৯
প্রজাবন্ধু রাজীব উদ্দীন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি ও মৌলভী ওসমান গণিকে সাধারণ সম্পাদক করে কলেজ প্রতিষ্ঠার জন্য একটা সাংগঠনিক সমিতি করা হলো। মৌলভী ওসমান গণি তার জীবনের সমুদয় সঞ্চয় এক হাজার টাকার পুরোটাই দান করে দিলেন কলেজের জন্য গঠিত ফান্ডে। শুরু হলো কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম। তিনি গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে ছাত্র সংগ্রহ এবং লজিং মাস্টারের ব্যবস্থা করলেন। তার সারাজীবন সংগ্রহ করা ব্যক্তিগত গ্রন্থাগারের সকল বই তিনি কলেজ গ্রন্থাগারে দান করলেন। পরে অনুষ্ঠিত আরো একটা সভায় মোহাম্মদ আলী প্রাথমিকভাবে নির্ধারিত বগুড়া-কলেজ নামটি পাল্টে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আজিজুল হকের নামানুসারে রাখার প্রস্তাব করলেন। এই অঞ্চলের কলেজগুলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত এবং সদ্য প্রতিষ্ঠিত কলেজের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়া দুরূহ ব্যাপার। স্যার আজিজুল হক বিদ্যুৎসাহী এসব মানুষের উদ্যোগে নিজেও সক্রিয় হলেন এবং কলেজ অনুমোদনের প্রয়োজনীয় এক লক্ষ টাকা মঞ্জুর করলেন। কলেজ প্রতিষ্ঠা হলো কিন্তু কিছু ছাত্র পাওয়া গেলেও ছাত্রী জুটল না একজনও। প্রতিষ্ঠার দুই বছরের মাথায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজটিতেই প্রথম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সম্মান শ্রেণি চালুর সম্মতি লাভ করল। নবাব আলতাফ আলীর লেখা ইতিহাসের প্রারম্ভিক কয়েক পৃষ্ঠা মাহজাবিনকে ইতিহাস নিয়ে অধ্যাবসায়ে উদ্বুদ্ধ করেছিল। বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে মাহজাবিন হলো আজিজুল হক কলেজের মাত্র কয়েকজন ছাত্রীর পথিকৃৎ।
ইতিমধ্যে নাগিব মাহমুদ প্রেসিডেন্সি কলেজ হতে অসামান্য ফলাফলের সফলতা নিয়ে প্যালেস ফিরে এলো। মোহাম্মদ আলী মহাধুমধাম করে তার বিয়ে দিলেন আরো এক গুণবতী রমণী হিসাবে শহরের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠা গজল গায়িকা মেহের নিগার দিশার সাথে। মোহাম্মদ আলী যার গজল শ্রবণ করে এতই মুগ্ধ হয়েছিলেন যে বাস্তবে সম্ভব নয় বলে ঘুমের ঘোরে আর স্বপ্নাচ্ছন্নতায় অনেকবার তিনি মনে মনে মেহের নিগারের বর সেজেছেন।
বলাই বাহুল্য এই বিয়েতে প্যালেসের লোকজন কেউ-ই খুশি হলেন না।
কণ্ঠের যাদুতে যে নারী পুরুষকুলকে মুগ্ধ করতে পারেন, ধর্ম কারণের চেয়েও ঈর্ষাগত কারণে নারীরা তাকে মানতে পারবেন না, এটাই স্বাভাবিক।
মোহাম্মদ আলী জানতেন, মেহের নিগারের সাথে নাগিবের বিয়ে হলে এই প্যালেসে নাগিবের থাকা হবে না। তিনিও চান না, মেহের নিগার তার সামনে থাকুক। মেহেরের প্রতি প্রাসাদের কোনো নারী কটাক্ষ করে কিছু বললে তার নিজেরও সহ্য হবে না। একটা ব্যাপারে তিনি মনে মনে সন্তুষ্ট হলেন। মেহেরকে নিজের করে না পেলেও প্রায় সমবয়সী অথচ সন্তানসম নাগিবের মাধ্যমে এই গুণবতী রমণীকে তিনি অন্য কারো সহধর্মিণী হতে দেননি। নাগিব আর মেহেরের অপার সুখের নীড় তিনি রচনার জন্য ব্রতী হয়ে উঠলেন।
নাগিবকে তিনি করতোয়ার পূর্বে ত্রিমোহিনীর তালুকটি দান করে দিলেন। নাগিবের ইচ্ছানুযায়ী ব্রিটিশ এক লেফটেন্যান্টকে তিনি গভর্ণমেন্টের প্রতœবিভাগের ডেপুটি নিযুক্তির অনুরোধ জানালেন। বিশুদ্ধ বংশের এবং নবাব পরিবারের এই মেধাবী তরুণকে ব্রিটিশরা তাদেরই বংশজাত ভেবে আনন্দের সাথে নাগিবকে প্রতœবিভাগের ডেপুটি হিসাবে নিযুক্ত করল। অথচ ব্রিটিশরা জানে না-এই নাগিব আর মাহজাবিনের পূর্ব পুরুষগণ তাদের চরমতম শত্র“। দুই সন্তান নিয়ে পালানো নাগিব আর মাহজাবিনের মাকে তারা খুঁজে ফিরছে তখনো। এদের খুঁজতে গিয়েই বিস্তৃত হতে থাকল তাদের গোয়েন্দা কার্যক্রমের পরিধি। সমগ্র ভারতবর্ষের নাকে দড়ি লাগিয়ে নাচালেও শুধুমাত্র একটা পরিবারের কারণে শেলবর্ষ পরগণায় তারা কখনো তাদের স্থায়ী আসন গড়তে পারেনি। দেশপ্রেমের মহান আদর্শে উজ্জীবিত, দেশের পবিত্র ভূমি আর মাটির জন্য উদার এবং বলিষ্ট হৃদয়ে দিন দিন নিঃশেষিত হয়েও কোনোদিন মাথা নত না করা সেই একটা পরিবারের মূল ব্যক্তি ছিলেন শেলবর্ষ পরগণার মুসলমান জমিদার আসাদুজ্জামান চৌধুরী।
ইংরেজরা যখন নানান পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ভারতবর্ষের শাসনযন্ত্র কব্জা করার ফন্দিতে লিপ্ত ঠিক তখনই শেলবর্ষ পরগণা তথা পুন্ড্রের স্বাতন্ত্র্যময় ঐতিহ্য রক্ষার তাগিদ অনুভব করলেন জমিদার আসাদুজ্জামান চৌধুরী। ফকির মজনু শাহকে তিনি ডেকে পাঠালেন রাতের আঁধারে। পুন্ড্রের মহান পুরুষদের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মজনু শাহকে বললেন,
আমি চাই না, ব্রিটিশ দালালরা আমার এই পবিত্র ‘মস্তানগড়’ এলাকায় তাদের দালালির কেন্দ্রস্থল করুক। মনে রাখিস, ইতিহাসবিদরা বরাবরই আমাদের এই ভূমিকে পাটলিপুত্র বা মগধের অধীনস্থ একটি প্রাদেশিক রাজধানী হিসাবে চিহ্নিত করতে চেয়েছে। তারা যদি ইতিহাসের সাথে এই ভূমির প্রতœতত্ত্ব, সাহিত্য, নৃ-তত্ত্বের সম্মীলন করায় তাহলে এটা নিশ্চিত প্রমাণিত হবে যে, পরবর্তী গুপ্তযুগ থেকে দ্বিতীয় পালযুগের শেষাবধি এমনকি প্রথম সেন আমল পর্যন্ত প্রায় ৪৫০ বছর মহাস্থান গড় (পুণ্ড্র ) নিরবিচ্ছিন্নভাবে গৌড়বঙ্গের রাজধানী ছিল। সেজন্যই বলছি, যেভাবেই হোক, সভ্যতার চিহ্ন বহনকারী এই পবিত্র ভূমিেেক ব্রিটিশদের নজর থেকে আড়াল করে আগলে রাখতে হবে। তাদের থেকে এই এলাকা মুক্ত রাখতে হবে।
মজনু শাহ মাথা চুলকালেন। বললেন,
হুজুর ব্রিটিশ খেংনী শিয়ালদের সাথে লড়মো? হামাগরে তো অস্ত্রপাতি নাই। সংগঠন করার মতো অর্থ আর যারা এর সাথে জড়িত হবে তাদের থাকা, খাওয়া...
সব দায়িত্ব আমার। তুই লোক যোগাড় কর।
শুরু হয়ে গেল ফকির মজনু শাহর ‘বিদ্রোহী’ সংগ্রহের কার্যক্রম।
মস্তানগড় তার কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠল। কিন্তু নিজেদের শক্তি আরো বাড়ানোর জন্য মজনু শাহ একদিন জমিদারকে বললেন,
হুজুর, নাটোরের মহারাণী ভবানী হামাগর ছাতিম গ্রামের কন্যা। উঁই হামাগরে রাণী হোলে, হামাদের শক্তি আরো বাড়ল হনি হুজুর।
আসাদুজ্জামান রাজী হলেন। আর পণ্ডিত শাহর প্রস্তাব একেবারে উড়িয়ে না দিয়ে মহারাণী ভবানী তাদের সবার সাথে বসার ইচ্ছা ব্যক্ত করলেন। মাসাধিক কাল পরে সেই সভায় বসে ফকির মজনু শাহ তার নিষ্পাপ সরল মনের অভিব্যক্তি দিয়ে তাকে ‘রাণী মাতা’ সম্বোধন করে বললেন,
আজ থেকে তুমিই হামাগরে রাণী! আজ থেকে হামরা এ দ্যাশের শাসক বুলতে তোমাকেই বোজমো গো, রাণীমা!
রাণী তাকে এমন আকুল হয়ে সম্বোধন করায় সন্তুষ্ট হলেও নীরব থাকলেন। ব্রিটিশদের সুনজর থেকে তিনি দূরে যেতে চান না আবার ব্রিটিশবিরোধী এই বিদ্রোহীদের তিনি খেপাতেও চান না। উভয়পক্ষকে সন্তুষ্ট করে তিনি তার তের হাজার বর্গমাইলের বিশাল জমিদারী সুরক্ষিত করতে চাইলেন। ক্ষুব্ধ মনে ফিরলেন মজনু শাহ। ফিরে আসার সময় তিনি সঙ্গীদের উদ্দেশ বললেন,
মেয়ে মানষের কাছে কখনো মতামত চ্যাতে হয় না। মতামতে তারা সবসময় মদ্যিখানি।
বিশাল চলন বিল অতিক্রমে আর পথ পরিক্রমায় ক্লান্ত সঙ্গীরা মজনু শাহর কথার সংকেত বুঝে গেল। কিছুদিন বাদেই মজনু শাহ রাণীর বিশাল জমিদারী তছনছ করে দিল। ব্রিটিশ প্রেমিকদের মজনু শাহ নিজের শত্র“ মনে করেন। যাকে সে রাণী মাতা সম্বোধন করেছে; ব্রিটিশ প্রীতির কারণে সেও এখন তার তালিকায় সামান্য এক শত্র“ মাত্র। মহারাণী ভবানীর বিশাল জমিদারী তছনছ হয়ে গেল। সাথে সাথে ব্রিটিশ শাসকেরাও রাণীর ওপর বিরক্ত হয়ে উঠলেন। কারণ মজনু শাহ তাকে রাণীমাতা ডাকায় তিনিও তাদের প্রতি কঠোর কোনো পদক্ষেপ নেন নি। মজনু শাহ ব্রিটিশদের নাম দিয়েছেন ‘খেংনী শিয়াল’। রাণীমাতা তাকে ইজ্জত করলে সে শিয়াল মননের এই কোম্পানি বেটাদের ভারতবর্ষ ছাড়া করাত। তারপর সে রাণীমাতার জন্য তৈরি করত এক শক্তিশালী সেনাবাহিনী। মনে মনে তিনি বললেন ‘ম্যায়া মানষের যদি দূরের বস্তু দেখার মতন চোখ আল্লাহ দিত!’
জমিদার আসাদুজ্জামান মজনু শাহর বাহিনী নিজ খরচে চালান-এ খবর ব্রিটিশরা জেনে গেল। তারা তাকে বিদ্রোহী ঘোষণা করল এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ এবং দেশদ্রোহির অভিযোগে তাকে প্রধান আসামি করল। এদিকে ফকির মজনু শাহকে কঠোর হস্তে দমন না করায় মহারাণীকে সরানোর কুচক্রে তারা মেতে উঠল। তৈরি হলো দিঘাপাতিয়া জমিদারী। নওখিলায় দিঘাপাতিয়া রাজার কাচারী স্থাপিত হলো। পূর্ব বগুড়ার পয়সা দিয়ে গড়ে উঠল নাটোরের দিঘাপাতিয়া প্রাসাদ। (বর্তমানে এই প্রাসাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে উত্তরা গণভবন)। দিঘাপাতিয়ায় বসানো হলো একজন হিন্দু রাজাকে। ব্রিটিশরা জানে হিন্দুরা বড় সাবধানী। জমিদারী রক্ষার কৌশল হিসাবে সবার আগে তারা ব্রিটিশদের সন্তুষ্ট করতে মরিয়া। ফারসি ভাষার কেরাণী অনুপ নারায়ণকে দিঘাপাতির রাজা প্রমদনাথ ডাকলেন। অনুপ নারায়ণ গোপনে মজনু শাহকে সাহায্য করার রাস্তা খুঁজছিলেন। রাজা অনুপ নারায়ণকে ডেকে বললেন,
এই ভারতবর্ষে মুসলমানদের বিশ্বাসঘাতকতার জন্য ব্রিটিশরা এসেছে। ভালোই হয়েছে। মীর-জাফররা এদেশের ক্ষমতায় থাকলে ব্রিটিশরা দেশটির যে উন্নয়ন করছে তা কোনোদিন হতো না। বাগাড়ম্বর দিয়ে আর যাই-ই হোক জাতিগঠন হয় না। কী বুঝলে অনুপ?
