বিয়ে, ছোট্ট একটি শব্দ কিন্তু এর গভীরতা বিশাল। এটি হল একটি নতুন জীবনের শুরু, পরিবারের শুরু এবং সারাজীবন একসাথে থাকার অঙ্গীকারনামা। আর এই স্পেশাল মুহূর্তের সবকিছুই হওয়া চাই স্পেশাল। সবাই চায় বিয়ের দিনের সাজ পোশাকটা এমন হোক যা তার অনন্য বৈশিষ্ট্যের পরিপূরক হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে শাড়ি ছাড়া নববধূর সাজ যেন অসম্পূর্ণই থেকে যায়। আর প্রসঙ্গ যদি হয় বিয়ের শাড়ির, সেক্ষেত্রে বেনারসি শাড়ি সবসময়ই বিয়ের ফ্যাশনে আধিপত্য বিস্তার করে আছে।
বাঙালি বিয়ের সাজে লাল বেনারসির একটা আলাদা জায়গা আছে। মায়ের বিয়ের অ্যালবামে, দাদীর পুরোনো ট্রাঙ্কে কিংবা পরিবারের কোনো পুরোনো ছবিতে চোখ রাখলেই দেখা মিলতে পারে সেই চেনা লাল শাড়ির। সময় বদলেছে, বদলেছে বিয়ের সাজের ধরনও। প্যাস্টেল শেড, আইভরি, গাঢ় সবুজ কিংবা ওয়াইন রঙ -বৈচিত্র্যময় রঙের পাশাপাশি লেহেঙ্গা, গাউন আর নানা ধরনের ফিউশন পোশাকের ভিড়েও বেনারসির আবেদন কিন্তু কমেনি। বরং ঐতিহ্যকে নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়ার প্রবণতায় বেনারসি পেয়েছে নতুন মাত্রা। এই স্পেশাল দিনে কোন ধরনের বেনারসি বেছে নেবেন, কোন রং আপনার সাজের সঙ্গে মানাবে, কীভাবে চিনবেন আসল শাড়ি আর কীভাবেই বা যত্নে রাখবেন শখের এই পোশাকটি - জেনে নিই সবকিছু।
বেনারসির বুননে আভিজাত্যের গল্প
বেনারসি শাড়ি প্রাচীন ভারতীয় একটি শহর বেনারস বা বারাণসীতে তৈরি এক প্রকার শাড়ি, যা এর সোনা এবং রূপার জরি, সূক্ষ্ম রেশম এবং আকর্ষণীয় সূচিকর্মের জন্য খ্যাতি লাভ করেছে। শাড়িগুলো সূক্ষ্ম রেশম তন্তুর তৈরি এবং জটিল নকশায় সজ্জিত ও নকশাকাটার কারণে তুলনামূলকভাবে কিছুটা ভারী ওজনের হয়ে থাকে। এর অনন্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সোনার কাজ, ঘন বুনন, পুঙ্খানুপুঙ্খ নকশা, ভিজ্যুয়াল ইফেক্টস, আঁচল এবং জালি কাজ। মুঘল শিল্পকলার প্রভাবও দেখা যায় বেনারসির নকশায়। ফুল, লতাপাতা, কলগা, বেল, আম্বি, জাল ও বিভিন্ন জ্যামিতিক নকশা এর পরিচিত মোটিফ।
ঐতিহ্যবাহী বেনারসি তৈরিতে দক্ষ তাঁতিদের প্রয়োজন হয়। নকশার জটিলতা, বুননপ্রক্রিয়া, ব্যবহৃত সুতা ও জরির ধরন অনুযায়ী একটি বেনারসি শাড়ি সম্পূর্ণ হতে ১৫ দিন থেকে এক মাস এবং কখনো কখনো ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে কাধওয়া (Kadhwa) বুনন, এটি বেনারসির সবচেয়ে নিখুঁত ও সময়সাপেক্ষ বুনন পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি নকশা আলাদাভাবে হাতে বোনা হয়, যার ফলে শাড়ির উল্টো দিকে কোনো আলগা সুতা ঝুলে থাকে না। এতে কারিগরের প্রচুর ধৈর্য ও দক্ষতার প্রয়োজন হয়। তাই একটি ভালো মানের বেনারসি কেবল পোশাক নয়, সূক্ষ্ম হস্তশিল্পের পাশাপাশি এর প্রতিটি সুতায় মিশে থাকে কারিগরের দক্ষতা, ধৈর্য ও শিল্পবোধ।
কোন ধরনের বেনারসি বেছে নেবেন?
