ফুড স্টাইলিং: ব্যবসা শুরুর আগে প্রয়োজন গবেষণা ও পরিকল্পনা


ফুড স্টাইলিং: ব্যবসা শুরুর আগে প্রয়োজন গবেষণা ও পরিকল্পনা

টেলিভিশনের পর্দায় খাবারের আকর্ষণীয় বিজ্ঞাপন নিশ্চয়ই সবার নজর কাড়ে। বিভিন্ন ব্র্যান্ড তাদের মসলা কিংবা খাদ্যপণ্যের প্রচারে খাবারকে এমনভাবে উপস্থাপন করে, যা দেখে ক্রেতার মনে তৈরি হয় আগ্রহ ও কৌতূহল। খাবারের রং, পরিবেশনা, সাজসজ্জা—সবকিছুর মধ্য দিয়ে পণ্যটির বিশেষত্ব ফুটিয়ে তোলার এই শিল্পই ফুড স্টাইলিং।


বিষয়টি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে টাম্মি ট্রাকারের ওনার তাহসিন ইসলাম তমা বলেন, ‘ফুড স্টাইলিংয়ের বিষয়টি আমরা টেলিভিশনের বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পাই। বিভিন্ন ব্র্যান্ড যখন তাদের মসলা বা খাদ্যপণ্য বাজারজাত করে, তখন পণ্যটির প্রতি ক্রেতার আগ্রহ তৈরি করতে খাবারকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। পণ্যটির বিশেষত্ব তুলে ধরা, এর প্রতি কৌতূহল তৈরি করা এবং খাবারের সৌন্দর্যের মাধ্যমে পণ্যটির প্রতি আকর্ষণ বাড়ানো—এসবই ফুড স্টাইলিংয়ের কাজের অংশ।’



তাহসিন ইসলাম তমার মতে, বিষয়টি পর্দায় যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। কারণ, ফুড স্টাইলিংয়ের ক্ষেত্রে খাবারের স্বাদ বা মানের পাশাপাশি ক্যামেরায় সেটি কেমন দেখাবে, তা-ও বিবেচনায় রাখতে হয়। একটি রেস্টুরেন্টে যে খাবার পরিবেশন করা হয়, সেটি সাধারণত সম্পূর্ণ রান্না করা থাকে এবং পরিবেশনের পরপরই খাওয়া যায়। কিন্তু বিজ্ঞাপনের জন্য খাবার প্রস্তুতের প্রক্রিয়া ভিন্ন। সেখানে খাবারটি ক্যামেরায় দেখতে কেমন লাগবে, আলোর ব্যবহারে এর রং ও গঠন কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এবং দীর্ঘ সময় পরও এর সৌন্দর্য কতটা বজায় থাকবে—এসব বিষয় মাথায় রাখতে হয়।


তিনি বলেন, রেস্টুরেন্টে খাবার পরিবেশন ও বিজ্ঞাপনের জন্য খাবার প্রস্তুত করার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সামনাসামনি যে খাবার দেখতে এক রকম লাগে, ক্যামেরার পর্দায় সেটি সম্পূর্ণ ভিন্নভাবে ধরা পড়তে পারে। বিজ্ঞাপনের খাবার অনেক সময় দীর্ঘক্ষণ ধরে ক্যামেরার সামনে রাখতে হয়। তাই নির্দিষ্ট থিম, খাবারের উপস্থাপনা এবং ক্যামেরার উপযোগী প্রস্তুতি নিয়ে আগে থেকেই গবেষণা করতে হয়। এ কারণেই ফুড স্টাইলিংয়ের কাজটি বেশ চ্যালেঞ্জিং।




রান্নার দক্ষতাই ব্যবসায় সফলতার একমাত্র শর্ত নয়


রান্না জানলেই যে রেস্টুরেন্ট ব্যবসায় সফল হওয়া যাবে, এমনটি মনে করেন না তাহসিন ইসলাম তমা। তাঁর মতে, রান্নার দক্ষতা আর একটি রেস্টুরেন্ট পরিচালনা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তিনি বলেন, ‘আমার ভালো রান্না জানা আছে, তার মানে এই নয় যে আমি রেস্টুরেন্ট ব্যবসার সবকিছু জানি। রেস্টুরেন্ট কিংবা যেকোনো ব্যবসা শুরু করার আগে পুরো বিষয়টি নিয়ে গবেষণা করতে হবে। কোনো কিছু ভালোভাবে না জেনে, পড়াশোনা ও বিশ্লেষণ ছাড়া উদ্যোগ শুরু করলে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন। একজন উদ্যোক্তা হয়তো শুরু করতে পারবেন, কিন্তু ভবিষ্যতে ব্যবসার নানা দিক সামলাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন।’


বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসা শুরুর আগে সঠিক স্থান নির্বাচন ও সম্ভাব্য ক্রেতাদের চাহিদা বোঝার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, প্রথমেই দেখতে হবে, যে এলাকায় রেস্টুরেন্ট চালু করার পরিকল্পনা রয়েছে, সেটি কতটা জমজমাট। ওই এলাকার মানুষের খাদ্যাভ্যাস কেমন, তাঁরা কী ধরনের খাবার পছন্দ করেন এবং তাঁদের চাহিদা কী—এসব বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। পাশাপাশি আশপাশের রেস্টুরেন্টগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, তাদের খাবারের ধরন, সেবার মান ও ব্যবসায়িক কার্যক্রম কেমন, সেগুলোও বিশ্লেষণ করা জরুরি।


তাহসিন ইসলাম তমার মতে, শুধু নিজের ইচ্ছা কিংবা রান্নার দক্ষতার ওপর নির্ভর করে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করা উচিত নয়। এর জন্য প্রয়োজন বাজার সম্পর্কে ধারণা, সঠিক পরিকল্পনা, গবেষণা এবং দীর্ঘমেয়াদি প্রস্তুতি। আজ সিদ্ধান্ত নিলাম, কালই একটি রেস্টুরেন্ট দাঁড় করিয়ে ফেলব—ব্যবসার বাস্তবতা আসলে এমন নয়। একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা থেকে শুরু করে সেটিকে টিকিয়ে রাখা ও সফলভাবে পরিচালনা করা পর্যন্ত প্রতিটি ধাপেই প্রয়োজন অভিজ্ঞতা, দক্ষতা এবং দূরদর্শী সিদ্ধান্ত।

sidebar ad