ব্যবসার সম্ভাবনা আছে, কিন্তু হিসাব নেই—এমন উদ্যোক্তাকে ব্যাংক কতটা বিশ্বাস করবে?


ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যবসা শুরু করার আগে অনেক উদ্যোক্তার মাথায় থাকে নানা পরিকল্পনা। কী পণ্য বিক্রি করবেন, কীভাবে ক্রেতা বাড়াবেন, কোথায় ব্যবসা সম্প্রসারণ করবেন—এসব নিয়ে থাকে বিস্তর ভাবনা। কিন্তু দিন শেষে ব্যবসায় কত টাকা আয় হলো, কত টাকা খরচ হলো, কতটুকু লাভ থাকল কিংবা কোথায় লোকসান হচ্ছে, তার সঠিক হিসাব অনেকের কাছেই থাকে না। অথচ ব্যবসার সম্ভাবনার চেয়েও একজন উদ্যোক্তার আর্থিক শৃঙ্খলা ব্যাংকের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।


ব্যবসা মানেই শুধু পণ্য বা সেবা বিক্রি করে অর্থ উপার্জন নয়। এর সঙ্গে জড়িয়ে আছে পরিকল্পনা, বিনিয়োগ, ব্যয় ব্যবস্থাপনা, লাভ-লোকসানের হিসাব এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ। একজন উদ্যোক্তা হয়তো আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন, তাঁর ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। বাজারে চাহিদা বাড়ছে, ক্রেতা বাড়ছে, সামনে ব্যবসা আরও বড় হবে। কিন্তু তাঁকে যদি প্রশ্ন করা হয়, গত মাসে তাঁর মোট বিক্রি কত ছিল, পণ্য কেনা ও পরিচালনায় কত খরচ হয়েছে কিংবা প্রকৃত মুনাফা কত, তখন অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না।


ব্যবসার জগতে এই অসংগতি ছোট কোনো বিষয় নয়। বরং এটি একজন উদ্যোক্তার আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা প্রকাশ করে। বিশেষ করে ব্যাংক থেকে ঋণ নিতে গেলে হিসাব সংরক্ষণের বিষয়টি হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মতিঝিল শাখার এভিপি ও ম্যানেজার অপারেশন শামীম রফিক মনে করেন, ব্যবসার সম্ভাবনা থাকলেও সঠিক হিসাব না থাকা পুরোপুরি নেতিবাচক বিষয়। তাঁর ভাষায়, ‘ব্যবসার প্রধান কাজই হলো হিসাব সংরক্ষণ। ব্যবসা যতই সম্ভাবনাময় হোক, তার যদি হিসাব না থাকে, তাহলে তার লাভ-লোকসান কী দিয়ে বুঝবেন?’


তাঁর এই বক্তব্যের মধ্যেই ব্যবসা পরিচালনার একটি মৌলিক সত্য উঠে আসে। একজন উদ্যোক্তা যদি নিজের ব্যবসার আর্থিক অবস্থাই না জানেন, তাহলে তিনি কীভাবে বুঝবেন ব্যবসাটি সঠিক পথে এগোচ্ছে কি না?


হিসাব ছাড়া ব্যবসার সাফল্য বোঝা কঠিন


অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবসার দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষ। তাঁরা ক্রেতা সামলান, পণ্য কেনেন, বিক্রি করেন, কর্মীদের বেতন দেন, সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রাখেন। কিন্তু এসব কাজের পাশাপাশি নিয়মিত আর্থিক হিসাব সংরক্ষণের অভ্যাস গড়ে তোলেন না।


কেউ বিক্রির টাকা থেকে ব্যক্তিগত খরচ মেটান, কেউ ব্যবসার অর্থ দিয়ে পরিবারের প্রয়োজন মেটান। আবার অনেকেই বাকিতে পণ্য বিক্রি করলেও কার কাছে কত টাকা পাওনা রয়েছে, তার নির্ভুল তথ্য রাখেন না। ফলে মাস শেষে হাতে টাকা থাকলেও প্রকৃতপক্ষে ব্যবসায় লাভ হয়েছে কি না, তা বোঝা কঠিন হয়ে পড়ে।


মনে রাখতে হবে, ব্যবসার হিসাবে নগদ টাকা হাতে থাকা আর লাভ হওয়া এক বিষয় নয়। কোনো মাসে বিক্রি বেশি হলেও পণ্য কেনা, দোকানভাড়া, কর্মীদের বেতন, পরিবহন ও অন্যান্য খরচ বাদ দিলে মুনাফা কম থাকতে পারে। আবার বাকিতে বিক্রির কারণে কাগজে লাভ দেখা গেলেও হাতে পর্যাপ্ত নগদ অর্থ নাও থাকতে পারে।


তাই ব্যবসার প্রকৃত অবস্থা জানতে হলে প্রতিটি লেনদেনের হিসাব রাখতে হবে।


ব্যাংকের কাছে হিসাব কেন এত গুরুত্বপূর্ণ?


একজন উদ্যোক্তা যখন ব্যাংকের কাছে ঋণের আবেদন করেন, তখন ব্যাংক শুধু তাঁর ব্যবসার ধারণা বা ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে না। ব্যবসাটি বর্তমানে কতটা স্থিতিশীল, নিয়মিত আয় হচ্ছে কি না, ঋণ পরিশোধের সক্ষমতা কতটুকু—এসব বিষয়ও মূল্যায়ন করা হয়।


এ ক্ষেত্রে ব্যবসার আর্থিক নথি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত বিক্রির হিসাব, আয়-ব্যয়ের বিবরণ, ব্যাংক লেনদেন, পাওনা ও দেনার তথ্য এবং প্রযোজ্য আর্থিক বিবরণী থেকে ব্যাংক ব্যবসার আর্থিক সক্ষমতা সম্পর্কে ধারণা পায়।


অন্যদিকে উদ্যোক্তা যদি নিজের ব্যবসার বিক্রি, খরচ ও মুনাফার নির্ভরযোগ্য তথ্য দিতে না পারেন, তাহলে তাঁর আর্থিক সক্ষমতা যাচাই করা কঠিন হয়ে পড়ে। শুধু মুখের কথায় ব্যবসার সম্ভাবনা প্রমাণ করা যায় না। এর পেছনে থাকতে হয় বাস্তব তথ্য ও নথিপত্র।


অর্থাৎ, হিসাব সংরক্ষণ শুধু ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য নয়, একজন উদ্যোক্তার বিশ্বাসযোগ্যতা তৈরিরও অন্যতম ভিত্তি।


লাভ-লোকসানের হিসাবই দেখায় ব্যবসার ভবিষ্যৎ


ব্যবসায় লাভ হচ্ছে, নাকি লোকসান—এটি জানা না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ধরুন, একজন উদ্যোক্তার একটি পণ্যের বিক্রি বাড়ছে। তিনি মনে করছেন, ব্যবসা ভালো চলছে। কিন্তু পণ্য উৎপাদন বা সংগ্রহের খরচ, পরিবহন, কর্মীদের বেতন এবং অন্যান্য পরিচালন ব্যয় হিসাব করলে দেখা গেল, বিক্রির তুলনায় খরচ অনেক বেশি। ফলে ব্যবসার সম্প্রসারণের পরিবর্তে খরচ কমানোই তাঁর জন্য বেশি জরুরি হয়ে উঠতে পারে।


আবার হিসাবের মাধ্যমে যদি দেখা যায়, কোনো নির্দিষ্ট পণ্য থেকে নিয়মিত ভালো মুনাফা আসছে, তাহলে সেই পণ্যের উৎপাদন বা সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।