বিয়ের পোশাকের নির্বাচনের ক্ষেত্রে ফ্যাশন, ট্রেন্ডের অনেক ভিন্নতা আসলেও বেনারসির আবেদন কখনো ফুরায়নি। এই শাড়ির জমকালো চেহারার সাথে নববধূর সাজের যে রাজকীয় ভাব প্রকাশ পায় সেটার চেয়ে প্রশংসার আর কি হতে পারে। বেনারসি বললেই আমাদের চোখে ভেসে ওঠে ভারী জরির কাজ করা জমকালো রেশমি শাড়ি। কিন্তু জানেন কি বেনারসির মধ্যে রয়েছে কতো বৈচিত্র্যতা। তৈরির উপাদান, বুনন পদ্ধতি এবং নকশার ওপর ভিত্তি করে এর রয়েছে বিভিন্ন ধরন। বিয়ের পোশাক কেনার আগে কয়েকটি ধরন সম্পর্কে ধারণা থাকলে পছন্দের শাড়িটি বেছে নিতে পারবেন একদম সহজে।
কাতান বেনারসি:
এটি সবচেয়ে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বেনারসি। খাঁটি রেশম (সিল্ক) সুতা পাকিয়ে এটি তৈরি করা হয়। ঘন বুননে তৈরি এই শাড়ি সাধারণত বেশ টেকসই, মসৃণ ও উজ্জ্বল হয়। রেশমি সুতার এর ওপর সোনালি বা রুপালি জরির কারুকাজ শাড়িকে দেয় রাজকীয় চেহারা। ঐতিহ্যবাহী ব্রাইডাল লুক যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য কাতান বেনারসি হতে পারে বেস্ট চয়েজ।
কোরা বা অর্গানজা বেনারসি:
এটি ওজনে বেশ হালকা এবং কিছুটা স্বচ্ছ ও ফোলাভাবযুক্ত। রেশম ও জরির সমন্বয়ে সূক্ষ্ম বুননে বোনা এই শাড়ি দেখতে অত্যন্ত রাজকীয় ও অভিজাতপূর্ণ। ভারী শাড়ি সামলাতে অসুবিধা হলে কিংবা একটু হালকা অথচ আভিজাত্য সাজ চাইলে এটি বেছে নেওয়া যেতে পারে।
টিস্যু বেনারসি:
চকচকে এবং রাজকীয় লুকের কারণে বর্তমানে টিস্যু বেনারসি বেশ ট্রেন্ডিংয়ে আছে। সোনালি বা রূপালি জরির সুতা এতটাই ঘনভাবে বোনা হয় যে পুরো শাড়িটি ধাতব পাতের মতো চকচক করে। সোনালি, রুপালি, শ্যাম্পেন কিংবা হালকা গোলাপি রঙের টিস্যু বেনারসি বিয়ের অনুষ্ঠান বা রিসেপশনের সাজে বেশ মানানসই।
জর্জেট বেনারসি:
এটি খুব নরম, হালকা এবং শরীরে সুন্দরভাবে লেপ্টে থাকে। এর নমনীয়তা ও সহজে ড্রেপ করা যায় বলে আধুনিক ডিজাইনের বেনারসি হিসেবে এটি বর্তমানে বেশ জনপ্রিয়। জটিল নকশা ও জরির কাজের সঙ্গে জর্জেটের নরম বুনন তৈরি করে ভিন্নধর্মী সৌন্দর্য।
মীনাকারি বেনারসি:
জরির কাজের সাথে রঙিন রেশম সুতার সূক্ষ্ম কারুকাজ করা এই শাড়িগুলো বেশ রঙিন ও আকর্ষণীয় হয়। বিয়েবাড়ির যেকোনো অনুষ্ঠানে এটি এখন বেশ চাহিদাসম্পন্ন।
এছাড়াও আরো রয়েছে তসর বেনারসি, তানচোই বেনারসি, কাটওয়ার্ক বেনারসি। তবে মনে রাখতে হবে, কাপড়ের নাম বা বেনারসি পরিচিতি শুনেই শাড়ির মান নির্ধারণ করা যায় না। কাপড়ের উপাদান, বুননপ্রক্রিয়া, জরির মান এবং কারিগরি কাজের ওপরই এর প্রকৃত গুণগত মান নির্ভর করে।
কনের সাজে কোন রঙের বেনারসি মানানসই?