অনুপের ছোট্ট হৃদয়। ধ্বক করে কেঁপে উঠল। এবং তখনই তিনি ফকির মজনু শাহকে সাহায্য করার চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললেন। মনে মনে বার বার বললেন,
তাইতো মুসলমানদের রাজ্য চালনার ব্যর্থতার ফসল হলো আজকের ইংরেজ শাসন। সেদিনই সে নিজেও একজন জমিদার হওয়ার স্বপ্ন দেখল।
এদিকে ফকির মজনু শাহ অর্থ জোগানোর উৎস খুঁজছিলেন। জমিদার হওয়ার ইচ্ছায় অনুপ নারায়ণও স্বপ্নে বিভোর। অনুপ নারায়ণই নিবেদিত প্রাণ, স্বাধীনচেতা পণ্ডিত শাহর সাথে যোগাযোগ করলেন। তাদের মধ্যে চুক্তি হলো- চলনবিলে ডাকাতির জন্য তারা একে অন্যকে সাহায্য করবেন। প্রতিবার ডাকাতির জন্য প্রচুর টাকায় অনুপ ভাড়া করলেন ফকির মজনু শাহর যোগ্য উত্তরসুরী পণ্ডিত শাহকে। চলনবিলে ডাকাতির অর্থ দিয়ে একদিকে চলল ব্রিটিশ বিরোধীদের জীবনধারণের খরচ আর অন্যদিকে গড়ে উঠতে থাকল শেরপুরের মুন্সি জমিদারী।
এইসব ঘটনা পরিক্রমার মধ্যেই মজনু শাহর আন্দোলন দুর্বল হয়ে পড়ল। স্তিমিত হওয়ার পর জমিদার আসাদুজ্জামান চৌধুরীকে ব্রিটিশরা জেলে পুরল। জেলে যাওয়ার পূর্বে তিনি তার কিশোর নাতী নাহিদুজ্জামান চৌধুরীকে ডাকলেন এবং যত দ্রুত সম্ভব বগুড়াঞ্চল ছেড়ে চেলে যেতে বললেন,
আব্দুল বশিরকে সবই বলা আছে। তার কাছে টাঙ্গাইলের জমিদার বরাবর লিখিত পত্রটি আমি হস্তান্তর করেছি। ভালো থাকিস দাদাভাই।
তিনি তার একমাত্র নাতী নাহিদুজ্জামান চৌধুরীকে নিয়ে কোনো এক গ্রামে সাধারণ মানুষের মতো জীবনধারণ করতে বলেছেন তার পরিবারে জায়গীর হিসাবে বড় হয়ে ওঠা খাজাঞ্চি মুন্সি আব্দুল বশিরকে। আব্দুল বশির হাউমাউ করে কেঁদে উঠলেন। আসাদুজ্জামান চৌধুরী তাকে ধৈর্যধারণ করতে বললেন। নাতীকে নিয়ে পালানোর কারণ হিসাবে তিনি ব্যাখ্যা করলেন,
ব্রিটিশদের চোখে আমার জমিদার পরিবার এখন বিদ্রোহী হিসাবে চিহ্নিত। ওরা বিদ্রোহীদের বংশ পরম্পরা নির্বংশ করে দেয়। আমার ছেলে হয়তো আর ফিরবে না। ব্রিটিশদের ইশারায় তাকে গুম করা হয়েছে।
ছোট্ট নাহিদুজ্জামান চৌধুরীকে নিয়ে আব্দুল বশির যখন রাতের আঁধারে বের হলেন, তখন তার নিজেকে নাহিদুজ্জামান চৌধুরীর পিতা বলে বার বার ভ্রম হতে থাকল। নিংসন্তান আব্দুল বশির নিজের স্ত্রীকে সাথে নিয়ে চিরদিনের তরে বগুড়া হতে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করলেন। নিঃসন্তান হয়েও নিজের স্ত্রী-সন্তান নিয়ে তিনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এমন অনুভব নিয়েই আব্দুল বশির পৌঁছালেন টাঙ্গাইলে। দেলদুয়ারের জমিদারের নিকট আসাদুজ্জামান চৌধুরীর চিঠি হস্তান্তর করলেন। জমিদার নাহিদুজ্জামানের নিরাপত্তার কথা ভেবে যমুনার পাড়ে অবস্থিত তার বাগান বাড়ি তিনি নাহিদুজ্জামানকে দান করে দিলেন। মুন্সি আব্দুল বশির বড় কৃতজ্ঞ মানুষ। সারাজীবন জমিদার আসাদুজ্জামান চৌধুরীর বাড়িতে তিনি শুধু আশ্রয়ই পাননি ছোট্টবেলা থেকে এতিম এই মানুষটি অন্ন-বস্ত্র-শিক্ষার পাশাপাশি পেয়েছেন মহৎ হৃদয় জমিদারের অপার স্নেহ।
জমিদার আসাদুজ্জামান চৌধুরীর নাতী এবং একমাত্র বংশ প্রদীপকে তিনি পরম স্নেহ-মমতায় বড় করলেন। শিক্ষক হয়ে শিক্ষা দিলেন। স্বামী-স্ত্রী দুজন মিলে তাকে বাবা-মায়ের স্নেহ ভালোবাসায় বড় করলেন। যেদিন নাহিদুজ্জামানের সাথে আরেক চৌধুরী কন্যা জেবুন্নেছার বিয়ে দিলেন সেদিন স্বামী-স্ত্রী দুজনের আনন্দাশ্রু তাদের জীবনকে পরিপূর্ণতার অনুভূতিতে আপ্লুত করল। তিনি নাহিদুজ্জামানের প্রথম সন্তানের নাম রাখলেন নাগিব আহমেদ।
কিন্তু গোয়েন্দা বৃত্তিতে ব্রিটিশদের তুলনা কোথায়! নাহিদুজ্জামানের দ্বিতীয় সন্তান মাহজাবিনের জন্মের কিছুদিন পর জেবুন্নেছা চৌধুরী ভাবলেন, অযথাই তারা নিজেদের আড়াল করে রেখেছেন। তিনি আশেপাশে, মানুষগুলোর সাথে মেলামেশা শুরু করলেন। তারই সূত্র ধরে ঠিক তার দুই/তিন বছরের মাথায় পুলিশ এসে নাহিদুজ্জামান চৌধুরীকে ধরে নিয়ে গেল। তার বিরুদ্ধে অভিযোগ, ফকির সন্ন্যাসী বিদ্রোহে সে সক্রিয় ছিল। অথচ তার জন্মের অনেক বছর আগেই সেই বিদ্রোহ স্তিমিত হয়ে গিয়েছিল। জেবুন্নেছার স্বামী এবং জমিদার আসাদুজ্জামান চৌধুরীর শেষ বংশ প্রদীপ আর কোনোদিন ফিরলেন না।
তবে তাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কিছুদিন পর যমুনা নদীতে একটা পুরুষ মানুষের লাশ ভাসতে দেখেছিল একজন মাঝি। গ্রামবাসীর ধারণা সেটাই নাগিবের বাবা। মুন্সি আব্দুল বশির জেবুন্নেছাকে সে স্থান ত্যাগের পরামর্শ দিলেন। জেবুন্নেছা যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। স্বামীর মৃত্যুর জন্য তার নিজেকেই অপরাধী মনে হলো। বড় নীরিহ আর ভালোবাসার কাঙাল মানুষটিকে হারিয়ে জেবুন্নেছা যেন দিন দিন জীবনীশক্তি হারিয়ে ফেললেন এবং ক্রমশ তার মস্তিষ্ক বিকৃতি ঘটতে থাকল। রাত বিরাতে তিনি স্বামীর খোঁজে ঘর ছেড়ে বাইরে চলে যান। একদিন সকালে উঠে তাকে বাড়ির কোথাও কেউ পেল না। মুন্সি আব্দুল বশির ক্রন্দনরত মাহজাবিনকে নাগিবের কাছে রেখে তার মাকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে একেবারে যমুনার তীরের কাছে তাকে পাওয়া গেল। জেবুন্নেছা উদাস দৃষ্টি মেলে তাকিয়ে আছেন যমুনার পাড়ে। তারও কিছুদিন পর জেবুন্নেছা নিখোঁজ হলে আবার মুন্সি আব্দুল বশির এবারও তাকে খুঁজে পেলেন যমুনায় এসে।
ততক্ষণে জেবুন্নেছা জীবিত নেই। অন্ধকারে স্বামীকে খুঁজতে খুঁজতে, ঘোরের বসে তাকে ডাকতে ডাকতে তিনি নেমে গিয়েছিলেন যমুনার হাঁটুজলে। হাঁটুজল হতে কোমরজলে। কোমরজল বেড়ে জেবুন্নেছার বুক অবধি উঠে গেল। জেবুন্নেছা তখনো চিৎকার করে ডাকছেন-
মাহজাবিনের বাবা! মাহজাবিন তোমাকে খুঁজছে। তোমাকে ছাড়া মেয়েটা আমার একদণ্ড থাকতে পারে না।
গলা পর্যন্ত ডুবে গেল জেবুন্নেছার। সেদিকে তখনো তার ভ্রুক্ষেপ নেই। নিঃসীম অন্ধকারের অতল গহ্বরে ঝাঁক ঝাঁক আকাশের তারারা যেন তাকে পথ দেখিয়ে চলছে। জেবুন্নেছা স্বামীকে কোনোদিন নাম ধরে ডাকেননি। তখনো তিনি স্বামীকে ডাকছেন-
মাহজাবিনের বাবা! মাহজাবিন খুব কাঁদছে? ফিরে আসুন। আমার মেয়েটা...
শব্দের বদলে জেবুন্নেছার কণ্ঠের ভূমি দখল করে ফেলা জলে ভুট ভুট শব্দে জেগে ওঠে ভুতুড়ে অসংখ্য নিঃশব্দ বুদবুদ। অন্ধকার রাতে ঝাঁক ঝাঁক অথচ বিচ্ছিন্ন তারাদের দেখানো আলোয় অতলস্পর্শী অন্ধকারেও পথ খুঁজে পান জেবুন্নেছা। যে পথ মৃত্যুর অপারেও প্রলম্বিত।
১০
ছোট্ট এক খাল। টিপ টিপ আর ঝির ঝির বৃষ্টিতে সারাদিন মুখর তার পাশের বন আর মাত্র কয়েকটা বাড়ির ছোট জনপদ। সেই খালের চারপাশের অগোছালো আগাছাগুচ্ছ এবং নিবিড় গাছ গাছালির আরো নিবিড় ছায়ার মাখামাখি। আষাঢ়ের মেঘলা দিনে আকাশ-মেঘ আর প্রকৃতির এই নিবিড়তায় দুই শিশু-কিশোর উপচে ওঠা খালের পথে প্রবাহিত এবং আশপাশে ডুবিয়ে দেওয়া জলের ভেতর মাছ ধরার চেয়ে জল নিয়ে খেলায় মত্ত। নির্জন এই নিরালায় তারা এক ধরনের মানসিক নিরাপত্তাবোধ করে বলে এখানেই তারা বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। জমিদারর পেয়াদা-গোমস্তাদের রক্তচোখ আর গ্রামময় ছড়িয়ে থাকা জমিদার ভীতি প্রান্তিক পরিবারের এই শিশু-কিশোরের কাছে জলের অদৃশ্য পঁচা শামুক অথবা এই জংগলের বিষধর সাপের চেয়ে ভয়ংকর বলে সুবর্ণগ্রামের মনুষ্য সমাজ ছেড়ে তারা এই নিভৃতে প্রাণ খুলে খেলায় মেতে ওঠে, স্বপ্ন দেখে আর কথা বলে।
চিকট (মাছ ধরার ছোট জাল) থেকে কয়েকটা ছোট চিংড়ি আর পুঁটি মাছ খলইয়ের মধ্যে ফেলে দীপেন তার ছোটবোন সুশীলাকে বলল,
ঠান্ডাত্ মোর মুখত খিল ধরিচে এলায়। মোক তুই চালভাজা দে দেকিনি।
দুই ভাই বোন আজ অনেক মাছ পেয়েছে। সেই খুশিতে মায়ের দেওয়া চালভাজা খেতে খেতে তারা জলের ওপর জেগে থাকা উঁচু উঁচু পাথরের উপর বসে ঢেঁকিশাক আর মাছ দিয়ে রাতের খাবারের নিশ্চিত ভাবনার জন্যই হয়তো এই নির্জন জগতও তাদের কাছে আনন্দে মুখরিত। শীতে কাঁপতে কাঁপতেই সুশীলা পা দোলাতে দোলাতে বলল,
ভাই তুমি বড় হলে বড় নদীত মাছ ধরিয়ো।
সুশীলার কথায় দীপেন হাসে। বোনের বগলের কাছে ছেড়া জামাটায় একবার আর নিজের খালি গায়ের দিকে তাকিয়ে আরো একবার তাকিয়ে সুশীলার যথাসম্ভব কাছে ভিড়ে মায়াভরে বলে,
যাই-ই করিনা ক্যান, তরে মুই ভালো জামা আর গরম কাপড় কিনে দেবো ক্ষণ!
