নারীর প্রতি সহিংসতা কোনো ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়; এটি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সমতার প্রশ্ন। ঘরে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে, গণপরিবহনে কিংবা অনলাইন—বিভিন্ন পরিসরে নারীরা নানা ধরনের সহিংসতা ও হয়রানির শিকার হচ্ছেন। শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নিপীড়ন, যৌন হয়রানি, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ, জোরপূর্বক বিয়ে এবং ডিজিটাল মাধ্যমে হয়রানিও নারীর নিরাপত্তা ও স্বাধীনতার জন্য বড় বাধা।
এই বাস্তবতায় প্রতিবছর ২৫ নভেম্বর পালিত হয় নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক দিবস। দিনটি থেকেই শুরু হয় বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী প্রচারাভিযান (16 Days of Activism Against Gender-Based Violence)। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই প্রচারাভিযান শেষ হয়। নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা তৈরি, নীতিনির্ধারকদের জবাবদিহি নিশ্চিত করা এবং ব্যক্তি, পরিবার ও সমাজকে সম্মিলিত প্রতিরোধে যুক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
২০২৬ সালের প্রতিপাদ্য: ন্যায়বিচার নিশ্চিত, বেঁচে ফেরা নারীদের সুরক্ষা এবং অপরাধীদের দায়মুক্তির অবসান। জাতিসংঘের ২০২৬ সালের প্রচারাভিযানের মূল প্রতিপাদ্য—‘The Future She Deserves: Ensure Justice, Protect Survivors, End Impunity’। বাংলায় এর অর্থ, ‘নারীর প্রাপ্য ভবিষ্যৎ: ন্যায়বিচার নিশ্চিত করো, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দাও এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটাও।’ এবারের প্রচারাভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সহিংসতার শিকার নারী ও কিশোরীদের ন্যায়বিচার পাওয়ার অধিকার, নিরাপত্তা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর। বিশেষ করে কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
জাতিসংঘের আহ্বান, শুধু সহিংসতার ঘটনা প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। বরং সহিংসতার শিকার ব্যক্তির পাশে দাঁড়ানো, তাঁদের কথা বিশ্বাস করা, নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা জরুরি। এ বছরের প্রচারাভিযানের অন্যতম আহ্বান—‘Speak Out. Believe Survivors. Demand Justice’। অর্থাৎ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, সহিংসতার শিকার ব্যক্তিদের বিশ্বাস করুন এবং ন্যায়বিচার দাবি করুন।
সহিংসতার ভয়াবহতা: পরিসংখ্যান কী বলছে?
নারীর প্রতি সহিংসতার ব্যাপ্তি বোঝার জন্য আন্তর্জাতিক পরিসংখ্যানই যথেষ্ট উদ্বেগজনক। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। অর্থাৎ, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং বিশ্বজুড়ে নারীর জীবন ও নিরাপত্তার সঙ্গে জড়িত একটি গভীর সামাজিক সংকট।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) এবং ইউএন উইমেনের প্রকাশিত ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ওই বছর বিশ্বে আনুমানিক ৫০ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের অন্তরঙ্গ সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। প্রতিদিন গড়ে ১৩৭ জন নারী ও কন্যাশিশু এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অর্থাৎ, প্রতি ১০ মিনিটে একজন নারী বা কন্যাশিশু নিজের ঘনিষ্ঠজন কিংবা পরিবারের সদস্যের হাতে প্রাণ হারিয়েছেন।
এই পরিসংখ্যান মনে করিয়ে দেয়, নারীর জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা যে পরিবার ও ঘর, অনেক সময় সেখানেই তাঁকে সহিংসতার মুখোমুখি হতে হয়। সামাজিক লজ্জা, ভয়, আর্থিক নির্ভরশীলতা এবং পারিবারিক চাপের কারণে অনেক নারী নির্যাতনের কথা প্রকাশ করতে পারেন না। আবার অভিযোগ করলেও অনেক ক্ষেত্রে তাঁকে অবিশ্বাস, দোষারোপ কিংবা সামাজিক হেনস্তার মুখোমুখি হতে হয়।
ডিজিটাল দুনিয়াতেও বাড়ছে সহিংসতা
প্রযুক্তির বিস্তারের সঙ্গে নারীর প্রতি সহিংসতার ধরনও পরিবর্তিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান, হুমকি, সাইবার স্টকিং, ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া প্রকাশ, ভুয়া পরিচয়ে হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি আপত্তিকর ছবি বা ডিপফেক—এসব এখন ডিজিটাল সহিংসতার পরিচিত রূপ।
ইউএন উইমেনের ২০২৫ সালের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, বিশ্বের ৪৪ শতাংশ নারী ও কন্যাশিশু—সংখ্যায় প্রায় ১৮০ কোটি—ডিজিটাল হয়রানি বা সাইবার স্টকিং থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থার আওতার বাইরে রয়েছেন। প্রযুক্তির অপব্যবহার নারীর ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি তাঁদের সামাজিক ও পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে সাংবাদিক, রাজনীতিবিদ, উদ্যোক্তা ও জনপরিসরে সক্রিয় নারীরা অনলাইন আক্রমণের ঝুঁকিতে থাকেন।
ডিজিটাল সহিংসতাকে শুধু ভার্চুয়াল জগতের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। অনলাইনে শুরু হওয়া হয়রানি অনেক সময় বাস্তব জীবনে ভয়, মানসিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতা এবং শারীরিক নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রযুক্তি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
২৫ নভেম্বর কেন বেছে নেওয়া হয়েছে?