বিয়ের কনে মানেই আমাদের মাথায় আসে ‘লাল টুকটুকে বউ’। বাঙালি বিয়ের ঐতিহ্যে লাল রঙের আবেদন এখনো অমলিন। এই রঙ শাড়ির প্রিন্টকে আরও শাইন এবং সমৃদ্ধ করে তোলে। তবে বিয়ের দিন আজকাল নানা রঙের শাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট চলে। শুধু লাল নয়, গোলাপি, মেরুন, আইভরি, সবুজ, ওয়াইন কিংবা প্যাস্টেল রঙের বেনারসিও বেছে নিচ্ছেন অনেকে।
- ব্রাইডাল ওয়্যারের ক্ষেত্রে লাল সব রঙের রাজা, তা বলাই বাহুল্য। ভালোবাসা, আবেগ ও শুভ সূচনার প্রতীক হিসেবে দক্ষিণ এশীয় বিয়েতে এই রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। সোনালি জরির কাজ করা লাল বেনারসি কনেকে এনে দিতে পারে চিরায়ত রাজকীয় সাজ। সব ধরনের গায়ের রঙেই উজ্জ্বল দেখায় এবং সোনার গয়নার সাথে সবচেয়ে ভালো মানায়। যারা লালের চেয়ে কিছুটা গম্ভীর ও রাজকীয় লুক চান, তারা মেরুন বা ডিপ ওয়াইন কালারও বেছে নিতে পারেন।
- কোমল, রোমান্টিক ও উৎসবমুখর সাজের জন্য গোলাপি রঙের বেনারসিও মানানসই হতে পারে। উজ্জ্বল, প্রাণবন্ত ও গর্জিয়াস লুকের জন্য এটি এখন কনেদের পছন্দের শীর্ষে। ছবিতেও খুব সুন্দর আসে। ব্লাশ পিংক, রানি পিংক কিংবা ডাস্টি রোজ—বিভিন্ন শেডে পাওয়া যায় এই রঙ। সোনালি বা রুপালি জরির কাজের সঙ্গে গোলাপির সমন্বয় কনের সাজে এনে দিতে পারে ভিন্ন মাত্রা।
- একটু পরিমিত অথচ আভিজাতপূর্ণ, স্নিগ্ধ এবং রাজকীয় লুকের জন্য আইভরি বা অফ-হোয়াইট বেনারসি হতে পারে চমৎকার পছন্দ। বর্তমানে বৌভাত (রিসেপশন) বা দিনের বেলার বিয়ের অনুষ্ঠানে এটি এখন দারুণ ট্রেন্ডি। এর সাথে সোনার গয়নার চেয়ে কুন্দন, পোলকি, পার্ল বা পান্না (সবুজ পাথর) বসানো গয়না বেশি ফুটে ওঠে।
- প্যাস্টেল শেড বেনারসি বর্তমানে আধুনিক কনেদের কাছে সবচেয়ে ট্রেন্ডিং এবং পরিশীলিত একটি পছন্দ, যা ঐতিহ্যবাহী বুননের সাথে সমসাময়িক স্নিগ্ধতার এক চমৎকার মেলবন্ধন ঘটায়। এর জনপ্রিয় শেডসমূহ হচ্ছে মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, পাউডার ব্লু, পিচ বেনারসি এখন আধুনিক কনের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে। বিশেষ করে দিনের বেলার অনুষ্ঠান বা রিসেপশনের জন্য এসব রঙের শাড়ি বেছে নেওয়া যেতে পারে। প্যাস্টেল রঙের ক্ষেত্রে ভারী কাতানের চেয়ে টিস্যু বেনারসি, অরগাঞ্জা এবং খড্ডি জর্জেট বেশি ভালো দেখায়, কারণ এই কাপড়গুলোতে হালকা রঙের আভা খুব সুন্দরভাবে ফুটে ওঠে।
