খাবার নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খাবারের ছবি, ভিডিও, রেস্তোরাঁর রিভিউ কিংবা নতুন কোনো খাবারের স্বাদ তুলে ধরে অনেকেই হয়ে উঠছেন ফুড ব্লগার। কারও কাছে এটি শখ, আবার কারও কাছে পেশা ও আত্মনির্ভরতার নতুন সম্ভাবনা। তবে একজন সফল ফুড ব্লগার হতে হলে শুধু ভালো খাবার খেতে পারা কিংবা ক্যামেরার সামনে কথা বলতে পারাই যথেষ্ট নয়। প্রয়োজন খাবার সম্পর্কে সঠিক ধারণা, যাচাই-বাছাইয়ের মানসিকতা, প্রযুক্তিগত দক্ষতা এবং কাজের প্রতি আন্তরিকতা।– এমনটাই মনে করেন ফুড ব্লগার, ফুড প্রমোটার ও কনটেন্ট ক্রিয়েটর ইন্দ্রদীপ মিত্র।
তাঁর মতে, রন্ধনশিল্পী কিংবা অন্য যেকোনো পেশায় কাজ শুরু করতে গেলে নানা বাধার মুখোমুখি হতে হয়। কেউ সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যান, আবার অনেকে সাহসের অভাবে কিংবা পরিবারের সহযোগিতা না পাওয়ায় পিছিয়ে পড়েন। এ ক্ষেত্রে কাজ শুরু করার সাহস থাকা যেমন জরুরি, তেমনি পরিবারেরও উচিত আগ্রহী সদস্যকে সহযোগিতা ও উৎসাহ দেওয়া। কারণ পরিবারের সমর্থন একজন মানুষের আত্মবিশ্বাস বাড়াতে এবং নতুন কিছু শুরু করার পথ সহজ করতে পারে।
ইন্দ্রদীপ মিত্র বলেন, ‘একজন ফুড ব্লগারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো খাবার সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা। শুধু খাবার দেখতে সুন্দর কিংবা খেতে সুস্বাদু হলেই সেটি প্রচারের উপযুক্ত হয়ে যায় না। খাবারের মান, পুষ্টিগুণ এবং এতে কোনো ক্ষতিকর উপাদান রয়েছে কি না, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।’
ইন্দ্রদীপ মিত্রের মতে, ফুড ব্লগাররা যখন কোনো খাবার বা রেস্তোরাঁর প্রচার করেন, তখন তাঁদের অনুসারীরা সেই খাবার খেতে কিংবা সেই জায়গায় যেতে আগ্রহী হন। ফলে ব্লগারের দেওয়া তথ্য ও অভিজ্ঞতা মানুষের খাদ্যাভ্যাস এবং সিদ্ধান্তে প্রভাব ফেলে। তাই কোনো খাবার প্রচারের আগে সেটির মান, স্বাদ ও সম্ভাব্য উপকারিতা বা ক্ষতিকর দিক সম্পর্কে যথাসম্ভব যাচাই করা উচিত।
নিজের অভিজ্ঞতায় কোনো খাবার ভালো না লাগলে কিংবা খাবারটির মান নিয়ে প্রশ্ন থাকলে সেটি প্রচার না করাই ভালো। আবার কোনো খাবারের ভালো-মন্দ উভয় দিক থাকলে সেটিও সৎভাবে দর্শকদের জানাতে হবে। একজন দায়িত্বশীল ফুড ব্লগারের কাছে বিশ্বাসযোগ্যতা ও সততাই সবচেয়ে বড় সম্পদ।
ইন্দ্রদীপ মিত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ জেনে নিন—
ফুড সম্পর্কে থাকতে হবে প্রাথমিক ধারণা
ফুড ব্লগার হতে চাইলে খাবার সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি। অন্য যেকোনো পেশায় কাজ করতে গেলে যেমন সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক জ্ঞান প্রয়োজন, তেমনি ফুড ব্লগিংয়ের ক্ষেত্রেও খাবারের উপকরণ, প্রস্তুতপ্রণালি, স্বাদ, মান ও পুষ্টিগুণ সম্পর্কে মৌলিক ধারণা থাকা দরকার।
