বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাবিনা ইয়াসমিন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬

ছবি: বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাবিনা ইয়াসমিন
ছবি: বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাবিনা ইয়াসমিন

বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন প্রচিত আইএমসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রোদসীর সম্পাদক ও এফবিসিসিআই নেত্রী সাবিনা ইয়াসমিন।


রাজধানীর বনানী ক্লাবে জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ইয়াং এন্টারপ্রেনারস ফোরাম, মার্কেন্টাইল কমিউনিকেশনস ও ঢাকা কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগের বিশেষ অনুষ্ঠান 'মেলোডি অব মিউজিক অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট'।


গত বৃহস্পতিবার (০৬ আগষ্ট) সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে দেশের ব্যবসা, সংস্কৃতি ও গণমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের সভাপতি ও বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। কবি নজরুল সোসাইটির সভাপতি ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব খালেদ মোশারফ হোসেন চৌধুরী (রানা চৌধুরী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান, মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট কামরান টি রহমান, গান বাংলা টিভির চেয়ারম্যান ও সোনার বাংলা ইন্সুরেন্সের পরিচালক দেলোয়ার হোসেন রাজা, বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির এবং ডাচ-বাংলা চেম্বারের প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের কয়েকজন বিশিষ্ট গুণী ব্যক্তিত্বকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা আহসান হাবিব সেতু, ড. সাদী-উজ-জামান, মতিন খান, নাছির খান, নজরুল ইসলাম চৌধুরী।


পুরুষ্কার প্রাপ্তির বিষয়ে সাবিনা ইয়াসমিন বলেন, আনুষ্ঠানিকভাবে কাজের স্বীকৃতি। একটি কাজ সফল ভাবে সম্পন্ন হলেই মানুষ কাজের স্বীকৃতি পেয়ে যায়, তবে এ‍্যাওয়ার্ড হলো অনেক মানুষের মাঝে কাজের স্বীকৃতি দেয়া বা মূল‍্যায়ন করা। এই অনুভূতি মনের কনফিডেন্স বাড়িয়ে দেয়া টনিকের মতো।


মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে শেষ হয় এই মেলোডি অব মিউজিক অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট।


ঢাকা/টিএ

sidebar ad