শৈলীর মানসিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিই

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬

বাবা মায়ের সঙ্গে শৈলী
বাবা মায়ের সঙ্গে শৈলী

রূপালী বিশ্বাসের পেশাগত পরিচয়—তিনি এসআইসিআইপি-বিকেএমইএর প্রধান সমন্বয়ক। কর্মসূত্রে ঢাকায় বসবাস করেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের দায়িত্ব, এর বাইরে নানা রকম পেশাগত ও পারিবারিক ব্যস্ততা—সব মিলিয়ে বেশির ভাগ সময়ই ব্যস্ততায় কাটে তাঁর।

রূপালী বিশ্বাসের স্বামী সমাপ্ত কুমার বিশ্বাস একজন ব্যাংকার। চাকরির সুবাদে বর্তমানে তিনি ফরিদপুরে থাকেন। ফলে মেয়ে সঞ্চারী বিশ্বাস শৈলীকে ঘিরে রূপালীর দায়িত্ব আরও বেশি। রূপালী-সমাপ্ত দম্পতির একমাত্র মেয়ে শৈলীর বয়স সাত বছর। সে স্কুলে পড়ে।



কর্মজীবনের ব্যস্ততার পাশাপাশি মেয়ের নিরাপত্তা, মানসিক বিকাশ ও বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেন রূপালী। তাঁর কাছে সন্তানকে শুধু খাওয়ানো, পড়াশোনা করানো বা প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়াই যথেষ্ট নয়; শিশুর মানসিক চাহিদা বোঝা, তাকে সময় দেওয়া, নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।




রির ব্যস্ততার মধ্যেও কীভাবে মেয়ের নিরাপত্তা নিশ্চিত করেন রূপালী, কীভাবে তার মানসিক যত্ন নেন এবং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্য দিয়ে কীভাবে তাকে পরিবার, ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা দেন—সেসব অভিজ্ঞতার কথাই বিস্তারিত জানিয়েছেন রূপালী বিশ্বস। 


বাচ্চাদের আসলে খাবারের চেয়ে মানসিক চাহিদাই বেশি। গৃহসহায়িকা আপনার নির্দেশনা অনুযায়ী বাচ্চাকে কম-বেশি খাওয়াবে। এতে তারা বাঁচবে। তাই আমি বাচ্চার মানসিক চাহিদাকে বেশি গুরুত্ব দিই। আমি সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে অফিসে আসি। তারপর আট-নয় ঘণ্টা পরে বাসায় যাই। তখন যদি রান্নাঘরে সময় দিই, সন্তানকে সময় না দিয়ে, তাহলে শিশুরা মানসিকভাবে আপসেট হয়ে যায়। আমি অফিস থেকে যাওয়ার পর ওর ঘুমানোর আগপর্যন্ত তার সঙ্গেই থাকি। অনেক সময় ওর সঙ্গেই ঘুমিয়ে পড়ি। 


শৈলী কেজিতে পড়ে। ওকে আমি সকাল সাড়ে ৭টায় স্কুলে দিয়ে বাসায় এসে তৈরি হয়ে অফিসে আসি। স্কুল থেকে বাসার দূরত্ব হাঁটা দূরত্ব। গৃহসহায়িকা শৈলীকে ১০ টা ৪৫ মিনিটে -এ স্কুল থেকে নিয়ে আসেন।  ৫টা বা ৬টার পর- যখনই অফিস থেকে বাসায় ফিরি, তখন থেকেই আমি মেয়ের সঙ্গে থাকি। এ সময় ওর সঙ্গে খেলি, পড়াই, ওর সামনেই খাই।


গৃহসহায়িকা রাখার  ক্ষেত্রে আমি সব সময় শ্বশুরবাড়ির লোককে গুরুত্ব দিই। আর আমি তাঁদের কখনোই কাজের লোক বলি না। তাই আমার মেয়ে তাঁদেরকে মাসি-পিসি বা দিদি বলে ডাকে। আত্মীয়দের মধ্য থেকে গৃহসহায়িকা আনলে নিরাপদ থাকা যায়, তাঁরাও যত্ন করেন। আমি মনে করি, টাকা বেশি দিয়ে হলেও সবার উচিত আত্মীয়স্বজনের মধ্য থেকে বাসার কাজের মানুষ রাখা।