২৫ নভেম্বর দিনটি বেছে নেওয়ার পেছনে রয়েছে এক বেদনাদায়ক ইতিহাস। ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডমিনিকান প্রজাতন্ত্রের তিন রাজনৈতিক কর্মী—মিরাবাল বোনেরা (পাত্রিয়া, মিনার্ভা ও মারিয়া তেরেসা)—তৎকালীন স্বৈরশাসক রাফায়েল ত্রুহিলোর নির্দেশে হত্যার শিকার হন। তাঁদের স্মরণে ১৯৮১ সাল থেকে নারী অধিকারকর্মীরা ২৫ নভেম্বরকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের দিন হিসেবে পালন করে আসছেন।
পরবর্তী সময়ে ১৯৯৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ নারীর প্রতি সহিংসতা বিলোপের ঘোষণাপত্র গ্রহণ করে। ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি গৃহীত প্রস্তাবের মাধ্যমে ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ‘নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক দিবস’ হিসেবে স্বীকৃতি পায়। অন্যদিকে, ১৯৯১ সালে নারী অধিকারকর্মীদের উদ্যোগে ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের যাত্রা শুরু হয়।
বাংলাদেশে কেন গুরুত্বপূর্ণ এই প্রচারাভিযান?
বাংলাদেশের প্রেক্ষাপটেও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি, কর্মক্ষেত্রে নিপীড়ন এবং অনলাইন হয়রানি নারীর স্বাভাবিক জীবনযাত্রা ও অগ্রগতির পথে বাধা তৈরি করছে।
শুধু আইন প্রণয়ন করলেই এ সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ, দ্রুত বিচার, ভুক্তভোগীর নিরাপত্তা, মানসিক স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। একই সঙ্গে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায় নারীর প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে।
এ ক্ষেত্রে পুরুষ ও ছেলেদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীর প্রতি সহিংসতাকে স্বাভাবিক হিসেবে মেনে না নেওয়া, নির্যাতনকারীর পক্ষ না নেওয়া, ভুক্তভোগীকে দোষারোপ না করা এবং অন্যায়ের প্রতিবাদ করা—এসব পরিবর্তন সমাজের প্রত্যেক মানুষের কাছ থেকেই প্রত্যাশিত।
১৬ দিনের আহ্বান, প্রতিরোধ হোক সারা বছর
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের এই প্রচারাভিযান মূলত একটি বৈশ্বিক আন্দোলনের প্রতীক। এর উদ্দেশ্য কেবল নির্দিষ্ট কয়েকটি দিন কর্মসূচি পালন নয়; বরং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন তৈরি করা।
একজন নারী যেন নিজের ঘরে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে, রাস্তায় কিংবা অনলাইনে নিরাপদ বোধ করেন—এটি তাঁর বিশেষ কোনো সুবিধা নয়, মৌলিক অধিকার। সহিংসতার শিকার একজন নারী যেন বিচার চাইতে গিয়ে নতুন করে সামাজিক নিপীড়নের শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
নারীর নিরাপত্তা নিশ্চিত করা শুধু নারীর একার দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সমাজ, পরিবার এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই ১৬ দিনের প্রচারাভিযানের বার্তা হোক—সহিংসতার বিরুদ্ধে কথা বলি, ভুক্তভোগীর পাশে দাঁড়াই, অপরাধীর জবাবদিহি নিশ্চিত করি। কারণ নারীর জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা মানে একটি নিরাপদ, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা।