৃদয়ের কাছে এসে এক প্রিন্সেস সত্যিই কি না তাকে বলে বসল, ‘...আপনার হৃদয়ে যে ভালোবাসা সেই ভালোবাসায় আমি নিজেকে সমর্পণ করলাম।’

তন্ময় চৌধুরী নিজের বুকে হাত রাখল। মনে মনে নিজকেই বলল- ‘ ভালোবাসা কল্পনাকে সত্যি করে।’


ত্রিমোহিনী প্রাসাদ হতে চৌধুরী বাড়ির দূরত্ব সামান্যই। লোহা আর কাঠের কাঠামোর ওপর দাঁড়ানো এই সুপরিসর দ্বিতল বাড়িটার লোহার গেটের দুপাশে চিনামাটির দুই সিংহমূর্তি মাহজাবিনকে সহজেই বলে দেয় এই চৌধুরী বংশের রক্তস্রোতে লুকিয়ে থাকা প্রাসাদ বিদ্বেষী মনোভাবের কথা। সেজন্যই চৌধুরী বংশের কোনো এক পূর্বপুরুষ, ত্রিমোহিনী প্রাসাদে দূর অতীতে বাস করা কোন এক জমিদারকে যে ভয় পায় না তারই প্রতীক আঁকানোর চেষ্টা করেছে। হঠাৎই মাহজাবিনের ভেতরটা কেঁপে উঠল। জমিদার চৌধুরী আসাদুজ্জামানের নীরব এক অস্তিত্ব সে যেন টের পেতে থাকল। কী জানি, চৌধুরী পরিবারের রক্তস্রোতের সাথে হয়তো চৌধুরী আসাদুজ্জামান পরিবারের সংযোগ আছে। রক্ত কি রক্তের দাগ খুঁজে খুঁজে নিজের ‘গন্তব্য’ শনাক্ত করার প্রবণতায় মগ্ন থাকে?

এই চৌধুরী বাড়ি এখন থেকে মাহজাবিনের ঠিকানা। যার দোতলার সুপরিসর বারান্দা হতে কার্তিক মন্দির আর করতোয়ার প্রবাহ প্রত্যক্ষ করা যায়। অসাধারণ মানুষগুলো প্রতিটি সাধারণত্বে জীবনের অস্তিত্ব খুঁজে ফিরে। সাধারণ, সামান্যতায় অসামান্য কিছু খুঁজে ফেরার নামই ‘অসাধারণত্ব!’ মাহজাবিন নতুন  পরিবারের অস্তিত্বের সাথে মিশে গেল। দোতলায় দুই ঘরের পুরো উত্তরপার্শ্বসহ পূর্বের সীমানা হয়ে দক্ষিণের বারান্দায় মেলানো। দোতলায় শুধু বারান্দার রাজ্য। সেই বারান্দা রাজ্যে বড় বড় করে বানানো কাঠের পাত্রে মাটি ভরিয়ে তাতে বিচিত্র গন্ধ আর বর্ণের ফুল চাষ করল মাহজাবিন। তন্ময় তাকে ঘর-সংসারের এত কাজে ব্যস্ত দেখে তাকে থামানোর উদ্যোগ নিল। মাহজাবিন মাটি মাখা হাতে হেসে বলল,

শুধু অধ্যাপনা করলে তো ‘বক্তৃতা’ অথবা ‘কলম’ আর ‘অস্ত্র’ হবে না। আমি চাই তুমি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস নিয়ে গবেষণা করবে এবং তা লিখে প্রমাণ করবে; ব্রিটিশদের দ্বারা দলিত এবং শোষিত হওয়ার জন্য এক শান্তিপ্রিয় জাতি তাদের আভিজাত্য ত্যাগ করে এই ব-দ্বীপে এসে আবাস গড়ে নি। তারা এসেছিল নির্বিঘ্নে শান্তির অন্বেষণে। তন্ময় চৌধুরী স্মিত হাসল। বলল,

সেই শান্তিপ্রিয় জাতির এক শান্তিপ্রিয় মানুষ যখন পরম শান্তি খুঁজে পায়, তখন সে কি আর... স্বামীর কথার পৃষ্ঠেই কথা জুড়ল মাহজাবিন,