সুশীলার বর্ষণসিক্ত বয়সী বৃক্ষের বাকলের মতো জ্যাবজ্যাবে গালে খুশির টোল পড়ে। দীর্ঘক্ষণ ধরে ভেজার কারণে দুই ভাই বোনের হাত পায়ের কুঁচকে আসা তালুর মতো আমিষহীন শরীরের গৌরবর্ণ ত্বকই শুধু সাদাটে হয়ে ওঠেনি, হয়ে উঠেছে এমন নরম যেন ঘষা দিলেই চামড়াগুলো উঠে আসবে। যেন তাদের হাড়কাঁপা অনুভূতি রঙিন না হলেও তা একটা ছেড়া কাথার ভেতরে ডুবে যাওয়ার উষ্ণতার স্বপ্ন দেখছে। ভাইয়ের কথায় খুশিতে ডগমগ সুশীলা বলল,
ভাই, তোমাকে ছাড়া মুই কোন্ঠেও শান্তি না পাও । তুমি এমনি কইরা আমার পাশে থাকলেই হবে।
বিয়ে হইলে তো ছাইড়্যা যাবি...
বিয়ে কল্লে তো, মুই তোরে কখনো এলায় না ছাড়িম । কিন্তু সেদিন দেখল্যা জমিদার কেমন আরেক ফুটফুটে মাইয়্যারে বিয়া কইরা আনিল।
অবুঝ দুই শিশু কিশোরের এইসব ছোট ছোট স্বপ্ন যখন জলপ্রবাহের কলকল ধ্বনি আর বনের পাতাগুচ্ছ হতে ঝরা টিপ টিপ শব্দের ছন্দময়তায় অথবা এই প্রাচীন পৃথিবীর নিঃসঙ্গতায় মনুষ্যহীন প্রকৃতির মাঝে শব্দময় হতে গিয়েও হারিয়ে যাচ্ছে ঠিক তখন লোহার ব্রিজের উপর জমিদারের গোমস্তাদের ঘোড়ার খুরের শব্দ ভাষাহীন করে তুলল দীপেন আর সুশীলাকে। দীপেন ফিসফিস করে বলল,
চুপ, ওরা আসছে।
কারা?
ঐ যে, খাজনা দিতে না পারলে যারা বাবাকে তেঁতুল গাছে ঝুলিয়ে মারবে বলে হুমকি দেছিল।
জমিদারের গোমস্তা দুজন চলেই যাচ্ছিল। রাস্তা উপচে জলের ঢল বন ভাসিয়ে খালের প্রবাহে যে প্রতাপে মিশছে, নিজেদের প্রতাপকে তার সাথে মিলিয়ে নিতেই হয়তো তারা বামে তাকাল। তাদের দেখেও দুজন শিশু-কিশোর পালায়নি-এমন ভাবনায় গোঁফওয়ালা গোমস্তা তাদের কাছে এলো। ছোট সুশীলার যেটুকু ছিন্নবস্ত্র তা তার গায়ের সাথে যেভাবে লেপ্টে আছে গোমস্তার চোখ তার চেয়েও সুশীলার নীরিহ শরীরে বেশি লেপ্টে গেল। পৃথিবীর সকল কথা যেদিন বিলীন হয়ে যাবে, জগতের সব ধ্বনি যেদিন আর কোনো প্রতিধ্বনি তুলতে ভুলে যাবে সেদিনও মানুষের লালসার এই জিহবা আকাশ-মেঘ আর বৃষ্টিতে বিলীন প্রকৃতির কাছে দৃশ্যকল্প হয়ে বিষবাষ্প ছড়াবে। গোফওয়ালা গোমস্তা তার সঙ্গীকে বলল,
দেখছস্ বড় হইলে মায়ের মতন হইবো।
সঙ্গীর প্রতিক্রিয়া জানার আগেই সে খলইয়ের ভেতর চোখ রেখে দীপেন এবং সুশীলাকে ধমক দিল,
কি রে আলসের পোয়া ! কারে কইয়া তুই জমিদারের মাছ ধরছত?
দীপেন, সুশীলা মুখ চাওয়া-চাওয়ি করল এবং তাদের কিছু বুঝতে দেওয়ার আগেই জল ভেঙে ভেঙে দৌড় শুরু করল। ফেলে গেল সারাদিন ধরা মাছগুলো নিয়ে দেখা রাতের খাবারের স্বপ্ন। খলইয়ের মাছগুলো নিয়ে বড় গোঁফওয়ালা গোমস্তা গোঁফে তা দিতে দিতে ঘোড়ার পিঠে চেপে বলল,
যাইক, আজ তো মাছ পাইছি। তোদের ধইর্যাই একদিন এলায় তোর মাকে পামো-হু...।
সুশীলা এবং দীপেনের দরিদ্র বাবা সৌমেন দাস গোমস্তাদের এই মনোভাব জানে। সে চুপি চুপি এও জেনেছে যে, স্বয়ং জমিদারে কুনজর পড়েছে তার স্ত্রী দীপান্বিতার ওপর। জমিদার বাড়িতে বিশাল রান্না সামলানোর কর্ত্রী পুষ্পিতা একদিন সাঁঝবেলায় তাকে পুকুরপাড়ের নিভৃত নিরালায় ডেকে নিয়ে বলল,
মুই কী কও এলায়, বউটারে নিয়ে এ গ্রাম থেকে পালাও বাহে । গরীব ঘরে এত সুন্দরী মাইয়্যা তোমার অভিশাপ হয়েছে। সৌমেন অবাক হয়ে প্রশ্ন করল,
ক্যান্? মুই পালাম ক্যান্?
জমিদারের চইখ পড়েছে তোর বউয়ের উপর। বাগানবাড়ির ঘরে সাঁঝের বেলাত সে তার পা টিপার জন্য রাখছে কয়েকজন মাইয়্যা। ওরা হইল গিয়া জমিদারের রক্ষিতা। এক সাঁঝে জমিদার জয়াকে বলেছে যে, তার বেতন সে দুইগুণ বাড়ায়া দিবে যদি তোর বউরে ঐ কাজ করাবার জন্য সে রাজী করাইতে পারে।
আমি জমিদারের খুন করবাম, কইলাম !
সৌমেনের কথায় তাচ্ছিলের হাসি হাসল পুষ্পিতা। তারপর বলল,
পাগলামি করিস না। দীপারে না পাইলে জমিদার আগাম বছর খাজনা না দেওয়ার দোষে তোরে তেঁতুল গাছে ঝুলিয়ে তার লাঠিয়াল দিয়ে মারতে মারতে মেরে ফেলাবে। তারপর...
সঠিকভাবে খাজনা দেওয়ার সামর্থ হারিয়ে ফেলেছে সৌমেন। তার ওপর এবছর থেকে মরার উপর খরার ঘায়ের মতো জমিদার বাড়িয়ে দিয়েছে খাজনার পরিমাণ। সুতরাং আজ যখন সুশীলা আর দীপেন ভয় পাওয়া হরিণের মতো ওভাবে পালিয়ে বাড়িতে এলো-তারপর থেকেই সৌমেনের ভ্রু রেখায় গভীর এক চিন্তার ছাপ পড়ল।
১২
আত্রাই নদীর পশ্চিম প্রান্তের সুবর্ণ গ্রামের জীর্ণ কুঁড়েঘর থেকে সামনের মাঠ পানে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সৌমেন দাস। গাছ-পাতার ফাঁক ফোকর দিয়ে যে মাঠ তার চোখের সামনে ঝিকমিক আলো আর মরিচিকার খেলায় মত্ত-সেই মাঠে তার মাত্র ছয় বিঘা জমি। ঐটুকু জমিতে যা ফসল হতো তার সাথে জমিদারের কিছু জমি নিয়ে কোনোরকমে তার সংসার চলত। কিন্তু আজকাল কী হয়েছে; পুরো মাঠের সব জমিতে অপার এক বন্ধ্যাত্ব। অনেক যতেœ ফসল বুঁনে, মায়াভরে জল সিঞ্চন করে, আশায় আশায় দিন গোণার পর দেখা গেল কে বা কারা যেন আগুনের হলকা দিয়ে শুকিয়ে দিয়েছে শস্যক্ষেতগুলো। আসলে তা নীলচাষের পরবর্তী প্রভাব। জমিগুলোর এই বন্ধ্যাত্ব আর ‘মরার ওপর খাড়ার ঘা’-এর মতো ব্রিটিশদের তৈরি করা চিরস্থায়ী বন্দোবস্তের কারণে মাসে মাসে জমিদারকে নির্দিষ্ট পরিমাণ খাজনা দিতে গিয়ে দিশেহারা কৃষক।
সারাদিনের ক্লান্তি শেষে কুঁড়েঘরের সামনে এই স্থানটিতে বসে বাপ-দাদাদের মতো মাঠময় রিমঝিম বৃষ্টি অথবা কুয়াশার আস্তরণে ঢাকা সাঁঝের বলয় দেখে উদাসীন হওয়ার বিলাসিতা বুঝি হারিয়ে গেল। হিন্দু জমিদারের অত্যাচার এবং খাজনা প্রদান আর এই অনুর্বর জগৎ ছেড়ে সৌমেন যদি পালাতে পারত! চিন্তাটা মাথায় আসামাত্র অনুর্বর জমিতে বুঁনে রাখা বাকি স্বপ্নগুলো ফেলে সৌমেন সত্যি-সত্যি পালাতে মনোস্থ করল। জমিদারের খাজনা বাকি পড়ে আছে-তাছাড়া সামনের বর্ষায় ঘরের চাল মেরামত না করলে এ বাড়ি মেঘ-বাদলের বন্ধু হয়ে তাদের ভেজাবে প্রতিনিয়ত। সৌমেন ভীত কণ্ঠে স্ত্রী দীপান্বিতাকে ডাকল। বগলের নিচে দিয়ে প্যাঁচ দিয়ে শাড়ি পরা এবং ব্লাউজ ছাড়া শরীরটাকে ঢেকে নেওয়া দীপান্বিতা দরজায় হেলান দিয়ে বিরক্ত কণ্ঠে বলল
কী? কও।
কইছিলাম কি, বগুড়ায় এক মুসলমান জমিদার আছেন। শুনেছি তিনি অনেক দয়ালু। তারচেয়েও দয়ালু তার পুত্র-কন্যা।
তাতে আমাদের কী?
ভাবছি সেখানে যাব।
আমরা হিন্দু মানুষ, সে রাজ্যে কেউ আমাদের জায়গা দেবে না।
শুনেছি হিন্দু অনেক মানুষ নওয়াব সাহেবের খাস-বাগানে কাজ করে। প্রজাদের সন্তানদের পড়াশোনার ব্যাপারে তিনি আগ্রহী মানুষ। আমাদের মেয়েটা পড়ার ব্যাপারে এত আগ্রহী...