কোন খাবার কী দিয়ে তৈরি, এর বিশেষত্ব কোথায়, স্বাদ কেমন এবং কোন কারণে খাবারটি অন্যগুলোর চেয়ে আলাদা—এসব বিষয় বুঝতে পারলে দর্শকদের কাছে আরও তথ্যবহুল ও আকর্ষণীয় কনটেন্ট উপস্থাপন করা সম্ভব। শুধু খাবারের প্রশংসা না করে খাবারটির বৈশিষ্ট্য তুলে ধরতে পারাও একজন ভালো ফুড ব্লগারের দক্ষতা।
শিখতে হবে ভিডিও এডিটিং
ফুড ব্লগিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দক্ষতা হলো ভিডিও এডিটিং। ভালো খাবার কিংবা চমৎকার কোনো রেস্তোরাঁর অভিজ্ঞতা ধারণ করলেই কাজ শেষ হয়ে যায় না। ভিডিওকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে সম্পাদনার দক্ষতাও প্রয়োজন।
অন্যের ওপর সম্পূর্ণ নির্ভর করে নিয়মিত কনটেন্ট তৈরি করা কঠিন। এক-দুই দিন অন্যের মাধ্যমে ভিডিও সম্পাদনা করানো সম্ভব হলেও দীর্ঘ মেয়াদে নিয়মিত কাজ চালিয়ে যেতে নিজের এডিটিং দক্ষতা থাকা জরুরি। তাই ফুড ব্লগিং শুরু করার পাশাপাশি ভিডিও কাটিং, প্রয়োজনীয় দৃশ্য নির্বাচন, শব্দ সংযোজন, কালার ও টেক্সট ব্যবহারের মতো মৌলিক সম্পাদনার কাজ শিখে নেওয়া ভালো।
ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলুন
ফুড ব্লগিংয়ে খাবারের পাশাপাশি উপস্থাপনাও গুরুত্বপূর্ণ। ক্যামেরার সামনে সুন্দর ও সাবলীলভাবে কথা বলতে জানতে হবে। খাবারের স্বাদ, গন্ধ, পরিবেশন, বিশেষত্ব কিংবা নিজের অভিজ্ঞতা এমনভাবে তুলে ধরতে হবে, যেন দর্শক সহজেই বিষয়টি বুঝতে পারেন।
এ জন্য কথা বলার অনুশীলন, সঠিক উচ্চারণ, স্পষ্ট বক্তব্য এবং আত্মবিশ্বাসের প্রয়োজন। শুরুতে ক্যামেরার সামনে অস্বস্তি কিংবা জড়তা তৈরি হতে পারে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই সংকোচ কাটিয়ে ওঠা সম্ভব।
সাহস, সততা ও শেখার মানসিকতা রাখুন
ফুড ব্লগিং শুরু করতে বড় আয়োজন কিংবা দামি সরঞ্জাম থাকতেই হবে, এমন নয়। প্রয়োজন কাজের প্রতি আগ্রহ, সাহস এবং শেখার মানসিকতা। শুরুতে নিজের পরিচিত খাবার, স্থানীয় রেস্তোরাঁ কিংবা ঘরোয়া রান্না নিয়েও কনটেন্ট তৈরি করা যায়। কাজের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে নিজের উপস্থাপনা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো সম্ভব।
তবে জনপ্রিয়তা অর্জনের চেয়ে দর্শকের আস্থা অর্জনকে বেশি গুরুত্ব দিতে হবে। কোনো খাবার ভালো হলে ভালো বলুন, খারাপ হলে সেটিও যুক্তিসংগতভাবে তুলে ধরুন। কারণ ফুড ব্লগিং শুধু খাবারের প্রচার নয়, এটি মানুষের খাদ্যাভ্যাস ও পছন্দের ওপর প্রভাব ফেলার একটি দায়িত্বও।
সবশেষে বলা যায়, একজন ভালো ফুড ব্লগার হতে হলে খাবার সম্পর্কে প্রাথমিক জ্ঞান, মান ও পুষ্টি যাচাইয়ের সচেতনতা, ভিডিও এডিটিং দক্ষতা, ক্যামেরার সামনে কথা বলার সক্ষমতা এবং নিজের কাজের প্রতি সততা থাকা জরুরি। বাধা আসবে, ভুল হবে, নতুন করে শিখতে হবে। কিন্তু সাহস করে শুরু করতে পারলে এবং পরিবারের সহযোগিতা পেলে ফুড ব্লগিংও হয়ে উঠতে পারে সম্ভাবনাময় একটি পেশা