সন্তানের ভবিষ্যৎ নিয়ে নো কম্প্রোমাইজ

প্রকাশ: ২৫ জুন ২০২৬

সন্তানের ভবিষ্যৎ নিয়ে নো কম্প্রোমাইজ

একটি শিশুর ভবিষ্যৎ হঠাৎ করে তৈরি হয় না এটি গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত,সঠিক দিকনির্দেশনা,ভালোবাসা, শিক্ষা ও মূল্যবোধের ভিত্তির উপর।আমরা আজ যা শেখাই, যেভাবে সময় দিই এবং যে পরিবেশ তৈরি করি, সেটিই আগামী দিনের আত্মবিশ্বাসী, মানবিক ও সফল মানুষ হিসেবে তাকে গড়ে তোলে। তাই সন্তানের ভবিষ্যতের প্রশ্নে অবহেলা,উদাসীনতা বা আপসের কোনো সুযোগ নেই। কারণ আজকের সঠিক বিনিয়োগই আগামী দিনের সুন্দর জীবন, আর একজন সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎই একটি পরিবারের সবচেয়ে বড় অর্জন। 


আপনার সন্তানই আপনার শিক্ষা, দীক্ষা ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি। তার আচরণ, কথাবার্তা, মূল্যবোধ, অন্যের প্রতি সম্মান ও মানবিকতা।সবকিছুতেই ফুটে ওঠে পরিবার থেকে পাওয়া শিক্ষার ছাপ। তাই সন্তানের মধ্যে যে মানুষটিকে দেখতে চান, সেই গুণাবলিগুলো আগে নিজের জীবনেই ধারণ করুন।আপনার সন্তানের আচরণ, ভদ্রতা, নিয়ম-শৃঙ্খলা, মূল্যবোধ ও মানবিকতা প্রকাশ করে সে পরিবার থেকে কী শিক্ষা, দীক্ষা ও সংস্কৃতি পেয়েছে। কারণ সন্তান শুধু কথা শুনে শেখে না, সে দেখে শেখে। তাই নিয়ম-শৃঙ্খলা ও সুন্দর চরিত্র গঠনের শিক্ষা শুরু হোক পরিবার থেকেই।


সন্তানের মধ্যে কীভাবে নিয়ম-শৃঙ্খলা গড়ে তুলবেন?


নিয়ম-শৃঙ্খলা মানে শুধু বকা দেওয়া বা কঠোর হওয়া নয়। বরং ভালো অভ্যাস, দায়িত্ববোধ এবং আত্মনিয়ন্ত্রণ শেখানোই প্রকৃত শৃঙ্খলা।


নিজে উদাহরণ হোন: সন্তান সবচেয়ে বেশি শেখে বাবা-মাকে দেখে। আপনি যদি সময় মেনে চলেন, কথা রাখেন এবং ভদ্র আচরণ করেন, সেও তা অনুসরণ করবে।কারন আপনি নিজেই তার প্রথম বিদ্যালয়। 


ছোটবেলা থেকেই নিয়ম তৈরি করুন।ঘুম, পড়াশোনা, খাওয়া, খেলাধুলা ও স্ক্রিন ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। নিয়মিত রুটিন শিশুদের নিরাপত্তা ও স্থিরতা দেয়।


এটা তার ব্যাক্তিত্ব গঠনেও সহায়ক: নিয়মের কারণ বুঝিয়ে বলুন।শুধু এটা করবে বা ওটা করবে না বলার অভ্যাস বদলে কেন করতে হবে, বা কেন করা যাবে না, তা বয়স অনুযায়ী বুঝিয়ে বলুন।


ধারাবাহিক থাকুন: একদিন একটি নিয়ম মানতে বললেন, আরেকদিন ছাড় দিলেন।এতে শিশু বিভ্রান্ত হয়।কনফিউজ হয়ে যায়। নিয়মের ক্ষেত্রে যতটা সম্ভব ধারাবাহিক থাকা জরুরি।


ভালো আচরণের প্রশংসা করুন। শুধু ভুল ধরবেন না। নিয়ম মেনে চললে, দায়িত্বশীল আচরণ করলে বা ভালো সিদ্ধান্ত নিলে তাকে প্রশংসা করুন।উৎসাহিত করুন আরও ভাল কিছু করার।


