পঙ্কে জন্মেও নির্মল ও অপার্থিব সৌন্দর্যের প্রতীক হিসেবে পদ্ম ফুলকে ‘জলজ ফুলের রানি’ বলা হয়। পুকুরের পানিতে সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা গোলাপি কিংবা সাদা পদ্ম যেন প্রকৃতির নিজস্ব এক শিল্পকর্ম। এর সৌন্দর্য মুগ্ধ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সুনীল গঙ্গোপাধ্যায় তো তাঁর লেখনীতে প্রেয়সীর মন জয় করতে বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে ১০৮টা নীলপদ্ম আনার কথা বলেছেন। কিন্তু কখনো কি ভেবেছি, সৌন্দর্য ছাড়াও, এর রয়েছে আরও এক বিস্ময়কর গুণ। এই ফুলের ডাঁটার ভেতরেই লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে দামি ও পরিবেশবান্ধব সুতার একটি! এর ডাঁটা থেকে তৈরি হয় অত্যন্ত মিহি ও মূল্যবান সুতা, যা আন্তর্জাতিক বাজারে ‘লোটাস সিল্ক’ বা ‘পদ্মরেশম’ নামে পরিচিত।
সবচেয়ে আনন্দের বিষয়, এই সম্ভাবনার গল্প এখন শুধু বিদেশের নয়, বাংলাদেশেও পদ্মের ডাঁট থেকে সুতা তৈরির উদ্যোগ শুরু হয়েছে। ফরিদপুরের চাঁপাই বিলের পদ্মকে ঘিরে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। আর এটি হতে পারে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার এক সম্ভাবনাময় হাতিয়ার।
পদ্মের ডাঁটা থেকে কীভাবে তৈরি হয় সুতা?
পদ্মের ডাঁটার ভেতরে রয়েছে সূক্ষ্ম প্রাকৃতিক তন্তু। এই তন্তু থেকেই তৈরি হয় লোটাস সিল্কের সুতা। ডাঁটা থেকে সুতা তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত শ্রমসাধ্য, কিন্তু রাসায়নিকমুক্ত ও সহজ।
প্রথমে পুকুর বা বিল থেকে উপযুক্ত পদ্মের ডাঁট সংগ্রহ করা হয়। ডাঁটা শুকিয়ে বা শক্ত হয়ে গেলে তন্তু ছিঁড়ে যায়, তাই তোলার ২৪ ঘণ্টার মধ্যে (ভেজা অবস্থায়) কাজটি সারতে হয়। তাজা পদ্মের ডাঁটা প্রতি এক ইঞ্চি পরপর কেটে বা ভেঙে আলতো করে টান দেওয়া হয়। এতে ডাঁটের ভেতর থেকে বেরিয়ে আসে সূক্ষ্ম, আঠালো ও প্রায় স্বচ্ছ তন্তু। বাতাসের সংস্পর্শে এলে এই তন্তু দ্রুত শুকিয়ে যায়, তাই আলাদাভাবে রোদে শুকানোর প্রয়োজন হয় না। একাধিক ডাঁট থেকে বের করা এই তন্তুগুলো দক্ষ কারিগররা হাতের তালু বা সমতল ভেজা পৃষ্ঠে একসঙ্গে জড়িয়ে পাকিয়ে মিহি সুতা তৈরি করেন। তৈরি সুতা ফ্রেমে বা চরকায় গুটিয়ে শুকানো হয় এবং পরে তা দিয়ে তাঁতে কাপড় বা স্কার্ফ বোনা হয়। এর স্বাভাবিক রং হালকা দুধে-হলুদ হয়ে থাকে।
প্রতিটি ডাঁট থেকে খুব সামান্য পরিমাণ তন্তু পাওয়া যায়। তাই একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সুতা তৈরি করতে প্রচুর পদ্মের ডাঁট প্রয়োজন হয়। তার উপর প্রচলিত পদ্ধতিতে এই সুতা তৈরির প্রায় পুরো প্রক্রিয়াই হাতে করতে হয়। যন্ত্রের সাহায্যে দ্রুত উৎপাদনের সুযোগ সীমিত। ফলে দক্ষতা ও সময়—দুটিই এই শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেন এত দামি পদ্মের সুতা?
