‘স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন ২০২৬’ প্রতিবেদনে বিশ্বের তরুণদের বাস্তব জীবন, অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষার নানা দিক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তরুণদের প্রতীকী অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সঙ্গে এবং তাদের নেতৃত্বে ভবিষ্যৎ নির্মাণের উদ্যোগ নিতে হবে। অর্থাৎ, তরুণদের জন্য পরিকল্পনা তৈরির পরিবর্তে তাদের সঙ্গে নিয়েই এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ নির্ধারণে তাদের সক্রিয় ভূমিকা থাকবে।
বর্তমান সময়ের তরুণেরা এমন এক সময়ে বেড়ে উঠছে, যখন দ্রুত পরিবর্তনশীল নানা সংকট একসঙ্গে তাদের জীবনকে প্রভাবিত করছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রযুক্তির দ্রুত অগ্রগতি, পরিবেশের অবক্ষয়, মহামারি এবং সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে তৈরি হয়েছে এক নজিরবিহীন বহুমাত্রিক সংকট, যাকে বলা হচ্ছে ‘পলিক্রাইসিস’। এসব সংকট তরুণদের জীবনযাত্রা, শিক্ষা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সরাসরি প্রভাব ফেলছে।
অথচ চলমান সংকট মোকাবিলার বড় দায়িত্ব শেষ পর্যন্ত তরুণদেরই বহন করতে হবে। তারপরও নীতিনির্ধারণ, সম্পদ বণ্টন, এমনকি নিজেদের শরীর ও ভবিষ্যৎ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তরুণদের অংশগ্রহণ সীমিত। তাদের জীবনকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তারা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থাকছে।
এ অবস্থায় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় কিশোর-কিশোরী ও তরুণদের কীভাবে সহায়তা দেওয়া হচ্ছে? তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ এবং সফল ভবিষ্যৎ নিশ্চিত করতে আরও কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন?
নজিরবিহীন এক জীবনযাত্রার বাস্তবতা
বর্তমান প্রজন্মের তরুণেরা আগের যেকোনো সময়ের তুলনায় শিক্ষা ও তথ্যপ্রাপ্তির বেশি সুযোগ পাচ্ছে। পাশাপাশি তাদের অধিকারও আনুষ্ঠানিকভাবে আগের চেয়ে বেশি স্বীকৃতি পেয়েছে। তবে এসব অগ্রগতি সব সময় বাস্তব জীবনে সমান সুযোগ তৈরি করতে পারছে না।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ‘ডেমোগ্রাফিক ফিউচারস সার্ভে’ অনুযায়ী, বিশ্বের ৭৩টি দেশ ও অঞ্চলের ইন্টারনেট-সংযুক্ত ১৮ থেকে ৩৯ বছর বয়সী ১ লাখ ৮ হাজার ৯২৬ জন তরুণ-তরুণীর ওপর জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ জানিয়েছেন, তাঁরা বিয়ে করতে চান। আর ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তাঁরা এক বা একাধিক সন্তান নিতে আগ্রহী।
তবে বিয়ে, সন্তান গ্রহণসহ প্রাপ্তবয়স্ক জীবনের প্রচলিত অনেক আকাঙ্ক্ষা পূরণ করা বর্তমান তরুণদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। শিক্ষা ও তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়লেও অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক বাস্তবতা এবং বহুমুখী সংকটের কারণে তাঁদের অনেকেই প্রত্যাশিত জীবন গড়ে তুলতে বাধার মুখে পড়ছেন।