যে অধ্যাপক এক বক্তৃতায় প্যালেস কন্যার মন কেড়েছিলেন তার উচিৎ সেই প্রিন্সেসের আঁচলে জীবনের পরম প্রাপ্তি আর শান্তি না খুঁজে ইতিহাস গবেষণা করে শান্তিপ্রিয় এক জাতীর শান্তির ইতিহাসকে সমৃদ্ধ করা। 


তন্ময় চৌধুরী বিনম্রতায় নুয়ে এল। ইতিহাসের অধ্যাপকের অভিব্যক্তির ভাঁজে ইতিহাসগুলো কুঁকড়ে গেল। প্রখর ব্যক্তিত্ব আর প্রজ্ঞাময়ী মাহজাবিনকে স্ত্রী করে পাওয়ার পর থেকে কেমন দ্রুত বদলে যেতে থাকল তন্ময় চৌধুরী। মাহজাবিনের ভালোবাসা ধারণ আর গ্রহণ করতে গিয়ে তার মতো এক সাধারণ মানুষ ক্লিষ্ট কৃষকের জন্য সংগ্রাম করার শক্তি হারিয়ে ফেলল। ইতিহাসকে সত্তায় আর মননে লালন করা অধ্যাপকের জীবন ইতিহাসের মাহজাবিন-পর্যায় তার সমস্ত ইতিহাস প্রীতি যেন মুছিয়ে দিল। 

মাহজাবিন তার কাছে যতই চেনা হতে থাকল তন্ময়ের ভেতরে এক বোধ তত স্পষ্ট হতে থাকল। পুণ্ড্র বর্ধনের কোনো সম্ভ্রান্ত পরিবারের রক্তস্রোত বইছে তার স্ত্রীর শরীরে। তার রুচিবোধ, প্রজ্ঞা আর নতুন কিছুকে মেনে নেওয়ার সাহস দেখে তন্ময়ের মাঝে মাঝেই মনে হয় ইতিহাসের সাথে সাহিত্য মিশিয়ে, কথার ফুলঝুরি দিয়ে সে ফুসলিয়ে এনেছে এক রাজকন্যাকে। যার অপরাধে ব্রিটিশরা যে কোনো সময় তাকে বন্দী করে ফেলবে। তারপর তন্ময়কে যেদিন মাহজাবিন তার পূর্বপুরুষদের তথ্য দিল; সেদিন তন্ময় নিজে অনুভব করল, সেও ফকির মজনু শাহর ফকির সন্ন্যাসী বিদ্রোহের ইন্ধনদাতা। সুতরাং ব্রিটিশদের ব্যাপারে তার সাবধানতা বেড়ে গেল।


একদিন শহরের এক বাজারে গিয়ে কেনাকাটার সময় তন্ময় খেয়াল করল দারোগা মোহনকান্ত ঘোড়ায় চড়ে ঘুরছেন। তন্ময় চেষ্টা করল যেন তাকে দারোগার মুখোমুখি না হতে হয়। কিন্তু তা হলো না। মোহনকান্ত যেন আগে থেকেই জানে তন্ময়ের অবস্থান। তিনি সরাসরি তন্ময়ের সামনে এসে ঘোড়া থেকে নামলেন। পুলিশ দেখলেই তন্ময়ের মনে হতো ব্রিটিশদের লেলিয়ে দেওয়া পোষা কুকুর। সারা সমাজে এরা ছোঁক ছোঁক করে ব্রিটিশবিরোধী গন্ধ খুঁজে বেড়ায়। দারোগার সম্বোধনে তন্ময় চৌধুরীর মুখে কোনো ভাষা এলো না। দারোগাই বললেন,

কী ভাগ্য নিয়ে জন্মেছেন বলুন! ভাগ্য বলে তো কিছু নেই, ওটা আসলে মেধা। কী মেধা খাটালেন যে প্যালেসের প্রিন্সেস সুড়সুড় করে গিয়ে আপনার ঘরণী হয়ে উঠল? তন্ময় লাজুক কণ্ঠে বলল,

