বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ২ মার্চ ২০২৬ তারিখে বিভিন্ন কর্মসূচীর
মাধ্যমে ‘আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬’ পালন করেছে ব্যাংক
এশিয়া পিএলসি।
দিবসটি উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (হেড অব এজেন্ট ব্যাংকিং অ্যান্ড সিআরএম) জনাব জিয়াউল হাসান।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ ও সুরক্ষিত রেমিট্যান্স লেনদেন
সম্পর্কে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএনসিডিএফ প্রকল্পের অর্থায়নে
চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ,
নরসিংদী
ও টাঙ্গাইল জেলায় বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি সামাজিক
যোগাযোগ মাধ্যমে বিশেষ তথ্য সম্বলিত বার্তা প্রচার এবং বিভিন্ন স্থানে আর্থিক
সাক্ষরতার উপর নির্মিত অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে আর্থিক সচেতনতা সৃষ্টি
করা হয়।
প্রান্তিক জনগোষ্ঠী ও আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থাপনার বাইরে থাকা বিভিন্ন
শ্রেনী-পেশার মানুষকে আর্থিক সেবার আওতায় আনার লক্ষে ব্যাংক এশিয়া বিগত সময় থেকে
দেশব্যাপী ব্যাপক আর্থিক সাক্ষরতা কর্মসূচি পরিচালনা করে আসছে। বহুমুখী কার্যক্রম
পরিচালনার মাধ্যমে ব্যাংকটি এ পর্যন্ত ১৮৮,৫০০ জনকে সরাসরি
এবং ১৫ লক্ষাধিক জনগোষ্ঠীকে পরোক্ষভাবে ব্যাংকিং পণ্য, সেবা সর্ম্পকে ধারণা এবং সচেতনতামূলক আর্থিক
সাক্ষরতা প্রদান করতে সক্ষম হয়েছে।