বাবার কথা শুনে মায়ের পাশে এসে দাঁড়াল সাত বছরের সুশীলা। পড়াশোনার ব্যাপারে তার আগ্রহ থাকলেও এ বাড়ি আর আশেপাশের বন-বন প্রকৃতি ছেড়ে যেতে হবে ভাবতে তার কেমন যেন কষ্ট হলো। কিন্তু এই বাড়ি আর আশেপাশের প্রকৃতির সাথে সখ্যতার নিবিড় মায়াজালে আজকাল সুশীলার আরো এক কষ্টকর বোধ তৈরি হয়েছে। ক্ষুধা! অবারিত এই প্রান্তরকে ভালোবাসার অপর নাম যেন ক্ষুধা। তাই-ই তার শিশু-হৃদয়ের মনোস্তত্ত্বে ঢুকেছে। সুতরাং সে-ও এই ভালোবাসা তথা ক্ষুধার রাজ্য ছেড়ে পাড়ি দিতে চাইল এমন কোথাও যেখানে দুবেলা খাবার পাওয়া যায়।
এবং সত্যি সত্যি একদিন সূর্যের আলো ফোটার আগে, অসুস্থ ছেলেটিকে নিয়ে সৌমেন দাস বাড়ি থেকে বের হলো। ছোট্ট সুশীলা দরিদ্র কুঠিরে বিদায় জানানোর মতো কিছু না পেয়েÑ শ্যাওলা ধরা মাটির কলসিতে বার বার হাত ছোঁয়াল। মাটির কয়েকটা পুতুল পুটলীতে উঠাতে গিয়ে বাবার ধমক খেলো। বরং পুতুল নিতে চাওয়ার অপরাধে সৌমেন তার পুটলীতে এক পটলা চিড়া আর গুড় ধরিয়ে দিল। শেষরাতের সুবর্ণ গ্রামটি বর্ণহীন হালকা কুয়াশার সাথে মিতালী পাকিয়ে স্থির নিশ্চল। যেন সুশীলার শিশু-হৃদয়ের সাথে অভিমান করে মুখ গোমড়া করে আছে। ক্ষুধা, কান্নার বাইরে মানুষের মন খারাপ করার এমন ব্যাপার থাকে ছোট্ট সুশীলা জীবনে প্রথম টের পেল। কিন্তু এর ধরন, প্রকৃতি এবং কারণ কোনোকিছুই তার শিশু অভিব্যক্তিতে স্পষ্টভাবে অভিযোজিত না হওয়ায় তার শুধু অকারণ কান্না পেল। তবু পড়াশুনা করতে পারবে এমন আশাটুকু সুশীলাকে সব ছেড়ে যেতে উদ্যোমি করল। বাড়ির বেড়ায় গজিয়ে ওঠা কলমিলতায় সবার অলক্ষ্যে সে হাত দিয়ে ছুঁয়ে মনে মনে কী যেন বলতে চাইল। হয়তো বলতে চাইল, আমি আবার ফিরে আসব। আর জ্বরাক্রান্ত দীপেন নামের তার ভাইটি এসব অনুভবের বাইরে। পথে বের হওয়ার আগেই পথক্লান্তির চিন্তায় সে বিমূঢ় হয়ে রইল।
সুবর্ণ গ্রামের রাস্তার মোড়ে নারায়ণের রকমারী বাহারী সামগ্রীর দোকান। সেই দোকানের মালামাল কিনতে প্রতি রবিবার ভোর রাতে নারায়ণ গরুর গাড়ি নিয়ে গঞ্জের হাটে যায়। আত্রাই নদীর কিনারে এই গঞ্জের হাটের বিভিন্ন গল্প সুবর্ণবাসী, বিশেষ করে বিধবা আর বয়স্কা নারীর কাছে প্রাণচাঞ্চল্যে ভরা ভিন্ন এক রাজ্যের গল্প। নারায়ণের মুখ থেকেই তারা গঞ্জের গল্প মুগ্ধ হয়ে শোনে। নারায়ণের গরুর গাড়িতে সৌমেন আজ তার পরিবার নিয়ে আত্রাই নদীর ঘাট সেই গঞ্জের হাট পর্যন্ত যাবে। তারপর নদী পার হয়ে বগুড়ার নওয়াব বাড়ি পর্যন্ত কীভাবে যাবে তা সে জানে না।
গরু গাড়ির দুলুনিতে অসুস্থ দীপেন গায়ে চাদর মুড়িয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ছেঁড়া চাদরের ফাঁক-ফোকর দিয়ে ভোরের ঠান্ডা হাওয়া দীপেনের জ্বরাক্রান্ত শরীরে শীতের কামড় বসিয়ে দিচ্ছে। দীপেনের দিকে তাকিয়ে নারায়ণ বলল,
গঞ্জে এক হসপিটাল আছে বাহে... মুই তোরে দেকাম এলায়। কথাটুকু বললেও নারায়ণের মন থেকে সন্দেহ কাটে না। ছেলের চিকিৎসার জন্য পরিবারসহ সবাই কেন পোটলা-পুটলি নিয়ে বের হয়েছেÑ তা তার বোধগম্য নয়। সে পরের প্রশ্ন করার আগে সৌমেন তাকে জানায়, বাচ্চাটার চিকিৎসা করিয়ে তারা নদীর ওপার এক আত্মীয়ের বাড়ি যাবে।
পূর্বাহ্নের রোদ আত্রাইয়ের জলে ঝিকমিক করছে। রাস্তা ধরে যেতে যেতে দীপান্বিতা আগ্রহভরে চারপাশ দেখতে থাকল। ক্রমেই গঞ্জ স্পষ্ট হতে থাকল আর বাড়তে থাকল মানুষের সংখ্যা। দীপান্বিতা এমন স্থানের কথা কখনো কল্পনা করেনি যেখানে মানুষ নিজেদের নিয়ে এত ব্যস্ত যে, নতুন মানুষ দেখলেও তারা তাদের দেখার প্রয়োজন বোধ করছে না। নাকি এখানে নিত্য-নতুন মানুষের আগমন ঘটে? দীপান্বিতা ভেবে পেল না। গঞ্জে এসে নারায়ণের ভাবনাগুলো ব্যস্ত হয়ে উঠল। ভাত-তরকারির দোকানের গন্ধ গত রাত থেকে চিড়া-গুড় খাওয়া সবাইকে আরো ক্ষুধাতুর করলেও খাবারসহ বিচিত্র সব গন্ধ আর নদীতে, ঘাটে, দোকানে সর্বত্র মানুষের কর্মচাঞ্চল্য দেখে দীপেনের শুধু মনে হলো, এখানে রোদের আলো অনেক বেশি উজ্জ্বল। চোখ-ঝাঁঝালো। সুবর্ণ গ্রামের ছায়াঘেরা আলো-আঁধারির ভেতর তাদের বাড়িটা তাকে হাতছানি দিয়ে ডাকল। বাবাকে দীপেন বলতে চাইল ‘বাবা চলো। বাড়ি ফিরে যাই।’ বলতে পারল না। এই আলো চোখে পড়ে তার মাথা-ব্যথা তীব্র করে দিচ্ছে। তীব্র মাথা-ব্যথায় খাবারের দোকান থেকে আসা গন্ধগুলো ওর বমিভাবকে উসকে দিচ্ছে। এক সময় সে ভক করে বমি করে নারায়ণের গরুর গাড়ি ভাসিয়ে দিল। নারায়ণ ‘রাম’ ‘রাম’ করতে করতে তাদের গঞ্জের হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে মনে মনে হাঁফ ছেড়ে বাঁচল। এবং সেই হাসপাতালের লবণ-মিশ্রিত মিষ্টি পানি আর কয়েকটা ট্যাবলেট খেয়ে দীপেন শরীরে শক্তি ফিরে পেল। যে ব্রিটিশরা হাসপাতাল স্থাপনের মতো এমন সুকীর্তি করেছেÑতাদের আরো ‘সুকীর্তি-সুবিধা’ পাওয়ার ভাবনায় ব্যতিব্যস্ত হয়ে উঠল সৌমেন। সে ধরেই নিল, গঞ্জের হাসপাতাল থেকে পাওয়া ওষুধ দীপেনকে ভালো করে তুলবে। তারা গঞ্জের ঘাটে গিয়ে নৌকায় উঠল। সুবর্ণ গ্রামের আশেপাশে নদী নেই। দীপেন আর সুশীলার শিশুচোখ সুবর্ণ গ্রামের খালকে নদী ভেবে নদী দেখার আশ মেটাত। নদীর দুই কূলে কোথাও কোথাও শুকনো বালির বিস্তৃতি। কোথাও কোথাও বাতাসে দোল খাওয়া কাশবনের নিঃসঙ্গ মাতামাতি। এই দৃশ্যের দিকে অবাক করা নিষ্পাপ চোখে তাকিয়ে আছে দুই-শিশু আর তার মা। দীপান্বিতার চোখে এই সাদা সাদা কাশবনের মৃদু দোলা তার সুবর্ণ গ্রামে ছেড়ে আসা জীর্ণকূটিরের হাতছানি হয়ে যাচ্ছে। ছলছল করে উঠছে তার চোখ। তবু এত মানুষের সামনে নিজেকে সে সংবরণ করছে। যেভাবে সারাক্ষণ সে চেষ্টা করছে উড়ে ওঠা শাড়ির আঁচল সামলাতে। বগলের কাছে ছেঁড়া অংশ উন্মুক্ত হলেই বড় লজ্জায় পড়বে সে। আর কেউ না বুঝলেও সে অনুভব করছে আশেপাশে বসে থাকা পুরুষগুলোর চোখের দৃষ্টিতে কেমন লোভাতুর জিহবা বসানো। তার খাওয়া-না খাওয়া শরীর বিশের আগেই দুই-দুইটি সন্তানের জন্ম দিয়েও কেন এমন ঢল-ঢল যৌবন ধরে রেখেছেÑ তার জন্য নিজেকেই সে মনে মনে অভিশাপ দিল। নিজের শরীরে অন্য কারো এমন আড়চোখের দৃষ্টি এভাবে আড়ষ্টতায় তাকে ডুবিয়ে দিতে পারে তা ধারণায় ছিল না দীপান্বিতার। সামান্য জমি, সামান্য একটু লেখাপড়া আর পরিবারের একমাত্র সন্তান হওয়ার যোগ্যতা দেখিয়ে সৌমেন তাকে ঘরণী করেছিল। তারচেয়ে ধনী কিন্তু অক্ষর জ্ঞানশূন্য বলে দীপান্বিতার বাবা মেয়েকে অন্য কারো সাথে বিয়ে দিলেন না। দীপান্বিতার প্রতি কুনজর পড়েছিল জমিদার বাড়ির অন্যান্য কর্মচারীদেরও। কী জানি সেখানে থাকলে তাকে শেষমেষ রক্ষিতা হয়ে যেতে হতো কী না! কিন্তু সেই আশ্রয়টুকু হারিয়ে সহায়-সম্বলহীন তার বাবার জানা বিদ্যাটুকু আর কোথাও কাজে লাগল না।
আত্রাই নদীর এই উন্মুক্ত প্রান্তরে দীপান্বিতার চোখ আজ তার বাবাকে আকুল হয়ে খুঁজে চলল। তার চোখের সেই আকুলতা নৌকার যাত্রী পুরুষদের কাছে তার উদ্ভিন্ন যৌবনের অংশ হয়ে উঠল। দীপান্বিতার রোদে পোড়া শ্যামাঙ্গ ত্বকের ফাঁক-ফোঁকরে মাঝে মাঝে উঁকি দেওয়া তার রক্তিমাভা বাহু, গন্ডদেশ; পুরুষ যাত্রীদের কাছে এই আত্রাইয়ের জল-আকাশ পেরিয়ে একমাত্র আকর্ষণীয় সৌন্দর্যের প্রতীক হয়ে উঠল। দীপান্বিতার আড়ষ্টতা অথবা সুবর্ণ গ্রামের স্মৃতিকাতরতা, এমনকি আত্রাইয়ের এই উন্মুক্ত প্রান্তর কোনোকিছুর প্রতি সৌমেনের খেয়াল নেই। সে নিবিড়ভাবে স্রোত আর দক্ষিণের দিকে স্রোতের অনুকূলে জলের প্রবাহ দেখছিল। যেন স্রোত আর জল নয়, সে তার অতীত, তার দুঃখ আর দুর্দশাকেই অতিক্রম করে চলছে। সুশীলা আর দীপেনের সুবর্ণ গ্রামের জন্য খারাপ লাগলেও এই বয়সী শিশুদের খুব বেশি স্মৃতিময়তা তৈরি হয় না বলে তারা শুধু উন্মুক্ত প্রান্তরের এই অবারিততার প্রতি মুগ্ধপানে তাকিয়ে ছিল। দীপেনের শরীর একটু চনমনে ভাব আসায় সুবর্ণ গ্রাম হতে এই চলে যাওয়ার প্রতি তৈরি হতে থাকল তার শিশু হৃদয়ের অকুণ্ঠ সমর্থন।
আত্রাই নদী অতিক্রান্ত হলো। পদব্রজ এবং গরুর গাড়ি হয়ে পরিশেষে তারা বাহাদুরাবাদ স্টেশনে পৌঁছাল। পাথরের ওপর সরু দুই পথের সমান্তরাল বয়ে যাওয়ার পানে তাকিয়ে সুশীলা আর দীপেনের বিস্ময়ের সীমা থাকে না। রেলপথ ধরে দৌড়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা করলেও দীপেন ক্লান্তি বোধ করছিল। ট্রেনের আগমনে সেই ক্লান্তিবোধও কেটে গেল। ধোঁয়ার বিজয় নিশান উড়িয়ে, মাটি কাঁপিয়ে এক যন্ত্রদানবের আগমন-পথের দিকে দীপান্বিতা আর সৌমেন মুখটা কিছুটা হা করে অবাক হয়ে তাকিয়ে থাকল। সৌমেন কণ্ঠকে একটু উঁচু করে দীপান্বিতার কানের কাছে মুখ নিয়ে বলল,
ব্রিটিশরা না এলে, এদেশে এমন দৃশ্য কী এলায় দেকবার পারতিস? সামান্য শিক্ষা আছে বলে সৌমেন সবসময় শুদ্ধ উচ্চারণে কথা বলার চেষ্টা করে। পরিবারের সবার ভেতরে তার প্রভাব স্পষ্ট। কিন্তু পুরো বাক্য একেবারে স্থানীয় ভাষায় বলায় দীপান্বিতা অবাক হয়ে সৌমেনের মুখপানে চেয়ে রইল। ভাবল ‘নীলচাষের কারণে যে অনুর্বরতার দুঃখ’ তা সৌমেন এত তাড়াতাড়ি ভুলে গেল! সে আলতো করে বলল,
ওদের জন্যই তো মোরা ঘর ছাড়লাম! ট্রেনের হুইসেল ব্রিটিশদের পক্ষ নিয়ে দীপান্বিতার নরম কণ্ঠস্বরকে গিলে ফেলল। সৌমেন ওর দুঠোঁটের নড়াচড়ায় কী বুঝল, বোঝা গেল না। সে মহাদানবের মতো ট্রেন নামক বস্তুতে ওঠার আহলাদে দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
বুঝিছ বউ, এজন্যি আরো আগত মুই ঘর ছাড়তে চাইছিনু।
কিন্তু ব্রিটিশদের এইসব জগদ্বিখ্যাত কীর্তি সৌমেনদের জন্য যে নয় তা সে একটু পরই টের পেতে শুরু করল। সময় যত গড়াল ততই সে বুঝল তার ছয় বিঘা জমি আর বাড়ির পাশের বা¯ু—ভিটার বৃক্ষরাজীর মতো আপন আর প্রয়োজনীয় পৃথিবীতে আর কিছুই নয়। বিমুগ্ধতা আর আশ্চর্যতা দিয়ে আর যাই-ই হোক জীবনের লৌকিক প্রয়োজন মেটে না।
ট্রেনের জন্য মাত্র একটা টিকেট কাটায় তাকে উল্টা জরিমানা হিসাবে বেশি টাকা গুনতে হলো। সৌমেন ধরে নিয়েছিল ঐ এক টিকেটে যত জন ইচ্ছা যাওয়া যায়। এতবড় একখান গাড়িতে তো পুরো সুবর্ণ গ্রামটাও তুলে নেওয়া যায়। সেখানে আবার জনে জনে টিকেট কেন?
