একটা সময় মুখের যত্ন বলতে আমরা বুঝতাম একটা ভালো মানের ক্লিনজার এবং ময়েশ্চারাইজার। পাশাপাশি ঘরোয়া টোটকা তো আছেই। ধীরে ধীরে সিরাম ও সানস্ক্রিনের কার্যকারিতা সম্পর্কে সচেতন হয়ে সেগুলোও জায়গা করে নেয় দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে। এরপর স্কিনকেয়ারের দুনিয়ায় যোগ হলো নানা ধরনের অ্যাসিড, রেটিনল, ফেস-টুল; ত্বকের যত্ন যেন প্রতিনিয়তই পেরোতে থাকল নতুন নতুন ধাপ।
কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে
করতে হঠাৎ চোখ আটকে যেতে পারে অদ্ভুত এক লাল আলোর মাস্কে। ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটিরা
মুখে পরে বসে আছেন সেই এলইডি মাস্ক। প্রথম দর্শনে মনে হতে পারে, এ যেন সায়েন্স ফিকশন
সিনেমার কোনো দৃশ্য অথবা স্বয়ং আয়রন ম্যান এসে বুঝি বসে আছেন! এটি আসলে কোনো সিনেমার
কস্টিউম নয়। মুখের ওপর বসানো এই এলইডি মাস্ক
থেকে বের হয় লাল আলোর আভা। কয়েক মিনিট মুখে সেই আলো ফেলেই কেউ অপেক্ষা করছেন আরও মসৃণ,
উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত ত্বকের আশায়।
তবে প্রশ্ন হলো, মুখে এই লাল আলো ফেললেই
কি সত্যিই ত্বক বদলে যায়!
সত্যিই ত্বকের বয়সের ছাপ কমে!
নাকি এটিও সোশ্যাল মিডিয়ার আরেকটি চমকপ্রদ
ট্রেন্ড? রেড লাইট থেরাপির পেছনে আসলে কতটা বিজ্ঞান আছে?
রেড লাইট থেরাপি আসলে কী?
রেড লাইট থেরাপি-কে অনেক সময় এলইডি লাইট
থেরাপি বা ফটোবায়োমডুলেশন (Photobiomodulation) বা সংক্ষেপে PBM বলা হয়। এটি একটি
অস্ত্রোপচারবিহীন চিকিৎসা পদ্ধতি যা সাধারণত লাল আলো বা নিয়ার-ইনফ্রারেড আলো ব্যবহার
করে।
ডার্মাটোলজিতে ব্যবহৃত এই রেড লাইট থেরাপির
একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি আল্ট্রাভায়োলেট রশ্মির মতো ক্ষতিকর নয়। এতে ত্বক
পুড়ে যাওয়ার বা ক্যানসারের কোনো ঝুঁকি থাকে না। নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য-এর আলো ত্বকের
কোষের ওপর জৈবিক প্রভাব তৈরি করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
গবেষণায় এই লাল আলোর প্রায় ৬২০-৭০০ ন্যানোমিটার
তরঙ্গদৈর্ঘ্য এবং নিয়ার-ইনফ্রারেডের ৭০০-১৪৪০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য নিয়ে কাজ হয়েছে।
এর আলো ত্বকের কোষের কোনরূপ ক্ষতি বা ট্যানিং না করে, ত্বকে প্রবেশ করে এবং ত্বক উন্নত
করতে সাহায্য করতে পারে।
আরোও পড়ুন: স্লিক বান থেকে মেসি হেয়ার: সৌন্দর্যেরসংজ্ঞায় বড় বদল
বাড়িতে ব্যবহারের জন্য লাল বাতি ডিভাইস
বিভিন্ন ধরনের হয়ে থাকে। ত্বকের চিকিৎসার জন্য লাল আলোর ওয়ান্ড, প্যানেল, মাস্ক ব্যবহার
করা হয়। চুল গজানোর জন্য রয়েছে ক্যাপ, চিরুনি এবং হেলমেট। এসব ডিভাইসে বেশিরভাগ লাইট
এমিটিং ডায়োড বা এলইডি থাকে, যা বাড়িতে ব্যবহারের জন্য নিরাপদ বলে মনে করা হয়। এছাড়াও
আপনি বাড়িতে ব্যবহারের জন্য এমন ডিভাইসও পাবেন যেগুলিতে স্বল্প-মাত্রার লেজার থাকে।
মুখে লাল আলো ফেললে ত্বকে কী হয়?