কাঁচামালের স্বল্পতা, শতভাগ হস্তনির্ভর জটিল উৎপাদন প্রক্রিয়া এবং বিরলতার কারণে পদ্মের সুতা বা লোটাস সিল্ক বিশ্বের অন্যতম দামি সুতা। ২০২৫ সালের ৮ মার্চ প্রকাশিত প্রথম আলো-এর একটি প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি লোটাস সিল্কের দাম সাধারণত ২,০০০ থেকে ৩,৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তখনকার হিসাবে এর মূল্য ছিল প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকা। এই সুতা এত দামি হওয়ার পেছনে প্রধান কারণগুলো হতে পারে-
- যেহেতু একটি ডাঁটা থেকে খুব সামান্য পরিমাণ তন্তু পাওয়া যায়। তাই বিপুল ডাঁটার প্রয়োজন হয়। মাত্র ১ কেজি সুতা তৈরি করতে প্রায় ১৫,০০০ থেকে ৩০,০০০টি ডাঁটার প্রয়োজন হয়।
- তন্তুগুলো অত্যন্ত সূক্ষ্ম ও ভঙ্গুর হওয়ায় কোনো মেশিন দিয়ে তা বের করা বা পাকানো সম্ভব নয়। ডাঁটা কাটা থেকে শুরু করে তন্তু বের করা, সুতা পাকানো এবং তাঁতে বোনা—সবকিছুই সম্পূর্ণ হাতে করতে হয়।
- এটি বেশ সময়সাপেক্ষ প্রক্রিয়া। যেহেতু ডাঁটা তোলার ২৪ ঘণ্টার মধ্যে ভেজা অবস্থায় তন্তু বের করতে হয়, তাই দেখা যায়, কেবল একটি স্কার্ফ তৈরির সুতা বের করতেই একজন কারিগরের প্রায় ১ থেকে ২ মাস সময় লেগে যেতে পারে।
- সারা বছর পদ্মফুল পাওয়া যায় না; কেবল নির্দিষ্ট কয়েক মাস (যেমন- বছরের মধ্যভাগ থেকে শেষ দিক পর্যন্ত) ডাঁটা সংগ্রহ করা যায়। এছাড়া বিশ্বজুড়ে খুব অল্প সংখ্যক দক্ষ কারিগর এই সুতা তৈরির কৌশল জানেন।
- এই কাপড় রেশমের মতো নরম, লিনেনের মতো আরামদায়ক ও বাতাস চলাচলের উপযোগী এবং সহজে কুঁচকে যায় না। সম্পূর্ণ পরিবেশবান্ধব ও প্রাকৃতিক হওয়ায় বিশ্বের নামীদামী ফ্যাশন ব্র্যান্ডগুলোর কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে।
পরিবেশের বন্ধু, ত্বকের আরাম
লোটাস সিল্ক শুধু দামি নয়, পরিবেশবান্ধবও। লোটাস সিল্ক তৈরি হয় পদ্মের ডাঁটের উদ্ভিজ্জ তন্তু দিয়ে। অর্থাৎ এটি মূলত প্রাকৃতিক সেলুলোজজাত আঁশ। সিল্কের মতো মসৃণ ও সূক্ষ্ম বুননের কারণে এর নামের সঙ্গে সিল্ক যুক্ত হয়েছে। যেহেতু পদ্ম রেশম প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হয়, তাই অন্যান্য রেশম শিল্পের মতো এর উৎপাদনে পোকামাকড়ের কোনো ক্ষতি হয় না।
সুতা তৈরি থেকে শুরু করে কাপড় বোনা পর্যন্ত কোথাও বিদ্যুৎচালিত ভারী যন্ত্রের প্রয়োজন হয় না, ফলে কোনো কার্বন নিঃসরণ ঘটে না। এই তন্তু প্রক্রিয়াজাত করতে কোনো ক্ষতিকর রাসায়নিক বা ব্লিচ ব্যবহার করা হয় না। শুধু তাই নয়, সাধারণত পদ্মফুল তোলার পর ডাঁটাগুলো পানিতে পচে নষ্ট হয়ে যায়। যেহেতু সেই পরিত্যক্ত ডাঁটা থেকেই এই মূল্যবান সুতা তৈরি হয়, এর ফলে পানির দূষণ কমাতেও সাহায্য করে।