অনেকবার বমি আর পায়খানা করে দুর্বল দীপেন মায়ের কোলে মাথা রেখে জানালা দিয়ে বাইরে অন্ধকার আকাশপানে তাকিয়ে ছিল। কী অদ্ভুত! সুবর্ণ গ্রামের তারাগুলো তাকে এত ভালোবাসে? দীপেনের সাথে সাথে নতুন গন্তব্যের দিকে তারাগুলোও ছুটছে দেখে আকাশের গায় মিটমিট জ্বলা অসংখ্য তারাগুলোকে তার বড় আপন মনে হলো। আপন মনে হলো বাইরের ঘুটঘুটে অন্ধকারকেও। হাজার হোক এই অবারিত তারাগুচ্ছ আর অন্ধকার তার সুবর্ণ গ্রাম থেকে আসা কিনা! দীপেন ক্লান্ত কণ্ঠে পানি চাইল। হাসপাতালের দেওয়া কী সব পাউডার ততক্ষণে শেষ হয়েছে। ট্রেনের ভেতর সংগ্রহ করা পানিটুকু ছেলের মুখে ধরল দীপান্বিতা।
ছেলের ক্রমশ শীর্ণ হয়ে ওঠা মুখায়ব তাকে কখন ভুলিয়ে দিয়েছে আশেপাশের মানুষের অস্তিত্ব। এমন অসুস্থ্য ছেলেকে নিয়ে বাড়ির বাইরে বের হওয়ার জন্য সে মনে মনে সৌমেনের ওপর রুষ্ঠ হয়ে উঠল। সৌমেন নিজেও দীপেনের শারিরীক অসুস্থতা নিয়ে সুবর্ণ গ্রামকে ঠিক এই সময়েই চিরতরে বিদায় জানাতে চায় নি। কিন্তু কোনোভাবে সে জেনে গিয়েছিল যে জমিদারের গোমস্তারা এসে খাজনা না দেওয়ার অপরাধে পরেরদিন দীপান্বিতাকে তুলে নিয়ে যাবে। এবং সবার মতো তাকেও নির্মম ভাগ্যের শিকার হতে হতো। এতক্ষণ হয়ত বেত্রাঘাতে তার ক্ষত-বিক্ষত শরীরটা বাঁধা থাকত আত্রাই নদীর পূর্বপ্রান্তে প্রাচীন এক তেঁতুল গাছে, যার গল্প সব প্রজাই জানে। ঐ গাছের নিচেই চলে প্রজা নির্যাতন। তেঁতুলিয়া নামটির উৎপত্তি এরই সূত্রে। তারপর জমিদারের লোকজন তার শরীর খাওয়াত শিয়ালকে। অতঃপর তারা দীপান্বিতাকে তুলে নিয়ে গিয়ে...
সৌমেনরে দুঃখের কল্পনাগুলো চরম এক বাস্তবতা। পালানো ছাড়া সৌমেনের সামনে অন্য কোনো পথ ছিল না। মোগলদের কাছ থেকে অত্যাচার আর নারীভোগ রপ্ত করতে শেখা বঙ্গদেশীয়রা এখনো বড় নির্মম। এই কঠিন সত্য সৌমেন ছাড়া আর কে জানে! আজ এই প্রথম বাঙালিদের চেয়ে ব্রিটিশদের প্রতি তার এক ধরনের ভক্তি জন্মেছে। তার চোখে নীলচাষই তাদের একমাত্র খারাপ কাজ কিন্তু ওরা এমন অত্যাচারী আর নারীলিপ্সু নয়। তাছাড়াও এতবড় যন্ত্রদানব যারা আবিস্কার করেছে তাদের শ্রদ্ধা না করে পারা যায়?
কিন্তু সৌমেন তখনো জানত না, নীলচাষই তার জীবনের একমাত্র বিভীষিকা। বাস্তুচ্যূতির কারণ। ব্রিটিশদের সুবিচার অথবা রেল প্রতিষ্ঠার মতো ঘটনা তার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না বরং এইসব নব্য আবিষ্কারের প্রতি মুগ্ধতা তার মতো সাদামাটা সাধারণ মানুষের জীবনকে যে কোনো মুহূর্তে সংকটাপ্ন করে তুলতে পারে।
দুইদিন আর একরাতের দীর্ঘ যাত্রাশেষে তারা যখন বগুড়ায় পৌঁছাল ততক্ষণে দীপেনের চোখের মণি নিষ্প্রভ আর শরীর নিস্তজ হয়ে গিয়েছে। মাঝে মাঝেই ইট-পাথরের তৈরি দালান দেখেও ওদের বিস্ময় শুধুমাত্র দীপেনের কারণেই থমকে যাচ্ছে। অগণিত থাক থাক সিঁড়ির শুভ্র সমাহার ক্রমশ উঠে গিয়েছে উত্তর দক্ষিণে বিস্তৃত এক বারান্দাওয়ালা পাকা বাড়িতে। সৌমেন জানে না এই স্থানটির নাম কোর্ট-কাচারি।
পরিছন্ন রাস্তার পাশে উঁচু উঁচু থাম্বা, সেই থামের মাথায় কিসের ওমন অদ্ভুত আলো, লণ্ঠন ছাড়াই জ্বলছে, সৌমেন আর সুশীলা ভেবে পেল না। দীপেন ততক্ষণে এসব ভাবনাকে, জীবনে প্রথম পরম আশ্চর্য বস্তুসমূহ দেখেও আশ্চর্য হওয়ার ব্যাপারগুলোকে উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সিঁড়ির উত্তরপ্রান্তে দীপান্বিতা দীপেনের মাথাটা কোলে নিয়ে বসে পড়ল। তার বামবাহু ঘেষে বসল সুশীলা। ক্ষুধায় কাতর দুই সন্তান আর স্ত্রীর জন্য সৌমেন পুটলি থেকে পুনরায় গুড় আর চিড়া বের করল। দুদিন ধরে একই শুকনো খাবার খেতে খেতে তাদের প্রাণ ওষ্ঠাগত। চিড়া গুড় দেখে সুশীলার ঠোঁট কাঠ হয়ে উঠল। আর দীপেনের পেটের ভেতর মোচড় দিয়ে বমি উঠল। খাদ্যশূন্য পেট আর প্রায় পানিশূন্য শরীরে বমিও থাকে না। কিন্তু চিড়া আর গুড় থাকলেও খাবার পানি না থাকায় চিন্তিত হয়ে উঠল সৌমেন। দীপেনের চোখে আলো আঁধারির ঘোরটুকুও আঁধারে ঢেকে যাচ্ছিল। সে ক্লান্ত কণ্ঠে বলল,
জল! জ...ল মা...। সৌমেন শুনেছিল এই কাচারি ঘরের পেছনে একটু দূরেই করতোয়া নদী। সে দীপান্বিতাকে বলল,
তোমরা এলায় বসো ক্ষণ, জল নিয়ে একটু পরেই মুই ফিরে আসিম। সৌমেন আশেপাশে কোনো মানুষ দেখল না। দিকভ্রান্ত হয়ে সে পূর্বের বদলে বরং করতোয়া নদীর উল্টাদিকে পশ্চিমে যেতে থাকল। বড় এক লাল দালানের পাশে একটা পুকুর দেখে ওর চোখ চকচক করে উঠল। সম্প্রতি এই লাল দালানে ব্রিটিশরা গোপনে কিছু গোলাবারুদ রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন ক্রান্তিলগ্নে যে কোনো মুহূর্তে তাদের গোলাবারুদ প্রয়োজন হতে পারে ভেবেই এই ব্যবস্থা। তার নিরাপত্তা এবং সংরক্ষণে তারা নিজেরা না থেকে রেখেছে হিন্দু-মুসলিম বাঙালি। পুকুরের ঘাটে গিয়ে সে দুহাতে বার বার জল ভরিয়ে শব্দ করে তা পান করতে থাকল। পিপাসা মিটে গেলে বুঝতে পারল জল নেওয়ার কোনো পাত্রই তার কাছে নেই। দীপেনের তৃষ্ণাকাতর মুখের কথা মনে হতেই যে কোনোভাবে একটা পাত্র যোগাড়ের চিন্তায় সে মরিয়া হয়ে উঠল। সুনশান নীরবতার এই রাতের মিটমিট করে হাসতে থাকা লাল বাড়িটাতেই পাত্র পাওয়া যাবে ভেবে সে বাড়িটাতে পৌছার সম্ভব সকল পথ খুঁজতে লাগল। চারদিকেই উঁচু প্রাচির দেওয়া বাড়িটাতে ঢোকার একমাত্র পথ হিসাবে সে পুকুরের দক্ষিণপ্রান্ত হতে সাঁতরে পশ্চিমে গিয়ে বাড়িটার পেছনে ওঠার পরিকল্পনা করল। দক্ষিণের শানবাঁধানো ঘাট হতে একসময় সে সন্তর্পণে পুকুরে শরীর ভাসাল।
দুই সন্তানের ক্রমাগত আকুল হয়ে চাওয়া ‘জল’ ‘জল’ শব্দরা দীপান্বিতার আত্মার ভেতরে জল হয়ে কলকল প্রবাহিত হচ্ছিল। দীপেনের ম্রিয়মান আর দুর্বল কণ্ঠই তাকে বেশি অস্থির করে তুলল। তার আত্মার ভেতর যেখানে জলগুলো কলকল ধ্বনি তুলে কোথায় যেন চলে যাচ্ছেÑ দীপান্বিতার ইচ্ছা করল সেখান থেকে দুহাত ভরে জল এনে সন্তানের মুখে তুলে দিতে। দীপেন যখন ‘জল’ শব্দটা উচ্চারণ করা থামিয়ে দিল তখন শীতল এক ভয়ের অনুভূতি বয়ে গেল দীপান্বিতার মাথা হয়ে পায়ের তালু পর্যন্ত। অস্থির কণ্ঠে সে সৌমেনকে ডাকতে থাকল,
দীপেনের বাপ...ও দীপেনের বাপ! তুমি এ্যালায় আস না ক্যান বাহে? সারারাত লাগিছে তোমার একটু জল আনতে?
সৌমেনের জল কাটার শব্দে ঘুম ঢুলুঢুলু চোখে ব্রিটিশদের অস্ত্রগারে নিযুক্ত প্রহরী সজাগ হয়ে উঠল। দুলাল চন্দ্র আর রহিম বখস্ ছিল সেদিন অস্ত্রাগারের পাহারায়। সাঁতার কেটে একজন মানুষ চুপি চুপি অস্ত্রাগারের দিকে এগিয়ে আসছে দেখে দুলাল চন্দ্র ফিসফিস করে রহিম বখস্কে বলল,
এখনই গুলি করে ওকে না মারলে, আগামিকাল সাহেবরা আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দেবে! রহিম দুলালকে ধৈর্য ধারণ করতে বলল,
লোকটা তো অন্য কোনো কারণেও...
দুলাল চন্দ্র রহিম বখসকে ততক্ষণাৎ সূর্যসেন কর্তৃক কয়েকদিন আগে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা স্মরণ করিয়ে দিল। সুতরাং সামান্য জলের পাত্রের পরিবর্তে বন্দুকের গুলি জুটল সৌমেনের ভাগ্যে। সুবর্ণগ্রাম ছেড়ে এসে এই প্রথম, গুলির শব্দ কী; তা বোঝার আগেই সৌমেন মাথায় গুলিবিদ্ধ হলো। সুবর্ণ গ্রামে কোনো এককালে ব্রিটিশরা সাঁওতাল এনেছিল- তাদের দিয়ে নীলচাষ করিয়ে নেওয়ার জন্য। গুলির শব্দে রাতের নীরবতা খান খান হয়েও সেই নীরবতার মাঝেই প্রকট সেই শব্দ বিলীন হয়ে গেল। ঠাণ্ডা জলের ভেতর ফিনকি দিয়ে বের হওয়া তার শরীরের গরম রক্ত তাকে তার সুবর্ণগ্রামের সাঁওতালদের কথা মনে করিয়ে দিল। সৌমেনের মনে হলো সাঁওতালদের শিকারের উদ্দেশে ছোঁড়া তীর তার বুকে এসে বিঁধেছে। অন্ধকারেও সুশীলা আর দীপেনের মুখের দুই প্রতিবিম্ব পুকুরের জলে যেন কাঁপতেই থাকল।
যতই সে তার প্রিয় দুই সন্তানের দুই মুখায়বকে দুইহাত দিয়ে আকুল হয়ে ধরতে চাইল ততই যেন তারা দূরে সরে যেতে থাকল। আরো গভীরে... গভীর জলে! তাদের মুখে একটু পানি দেওয়ার প্রত্যাশায় সৌমেনও ডুবতে থাকল গভীরে... আরো গভীরে। লাল দালানের পাশে এই পুকুরজলে; সুবর্ণ গ্রামের এক যুবকের লাল রক্ত অন্ধকারে কেমন রঙ ধারণ করতে পারে? জমিদারের রক্তচক্ষুর মতো?
জমিদারের হাতে নির্যাতিত কৃষকের যেসব রক্তের দাগ জেগে আছে তেঁতুলিয়ার তেঁতুল গাছের বাকলেÑসেই বাকলের রক্তের মতো?
একসময় সৌমেনের লাশ ভেসে উঠল। কিন্তু তার হাত দুটো ছিল জলের গভীরে বিনীত ভঙ্গিমায়। আর মুখ ছিল জলের কাছাকাছি জলপানে মগ্ন বড় তৃষ্ণার্ত এক প্রাণীর ভঙ্গিমায়।
আঁধার আর রাতের নিরবিছিন্নতা ভেঙে হঠাৎ ধেয়ে আসা গম... গম শব্দগুলো কিসের-দীপান্বিতা তা বুঝতে পারল না। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। পাশে সুশীলা গুটি শুটি মেরে ঘুমিয়ে গেছে। খাদ্যহীন পেট ওকে ঘুমানোর জন্য প্রয়োজনীয় উষ্ণতা দিতে পারছিল না। বোঝা যায়। বুকের কাছে আঁকড়ে ধরা দীপেনকে সে কয়েকবার ঝাঁকাল,
দীপেন? দীপে...ন! দী...পেন?