ত্বকের বিভিন্ন সমস্যার, বিশেষ করে বলিরেখা,
বয়সের ছাপ এবং ঝুলে যাওয়া ত্বকের মতো বার্ধক্যের লক্ষণগুলির জন্য লাল আলো একটি জনপ্রিয়
চিকিৎসা। এটি কিভাবে কাজ করে, তা জানার আগ্রহ আমাদের অনেকেরই আছে।
কোষের ভেতরে থাকা মাইটোকন্ড্রিয়া, যাকে
কোষের "পাওয়ারহাউস" বলা হয়, তা লাল আলো শোষণ করে। নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের
লাল আলো ত্বকের কোষে পৌঁছালে মাইটোকন্ড্রিয়ার কিছু আলোক-সংবেদনশীল উপাদান সেই আলো শোষণ
করতে পারে। এর ফলে কোষের শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় প্রভাব পড়ে এবং এটিপি (এডেনোসিন
ট্রাইফসফেট), যা কোষের প্রধান শক্তির উৎস; উৎপাদন বাড়তে পারে।
সহজ করে বললে, বিষয়টিকে অনেকটা গাছের সালোকসংশ্লেষণের
সঙ্গে তুলনা করা যেতে পারে। যদিও দুটো প্রক্রিয়া এক নয়। গাছ সূর্যের আলো ব্যবহার করে
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, আর ত্বকের কোষ নির্দিষ্ট আলো থেকে পাওয়া
শক্তির সংকেতকে কাজে লাগিয়ে নিজেদের বিভিন্ন জৈবিক কার্যক্রম পরিচালনা করতে পারে। এই
প্রক্রিয়াকেই বলা হয় ফটোবায়োমডুলেশন।
এটিপি বাড়ানোর পাশাপাশি রেড লাইট থেরাপির
ফলে রক্ত সঞ্চালন উন্নত হয়, প্রদাহ কমে, এবং কোলাজেন তৈরির প্রক্রিয়া সক্রিয় হয়।
কোলাজেন হলো সেই প্রোটিন যা ত্বককে শক্ত, স্থিতিস্থাপক ও টানটান রাখে।
গবেষণা কী বলে?
অনেকের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে, “রেড লাইট থেরাপি কি এর দাবি অনুযায়ী কার্যকর?” এখানেই আসল কথা। রেড লাইট থেরাপি নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে প্রমাণ সমান শক্তিশালী নয়।
ব্রণ (Acne)-এর ক্ষেত্রে কি কাজ করে?
রেড লাইট নিয়ে একটি বড় আগ্রহ ব্রণ ট্রিটমেন্টকে
ঘিরে। বলা হয় যে, ব্রণের চিকিৎসায় রেড লাইট থেরাপি কার্যকর এবং এটি প্রদাহ বা লালচেভাব
কমাতে সাহায্য করে।
'জামা ডার্মাটোলজি' (JAMA Dermatology) জার্নালে
২০২৫ সালের মার্চ মাসে প্রকাশিত একটি সিস্টেমেটিক রিভিউ ও মেটা-অ্যানালাইসিস ব্রণের চিকিৎসায় ঘরে ব্যবহারের এলইডি ডিভাইসের কার্যকারিতার
ব্যাপারে ৬টি র্ট্রায়াল বিশ্লেষণ করেছে, যেখানে মাইল্ড থেকে মডারেট ব্রণে আক্রান্ত
২১৬ জন রোগী (১২ থেকে ৫০ বছর বয়সী) এই গবেষণায় অন্তর্ভুক্ত ছিলেন। এলইডি ডিভাইস ব্যবহারকারীদের ক্ষেত্রে ইনফ্ল্যামেটরি বা
প্রদাহজনিত ব্রণের ক্ষেত্রে ৪৫.৩% পর্যন্ত উন্নতি দেখা গেছে। এর পাশাপাশি নন-ইনফ্ল্যামেটরি
