‘আমাদের দেশে নারীদের জন্য বেকিং নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে গৃহিণীদের জন্য এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র। সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি ঘরে বসেই তাঁরা বেকিংয়ের ব্যবসা পরিচালনা করতে পারেন। অর্থাৎ পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একজন নারী সহজেই বেকিংকে আয়ের উৎস এবং পেশা হিসেবে গড়ে তুলতে পারেন।’- কথাগুলো বলছিলেন শেফ এবং কারিগরি শিক্ষা বোর্ডের বেকিং অ্যাসেসর কানিজ ফাতেমা সোহাগি।
এই অ্যাসেসরের মতে, রান্না কিংবা বেকিং এখন আর কেবল শখের বিষয় নয়; অনেক নারীর জন্য এটি হয়ে উঠছে আয়ের উৎস ও আত্মনির্ভরতার পথ। বিশেষ করে গৃহিণীদের জন্য বেকিং এমন একটি সম্ভাবনাময় ক্ষেত্র, যেখানে সংসারের দায়িত্ব সামলেও নিজের উদ্যোগ গড়ে তোলা সম্ভব। ঘরে তৈরি কেক, পেস্ট্রি, কুকিজ কিংবা নানা বেকারি পণ্যের চাহিদাকে কাজে লাগিয়ে অনেক নারীই শুরু করতে পারেন ছোট পরিসরের ব্যবসা। তবে এই উদ্যোগকে সফল ও টেকসই করতে প্রয়োজন পেশাদার মনোভাব, মানসম্মত পণ্য তৈরি এবং কার্যকর বিপণন কৌশল।
কানিজ ফাতেমা সোহাগি মনে করেন, শুধু ভালো বেকিং জানলেই ব্যবসায় সফল হওয়া যায় না। এ ক্ষেত্রে বিপণন বা মার্কেটিংয়ের গুরুত্ব অনেক বেশি। সোহাগির মতে, ঘরে বসে ব্যবসা পরিচালনা করলেও সেটিকে পেশাদারভাবে পরিচালনা করতে হবে। পণ্যের মান, উপস্থাপনা, গ্রাহকের সঙ্গে যোগাযোগ এবং নিয়মিত প্রচার—সবকিছুর প্রতিই যত্নবান হওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে নিজের পণ্যের পরিচিতি বাড়ানো এবং ক্রেতার আস্থা অর্জন করাও গুরুত্বপূর্ণ।
বেকিংকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রেও এখন তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। দেশে এ বিষয়ে বিভিন্ন ধরনের পেশাগত প্রশিক্ষণ ও কোর্স চালু রয়েছে। ফলে আগ্রহীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন। একই সঙ্গে বেকিংয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগও তৈরি হতে পারে।
তবে এই পেশায় চ্যালেঞ্জও কম নয়। বিশেষ করে কাঁচামালের বাজারদর ওঠানামা ব্যবসা পরিচালনায় বড় ধরনের প্রভাব ফেলে। দ্রব্যমূল্যের পরিবর্তনের কারণে উৎপাদন খরচ বাড়লে পণ্যের দাম নির্ধারণেও জটিলতা তৈরি হয়। এ ক্ষেত্রে ক্রেতাকে পণ্যের প্রকৃত উৎপাদন খরচ ও মান সম্পর্কে বোঝানো প্রয়োজন বলে মনে করেন সোহাগি।
তাঁর মতে, ব্যবসার খরচ সামলাতে গিয়ে পণ্যের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা উচিত নয়। কারণ, একজন উদ্যোক্তার সবচেয়ে বড় সম্পদ হলো ক্রেতার বিশ্বাস। মানসম্মত উপকরণ ব্যবহার এবং পণ্যের গুণগত মান বজায় রাখার মধ্য দিয়েই দীর্ঘমেয়াদে ব্যবসার গ্রহণযোগ্যতা তৈরি হয়।
সব মিলিয়ে বেকিং নারীদের জন্য শুধু ঘরে বসে আয় করার একটি মাধ্যম নয়, বরং দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যোগকে পেশায় রূপ দেওয়ার সম্ভাবনাময় ক্ষেত্র। প্রয়োজন প্রশিক্ষণ, পরিকল্পনা, পেশাদার দৃষ্টিভঙ্গি এবং নিজের কাজের প্রতি নিষ্ঠা। সঠিকভাবে এগোতে পারলে ঘরের রান্নাঘরই হয়ে উঠতে পারে একজন নারীর স্বাবলম্বী হওয়ার প্রথম কর্মক্ষেত্র।