- রয়্যাল ব্লু এবং এমেরাল্ড গ্রিন বেনারসি অত্যন্ত গম্ভীর, আভিজাত্যপূর্ণ এবং চোখধাঁধানো পছন্দ, যা বিশেষ করে রাতের বেলার বিয়ে বা রিসেপশন (বৌভাত) অনুষ্ঠানে কনেকে দারুণ রাজকীয় লুক দেয়। চিরাচরিত লাল বা হালকা প্যাস্টেল শেডের বাইরে যারা গাঢ় ও জমকালো রঙ খুঁজছেন, তাদের জন্য এই দুটি রঙ হতে পারে সেরা। ঐতিহ্যবাহী ও রাজকীয় লুক চান, যেতে পারেন এমেরাল্ড গ্রিনের দিকে। আর আধুনিক ও গর্জিয়াস লুকের জন্য রয়েছে রয়্যাল ব্লু।
তবে মনে রাখতে হবে যে, সব মানুষের স্কিন কমপ্লেকশন কিন্তু আলাদা। তাই যে রঙই বাছাই করা হোক না কেন সেই শাড়ির রঙ যেন আমাদের ত্বকের রঙকে আরও বেশি করে হাইলাইট করে। আর দোকানের কৃত্রিম আলোতে যে রং সুন্দর দেখায়, দিনের প্রাকৃতিক আলোয় সেটি ভিন্ন লাগতে পারে। তাই কেনার আগে সম্ভব হলে দুই ধরনের আলোতেই শাড়িটি দেখে নেওয়া ভালো।
বেনারসির সঙ্গে ব্লাউজ ও গয়নার সমন্বয়
বেনারসি শাড়ির ধরন জানা হলো, রঙের ব্যাপারেও আইডিয়া পাওয়া গেলো। এখন শাড়ি সুন্দর হলেই যে কনের সাজ সম্পূর্ণ, তা কিন্তু নয়। বেনারসি শাড়ির রাজকীয় সৌন্দর্য পুরোপুরি ফুটিয়ে তুলতে হলে শাড়ির রঙ ও কাজের ধরনের ওপর ভিত্তি করে কনট্রাস্ট বা মনোটোন (একই রঙের লুক) ব্লাউজ এবং মানানসই গয়নার সঠিক সমন্বয় করা জরুরি। বেনারসির ক্ষেত্রে ব্লাউজ নির্বাচনে একটু সচেতন হলে পুরো সাজেই আসতে পারে নতুনত্ব।
কনট্রাস্ট বা শাড়ির রঙের বিপরীত রঙের ব্লাউজ পরলে সাজে দারুণ নাটকীয়তা ও আভিজাত্যভাব আসে। লাল বা মেরুন বেনারসির সাথে এমেরাল্ড গ্রিন, সোনালি বা চাপা সাদা ব্লাউজ; রানি গোলাপি বেনারসির সাথে বটল গ্রিন, নেভি ব্লু বা সোনালি ব্লাউজ; আইভরি বা অফ-হোয়াইট বেনারসির সাথে গাঢ় মেরুন, সিঁদুরে লাল বা রানি গোলাপি ভেলভেট ব্লাউজ; সবুজ বা রয়্যাল ব্লু বেনারসির সাথে রানি গোলাপি, লাল বা অ্যান্টিক গোল্ডেন ব্লাউজ বেছে নেওয়া যেতে পারে।
প্যাস্টেল শেড (পিচ, মিন্ট গ্রিন, বেবি পিঙ্ক) বা টিস্যু বেনারসির ক্ষেত্রে শাড়ির রঙেরই ভারী জারদৌসি বা কারচুপির কাজ করা ব্লাউজ পরলে আধুনিক ও পরিশীলিত দেখায়।
ফ্যাব্রিকের ক্ষেত্রে বেনারসির সাথে সাধারণ সুতি বা সিন্থেটিক ব্লাউজ ভালো দেখায় না। এর সাথে র-সিল্ক, কাতান বা ভেলভেট কাপড়ের ব্লাউজ সেরা। হাই নেক, ফুল স্লিভ, এলবো স্লিভ কিংবা পাফ স্লিভ—নিজের শরীরের গড়ন ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী ব্লাউজের নকশা নির্বাচন করা যেতে পারে।