প্রতিদিন শৈলীর সঙ্গে অনেক সময় কাটাই। একা মেয়েকে নিয়ে ঘুরতে যাই। পরিবারের অন্য সদস্য বা এমনকি গৃহসহায়িকাকেও সঙ্গে নিই না। মাঝে মাঝে শুধু ওর মনের কথা জানার জন্য বাইরে ঘুরতে যাই। কারণ ঘরের মধ্যে অনেক সময় সে সব কথা বলে না। বাসায় বা বাইরে ওর সঙ্গে কী হলো, গল্পের মাধ্যমে জানার চেষ্টা করি।


শৈলীর বান্ধবীরা ওকে চিরকুট লিখে দেয়, ওরা বিভিন্ন রকম জিনিস তৈরি করে। ওদের জন্য ক্রাফটিং করে। এসব কাজে আমি মেয়েকে সাহায্য করি। ওকে কেটে দিই, ছোট ছোট ছবি আঁকি, কার্টুন বানাই, স্টিকার বানাই—এগুলো আঠা দিয়ে লাগাই। মানে, ওর সৃজনশীল কাজে সাহায্য করি।


আমার রুম থেকে শুরু করে পুরো বাসায় মেয়ের খেলনা ছড়ানো ছিটানো থাকে। পুরো বাসাটাই যেন একটা টয়হাউস। আমি জানি, ও কত বছর পর্যন্ত খেলবে। এই যে ওর মধ্যে কষ্ট—‘আমি খেলতে পারি না’—এই অপ্রাপ্তিটা যেন না আসে। ওর জিনিসপত্র আমরা সব সময় দুজন মিলে গুছাই। বইগুলো গুছিয়ে রাখা, বইয়ে মার্কার দিয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলোতে দাগ দেওয়া- এগুলো করি। বইয়ে মলাট করে দেওয়াতে সাহায্য করি। 


মেয়ে ইউটিউবে নানা সৃজনশীল কাজ দেখে। পরে নিজে কিছু করার চেষ্টা করে, এসব কাজেও আমি তাকে সাহায্য করি। যাতে আমি বাসায় না থাকা অবস্থায় সে এসব কাজ একা করতে উৎসাহিত না হয়। ও জানে, মা বকা দেবে না বরং একসঙ্গে করবে। 


মেয়েকে ঘুমানোর আগে গল্প শোনাই। আমাকে মা-বাবা কীভাবে ভালোবাসতেন, বিভিন্ন নীতিবাক্য—এসব বিভিন্ন গল্পের মাধ্যমে বোঝাই।


আত্মীয়স্বজনকে উপহার দেওয়া শিখাই। পূজা-পার্বণে-কারো জন্মদিনে বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য তাকে পছন্দ করতে দিই, কাকে কী দেবে।


ছোটবেলা থেকেই পরিবারের বন্ধন, মানুষকে সাহায্য করা, মানুষকে সম্মান করা—এসব শেখাই। ক্লাসের কোনো বান্ধবীর জন্মদিনে লুকিয়ে কেন উপহার নিতে হবে, সেটাও সে যেন বুঝতে পারে, সেটি শেখানোর চেষ্টা করি।


 একটি গল্প বলি, মেয়ে বলছে, তার বন্ধবীর জন্মদিন , একটি টেডিবিয়ার ও  একটি গ্লিটার  চাবির রিং দিতে। আমি তাকে বলছি, বিকেলে কিনতে যাব। তবে পরে আর যাওয়া হয়নি। তখন তাকে বললাম, ‘তোমার ঘরে কী কী আছে?’ কারণ ওর অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। সেখান থেকে ওর পছন্দের একটা টেডিবিয়ার ও চাবির রিং বান্ধবীর জন্য ব্যাগে দিয়ে দিলাম।


তার মানে, পরবর্তী সময়ে আমার বাচ্চার ঘর থেকে লুকিয়ে কোনো কিছু দিবে না। এভাবেই ছোট ছোট বিষয় থেকে আমি তাকে ভাগাভাগি করা, অন্যকে দেওয়া এবং মানুষের প্রতি যত্নশীল হতে শেখানোর চেষ্টা করি।

sidebar ad