ত্বকের জন্যও আরামদায়ক। পদ্মের তন্তুগুলো প্রাকৃতিকভাবেই রেশমের মতো মোলায়েম এবং লিনেনের মতো হালকা, যা সংবেদনশীল ত্বকেও কোনো অস্বস্তি তৈরি করে না। এই কাপড়ের বুননের ভেতর দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে, ফলে গরমে শরীর ঠান্ডা থাকে এবং শীতে হালকা উষ্ণতা দেয়। এছাড়াও কৃত্রিম তন্তুর মতো এতে ত্বকে র্যাশ বা অ্যালার্জি হয় না। এটি ঘাম শোষণ করতে পারে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী হওয়ায় দীর্ঘক্ষণ পরলেও সতেজ অনুভূতি দেয়।
বাংলাদেশেও শুরু হয়েছে পদ্মের সুতা তৈরির উদ্যোগ
মিয়ানমার, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় লোটাস সিল্কের ব্যবহার বহু পুরোনো হলেও বাংলাদেশে এটি তুলনামূলক নতুন। তবে বাংলাদেশে এই শিল্পের সম্ভাবনাও কম নয়। দেশের বিভিন্ন জেলায় অন্তত ৩৫-৪০টি পদ্মবিল রয়েছে, যার অধিকাংশই সরকারি মালিকানাধীন। এসব বিলে সারা বছর পানি থাকে এবং পদ্ম সংগ্রহ করা যায়। তবে, আগস্ট থেকে ডিসেম্বর মাসে ভালো পদ্মফুল পাওয়া যায়। সুতা কাটারও ভালো সময় এটি। পদ্মের ডাঁটা কেটে নিলেও পানির নিচে প্রতিদিন অন্তত ৬ থেকে ৮ ইঞ্চি বাড়ে। ফলে প্রতি মাসে কম করে হলেও পাঁচবার পদ্মের ডাঁটা সংগ্রহ করা সম্ভব। ডাঁটা সংগ্রহ থেকে শুরু করে কাপড় তৈরি পর্যন্ত মোট সময় লাগে প্রায় এক মাস। কম্বোডিয়া ও ভিয়েতনামে এক কিলোগ্রাম সুতা উৎপাদন করতে প্রায় ৩০,০০০ পদ্ম ডাঁটার প্রয়োজন হয়। তবে বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন বিভাগের প্রধান মো. আইয়ুব আলীর মতে, বাংলাদেশে মাত্র ১৫,০০০ পদ্ম ডাঁটা দিয়েই সমপরিমাণ সুতা উৎপাদন করা সম্ভব।
এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের পথ তৈরি করার উদ্যোগ নিয়েছেন গবেষক ও উদ্যোক্তারা। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রামের চাঁপাই বিল, যা পদ্মবিল নামেও পরিচিত, স্থানীয় নারীদের হাত ধরে বাংলাদেশে পদ্মের ডাঁটা থেকে বিশ্বমানের লোটাস সিল্ক বা পদ্মরেশম তৈরির উদ্যোগ শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পদ্ম গবেষক ড. শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সহায়তায় এই গবেষণা প্রকল্প শুরু হয়। চাঁপাই বিলের গোলাপি পদ্মের ডাঁটা এই সুতা তৈরির জন্য সবচেয়ে আদর্শ বলে চিহ্নিত হয়েছে। এই প্রকল্পের আওতায় স্থানীয় নারীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে পরিচালিত এই প্রশিক্ষণে নারীরা মাত্র তিন দিনেই সুতা তৈরির প্রাথমিক কৌশল আয়ত্ত করেন। নিয়মিত চর্চার মাধ্যমে ছয় মাসের মধ্যেই তাঁরা অতি সূক্ষ্ম সুতা উৎপাদন করতে সক্ষম হন। এই সুতা দিয়ে সোনারগাঁয়ের জামদানি কারিগরদের মাধ্যমে স্কার্ফ ও কাপড়ও তৈরি করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের মার্চে প্রথম আলো-এর এক প্রতিবেদনে বাংলাদেশের পদ্মের সুতা তৈরির পরীক্ষামূলক উদ্যোগের বিস্তারিত উঠে আসে। সেখানে জানানো হয়, সোনারগাঁয়ের তাঁতশিল্পী আছিয়া বেগম জামদানি বুননের পিট তাঁতে পদ্মের সুতা দিয়ে ছয় গজের একটি স্কার্ফ তৈরি করেছিলেন। স্কার্ফটি ইউনেসকোর কাছে উপস্থাপন করা হয় এবং ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ জাতীয় ইউনেসকো কমিশনে প্রদর্শনের জন্য রাখা হয়। অর্থাৎ দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে নতুন এই প্রাকৃতিক তন্তুর সংযোগ তৈরির কাজও শুরু হয়েছে।
গবেষকদের মতে, বাংলাদেশে শ্রম খরচ কম হওয়ায় সুতা কাটা ও কাপড় উৎপাদনের ব্যয় কমে আসবে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করাও সহজ হবে।
গ্রামীণ নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ
পদ্মের সুতা তৈরির অন্যতম ইতিবাচক দিক হলো, এর জন্য শুরুতেই বড় কোনো কারখানা বা অত্যাধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয় না। কোনো মূলধন ছাড়াই ঘরে বসে কাজ করার সুবিধা এবং বিশ্ববাজারে উচ্চমূল্যের কারণে পদ্মরেশম বা লোটাস সিল্ক গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার এক অনন্য সুযোগ তৈরি করেছে।
এই কাজ শেখার জন্য প্রয়োজন নেই দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক শিক্ষার। ফরিদপুরের নারীরা যেমন মাত্র কয়েক দিনের হাতে-কলমে প্রশিক্ষণেই বিশ্বমানের সুতা তৈরিতে দক্ষ হয়ে উঠেছেন। হাতে কাজ করার দক্ষতা ও যথাযথ প্রশিক্ষণ থাকলে গ্রামীণ নারীরাও এই কাজে যুক্ত হতে পারেন। যেহেতু এই রেশম উৎপাদন সরাসরি কৃষির সাথে সম্পর্কিত, তাই এটি গ্রামীণ নারীদের জন্য আয়ের একটি নতুন উৎস তৈরি করতে পারে। প্রকল্পটি বাণিজ্যিকভাবে বাস্তবায়িত হলে বিভিন্ন জেলা জুড়ে বহু দক্ষ সুতাকার তৈরি হবে, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে।
পদ্মের ডাঁটা সংগ্রহ, তন্তু বের করা, সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে কাপড় বোনার প্রতিটি ধাপেই শ্রমের প্রয়োজন। ফলে একটি সুসংগঠিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি করা সম্ভব। একই সঙ্গে জামদানি, মসলিন কিংবা অন্যান্য ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে পদ্মের সুতার সমন্বয় ঘটলে দেশীয় বস্ত্রশিল্পেও নতুনত্ব আসতে পারে। তবে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ।
প্রকৃতির উপাদানকে নতুনভাবে কাজে লাগিয়ে মূল্যবান পণ্য তৈরির এই উদ্যোগ আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। তবে এই সম্ভাবনাকে কেবল আলোচনায় সীমাবদ্ধ না রেখে গবেষণা, প্রশিক্ষণ ও বাণিজ্যিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে হবে।