সম্মানজনকভাবে সংশোধন করুন: ভুল করলে অপমান বা চিৎকার না করে শান্তভাবে বুঝিয়ে দিন। এতে শিশু ভয় নয়, শিক্ষা পায়।

অপমান বোধ করলে পরবর্তীতে আপনাকে হয়তো কিছুই আর জানাবে না।


বয়স অনুযায়ী দায়িত্ব দিন: নিজের খেলনা গুছানো, স্কুলব্যাগ প্রস্তুত করা বা ছোটখাটো কাজ করার দায়িত্ব দিন। এতে দায়িত্ববোধ তৈরি হয়।

ছোট ভাইবোনকে মাঝেমধ্যে স্কুলে আনা নেয়ার দায়িত্ব দিন যদি সে সেই দায়িত্ব নেয়ার মত বয়সের হয়ে থাকে।


সীমারেখা পরিষ্কার রাখুন: কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয়, তা পরিষ্কারভাবে জানিয়ে দিন। অস্পষ্ট নিয়ম শিশুদের জন্য বিভ্রান্তিকর।


সভ্যতার শিক্ষা ও আপনাকেই দিতে হবে: ধৈর্য ধরুন।শৃঙ্খলা একদিনে তৈরি হয় না। বারবার মনে করিয়ে দেওয়া, শেখানো ও অনুশীলনের মাধ্যমেই এটি অভ্যাসে পরিণত হয়।



সন্তানের পড়াশোনার প্রতি যত্নশীলতা কীভাবে গড়ে তুলবেন?


পড়াশোনা ভালোবাসা বা দায়িত্ববোধ।দুটোই একদিনে তৈরি হয় না। শিশুকে জোর করে নয়, বরং অভ্যাস,পরিবেশ আর সঠিক দিকনির্দেশনার মাধ্যমে ধীরে ধীরে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে হয়।


পড়ার জন্য সুন্দর পরিবেশ তৈরি করুন।শান্ত, পরিচ্ছন্ন ও নির্দিষ্ট একটি পড়ার জায়গা থাকলে শিশুর মনোযোগ বাড়ে। টিভি, মোবাইল বা অতিরিক্ত শব্দ দূরে রাখুন।


ছোট লক্ষ্য নির্ধারণ করুন: একসাথে অনেক চাপ না দিয়ে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য দিন।যেমন ১টি অধ্যায়, ৫টি অংক বা নির্দিষ্ট কিছু শব্দ মুখস্থ।


রুটিন তৈরি করুন: নিয়মিত একটি পড়ার সময় ঠিক করুন। নিয়মিত অভ্যাসই ধীরে ধীরে শৃঙ্খলা তৈরি করে।


চাপ নয়, উৎসাহ দিন: ভয় দেখিয়ে নয়, ভালোবাসা ও উৎসাহ দিয়ে পড়াশোনার আগ্রহ তৈরি করুন।তুমি পারবে।এই বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ।


পড়াকে আনন্দময় করুন: গল্প, উদাহরণ, ছবি বা বাস্তব জীবনের সাথে মিলিয়ে পড়া বোঝালে শিশু দ্রুত শিখে এবং আগ্রহী হয়।


প্রশংসা করুন: ছোট সাফল্যও স্বীকৃতি দিন। ভালো করলে প্রশংসা করলে শিশু আরও চেষ্টা করতে আগ্রহী হয়।


নিজে উদাহরণ হোন: আপনি যদি বই পড়েন, শেখার প্রতি আগ্রহ দেখান।শিশুও সেটি অনুসরণ করবে।


মোবাইল ও স্ক্রিন সময় নিয়ন্ত্রণ করুন: অতিরিক্ত মোবাইল ব্যবহার মনোযোগ নষ্ট করে। নির্দিষ্ট সময় বেঁধে দিন।



পড়াশোনার প্রতি যত্নশীলতা তৈরি হয় ভালোবাসা, নিয়মিত অভ্যাস ও ইতিবাচক পরিবেশ থেকে। চাপ নয়, অনুপ্রেরণাই একটি শিশুকে শেখার পথে এগিয়ে নেয় এবং তার ভবিষ্যৎকে শক্ত ভিত্তি দেয়।


লেখা-  ইশরাত জাহান ইনা 

sidebar ad