কী যে বলেন দারোগাবাবু! মোহনকান্ত তার দুস্তর শরীর কাঁপিয়ে হাসলেন,

তবে আপনাকে ভাগ্যবান বলতে হবে। নওয়াবজাদীর প্রেম আপনাকে কেমন বদলে দিল। আপনি এখন বেশ নীরিহ। নওয়াব কন্যা প্রতিভাময়ী নিশ্চয়ই। ঐ জ্বালাময়ী আর ব্রিটিশবিরোধী বক্তৃতা করতে থাকলে এতদিন আপনি বাদশাহী সুখভোগের চেয়ে শ্রীঘর-ভোগ করতেন। আমাদের গুপ্তচর ছয়মাস আপনাকে পর্যবেক্ষণ করেছে। বলেই মোহনকান্ত রায় ঘোড়ার পিঠে পুনরায় উঠে বসলেন। তার ভারে ঘোড়াটা কিছুটা ন্যুব্জ হয়ে গেল। তার চলার পথে হতভম্ব হয়ে তাকিয়ে থাকল তন্ময় চৌধুরী। কিন্তু তৎক্ষণাৎ সে বাজারে মনোনিবেশ করল। স্ত্রীসহ নাগিব আসবে বেড়াতে। তাদের সে প্রাণভরে আপ্যায়ন করাতে চায়। 


মোহনকান্তের পুলিশবাহিনীর মাধ্যমে ব্রিটিশরা জেনে গেল নওয়াবজাদী তাকে যুদ্ধের মাঠ থেকে ফিরিয়ে এনে সংসারী করিয়েছে। মাহজাবিনকে পেয়ে সত্যিই তন্ময় চৌধুরীর জীবন বদলে গেছে। কিন্তু এই পরিবর্তন তার নিজের ভেতর থেকে। ইস! মোহনকান্ত যদি জানত যে নারীর কারণে তার ব্রিটিশবিরোধী মনোভাব বদলেছে বলে তারা ভাবছে, সেই নারী তাকে ঠিক ঐ মনোভাবের কারণেই তার জীবনসঙ্গি করেছে! আর বদলে যাওয়া নীরিহ তন্ময় চৌধুরীর মানতে দ্বিধা নেই, যে নারীকে হারানোর ভয়ে সে প্রায় সারাক্ষণ ভীত; সেই নারীই এখন তাকে ব্রিটেন সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামানোর জন্য প্রস্তুত করছে। মোহনকান্ত রায় যদি জানত!

তবু মরণকেই বরণ করতে হয়; ভালোবাসতে পারলে মরে যাওয়াটা আর কঠিন কোনো ব্যাপার হয় না। মাহজাবিনকে ভালোবেসে তন্ময় জীবন আঁকড়ে বাঁচতে চেয়েছিল দীর্ঘদিন! তন্ময় চৌধুরী নিজকেই যেন বলল,

মাহজাবিনকে ভালোবাসতে হলে তোমাকে জেগে উঠতে হবে তন্ময়। এর প্রত্যুত্তরও তার নিজের ভেতরটা যেন স্পষ্টত জানে,

এই জেগে ওঠার নাম মৃত্যু! ব্রিটিশদের জাল সর্বত্রই পাতা আছে। মোহনকান্ত রায়ের কথা ভুলে গেছ?

মাহজাবিনকে সত্যিকারার্থে পেতে হলে প্রয়োজনে সেই মৃত্যুকেই বরণ করতে হবে। তোমাকে হতে হবে মরণজয়ী। মাহজাবিন শুধু তোমার ঘরণী হয়ে থাকার জন্য প্রাসাদ ছেড়ে তোমার ঘরে এসে সাদামাটা জীবন বেছে নেয়নি। সেই পথে তোমাকে সাথী করে নেওয়াব জন্য সে সব ত্যাগ করেছে। এখন ত্যাগের পালা তোমার। মহাজীবনের অপর নাম ত্যাগ। মহাজীবনের পথে যাত্রা করার সাহস না থাকলে মাহজাবিনের যোগ্য হয়ে ওঠা যায় না।

প্রস্তুত হও তন্ময়।


আমি প্রস্তুত। মাহজাবিনের জন্য আমি নিজেকে আবার পৌরুষময় করে তুলব। পৌরুষ মানে ত্যাগ, পৌরুষ মানে মহাজীবনের পথে যাত্রার অবিরাম চেতনা।

চাঁদ সালোকসংশ্লেষকে আলো দেয় না। আলোকে প্রতিফলিত করে সে নিজের বুকের প্রান্তরে জেগে থাকা সৌন্দর্যের ভাষা শেখায়, অন্ধকারে পথ দেখায়। মাহজাবিন চাঁদের মতোই। তার অবারিত সৌন্দর্য সে শুধু তোমার জন্য মেলে ধরেছে তোমাকে যোগ্য ভেবে। সেই আলোয় তুমি পথটা চিনবে বলে।

দেশের আপামর জনতার অনুভূতিকে মূল্যায়নের নাম গর্ব। মৃত্যুও গর্বের। এ দেশকে ভালোবেসে জীবন উৎসর্গের মন্ত্রে দীক্ষিত না হয়ে, তাদের প্রয়োজনে জীবন দিয়ে মরণজয়ী স্মিত হাসিতে পৃথিবীকে বিদায় জানানোর যোগ্য না হয়ে উঠতে পারলে- মাহজাবিনকে সত্যিকারার্থে তুমি পাবে না তন্ময় চৌধুরী। ওর আত্মার সারথি হয়ে উঠতে হলে তোমাকে বাস্তবিকার্থে এ ভূমিরই সন্তান হয়ে উঠতে হবে।

চোখের ভাষা শাণিত হয়ে গেল তন্ময়ের। নিজের সাথে কথোপথন শেষ করে সোজা হয়ে বসল সে। সে মাহজাবিনকে বলল,

আজ থেকেই আমাদের কাজ শুরু করতে হবে। মাহজাবিন, আমি নাগিবকে নিয়ে আমাদের প্রাচীন ইতিহাস গবেষণার সূচনাপর্বটা আরম্ভ করতে চাই। 


ঝলসানো এক আলো ফুটে উঠল মাহজাবিনের চোখের কোণে। খাবার শেষে তন্ময় আর নাগিব যখন পাঠাগারে ঢুকল বাইরে আকাশ তখন বজ্র-বিদ্যুৎ আর ঝড়ের সাথে মেতেছে। লণ্ঠনের আলো সেই ঝড়ো হাওয়ায় কাঁপছিল। সেই কাঁপা কাঁপা আলো আঁধারিতে, বাঁধনহারা বৃষ্টিধারায় দুই মানব-মানবী নীরবে খেয়ে চলল তাদের রাতের খাবার।

আর সেই অবিরাম বর্ষণই হয়তো তন্ময় চৌধুরীকে সাহিত্য-মগ্নতা নিয়ে ইতিহাস খুঁজে চলার প্রেরণা যোগাল। ইতিহাস গবেষণার প্রারম্ভ পাতায় সে লিখল, ‘তবু মরণকেই বরণ করতে হয়। ভালোবাসতে পারলে মরে যাওয়াটা আর কঠিন কোনো ব্যাপার হয় না। প্রিয় এ ভূমির জন্য আমরা আমাদের আত্মোপব্ধিকে পৌরুষময় করে তুলব। আর পৌরুষ মানে তো ত্যাগ। পৌরুষ মানে মহাজীবনের পথে যাত্রার অবিরাম চেতনা...। নিজের পূণ্যভূমিতে ভীনদেশী স্বার্থান্বেষী মহল দ্বারা আমরা শাসিত এবং শোষিত। এটা আমাদের পুরুষকুলের জন্য পৌরুষহীনতার প্রতীক।’ সারারাত সে লিখেই চলল। মাহজাবিন নামের এক নারীর ভালোবাসা ইতিহাসের এক অধ্যাপককে এই প্রলয়ঙ্করী বৃষ্টিমুখর ঝড়ো রাতে সত্যিই যেন এক মহাজীবনের যাত্রাপথটুকু চিনিয়ে দিয়েছে।

এক রবিবারে নাগিব তন্ময় চৌধুরীর সাথে পুণ্ড্র নগরী মহাস্থানে গিয়ে ইতিহাসের পুঙ্খানুপুংখ বিশ্লেষণ শোনে। সেদিন তন্ময় চৌধুরী মহাস্থান গড়ের এক মাইল দক্ষিণে গোকুল গ্রামের মধ্যভাগে এসে ঘোড়ার গাড়ি থামাল। নাগিব বলল,

এখানে কেন? আমাদের তো বেহুলা লখিন্দরের বাসর ঘর দেখার কথা ছিল।


সবাই যে বিষয়গুলো জানে সেই বিষয়গুলো নিয়ে গবেষণার আগে, সবাই যা জানে না, সেটা আমাদের জানা প্রয়োজন। প্রবাদ আছে ঠিক এই স্থানটিকে নেতা মহাদেব ও অন্যান্য দেবগণের কাপড় ধোলাই হতো। এখানেই বেহুলা ভেলা হতে নেমে নেতা অশিষ্টকে স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে। কাপড় ধোলাই করে ফিরে যাবার পথে অশিষ্ট বেহুলার অনুরোধ রক্ষা করেন। তিনি তাকে নেতাই শিবের নিকট নিয়ে যান। এবং লখিন্দর পুনর্জীবিত হন। এই স্থানটির নাম নেতাই ধোপানীর ধাপ।

ব্রিটিশদের তাড়ানোর সাথে এসব আজগুবি গল্পের সম্পর্ক কী?

সেটা পরে বলছি, শুধু জেনে রাখো ১২৭২ সালে তালোড়ার জমিদার বশরত আলী চৌধুরী গোকুল মসজিদ প্রস্তুতের সময় এই ধাপের ইট সংগ্রহ করেন। জনশ্রুতি এবং পদ্মপুরাণের মতে এই স্থানটিই ধোপানীর বাড়ি।

তাতে আমাদের কী?

শোনো, আমার ধারণা সূর্যসেন যেহেতু অস্ত্রাগার লুণ্ঠন করেছে সুতরাং ব্রিটিশদের সময় ঘনিয়ে এলো বলে। 

এক সূর্যসেন! ব্রিটিশরা তো দখল করে আছে পুরো ভারতবর্ষ।

এক সূর্যসেনই জাগিয়ে দেবে লক্ষ সূর্যসেনকে।

আমরা ধোপানীর বাড়ির ইট নিয়ে কথা বলছিলাম। তন্ময় যেন নাগিবের কথা শুনতেই পায়নি। বলল,

ব্রিটিশরা বিতাড়িত হওয়ার পর বড় একটা ক্রান্তিকাল আসবে ভারতবর্ষে।

কেন?

ধর্ম নিয়ে বিভক্তির ধুঁয়া তোলা হবে। ক্ষমতা লাভের একটা মোক্ষম ট্রাম-কার্ড হবে ধর্মকে ব্যবহার করা।

তার সাথে আমাদের এই ধোপানীর বাড়িতে আসার উদ্দেশ্য কী?

গোকুল মসজিদ আর ধোপানীর বাড়ির ইট আমাদের সংগ্রহে রাখা প্রয়োজন।

কিন্তু কেন?

এই জন্য যে এদেশ ভাষার ভিক্তিতে বিভক্তির বিষয়টি ধর্মান্ধ রাজনীতিবিদদের বিবেচনায় থাকবে না। ধর্মের ভিক্তিতে আমাদের ভেতরে মাঝে বিভাজন হলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পৃথিবীর আদিমতম ইতিহাস আমাকে তাই-ই বলে।