(যেমন: ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস) ব্রণের ক্ষেত্রেও প্রায় ৪৭.৭% উন্নতি মিলেছে। গবেষণায়
দেখা গেছে, শুধু লাল বা নীল আলো এককভাবে ব্যবহার করার চেয়ে লাল ও নীল আলো একসাথে
(Combination Wavelength) ব্যবহার করলে সবচেয়ে কার্যকর ফলাফল পাওয়া যায়। তবে এখানে
একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, লাল আলো আর নীল আলো-এর কাজ কিন্তু এক নয়। নীল আলো
মূলত ব্যাকটেরিয়া ধ্বংস করে, আর লাল আলো গভীরে গিয়ে প্রদাহ কমায় ও টিস্যু মেরামত
করে।
আর ২০২৬ সালের একটি পর্যালোচনায় দেখা গেছে,
ব্রণের ক্ষেত্রে নীল আলো এবং নীল-লাল কম্বিনেশন থেরাপির কার্যকারিতার পক্ষে পাওয়া প্রমাণ
লাল আলোর তুলনায় বেশি শক্তিশালী। অন্যদিকে, রেড এলইডি নিয়ে পাওয়া প্রমাণের মান তুলনামূলকভাবে
কম হলেও, এর ব্যবহারে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা খুব বেশি দেখা যায়নি।
তাই শুধু ‘লাল আলো মানেই অ্যাকনের চিকিৎসা’—এমন ধারণা ঠিক নয়।
বলিরেখা সত্যিই কমে?
ত্বকের বলিরেখা বা ফাইন লাইনস (Fine
lines) কমাতে রেড লাইট থেরাপি (Red Light Therapy)-এর কার্যকারিতার ফলাফল আশাব্যঞ্জক।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে 'ফোটোবায়োমডিউলেশন' (Photobiomodulation) বলা হয়।
হার্ভার্ড হেলথের রিপোর্ট অনুযায়ী, আমেরিকান
অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি (AAD) বলছে রেড লাইট থেরাপি সূক্ষ্ম বলিরেখা কমাতে, ডার্ক
স্পট হালকা করতে, ত্বকের টেক্সচার মসৃণ করতে এবং লালচেভাব কমাতে সহায়ক হতে পারে।
২০২৫ সালে, ৩০ থেকে ৬৫ বছর বয়সী এশিয়ান বংশোদ্ভূত
৬০ জন মানুষের ওপর একটি ডাবল-ব্লাইন্ড, নিয়ন্ত্রিত গবেষণা চালানো হয়। গবেষণায় প্রমাণিত
হয় যে, ঘরে ব্যবহারের জন্য তৈরি ৬৩০ ন্যানোমিটার এবং ৮৫০ ন্যানোমিটার তরঙ্গের এলইডি মাস্কগুলো চোখের কোণের বলিরেখা কমাতে অত্যন্ত নিরাপদ
ও কার্যকরী।
এছাড়াও, ২০২৩ সালে এক গবেষণায় অত্যাধুনিক
ইমেজিং সফটওয়্যারের মাধ্যমে চোখের চারপাশের বলিরেখার (Crow's Feet) আয়তন মাপা হয়। নির্দিষ্ট
সময় রেড লাইট (৬৬০ ন্যানোমিটার) ব্যবহারের পর দেখা যায়, অংশগ্রহণকারীদের চোখের চারপাশের
বলিরেখার গভীরতা ও আয়তন প্রায় ৩০% থেকে ৩১.৬% পর্যন্ত কমে গেছে।
আরও গুরুত্বপূর্ণ হলো ২০২৬ সালের একটি স্কোপিং
রিভিউ-তে ঘরে ব্যবহারের জন্য তৈরি বিভিন্ন ত্বকচর্চার ডিভাইস নিয়ে প্রকাশিত গবেষণাগুলো
পর্যালোচনা করা হয়েছে। সেখানে দেখা গেছে, মুখের ত্বককে আরও তরুণ ও সতেজ দেখানোর ক্ষেত্রে