শামীম রফিকের বক্তব্যেও বিষয়টি স্পষ্ট। তাঁর মতে, লিপিবদ্ধ হিসাব থেকেই ব্যবসার লাভ-লোকসান বোঝা যায়। আর সেই লাভ-লোকসানের ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নিতে হয়, ব্যবসা এগিয়ে যাবে, নাকি পিছিয়ে যাবে।


অর্থাৎ হিসাব শুধু অতীতের লেনদেনের বিবরণ নয়; এটি ভবিষ্যতের ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ারও গুরুত্বপূর্ণ হাতিয়ার।


উদ্যোক্তার হিসাব রাখার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে


ব্যবসার হিসাব সংরক্ষণের জন্য শুরুতেই বড় কোনো সফটওয়্যার বা ব্যয়বহুল ব্যবস্থার প্রয়োজন নেই। ছোট ব্যবসার উদ্যোক্তারাও সহজ কিছু অভ্যাসের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পারেন।


প্রতিদিনের আয়-ব্যয় লিখে রাখুন: প্রতিদিন কত টাকা বিক্রি হলো, কত টাকা খরচ হলো, তা লিখে রাখার অভ্যাস করুন।


ব্যবসা ও ব্যক্তিগত অর্থ আলাদা রাখুন: ব্যবসার টাকা ব্যক্তিগত খরচের সঙ্গে মিশিয়ে ফেলবেন না। সম্ভব হলে ব্যবসার জন্য আলাদা ব্যাংক হিসাব ব্যবহার করুন।


পাওনা ও দেনার হিসাব রাখুন: কার কাছে কত টাকা পাওনা রয়েছে এবং কাকে কত টাকা দিতে হবে, তার নিয়মিত তালিকা তৈরি করুন।


মাসিক লাভ-লোকসান পর্যালোচনা করুন: মাস শেষে মোট বিক্রি, পণ্য কেনার খরচ, পরিচালন ব্যয় ও অন্যান্য খরচ হিসাব করে প্রকৃত লাভ বা লোকসান নির্ধারণ করুন।


প্রয়োজন অনুযায়ী হিসাব সফটওয়্যার ব্যবহার করুন: ব্যবসার পরিসর বাড়লে হিসাব সংরক্ষণের জন্য ডিজিটাল সফটওয়্যার বা অ্যাকাউন্টিং টুল ব্যবহার করা যেতে পারে।


সম্ভাবনার সঙ্গে চাই আর্থিক শৃঙ্খলা


একজন উদ্যোক্তার স্বপ্ন থাকতে হবে, ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকতে হবে, বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে। কিন্তু এসবের পাশাপাশি নিজের ব্যবসার আর্থিক অবস্থাও জানতে হবে। কারণ ব্যবসার সাফল্য শুধু বিক্রির পরিমাণ দিয়ে নির্ধারিত হয় না; বরং কতটা আয় হলো, কতটা ব্যয় হলো এবং শেষ পর্যন্ত কতটা মুনাফা থাকল, সেটিও সমান গুরুত্বপূর্ণ।


অনেক সময় উদ্যোক্তারা ব্যবসার প্রচার, পণ্য উন্নয়ন কিংবা নতুন বাজার তৈরিতে যতটা মনোযোগ দেন, হিসাব সংরক্ষণে ততটা দেন না। অথচ একটি ব্যবসা দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য আর্থিক স্বচ্ছতা ও শৃঙ্খলার বিকল্প নেই।


ব্যবসার সম্ভাবনা একজন উদ্যোক্তাকে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। আর সঠিক হিসাব তাঁকে সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখায়। তাই ব্যবসা ছোট হোক কিংবা বড়, হিসাব রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। কারণ যে উদ্যোক্তা নিজের ব্যবসার হিসাব জানেন, তিনিই জানেন তাঁর ব্যবসা কোথায় দাঁড়িয়ে আছে এবং কোন পথে এগিয়ে নেওয়া উচিত।

sidebar ad