সন্তানদের পরীক্ষার টেবিলে বসার আগেই যে পরীক্ষায় বসেন মায়েরা।স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হলেই বাড়ির পরিবেশটা যেন হঠাৎ বদলে যায়। ড্রয়িংরুমের গল্প, টেলিভিশনের বিনোদন, বিকেলের আড্ডা সবকিছুতেই পড়ে সাময়িক বিরতি। বাড়ির ছোট্ট মানুষগুলোর হাতে বই-খাতা, আর মায়েদের হাতে রুটিন, সিলেবাস, প্রশ্নপত্র, নোট আর একরাশ দুশ্চিন্তা। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, পরীক্ষা কি শুধু বাচ্চাদের, নাকি মায়েদেরও।
বিশেষ করে যেসব মায়ের একাধিক সন্তান, যারা ভিন্ন ভিন্ন শ্রেণিতে পড়ে, তাদের জন্য এই সময়টা যেন একেকটি যুদ্ধের সমান। একজনের গণিত পরীক্ষা, আরেকজনের বাংলা একজনের সিলেবাস শেষ হয়নি, অন্যজনের আবার পড়া মনে থাকছে না। কারও স্কুলের সময় এক রকম, কারও পড়ার রুটিন আরেক রকম। একজনকে পড়াতে বসালে অন্যজনের ডাক, একজনের পড়া শেষ করাতে করাতে আরেকজনের পরীক্ষার প্রস্তুতির সময় পেরিয়ে যায়। এর সঙ্গে যদি মা কর্মজীবী হন, তাহলে চাপটা কয়েক গুণ বেড়ে যায়।
অফিসের কাজ, যাতায়াত, সংসারের দায়িত্ব, রান্নাবান্না, সন্তানদের দেখাশোনা সব সামলে রাতের বেলায় আবার শুরু হয় পরীক্ষার প্রস্তুতি।
অনেক মা নিজের বিশ্রাম, ঘুম, এমনকি ব্যক্তিগত প্রয়োজনটুকুও সরিয়ে রাখেন সন্তানের পড়াশোনার জন্য।অথচ এই পরিশ্রমের গল্পটা খুব কম মানুষই দেখতে পান।সন্তান ভালো রেজাল্ট করলে সবাই তার মেধা, শিক্ষকের দক্ষতা কিংবা স্কুলের প্রশংসা করেন। কিন্তু সেই ফলাফলের পেছনে মায়ের নির্ঘুম রাত, বারবার পড়া বুঝিয়ে দেওয়া, ভুল শুধরে দেওয়া, পড়ার টেবিলে বসিয়ে রাখা, হতাশ হলে সাহস দেওয়া এসব অবদানের কথা কতজন মনে রাখেন।
আবার সন্তান আশানুরূপ ফল করতে না পারলে অনেক সময় মাকেই শুনতে হয়, ‘ঠিকমতো পড়াওনি’, ‘বাচ্চার দিকে নজর দাও না, মা হয়ে এটুকুও পারলে না। অর্থাৎ সন্তানের সাফল্যের কৃতিত্ব ভাগ করে নেওয়ার মানুষ অনেক, কিন্তু ব্যর্থতার দায় চাপানোর জন্য মাকে খুঁজে পেতে সময় লাগে না।
সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই কঠিন সময়ে একজন মায়ের পাশে দাঁড়ানোর বদলে অনেক সময় তাকে উপহাস করা হয়। কেউ বলেন, এত টেনশন করার কী আছে।কেউ আবার তুলনা করেন, অমুকের বাচ্চা তো একাই সব পড়ে। অথচ প্রতিটি শিশুর শেখার ধরন আলাদা, প্রতিটি পরিবারের বাস্তবতা আলাদা। একজন মায়ের সংগ্রামকে অন্য একজনের সঙ্গে তুলনা করে বিচার করা যায় না।
আমাদের মনে রাখা দরকার, একজন সন্তানের শিক্ষাজীবনে শিক্ষকের পর মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক হয়তো নির্দিষ্ট সময়ে পাঠদান করেন, কিন্তু বাড়িতে সেই পাঠ বুঝে নেওয়া, অনুশীলন করা, নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করা এবং সন্তানের আত্মবিশ্বাস ধরে রাখার পেছনে মায়ের অবদান অনেক বড়।
তবে এর অর্থ এই নয় যে, সন্তানের পুরো শিক্ষাজীবনের দায়িত্ব একা মায়ের। বাবা, পরিবারের অন্য সদস্য এবং শিক্ষাপ্রতিষ্ঠান সবারই দায়িত্ব রয়েছে। পরীক্ষার সময় বাবারাও যদি সন্তানদের পড়ার খোঁজ নেন, ছোটখাটো কাজে মাকে সহযোগিতা করেন, সন্তানকে উৎসাহ দেন, তাহলে মায়ের ওপর চাপ অনেকটাই কমে যায়।
আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে, বার্ষিক পরীক্ষা জীবনের শেষ পরীক্ষা নয়। ভালো ফলাফল গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ শিশুর শেখার আগ্রহ, আত্মবিশ্বাস এবং মানসিক সুস্থতা। শুধু ভালো নম্বরের জন্য সন্তানকে ভয় দেখানো কিংবা মাকে সারাক্ষণ চাপের মধ্যে রাখা কোনো সুস্থ শিক্ষার পরিবেশ তৈরি করে না।
তাই পরীক্ষার এই সময়ে মায়েদেরও একটু যত্ন প্রয়োজন। তাদেরও কেউ এক কাপ চা এগিয়ে দিতে পারে, বলতে পারে, ‘তুমি একটু বিশ্রাম নাও, বাকিটা আমি দেখছি।’ কেউ সন্তানকে পড়াতে বসতে পারে, কেউ রান্নাঘরের দায়িত্ব নিতে পারে। ছোট্ট এই সহযোগিতাগুলো একজন মায়ের কাছে অনেক বড় স্বস্তি হয়ে উঠতে পারে।একজন মা শুধু সন্তানের পরীক্ষার প্রস্তুতি নেন না তিনি একই সঙ্গে নিজের ধৈর্য, সময় ব্যবস্থাপনা, দায়িত্ববোধ এবং মানসিক শক্তিরও পরীক্ষা দেন।
তাই এবার বার্ষিক পরীক্ষা শুরু হলে শুধু সন্তানকে জিজ্ঞেস করবেন না, পড়াশোনা কতদূর?
একবার মাকেও জিজ্ঞেস করুন, তুমি কেমন আছো? তোমার কোনো সাহায্য লাগবে বল।
কারণ পরীক্ষার হলে হয়তো সন্তান বসে, কিন্তু সেই পরীক্ষার প্রস্তুতিতে অনেক মায়েরও রাতের ঘুম হারাম হয়।
সন্তানের রেজাল্টের দিন শুধু মার্কশিট নয়, মায়ের পরিশ্রমটুকুও মূল্যায়ন করুন। কারণ একটি ভালো ফলাফলের পেছনে অনেক সময় একজন মায়ের অদৃশ্য শ্রমের গল্প লুকিয়ে থাকে।