এলইডি ডিভাইসের কার্যকারিতার পক্ষে মাঝারি মানের প্রমাণ রয়েছে। অর্থাৎ, এই প্রযুক্তির
পেছনে বৈজ্ঞানিক ভিত্তি একেবারেই নেই—এমনটা বলা যাবে না। তবে বাজারে থাকা প্রতিটি
এলইডি মাস্ক একই রকম ফল দেবে, এমন নিশ্চয়তাও দেয়া যাবেনা।
পরিশেষে এটা আমরা বলতে পারি যে, রেড লাইট থেরাপি বলিরেখা ও ত্বকের মসৃণতা কমালেও এটি ত্বকের আর্দ্রতা (Hydration) বা ঝুলে যাওয়া ভাব রাতারাতি ঠিক করতে পারে না। অর্থাৎ, এটি ফাইন লাইনস বা বলিরেখা কমাতে দারুণ কার্যকর হলেও সামগ্রিক অ্যান্টি-এজিং বা ত্বক টানটান করার জন্য একমাত্র উপায় হিসেবে বিবেচনা না করে চিকিৎসকরা এটিকে একটি সহযোগী থেরাপি হিসেবে ব্যবহারের পরামর্শ দেন।
কত ঘন ঘন রেড লাইট থেরাপি ব্যবহার করতে হয়?
রেড লাইট থেরাপি এমন কোনো ইনস্ট্যান্ট চিকিৎসা
নয় যে একদিন-দুদিন ব্যবহার করলেই ফল পাওয়া যাবে। গবেষণায় সাধারণত একাধিক ট্রিটমেন্ট
সেশন এবং কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে নিয়মিত ব্যবহারের পর ফলাফল মূল্যায়ন করা হয়েছে।
মুখে কত ঘন ঘন রেড লাইট থেরাপি ব্যবহার করা
উচিত ? অনেকেই, যারা তাদের ত্বকের যত্নের রুটিনে এই চিকিৎসাটি যোগ করার সিদ্ধান্ত নিয়েছেন,
তারা এই বিষয়টি নিয়ে ভাবেন। আপনার কত ঘন ঘন এই চিকিৎসা করানো উচিত তা বেশ কয়েকটি
বিষয়ের উপর নির্ভর করে:
- ত্বকের অবস্থা।
- আপনি যে নির্দিষ্ট সমস্যাগুলো সমাধান করতে
চান।
- ব্যবহৃত ডিভাইসের তীব্রতা।
এর মৌলিক পদ্ধতিতে সপ্তাহে ৩-৫ বার ১০-২০
মিনিটের সেশন নিতে হয়। কিন্তু চোখে পড়ার মতো ফল পেতে হলে ধারাবাহিকতা বজায় রাখতে
হবে।
রেড লাইট থেরাপি কি নিরাপদ?
সঠিকভাবে এবং স্বল্পমেয়াদে ব্যবহার করলে
এটি সাধারণত নিরাপদ। পূর্বেই উল্লেখ করেছি যে, এটি অতিবেগুনি (UV) রশ্মির মতো নয়,
যা ত্বকের ক্যান্সার ঘটাতে পারে, গবেষণায় দেখা যায়নি যে লাল আলো কোনো ধরনের ক্যান্সার
সৃষ্টি করতে পারে। সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোও মৃদু প্রকৃতির। রেড লাইট
থেরাপির ফলে কিছু লোকের সাময়িকভাবে হালকা ব্যথা বা ত্বকে জ্বালাভাব দেখা দিতে পারে।
যাদের সতর্কতা অবলম্বন করা উচিত।
- গর্ভবতী বা স্তন্যদানকারী নারী।
- সংবেদনশীল ত্বকের ওষুধ বা অ্যান্টিবায়োটিক
সেবনকারী ব্যক্তি।
- মৃগী রোগ বা অতিরিক্ত আলো-সংবেদনশীলতা
থাকা ব্যক্তি।
- মেলাসমা থাকলে রেড লাইট থেরাপি এড়িয়ে
চলুন—এটা হাইপারপিগমেন্টেশন
বাড়াতে পারে।
ব্যবহারের আগে যেসব সতর্কতা জরুরি।
বাড়িতে রেড লাইট থেরাপি ব্যবহার করতে চাইলে
চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া কিছু সতর্কতা অনুসরণ করা জরুরি :