তবু, এই ধর্ম আর বিভাজন শব্দের সাথে ইট সংগ্রহ ব্যাপারটা মেলাতে পারছি না।


এই দুই স্থানের ইট দেখিয়ে ধর্মান্ধদের আমরা বলব- হিন্দু ধোপানীর বাড়ির ইট দিয়ে এক ধর্মপ্রাণ জমিদার মসজিদ নির্মাণ করেছিলেন। আমাদের প্রাচীন ঐতিহ্যের মহান স্থাপত্যকলার অংশকে তিনি মসজিদের ভীতে স্থাপন করেছিলেন। বস্তুত অশোক রাজার আমলে গড়ে ওঠা তার প্রাদেশিক রাজধানী পুণ্ড্র নগরের গৌরবগাঁথাকে মসজিদের প্রাণে ব্যবহৃত হয়েছে বলে মুসলমানের এবাদতে বাঁধা হয়নি। মহান হৃদয়ের সেইসব মানুষ কখনো কোন্দলের উপাদান খুঁজে বেড়াননি। মহান এই কাজে তিনি ইতিহাসকে ব্যবহার করেছেন গভীর মমতা আর ভালোবাসায়। বুকের ভাষায় লেখা সেইসব কাব্যে হিন্দু-মুসলমান বলে কিছু ছিল না। এই ইট খণ্ডগুলো দিয়ে আমরা আমাদের মহান এইসব মানুষদের সত্তার অমলিন ভ্রাতৃত্ববোধের প্রতীককে তুলে ধরব।

জানি না কী হবে। কাজটা কঠিন হবে। শাসন আর শোষণে ক্ষত-বিক্ষত একটা জাতি শাসকের আসনে বসে কেমন আচরণ করবে তা বোঝা বেশ জটিল। তারচেয়েও বাস্তবতা হলো, ব্রিটিশরা আমাদের যে কুটিল মনন তৈরি করে দিয়ে গেল, তার প্রভাবে আমাদের ভ্রাতৃত্ববোধে ফাটল যে কোন পর্যন্ত গড়াবে-তাও বোঝা মুষ্কিল। মানুষকেই যে সমাজ আস্থায় নিতে পারে না, সামান্য ইটখণ্ডে তাদের কী বিশ্বাস?

বিশ্বাস! হ্যাঁ, সত্যিই বলেছ! এই ‘বিশ্বাস’ শব্দটা মানুষের অস্তিত্বের মূলে বাস করে বলে পৃথিবীতে এত যুদ্ধ। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের বিশ্বাস তো এমন ছিল না।

কেমন?

এই যে তুমি-আমি আজ ‘মুসলমান’ বিশেষণের এক বিশ্বাস আর জীবনবোধ নিয়ে বড় হয়েছি। কিন্তু এতদঞ্চলের মানুষের মাঝে এককালে হিন্দু অথবা মুসলিম ধর্মাবলম্বী কেউ ছিল না। আমরা ছিলাম শুধু শান্তিপ্রিয় পুণ্ড্র বাসী। 


তাহলে আমাদের শান্তিপ্রিয়তার সেই বিশ্বাসে এই ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাস কখন সৃষ্টি হলো?

ইউরোপের সম্রাটরা যখন ধর্মের ধুঁয়া তুলে ইউরোপবাসীর মগজ ধোলাই আর নিত্য নতুন যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত; তখন যবন জাতি আর ইখতিয়ার উদ্দীন বিন বখতিয়ার খিলজী অশান্ত আর বর্বর ইউরোপ ছেড়ে আমাদের এই শান্তিপ্রিয়তার মাঝে ধর্মবিশ্বাস ঢোকালেন। ব্রাহ্মণ্যাদিত্যদের ব্যাপার তারা বুঝতে না পেরে তাদের হিন্দু নামে অভিহিত করলেন। সিন্দু নদের তীরে এই ব্রাহ্মণ্যাদিত্যদের বাস ছিল বলে এদেশে উড়ে এসে জুড়ে বসা মুসলমানগণই তাদের নাম দিলো হিন্দু। নাগিব মনোযোগ দিয়ে তন্ময় চৌধুরীর কথা শুনছিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে শুধু বলল,

হায়রে ভারতবর্ষ! হায় বঙ্গমাতা! যুগে যুগে তুমি শুধু দখলদারদের কবলেই পড়েছ। দখলদারদের দিয়ে ছড়ানো হাজার বিশ্বাসে ছিন্ন ভিন্ন তোমার অন্তর্লোক।

আরও পড়ুন: কাজী রাফির ‘ত্রিমোহিনী’ | ধারাবাহিক উপন্যাস | পর্ব–৫

sidebar ad