শাড়িতে কী রঙের জরি (সোনালি নাকি রূপালি) ব্যবহার করা হয়েছে, তার ওপর ভিত্তি করে গয়না বাছাই করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। লাল, মেরুন, রানি গোলাপি এবং সবুজ রঙের কাতান বেনারসির সাথে ঐতিহ্যবাহী সোনার গয়না (সীতাহার, চোকার, ঝুমকা ও টিকলি) সবচেয়ে বেশি মানায়। আইভরি, অফ-হোয়াইট এবং প্যাস্টেল শেডের বেনারসির সাথে কুন্দন বা মুক্তার গয়না রাজকীয় ও স্নিগ্ধ লুক দেয়। রয়্যাল ব্লু, ল্যাভেন্ডার বা যেসব শাড়িতে রূপালি জরির কাজ রয়েছে, তার সাথে হীরা, এডি (AD) স্টোন বা সিলভার টোনের গয়না সবচেয়ে ভালো মানায়। আর যেসব শাড়িতে ম্যাট গোল্ডেন জরি আছে, তার সাথে অ্যান্টিক গোল্ড গয়না দারুণ ফুটে ওঠে।
আরেকটি কথা, ব্যালেন্স রাখতে শিখুন। শাড়ির আঁচল ও পাড়ে যদি খুব ঘন ও ভারী কাজ থাকে, তবে গলায় খুব বড় সীতাহারের বদলে একটি গর্জিয়াস চোকার ও বড় ঝুমকা পরুন। এতে শাড়ির নকশা ঢাকা পড়বে না। আর শাড়ির জমিন যদি তুলনামূলক হালকা বা বুটিদার হয়, তবে গলায় চোকারের সাথে লম্বা রানীহার বা সীতাহার লেয়ার করে পরলে দারুণ জমকালো দেখাবে।
মায়ের পুরোনো গয়না কিংবা পরিবারের কোনো ঐতিহ্যবাহী অলংকারও বিয়ের সাজে ব্যবহার করা যেতে পারে। এতে কেবল সাজের সৌন্দর্যই বাড়বে না, যুক্ত হবে আবেগের এক বিশেষ অনুষঙ্গ।
অথেনটিক বেনারসি চেনার উপায়
খাঁটি বেনারসি শাড়িগুলো দক্ষ কারিগরদের দ্বারা পরম যত্নে তৈরি করা হয়। প্রতিটি বেনারসি শাড়ি আলাদা এবং এটি কীভাবে হস্তশিল্পে তৈরি হয়েছিল তার একটি গল্প বহন করে। আর সেই সূক্ষ্ম, অথেনটিক শাড়ি খুঁজে পাওয়ার কিছু টিপস হলঃ
- শাড়িটি খাঁটি রেশমের, নাকি মিশ্র সুতা দিয়ে তৈরি, তা বিক্রেতার কাছ থেকে জেনে নিন। শুধু দেখতে চকচকে হলেই সেটি খাঁটি সিল্ক—এমন নয়। সিল্কের শুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে 'সিল্ক মার্ক'-সংক্রান্ত সনদ বা লেবেল আছে কি না, সেটিও দেখতে পারেন।
- ঐতিহ্যবাহী বেনারসিতে সোনালি ও রুপালি জরির কাজ দেখা যায়। তবে সব শাড়িতে আসল সোনা বা রুপার তার ব্যবহার করা হয় না। কোথাও সোনার প্রলেপ দেওয়া রুপার তার, কোথাও বিভিন্ন ধরনের ধাতব বা বিকল্প সুতা ব্যবহার করা হয়। তাই জরির উপাদান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
- হাতে বোনা শাড়ির উল্টো পিঠে সুতার কিছু ভাসমান অংশ বা বুননের চিহ্ন দেখা যেতে পারে। নকশার সূক্ষ্মতা, জরির বিন্যাস, বর্ডার ও আঁচলের কাজ ভালোভাবে পরীক্ষা করুন। তবে শুধু শাড়ির উল্টো পিঠ দেখে আসল-নকল নির্ধারণ করা ঠিক নয়।
- বেনারসির পরিচিত নকশার মধ্যে রয়েছে আম্বি, কলগা, বেল, ফুল-পাতা, জাল ও মীনাকারির কাজ। এসব মোটিফ শাড়ির ঐতিহ্যবাহী নকশার অংশ। তবে শুধু এই নকশা থাকলেই শাড়িটি আসল বেনারসি প্রমাণিত হয় না