দীপেনের কোনো সাড়াশব্দ নেই।
গুলির শব্দময় এক জগৎকে জানার আগেই দীপেন মারা গিয়েছে। মন্দ কী! মরে যাবার আগে ভয়াবহ এক যন্ত্রদানব দেখার সৌভাগ্য তো তার হয়েছে! তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তকে যে যন্ত্রদানব ঝিক ঝিক, ঝিক-ঝিক দুলুনিতে ভুলিয়ে দিয়েছিল। শরীরের সব ইকেট্রোলাইট নিঃশেষিত হওয়ার পর ‘মা’ শব্দটা অনেকবার উচ্চারণের চেষ্টা করেও ব্যর্থ হলো দীপেন। তারপর ব্রিটিশদের মহান আবিষ্কার রেলপথের দোল যেন তাকে ভাসিয়ে নিল আকাশের তারাদের কাছে। ট্রেনের মসৃণ গতি তার আত্মাকে পরপারের যাত্রায় সাথী করে নিয়েছিল। ছোট্ট দীপেনের চোখে তখন অন্ধকার আকাশের মিটমিট জ্বলা তারাগুচ্ছ হতে আজলা ভরা জল নিয়ে এগিয়ে আসছে এক হাত।
বাবা!
বাবার জলভরা হাত থেকে চুকচুক শব্দে সে জল খেতেই থাকল। তবু পিপাসা মিটে না! বাবার হাতে আনা জলের এত স্বাদ? এমন অমৃত খেয়ে কয়জন শিশুর মৃত্যু হয়?
দীপান্বিতা দীপেনের নিঃসাড় শরীর আঁকড়ে হাউমাউ করে কাঁদল। হয়তো একটু পরেই দীপেন ক্লান্ত দু চোখ মেলে আরো ক্লান্ত আর কাতর স্বরে বলবে
জ...ল...। মা...জ...ল...!
ছেলের সেই কাতর কণ্ঠের আকুতি শোনার জন্য মায়ের কেটে গেল সারারাত। আর রাতের পরতে পরতে দীপান্বিতা কখনো চিৎকার স্বরে, কখনো কান্নামিশ্রিত কণ্ঠস্বরে সৌমেনকে ডাকতে থাকল,
দীপেনের বাপ-প...! দীপেনের বাবা...?
ভোরের আলো জেগে ওঠার আগে কাচারি পরিষ্কার করতে আসা কয়েকজন ঝাঁড়–দার সিঁড়ির সামনে থমকে দাঁড়াল। পাশে এক কন্যা শিশু আর কোলে মৃত ছেলেশিশু নিয়ে বোবার মতো এক বাকরুদ্ধ নারী দেখে তারা পরস্পরের মুখ চাওয়া-চাওয়ি করল। কিছু সময় পর এক মেয়ে ঝাড়–দার বিরক্তকণ্ঠে দীপান্বিতাকে গালি-গালাজ শুরু করল,
ঐ লটি... ব্যাশ্যা! বমি করা সিঁড়ি ভ্যাসা দিচু... মনে করচু হামরা তোর বুমি মুছমো? তোর নাঙদের ড্যাকা আন। এক পুরুষ ঝাড়–দার দীপান্বিতার প্রতি দয়া পরবশ হয়ে উঠল,
আহা লছিমন! তুই থাম তো। লছিমন আরো তপ্ত হয়ে উঠল,
ওরে জাউরা মরদ! মাগিক সুন্দর দেখ্যা তো তোর...
সেদিন ভোরে মোহাম্মদ আলীর খাজনা আদায়কারী সুফিয়ান কৌশলে ক্ষেতলালের তালুক নিজের নামে লিখিয়ে নেওয়ার কাগজপত্র নিয়ে কাচারিতে যাচ্ছিল। একজন হিন্দু মুহুরীর কাছ থেকে জমি রেজিস্টারের কাজ করিয়ে নেওয়ার জন্য তারা ভোরে কাচারিতে পৌঁছাল। খাজনা অফিসে কাজ শেষ করে তারা প্রথম প্রহরে রেজিস্ট্রি অফিসে ঢুকবে বলে পরিকল্পনা করেছিল। কিন্তু কাচারিতে ঢোকার সিঁড়ির সম্মুখে কিছু মানুষের জটলা দেখে সুফিয়ান থেমে গেল।
মৃত সন্তান কোলে নিস্তেজ এক নারীর অসহায়ত্বের চেয়ে তার আলুথালু পোশাকের ভেতর থেকে বের হয়ে আসা বাদামি রঙের পা, নগ্ন বাহু-কাঁধ এসবে সুফিয়ান আর নিরঞ্জনের চোখ স্থির হয়ে গেল। সকালের মাত্র ফোটা আলোও দীপান্বিতার শাড়ির ফাঁক গলে তার ত্বকের বিভার সাথে খেলায় মত্ত। দীপান্বিতার এইটুকু রূপ দেখে তার জীবনের চারপাশে নেমে আসা ভয়াবহ অন্ধকারকে খোঁজার পরিবর্তে দীপান্বিতার শাড়ির আঁচলে লুকানো বুকে গুপ্তধনের সন্ধান করতে থাকল নিরঞ্জন আর সুফিয়ানের চোখ। সুফিয়ানের মাথায় পরিষ্কার এক বুদ্ধি খেলা করল। অসহায় মানুষের বিশেষত নারীদের অসহায়ত্ব নিয়ে ধান্দাবাজ পুরুষ পৃথিবীর আদি থেকে লাভবান হওয়ার চেষ্টা করে এসেছে। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত নিরঞ্জন এবং সুফিয়ানের সেই ডি.এন.এ সক্রিয় হয়ে উঠল।
সুফিয়ান দীপান্বিতার এই রূপকে টাকা অর্জনের এক উৎস ভাবল আর তা ভোগের জন্য নিরঞ্জনের চোখ লোলুপ হয়ে উঠল। নিরঞ্জন, সুফিয়ানের দিকে তাকিয়ে চোখ টিপল যেন ইশরায় বুঝিয়ে দিল অন্য কোনো বাঘের চোখে পড়ার আগেই এই হরিণীকে তাদের আস্তানায় নেওয়া জরুরি।
নিরঞ্জন দীপান্বিতার মুখের কাছে ঝুকে, তার বুকের অলি-গলিতে হারানো মণি-মুক্তা খুঁজতে থাকল। অথচ মুখে এমন সরল অভিব্যক্তি ধরে রাখল যেন অসহায় এক নারী আর তার সন্তানদের মর্মপীড়া অনুভবের ভার ঈশ্বর তাকে একা দিয়েছেন। তারপর নিরঞ্জন তার মনের কূটিল ইচ্ছাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করার জন্যই দীপেনকে ভালো করে পর্যবেক্ষণ করতে গেল। দীপান্বিতা মৃত সন্তানকে আরো শক্ত করে আঁকড়ে ধরে দুর্বল শরীরেও সাপিনীর মতো ফোঁস করে উঠল। ওমন বিধ্বস্ত শরীরের একজন নারীর চোখে হঠাৎ ঝলসে উঠা তেজ দেখে নিরঞ্জন বরং খুশিই হলো। আগুন ঝলসানো চোখের তেজী নারী তার খুব পছন্দ। সুফিয়ান নিরঞ্জনকে তাড়া দিল,
তাড়াতাড়ি করো ভায়া। লোক সমাগম তো বাড়ছেই। নিরঞ্জন দীপান্বিতাকে শোনানোর জন্যই সুফিয়ানের দিকে না তাকিয়ে বলল,
মানুষগুলোর আর কী কাম? তারা তো দূরে দূরে দাঁড়িয়ে শুধু দেখছেই। মৃত সন্তান আর ক্ষুধার্ত বাচ্চা কোলে মেয়েটার হয়তো কোথাও যাওয়ার জায়গা নেই- তা কি ওরা ভাবে? সব শালা অমানুষ! তামাশা দেখছে।
তা ঠিক। আমরা তো আর তা করতে পারি না। তাদের কথা শুনে দীপান্বিতা কতটুকু বুঝল তা বোঝা মুষ্কিল। তবে চোখে জেগে থাকা তার সাপিনীর ফণা সংকোচিত হয়ে এলো। নিরঞ্জন গলার স্বর কাঁদো কাঁদো করে বলল,
আহারে! তোর বাচ্চাটা তো মরে গেছে। মরা বাচ্চাকে কোলে নিয়ে বসে থেকে কী আর করবি? তাতে ওর অমঙ্গল হবে। সারারাত ধরে দীপেনকে জাগাতে না পারলেও দীপান্বিতার মনে হয়েছেÑএই হয়তো তার ছেলে নড়েচড়ে উঠবে। অনেক চেষ্টায় চোখের পাতা একটু খুলে ক্লান্ত স্বরে বলবে,
মা... আ... আ...। জ...ল...।
জলশূন্য অন্ধকার এক নিষ্ঠুর রাত তার আশাকে তবুও বাঁচিয়ে রেখেছিল- মানুষের আশ্বাস পেয়ে তার আশাটুকু নিভে গেল। প্রতিটি ক্ষণে আশায় নীড় বাঁধতে চাওয়া প্রতিটি অন্তর সেজন্যই জীবন বাস্তবতার সিঁড়িতে পা রাখে। কিন্তু দীপান্বিতার বাস্তবে ফেরার সেই ক্ষণটুকু হয়ে উঠল প্রপাতময়। শরীর কাঁপুনি দিয়ে ভেতর থেকে উঠে আসা শব্দহীন কান্না একসময় ডুকরে ওঠা কান্নায় পরিণত হলো। সুশীলা কিছু বুঝে উঠতে পারল না। তার ভাই মরে গেছেÑএই বোধের চেয়ে একজন দয়াপরবশ মানুষের স্নেহে সে জল-খাবার প্রাপ্তির আশায় অস্থির হয়ে উঠল। ছোট্ট সুশীলা জানে-মরে গেলেও তার ভাই একটু পরেই ঘাসফড়িং হয়ে তার সাথে খেলতে আসবে। সে বরং মনে মনে নিশ্চিত এক আশ্রয় প্রত্যাশা করল। যেখানে হাত বাড়ালেই জল পাওয়া যায় আর একটুকরো ঘাসের চত্বরে একটা ঘাসফড়িংয়ের সাথে খেলায় মেতে ওঠা যায়। ঘাসফড়িংটাকে সে দীপেন নামে ডাকবে। তার ঘাসফড়িং ভাই দীপেন! তবু মায়ের ওমন ডুকরে ওঠা কান্নায় সুশীলাও অবুঝ ভঙ্গিতে কাঁদতে থাকল। মৃত দীপেনকে সৎকারের নামে করতোয়ার জলে ফেলে দিয়ে ঝামেলা হতে মুক্ত হতে চায় নিরঞ্জন আর সুফিয়ান।
নিরঞ্জন ঠেলাগাড়ি আনার জন্য এক কিশোরের হাতে কয়েক পয়সা গুঁজিয়ে দিয়েছিল। যথাসম্ভব দ্রুততায় কিশোরটি সিঁড়ির নিচে একজন ঠেলাগাড়িওয়ালাকে এনে দাঁড় করিয়ে রেখেছে। নিরঞ্জনের ইশারায় দীপান্বিতার কোল থেকে কয়েকজন ডোম মৃত দীপেনকে ছাড়িয়ে নিচ্ছিল। আকুল আবেগে ক্রন্দনরত দীপান্বিতার হাত থেকে দীপেনের মাথা ওদের হাতে যাওয়া মাত্র মেয়ের মাথাটা সে বুকের কাছে আঁকড়ে ধরল। দীপেনের বাপের ওপর এই মুহূর্তে দীপান্বিতার প্রচণ্ড অভিমান দানা বাঁধল এবং সুবর্ণ গ্রামের অদ্ভুত এক দৃশ্যকল্প তার চোখের সামনে ভেসে উঠল-
তাদের কুঁড়েঘরের সামনে কয়েকটা পেঁপে গাছ। লাউ আর শিমের মাচার নিচে আলো-ছায়ার মাখামাখি। সেই আলো-ছায়ায় তার দুই শিশু একটা লাল-কালো ফড়িং ধরায় ভীষণ ব্যস্ত।
দীপান্বিতা জ্ঞান হারাল। জ্ঞান হারানো দীপান্বিতার শাড়ি দুর্বল নখগুলো দিয়ে আঁকড়ে ধরে সুশীলা পিপাসার্ত অস্ফুট স্বরে আরো দুর্বল কণ্ঠে বলল ‘মা... আ...! মা...!’
সুশীলা মায়ের শাড়ি শক্ত করে ধরায় অজ্ঞান দীপান্বিতার বুক বসনচ্যূত হয়ে গেল। নিরঞ্জন দীপান্বিতার বসনচ্যূত শাড়িটুকু হাতের তালুর উল্টাপৃষ্ঠ দিয়ে ঠিক করে দিল। আর জীবনে সে প্রথম একটা ভাবনায় ডুবে গেল, শরীরের যে কোনো অঙ্গের চেয়ে জিহবা বেশি সংবেদনশীল। অথচ জিহবার সাথে সাদৃশ্যময় হলেও নখ-হাতের তালুর চেয়ে তার অপর পৃষ্ঠাই বরং দ্রুত স্পর্শের অনুভব উপলব্ধি করতে পারে। কাপড় ঠিক করে দেওয়ার ফাঁকে কয়েকবারই সে হাতের তালু এবং তালুর অপরপৃষ্ঠা দিয়ে দীপান্বিতার বুকের অনাবৃত অংশ ছুঁয়ে দিল। অসহায় নারীকে ছুঁয়েও পুরুষ মানুষ মনে হয় না তার অসহায়ত্ব টের পায়। তারচেয়ে নিজের রিপুর জেগে ওঠা কামনায় সে নিষ্ঠুর হয়ে ওঠে। নিরঞ্জনও দীপান্বিতাকে নিজের করে পাবার জন্য অস্থিরতা নামক নিষ্ঠুরতায় মজে গেল। আর প্রভূত অর্থসম্পদে ডুব দিয়ে সমাজে সম্মানি লোক হওয়ার উচ্চাকাঙ্খায় সুফিয়ানও দীপান্বিতাকে নিরঞ্জনের কাছে গছিয়ে দিয়ে, তাকে দীপান্বিতা বাবদ কত কম পারিশ্রমিকে কাজ উদ্ধার করা যায় সে চিন্তায় মগ্ন হয়ে রইল। সামান্য বিদ্যা তাদের দুজনের কাউকেই শেখাতে পারেনি অসম উচ্চাকাঙ্খা জীবনে বড় অপ্রয়োজনীয়। উচ্চাকঙ্খার বশবর্তী হয়ে যারা অপরের সাথে প্রতারণা করে, একদিন প্রত্যাশিত আসনে বসে তারা মানুষকে তাদের সুকীর্তি দেখিয়ে জীবন সার্থক হলো ভাবে, সত্যি হলো; মানুষ, সময় এবং ইতিহাস তাদের প্রবঞ্চক হিসাবেই একদিন চিহ্নিত করে। সময়! বড় নিষ্ঠুর বিচারক।
অজ্ঞান দীপান্বিতাকে হাসপাতালে নেওয়া হচ্ছে; এমন ধারণা দিয়ে সুশীলার কাছ থেকে তার মাকে সহজেই আলাদা করা সম্ভব হলো। সুফিয়ান সুশীলাকে বলল,
আমার বাড়িতে গিয়ে গোসল সেরে তুমি খেয়ে নাও। তোমার মায়ের চিকিৎসা দরকার...
জল, খাদ্য, গোসল এই শব্দগুলো ছোট্ট সুশীলার কাছেও এখন স্বপ্নের মতো। প্রয়োজন থেকেই হয়তো স্বপ্নের ভূমিতে শব্দরা নির্দিষ্ট হয়ে যায়। সুফিয়ানের কথায় সে মাথা নেড়ে সায় দিল। সুশীলা ঠেলাগাড়িতে শুয়ে থাকা অজ্ঞান দীপান্বিতার ডানহাত নিজের দুই হাত দিয়ে ধরে ছিল। ঠেলাগাড়ি চলা আরম্ভ করলে সুশীলার হাত থেকে মায়ের হাতটি আলতো করে খসে গেল। পিপাসায় কাঠ হয়ে আসা শরীরেও অশ্রু অবশিষ্ট থাকে। টপ করে দুই ফোটা অশ্রু সুশীলার দুচোখ হতে ঝরে পড়ল। সুশীলার ঝাপসা দৃষ্টি হতে ঠেলাগাড়ি যতই দূরে যেতে থাকল অশ্রুর মিছিল ততই সবেগে ভিজিয়ে দিল তার গন্ডদেশ।
সুশীলার এই অশ্রুপাত ছিল নিঃশব্দ।
সদ্য প্রতিষ্ঠিত আজিজুল হক কলেজে কোনো ছাত্রী নেই। নওয়াব মোহাম্মদ আলীসহ কলেজ প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা নারী শিক্ষার প্রয়োজন অনুভব করলেন। সিদ্ধান্ত হলো যেসব মেয়ে কলেজে ভর্তি হবে আলাদা কোনো ভবনে তাদের ক্লাস নেওয়া হবে এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুল ভবনটিতেই ছাত্রীদের ক্লাস নেওয়া হবে। এমন সিদ্ধান্তে তবু শহরের অভিভাবকদের নিজ কন্যাকে কলেজে পাঠাতে দোদুল্যমানতা কাটতে চায় না। সুতরাং মৌলভী ওসমান গণিসহ অনেক শিক্ষকগণ যেসব মেয়েরা মাত্র ম্যাট্রিকুলেশন করেছে তাদের অভিভাবকদের কাছে ধর্ণা দিল। পাওয়া গেল মাত্র দুজন ছাত্রী। ভি.এম ভবনে তাদের নিয়েই শুরু হলো ক্লাস।
মাহজাবিন অত্যন্ত কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন উত্তীর্ণ হলো। আর সে বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় আজিজুল হক কলেজে ইতিহাস বিষয় চালু করার অনুমোদন দিল। মাহজাবিন নওয়াবের কাছে গিয়ে বলল,
আব্বা-হুজুর আপনি অনুমতি করলে আমি আজিজুল হক কলেজে ইতিহাস বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক। মোহাম্মদ আলী খুশি মনে আরো একধাপ এগিয়ে গিয়ে বললেন,
তোমার পছন্দের বিষয় নিয়ে তুমি পড়ো, আমার তাতে আপত্তি নেই। তবে একটা শর্ত আছে।
আপনি বলুন, আমি তা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব।
অন্যান্য ছাত্রীদের মতো তুমি ভি.এম গার্লস ভবনে ক্লাস করবে না। তুমি অন্যান্য সব ছাত্রের সাথেই ক্লাস করবে। এতে শহরের অন্যান্য ছাত্রী এবং তাদের অভিভাবকদের মেয়েকে কলেজে ক্লাস করানোর মনোস্তাত্বিক দ্বিধা কেটে যাবে। পারবে না তুমি?
মাহজাবিন পিতৃতুল্য নওয়াবের এই প্রস্তাবে আনন্দিত হয়ে উঠল। মাত্র প্রতিষ্ঠিত এক কলেজে কর্তৃপক্ষের জন্য ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদা ভবনে ক্লাস করানো সত্যিই দুরূহ। মাহজাবিন নওয়াবের বদান্যতায় তার পায়ের ধুলা নিয়ে স্মিত হেসে বলল,
অবশ্যই পারব, আব্বা-হুজুর।
ঘোড়ার জুড়ি দেওয়া গাড়ি থেকে মাহজাবিন প্রথম যেদিন বগুড়া শহরের আলোর পাদপীঠ আজিজুল হক কলেজের মূলভবনে এসে নামল, কলেজের শিক্ষক আর ছাত্র-ছাত্রীদের অসংখ্য চোখ তার দিকে নিমগ্ন হলো। দীর্ঘ ঋজু শরীরের মাহজাবিনের চোখে কেমন ঝলসানো চাহনি! নওয়াব পরিবারের কন্যার মতো ঠিক সাজগোজ নয়। নওয়াবী চক্রযান থেকে চোখ ঝলসানো এক রাজকুমারী নেমে এলেও দিন দিন তার আচরণ কলেজের অন্যান্য ছাত্র-ছাত্রীদের কাছে তাকে কাছের একজন হিসাবে গ্রহণীয় করল। সহপাঠীদের নিকট সে খুব কাছের বন্ধু না হলেও মাহজাবিন তাদের কাছে রূপ লাবণ্য আর ব্যক্তিত্বের প্রতীক হয়ে উঠল।
কিন্তু কলেজে মাত্র যোগদান করা ইতিহাসের শিক্ষক তন্ময় চৌধুরীর কাছে শুধুমাত্র নওয়াব পরিবারের কন্যা হওয়ার কারণে মাহজাবিন মেধাবী হয়েও ঠিক যেন গ্রহণীয় হলো না। প্রচণ্ড ব্রিটিশ বিরোধী মনোভাবের কারণে ত্রিমোহিনীর চৌধুরী বংশের একমাত্র মেধাবি ছেলেটি নওয়াবী আর জমিদারী প্রথাকে ঘৃণা করে। তার মতে,এরা নিজ দেশে শত্র“ বিভীষণ। নিজের মানুষদের রক্ত পানি করা উপার্জন এরা ব্রিটিশদের হাতে তুলে দেয়। একই শহরের অধিবাসী হয়েও তন্ময় কোনোদিন নওয়াব বাড়ির চৌহদ্দিতে নিজেকে আবিষ্কার করার কথা স্বপ্নেও ভাবেনি। নিজ গোত্রের মানুষের মাঝে এমন দূরত্বের জাল-বুনানো ব্রিটিশদের ঘৃণা না করাটাও, তন্ময়ের মতে ঘৃণার কাজ।
নওয়াব পরিবারটির প্রতিও তার ঘৃণার সবচেয়ে বড় কারণ তারা বঙ্গদেশে বাস করেও বাংলার কথা বলে না। প্যালেসের ভেতরে এই নওয়াবদের কুমির প্রতিপালন তার কাছে রহস্যজনক মনে হয়। তবু শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালনের জন্য মোহা¤মদ আলীর প্রতি তার এক ধরণের কৃতজ্ঞতাবোধ থাকলেও তাদের লিপ্সা নিয়ে তন্ময় চৌধুরী সব সময়ই সন্দিহান। এদেশে উড়ে এসে জুড়ে বসা ভিনদেশি মানুষ বাঙালিদের ত্রাণকর্তা আর নওয়াব হয়ে ছড়ি ঘোরাবে, তাদেও খেয়ে তাদেরই শাসনের নামে শোষণ করবে এটা ভাবতেও নিজের প্রতিও তন্মময়ের কম অভিমান হয় না।
সুদর্শন আর তরুণ এই অধ্যাপক তাই ভুলেও মাহজাবিনের প্রতি অতিরিক্ত মনোযোগ দিল না। অধ্যাপকের এই মনোযোগহীনতা উল্টা মাহজাবিনের মনোযোগ কাড়ল। চারপাশে নতজানু মানুষদের দেখতে দেখতে মাহজাবিন প্রখর ব্যক্তিত্বের তন্ময় ভাবনায় মাঝে মাঝে তন্ময় হয়ে থাকল। তার দেখা আর ভাবার বাইরেও পৃথিবীটা অন্যরকম অবারিত আর ভিন্নতায় ভরা। সেই পৃথিবীর অস্তিত্ব সে তন্ময় চৌধুরীর কারণেই যেন আজ অনুভব করছে। তার বক্তৃতা একদিন মাহজাবিন মগ্ন হয়ে শুনছিল। ইতিহাসের তরুণ অধ্যাপক শিক্ষার্থীদের ভেতরে ডুব দিয়ে বলে চলছে,
‘বৃষ্টি পড়ছিল রিমঝিম। তখন পৃথিবীটা অনেক নির্জন ছিল। মহাবিশ্বের মহাবিস্ময়ের সাথে একটা বনের লকলকে আগাছাগুচ্ছ, নদীর তীরঘেষে ঠাঁয় দাঁড়িয়ে থাকা গাছের প্রান্তরে কলকল জলের অবিরল প্রবাহ। বৃষ্টির প্রচণ্ড দাপট বাতাসে কুয়াশার মতো আস্তরণ ছড়িয়ে দিয়েছিল। মাত্র ঘনিয়ে আসা সন্ধ্যায় চুলায় আগুন জ্বালাতে গলদঘর্ম আর বিরক্ত কোনো নারীর হৃদয়ে তবু এই অবারিত বৃষ্টিভেজা প্রকৃতির জন্য অযুত মায়া। তার কায়ার মাঝে যে আত্মা তার সত্তা দিয়ে তিনি রহস্যময় পৃথিবীর ভাষা বুঝতে গিয়ে আনমনা হন। আনমনা সেই নারীর আনচান হৃদয়ের ভাষায়, ঝমঝম বৃষ্টির লগ্নময়তায়, বৃষ্টিলগ্ন কুয়াশায় ভেসে থাকা রান্নার ধোঁয়াটুকু জীবন প্রবাহের একচিলতে স্বপ্ন হয়ে মিশেছিল আমাদের ক্রমশ জেগে ওঠা এই ব-দ্বীপে। এই বৃষ্টি, বৃক্ষ-বনকূল সেই ভেসে থাকা স্বপ্নের অন্তরালে আরো স্বপ্নের জাল বুনছিল। অবারিত বৃষ্টিজলের সাথে হিমালয়ের পাদদেশ হতে ভেসে আসে পৃথিবীর শ্রেষ্ঠ পলি। হ্যাঁ, আমার প্রিয় ছাত্রগণ এবং ছাত্রী; আমরা যেখানে বসে আছি সেই ভূমি পৃথিবীর উর্বরতম পলি দিয়ে গঠিত।
আয়নোস্ফেয়ার ফুঁড়ে মহান এই হিমালয় যেন স্রষ্টার কাছ থেকে আমাদের জন্য আশির্বাদের প্রাপ্য হিসাবে এনেছে উর্বর পলি। পলির স্তরে স্তরে মৃত বৃক্ষরা কয়লা আর গ্যাসের খনি হয়েছে। জলের প্রবাহ তৈরি করেছে খাল-বিল, নদী-সাগর আর অসংখ্য জীবনের। পলিদ্বারা এই দেশ গঠিত বলে এখানে পাহাড় পর্বত প্রায় নাই।
সেই হিমালয়ের পাদদেশে সভ্যতার উন্মেষ হলো। পৃথিবী তখন পারস্য, গ্রিক আর রোমানদের বীরত্বে আর যুদ্ধে প্রকম্পিত। সেই সময়েও পাশ্চাত্যের মানুষগুলো ইউরোপ স্পেন হতে এই প্রাচ্যে বিশেষত চিনে মশলা সংগ্রহের জন্য আসত। তাদের বাহন ছিল মূলত ঘোড়া, কুকুর আর গরুতে জুড়ে দেওয়া চাকাসমূহ। যারা এই মশলা ব্যবসার সাথে জড়িত ছিল তারা জানত তার জীবদ্দশায় হয়তো দেশে আর ফেরা হবে না। এমনও দেখা গেছে তার সংগৃহীত মশলা তার পরবর্তী প্রজন্মের মাধ্যমে পাশ্চাত্যে পৌঁছেছে। খাইবার গিরিপথ হয়ে তাদের চলার পথকে কেন্দ্র করে এককালে ‘সিল্ক রোড’ তৈরি হলো। তাদের অবকাশ যাপন আর বিশ্রামস্থল হিসাবে পৃথিবীতে গড়ে উঠল অনেক জনপথ আর নগরী। প্রাচীন সেই নগরীগুলোর মধ্যে আমাদের পূর্ব পুরুষদের একটা প্রাচীন আবাসস্থল এবং আদি সভ্যতা হলো মহেঞ্জোদারো এবং হরপ্পা। তোমরা শুনে অবাক হবে প্রায় সাড়ে চার হাজার বছর আগে ৩৫০০০ লোকের আবাসস্থল মহেঞ্জোদারো ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর। হাজার বছর টিকে থাকা নগরীটি ইন্দু নদীর বন্যায় ধ্বংস হয়ে যায়। সেই সময় আস্তরিত ইট আর রাস্তাঘাট নিয়ে একটি সুপরিকল্পিত শহর ছিল মহেঞ্জোদারো। তোমরা শুনলে আরো অবাক হবে বিংশ শতক পর্যন্ত পশ্চিমা অনেক শহরেও মহেঞ্জোদারোর মতো জল সরবরাহ এবং ময়লা নিষ্কাশনের ব্যবস্থা ছিল না। সেইকালে প্রাচীন ঐ শহরের কিছু কিছু বাড়িতে আজকের মতো আধুনিক টয়লেটের ব্যবস্থা ছিল এবং শহরের ড্রেনগুলো তৈরি করা হয়েছিল শহরের রাস্তার তলদেশ দিয়ে।
