সকালে ঘুম থেকে উঠে হাতে মোবাইল। নোটিফিকেশন দেখতে গিয়ে ঢুকে পড়ি সোশ্যাল মিডিয়ায়। তারপর একের পর এক পোস্ট—খুন, ধর্ষণ, নিখোঁজ, আত্মহত্যা, প্রতারণা, পারিবারিক সহিংসতা, সড়ক দুর্ঘটনা কিংবা ভয়াবহ কোনো অপরাধের খবর। কখনো ছবি, কখনো ভিডিও, আবার কখনো প্রত্যক্ষদর্শীর বর্ণনা। এসবের ভিত্তিতে অভিনয়শিল্পী জাকিয়া বারী মম সম্প্রতি কথা বলেছেন।
সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুকে মম লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম প্যাট্রল দেখতেছি!’ এই পোস্টের পর তিনি এই বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমেও কথা বলেন।
ফেসবুকে হঠাৎ এমন পোস্ট প্রসঙ্গে মম বলেন, সামাজিক মাধ্যমে ঢুকলেই এখন একের পর এক ঘটনার খবর চোখে পড়ছে। তাঁর মতে, ‘সামাজিক মাধ্যমে ঢুকলে দেখি, একটার পর একটা ঘটনা ঘটছেই—মারামারি, হানাহানি, বিদ্বেষ—কী না হচ্ছে। এসব দেখে মন খারাপ হয়েছে। তা থেকেই এ রকম পোস্ট দেওয়া।’
মমর পোস্টে ‘ক্রাইম প্যাট্রল’-এর প্রসঙ্গ এসেছে মূলত সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত সামনে আসা অপরাধ ও সহিংসতার খবরের প্রতীকী অর্থে। অপরাধ, রহস্য ও বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে তৈরি জনপ্রিয় এই ক্রাইম সিরিজে একের পর এক অপরাধের ঘটনা ও তার নেপথ্যের গল্প উঠে আসে। মমের মতে, সামাজিক মাধ্যমের সাম্প্রতিক চিত্রও যেন অনেকটা তেমনই হয়ে উঠেছে।
কথা প্রসঙ্গে নিজের অবস্থান নিয়েও বলেন মম। তিনি বলেন, ‘আমার মতো আরও যারা পেশাজীবী, সাধারণ মানুষ, যারা নিতান্তই নিজেরটা করে, অনেক কায়দা করে বেঁচে থাকে—আমিও ও রকম আছি। সামাজিক মাধ্যমে ঢুকলে দেখি, একটার পর একটা ঘটনা ঘটছেই, মারামারি, হানাহানি, বিদ্বেষ—কী না হচ্ছে।’