- বেনারসির ঐতিহ্যবাহী উৎপত্তি ও পরিচয়ের ক্ষেত্রে জিআই (GI) বা Geographical Indication গুরুত্বপূর্ণ। 'বেনারস ব্রোকেডস অ্যান্ড শাড়িস' (Banaras Brocades and Sarees) ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত। অন্যদিকে 'হ্যান্ডলুম মার্ক' শাড়িটি পাওয়ারলুম বা যন্ত্রে নয়, বরং তাঁতির হাতে (হস্তচালিত তাঁতে) বোনা হয়েছে বলে নিশ্চিত করে। 'সিল্ক মার্ক' মূলত 'সিল্ক মার্ক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া' (SMOI) কর্তৃক প্রদত্ত একটি হলোগ্রাম যুক্ত লেবেল। এটি প্রাকৃতিক রেশমের বিশুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে। তিনটি চিহ্নের উদ্দেশ্য কিন্তু এক নয়। কেনার সময় এসব সনদ বা লেবেল সম্পর্কে বিক্রেতার কাছে জানতে পারেন।
- বেনারসি তৈরিতে ব্যবহৃত সুতা, জরির ধরন, নকশার জটিলতা ও বুননপ্রক্রিয়ার ওপর দাম নির্ভর করে। হাতে বোনা সূক্ষ্ম কাজের শাড়ির দাম সাধারণত বেশি হতে পারে। তবে বেশি দাম হলেই শাড়ি আসল বা উন্নত মানের হবে, এমন নিশ্চয়তা নেই। কেনার আগে উপাদান, বুনন ও কাজের বিবরণ জেনে নিন এবং সম্ভব হলে বিশ্বস্ত দোকান থেকে রসিদসহ শাড়ি কিনুন।
বেনারসি কেনার আগে যে বিষয়গুলো মনে রাখবেন
বেনারসি শাড়ি একটি দীর্ঘমেয়াদী ও আবেগের বিনিয়োগ, তাই কেনার আগে বাজেট নির্ধারণ, শাড়ির ওজন ও আরাম, বুননের মান এবং বিক্রেতার বিশ্বাসযোগ্যতা—এই মূল বিষয়গুলো মাথায় রাখা জরুরি। তাই কেনার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে পারেন।
- অনেক সময় ভারী জরির কাজের বেনারসি দেখতে খুব সুন্দর লাগলেও পরে অনেকক্ষণ বসে থাকা বা হাঁটাচলা করা কঠিন হয়ে পড়ে। কেনার আগে শাড়িটি কাঁধে ও কোমরে জড়িয়ে (ড্রেপ করে) দেখুন এর ওজন আপনার জন্য সহনীয় কি না এবং কুঁচি (Pleats) সুন্দরভাবে বসছে কি না।
- বর্ডার ও আঁচলের কাজ ভালোভাবে পরীক্ষা করুন। কারণ বেনারসির সৌন্দর্যের বড় একটি অংশ নির্ভর করে এই দুটি জায়গার কারুকাজের ওপর।
- শাড়ির উল্টো দিকটি ভালোভাবে উল্টে দেখুন। হাতে বোনা আসল বেনারসির (বিশেষ করে কাধওয়া বুননের) উল্টো পিঠ মসৃণ হয় এবং আলগা সুতা ঝুলে থাকে না। উল্টো পিঠে কাটা সুতা বা খসখসে জরি থাকলে তা পরার পর ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে বা গয়নায় আটকে শাড়ি ছিঁড়ে যেতে পারে।
- শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পিসটি আলাদা করে কেটে নেওয়া হয়েছে কি না এবং এর দৈর্ঘ্য পর্যাপ্ত (কমপক্ষে ৮০ সেন্টিমিটার থেকে ১ মিটার) কি না তা মেপে দেখুন। শাড়ির পাড়ে নিখুঁতভাবে ফলস ও পিকো করার সুবিধা দোকান থেকে পাওয়া যায় কি না জেনে নিন।
- বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে শাড়ি কিনুন। শুধু ট্রেন্ডের কারণে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করার দরকার নেই।
- কেনার পর ক্যাশমেমোতে শাড়ির ধরন স্পষ্টভাবে লিখিয়ে নিন এবং কোনো ত্রুটি থাকলে পরিবর্তন (Exchange) করার নিয়ম ও সময়সীমা জেনে নিন।
বেনারসি শাড়ির যত্নআত্তি
শখের বেনারসি শাড়ি কেনার পর সেটি দীর্ঘদিন ভালো রাখার জন্য যথাযথ যত্ন নেওয়া জরুরি। শাড়ি কেনার আগেও যেমন সতর্ক থাকতে হয়, তেমনি এর যত্নের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। বিশেষ করে রেশম সুতা ও জরির কাজ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় একটু অসতর্কতা শাড়ির সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। কখনো যদি এটি ধোয়ার প্রয়োজন দেখা দেয় তবে বাড়িতে বসে সাবান, ডিটারজেন্ট বা ওয়াশিং মেশিনে ধোবেন না। ময়লা হলে বা অনুষ্ঠান শেষে অবশ্যই কোনো বিশ্বস্ত লন্ড্রি থেকে ড্রাই ওয়াশ করান। ড্রাই ক্লিন করার আগে শাড়ির জরির ধরন ও কাপড়ের উপাদান সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে নেবেন।
ব্যবহারের পর ঘাম বা পারফিউমের আর্দ্রতা থাকলে শাড়ি কিছুক্ষণ বাতাসে রেখে তারপর ভাঁজ করে রাখতে পারেন। তবে সরাসরি রোদে শুকানো যাবে না। ছায়ায় কিংবা ঘরের ভেতরে ফ্যানের নিচে কয়েক ঘণ্টা মেলে রেখে বাতাস লাগিয়ে তারপর ভাঁজ করুন। আর আলমারিতে অন্য শাড়ির সঙ্গে গাদাগাদি করে রাখবেন না। আলাদা সুতি বা মসলিন কাপড়ে মুড়িয়ে রাখাই ভালো। এতে ঘর্ষণ কম হয় এবং জরির কাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও কমে।
বেনারসি শাড়িতে কখনোই সরাসরি গরম ইস্ত্রি লাগাবেন না; এতে জরি পুড়ে বা গলে যেতে পারে। ইস্ত্রি করার প্রয়োজন হলে লো-হিট (Silk mode) ব্যবহার করুন এবং শাড়ির ওপর একটি পাতলা সুতি কাপড় বিছিয়ে তার ওপর দিয়ে হালকাভাবে ইস্ত্রি করুন। সম্ভব হলে স্টিম আয়রন ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।
একটি বেনারসি শুধু বিয়ের দিনের পোশাক নয়; এটি অনেক সময় পরিবারের স্মৃতি, আবেগ ও ঐতিহ্যের অংশ হয়ে ওঠে। সময়ের সঙ্গে বিয়ের সাজের ধরন বদলাবে, নতুন নতুন ফ্যাশন আসবে, কনের পছন্দেও যুক্ত হবে নানা বৈচিত্র্য। তবু সকল প্রজন্মের কাছে বেনারসির আভিজাত্য ও আবেদন সহজে ম্লান হওয়ার নয়।
লেখা- শায়লা জাহান