- বাড়িতে রেড লাইট ব্যবহার করার আগে একজন
বোর্ড-সার্টিফাইড চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। রেড লাইট থেরাপি সবার জন্য উপযুক্ত
নয়। একজন চর্মরোগ বিশেষজ্ঞ আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনার সাথে কথা বলতে পারেন এবং
আপনি যে স্থানে চিকিৎসা করাতে চান তা পরীক্ষা করতে পারেন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন
যে বাড়িতে ব্যবহারের জন্য রেড-লাইট ডিভাইসটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে কি না।
- আপনি যে সমস্যার চিকিৎসা করতে চান, তার
জন্য বিশেষভাবে তৈরি একটি রেড-লাইট ডিভাইস বেছে নিন। উদাহরণস্বরূপ, যদি আপনি চুল পড়ার
চিকিৎসা করতে চান, তবে এমন একটি রেড-লাইট ডিভাইস খুঁজুন যাতে লেখা আছে যে এটি চুল পড়ার
চিকিৎসা করে। কিন্তু, যদি আপনি বলিরেখার চিকিৎসা করতে চান, তবে এমন একটি ডিভাইস খুঁজবেন
যা এই সমস্যার সমাধান করে।
- এমন একটি রেড-লাইট ডিভাইস বেছে নিন যা
এফডিএ (FDA) দ্বারা অনুমোদিত। যদি কোনো ডিভাইস এফডিএ দ্বারা অনুমোদিত হয়, তবে আপনি
এই কথাটি প্যাকেজিং-এর উপর, ডিভাইসটি সম্পর্কে দেওয়া তথ্যের মধ্যে, অথবা উভয় স্থানেই
লেখা দেখতে পাবেন। ‘এফডিএ অনুমোদিত’ লেখার পরিবর্তে, আপনি ‘ এফডিএ ৫১০কে অনুমোদিত’ লেখাটিও দেখতে
পারেন। উভয় ক্ষেত্রেই বোঝায় যে ডিভাইসটি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়।
- এফডিএ-অনুমোদিত ডিভাইসটির সাথে দেওয়া
নির্দেশাবলী অনুসরণ করুন। সর্বদা বর্ণিত নিয়ম অনুযায়ী ডিভাইসটি ব্যবহার করুন।
- নির্দেশনায় বলা থাকলে, সুপারিশকৃত চোখের
সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, নির্দেশনায় যদি সুরক্ষামূলক গগলস পরতে
বলা হয়, তবে প্রতিবারই তা পরুন। সুরক্ষামূলক গগলসের পরিবর্তে সানগ্লাস ব্যবহার করবেন
না।
রেড লাইট থেরাপি কোনো জাদুকরী ত্বকচর্চা
নয়। আবার একেবারে অর্থহীনও নয়। বরং এটি এমন একটি ত্বকচর্চা প্রযুক্তি, যার পেছনে জৈবিক
কার্যপ্রক্রিয়া এবং কিছু ক্লিনিক্যাল প্রমাণ রয়েছে। ফাইন লাইন, বলিরেখা, ত্বকের গঠন
ও বয়সের ছাপের কিছু লক্ষণের ক্ষেত্রে নিয়মিত ব্যবহারে উপকারের সম্ভাবনা আছে।
মুখে লাল আলো ফেললেই বয়স থেমে যাবে—এমন প্রতিশ্রুতি
বিজ্ঞান এখনো দেয়নি। বরং বাস্তব কথাটি হলো, যতই আধুনিক ব্যবস্থাদি আসুক না কেন; সানস্ক্রিন,
ভালো স্কিনকেয়ার রুটিন, পর্যাপ্ত ঘুম, হেলদি অভ্যাস ও ত্বকের প্রয়োজন অনুযায়ী চিকিৎসার
বিকল্প সে নয়।
ঢাকা/টিএ