আমাদের পূর্ব পুরুষগণ সেই সভ্যতার ধারক এবং বাহক ছিলেন। কিন্তু ততদিনে যুদ্ধাংদেহী পার্সিয়ানদের নজরে পড়ে গিয়েছিল মহেঞ্জোদারো। বলা হয়ে থাকে এই গ্রিক, রোমান আর পার্সিয়ানদের যুদ্ধাংদেহী মনোভাবের সাথে অভিযোজিত হতে না পেরে অনেক গোত্র, উপগোত্র চুপিসারে নিরিবিলি প্রান্তরে আশ্রয় গড়েছিল। আমাদের আজ যেখানে, যে দ্বীপে আমরা ক্রমশ সভ্যতা গড়ে তুলে ব্রিটিশদের হাতে সেটা সংরক্ষণের চাবি হস্তান্তর করেছি, সেই ব-দ্বীপ হিমালয়ের পাদদেশ হতে বাহিত পলি দিয়ে গড়া ছোট ছোট চর ছিল। পৃথিবীতে যারা নিজেদের বিশুদ্ধ রক্তের ধারক এবং বীর বলে পরিচয় দেয় তাদের জীবনাচরণের সাথে অভিযোজিত হতে না পেরে, তাদের রক্তের উত্তাপ সইতে না পেরে, আমাদের পূর্বপুরুষগণ এইসব চরে কৃষিকাজ আর মাছ ধরে জীবন নির্বাহ করা আরম্ভ করলেন।
যা বলছিলাম গঙ্গার বাহিত পলি দিয়ে চরের পর চর জেগে উঠল আর আমাদের পূর্ব পুরুষগণের বংশও বৃদ্ধি হতে থাকল। আমাদের পূর্ব পুরুষগণের রক্তে লুকানো নিপুণ শিল্পকর্ম জাগতে শুরু করল। মৎস্যচাষী আর মূলত কৃষিজীবি মানুষদের একটা অংশ মানবতার সেবার নামে রাজকর্মের চিন্তায় নিবিষ্ট হলেন। তাদের শিল্পি সত্তার সাথে "শান্তিপ্রিয়তা’ পুণ্ড্র সভ্যতার বৈশিষ্ট্যের অংশ হয়ে উঠল। এ জন্যই বাঙালি শাশ্বত শান্তিপ্রিয় জাতি। তাও কয়েক হাজার বছর আগে শুরু হয়েছিল সে প্রক্রিয়া। শান্তিপ্রিয় আর মানবতাবাদী আমাদের পূর্বপুরুষগণ পুণ্ড্র বর্ধনের ব্যুৎপত্তিলগ্নে পার্সিয়ান আর দুর্ধর্ষ মঙ্গোলিয়ানদের কথা স্মরণে রেখেছিলেন। তাদের সেই ভীতি পুণ্ড্র বর্ধনের গঠন প্রক্রিয়ায় এক প্রতিরক্ষার ছাপ হিসাবে খুঁজে পাই। রাজধানী পুণ্ড্র নগরীকে তারা প্রতিরক্ষার এক মহান দুর্গ হিসাবে তৈরি করেছিলেন। নগরে ব্রাহ্মণদের নিয়ে ‘নাগর’ নদ তৈরির অসংখ্য মিথ থাকলেও তৎকালীন কোনো রাজা প্রজাদের শ্রম দিয়েই তৈরি করিয়ে নিয়েছিলেন ছোট্ট ‘নাগর-নদী’। পুণ্ড্র নগরের পূর্বের প্রাচীন ক-লু-তু বর্তমানে করতোয়া নামে পরিচিত। তারই প্রবাহের একটি ধারাকে পুণ্ড্র সম্রাট অপেক্ষাকৃত পশ্চিমে নাগর-নদের স্রোতে মিলিয়ে পুনরায় দক্ষিণের করতোয়ার স্রোতের সাথে প্রবাহিত করিয়ে মূলত পুণ্ড্র নগরের প্রতিরক্ষাব্যুহকে শক্তিশালী করেছিলেন। তাতেও সন্তুষ্ট না হয়ে পরবর্তীতে এক রাজা, তৈরি করলেন দুর্গ প্রাচীর যা ভিমের জাঙ্গাল নামে পরিচিত।
তোমরা মাঝে মাঝে একটা গল্প শুনে থাকবে, আর তা হলো বলখ সাহেব মাছের পীঠে করে পুণ্ড্র বর্ধন অথবা আজকের মহাস্থানে আগমন করেন। মাত্র সাত/আটশ বছর পূর্বে প্রমত্তা করতোয়ার বয়ে আনা পলিতে কিছু আবাদী জমির উৎপত্তি হয়েছে। গভীর জলমগ্ন এই এলাকায় পলিজমা জমি ব্যতিত আজো অসংখ্য বিল দেখা যায়। ঘাসুড়ে, সুবিল, হাজার শৌলা, আঙ্গারু, সুড়াইল, ধনিয়া, ডিগডাইর, এইসব বিলের দিকে তোমরা ইতিহাসের ছাত্র-ছাত্রী হিসাবে ইতিহাসের চোখ নিয়ে তাকাবে। আমি তাই-ই চাই। তাহলে বলো, মহাস্থানে আসার জন্য বলখি সাহেবের মাছের ব্যবহারের এই যে মিথ-এটা আসলে ইতিহাসেরই একটা প্রতীক কি না?’
ক্লাসের ছাত্র-ছাত্রীদের মগ্নতা অধ্যাপকের প্রশ্নে একটু কেটে যায়। তারা কণ্ঠে উচ্চারিত সম্মতির চেয়ে অভিব্যক্তি দিয়ে সায় দেয়।
পুণ্ড্র নগরের মহান ইতিহাস নিয়ে তোমাদের সাথে আমার পরে আরো কথা হবে। কিন্তু আমার দুঃখ হয় আমাদের শান্তিপ্রিয় পূর্বপুরুষগণের সেই ইতিহাস আমাদের চেয়ে যেন ব্রিটিশরা বেশি জেনে গিয়েছে। কূটচালে পৃথিবীর বিভিন্ন অঞ্চল করায়ত্ব করা ব্রিটিশরা এখন আমাদের সেই শান্তিপ্রিয়তাকে পূঁজি করে আমাদের হাজার বছরের মননের ঐতিহ্যকে নষ্ট করছে। আমাদের পূর্ব পুরুষগণের সযতেœ লালিত এই ব-দ্বীপ আর মহান রাষ্ট্রের অভিজ্ঞতা তারা নিজেদের থলিতে ভরতে ব্যস্ত।
হাড্ডিসার নীল চাষে ক্লিষ্ট কৃষকের লাশের কাছ থেকে খাজনা আদায়ে তাদের অত্যাচারের লাঠি বড় অমানবিক। মহেঞ্জোদারো আর পুণ্ড্র বর্ধনে বেড়ে ওঠা আমাদের পুর্ব পুরুষগণের মহান রক্তের সাথে, খ্যাতির চেয়েও শান্তির কাছে, হৃদয়-মন সমর্পিত সেই মহান শান্তিপ্রিয় জাতির জীবনাচরণের সাথে; ভন্ড ব্রিটিশদের সাথে হাত মেলানো এই নওয়াব আর জমিদারগণকে আমি ঠিক মেলাতে পারি না।
মাহজাবিন হঠাৎ মাথা নিচু করল। অধ্যাপকের আচমকা শেষ কথাগুলো ঔদ্ধত্যপূর্ণ নাকি মানবিক আবেদনে পূর্ণ করা তা তার কাছে স্পষ্ট হলো না। তার লুকানো দুচোখ টলটল জলে পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু তার মনে অধ্যাপকের প্রতি কোনো রাগ-বিদ্বেষ বা ক্ষোভ কোনোটাই সে অনুভব করছিল না। তার মনে হচ্ছিল ব-দ্বীপবাসীর ললাটে ‘কাপুরুষ’ উপাধিটা সঠিক ছিল। তা না হলে উড়ে এসে জুড়ে বসা সামান্য কিছু ব্রিটিশ কীভাবে মহান ভারতবর্ষের বুকের ওপর আসীন হয়ে আছে? মাহজাবিনের কানের কাছে অধ্যাকের শেষ কথাগুলো বাজতেই থাকল ‘হাড্ডিসার; নীলচাষে ক্লিষ্ট কৃষকের লাশ!’
অসংখ্য কৃষকের মুখাবয়ব মাহজাবিনের চোখে মরীচিকার অস্পৃশ্য আলো হয়ে ভাসতেই থাকল। অধ্যাপকের শেষ কথাগুলোর হঠাৎ তার কাছে বড় মানবিক আবেদনে পরিপূর্ণ মনে হলো। মাহজাবিনের মনে হলো তার শিক্ষক এদেশের সাধারণ মানুষের জন্য হৃদয়ে অপার আকুলতা নিয়ে প্রতিদিন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ইতিহাসের পাতা উল্টান। একটার পর একটা শব্দে বড় মায়ায় নখ বুলান। সত্যি করে বোঝার চেষ্টা করেন পুণ্ড্র বর্ধনে বেড়ে ওঠা এককালের পরিশুদ্ধ রক্তের পূর্বপুরুষগণকে।
মাহজাবিন ওড়নার আঁচল দিয়ে সন্তর্পনে চোখ মুছে নিল। তারপর ঝাপসা চোখ মেলে সামনে তাকাল। তখন কয়েকজন মাত্র ছাত্রের এই ক্লাসে পিন-পতন নীরবতা। সামনে দাঁড়ানো তার শিক্ষকের চেহারায় কেমন অসহায় হতভম্বতা! বিনয়ের সাথে অধ্যাপক মাহজাবিনকে বলল,
আমার ক্লাসে তুমি নিজেকে বাকি ছাত্রদের মতোই একজন ভাববে। আমার কাছে সবাই সমান। সমান গুরুত্বপূর্ণ। আর তুমি ক্লাসে না থাকলেও আমি আজ এই কথাগুলো বলতাম; কারণ ইতিহাসের শিক্ষার্থীদের তার চারপাশের বস্তুকেও ইতিহাসের চোখ দিয়ে দেখা প্রয়োজন। তোমাদের অন্তরাত্মায়, সেই চোখের দৃষ্টিতে ইতিহাসের আলো ফেলতেই আমি...
মাহজাবিনের ধারালো ভ্রুর নিচে নিকষ-কালো চোখে একটু খুশির কাঁপন যেন উঠল। চেরী ফলের মতো আঠা আঠা রস মেশানো ঠোঁট দুটোয় যথাসম্ভব সহজ ভাষা এনে, একটু ভারি গলায় মাহজাবিন বলল,
আপনি ঠিক বলেছেন স্যার!
ক্লাসের সবাই হতভম্ব। শিক্ষকের পরবর্তী পরিণতি নিয়ে শঙ্কিত ছাত্র-ছাত্রীরা মাহজাবিনের কথায় এক ধরনের স্বস্তি পেয়েও যেন আস্থা পাচ্ছে না। কিন্তু তন্ময় চৌধুরী মাহজাবিনের নম্র অথচ চোখের ভাষার অদ্ভুত সংকেতটি ধরে ফেলল মনে হয়। বিনীত কণ্ঠে সে বলল,
তুমি আমার নিজ শহরের, আমারই একজন ছাত্রী। এরচেয়ে বড় সৌহার্দ্য মানুষের মাঝে আর কী হতে পারে? তবু তোমাকে মর্মাহত করে থাকলে আমি দুঃখিত।
গভীর দুচোখে অস্থিরতা এনে পরিপূর্ণ দৃষ্টি মেলে শিক্ষকের চোখে চোখ রাখল মাহজাবিন। মাহজাবিনের ঘন-কালো পাঁপড়ির ভেজা ভেজা ভাবটুকুতে যেন মায়ার এক সাগর আশ্রয় নিয়েছে। তবু তার চোখের ভাষায় ভাষাময় এক দৃঢ়তা। গোলাপি আভা-মিশ্রিত জ্বল জ্বল জ্বলা মাহজাবিনের অশ্রুহারী ঘন-কালো পাপড়িতে চোখ রেখে মেঘলা আকাশের অনিন্দ্য বৃষ্টিমুখর দিনের অনাবিল নির্জনতার ভেতরে হারিয়ে গেল তন্ময় চৌধুরী। কেন? তার উত্তর তরুণ এই অধ্যাপকের জানা নেই।
মাহজাবিন কোনো কথা বলল না। তবে আশ্চর্যজনকভাবে তার শুধু মনে হতে লাগলÑঅধ্যাপকের কথাগুলো অমৃত হলেও, পুণ্ড্র বাসীর দক্ষিণে পালিয়ে আসা তত্ত্বটি তিনি ভুল দিয়েছেন হয়তো। বঙ্গজাতির উত্থান নিয়ে এখনই পড়াশুনা আরম্ভ করতে ইচ্ছা করল মাহজাবিনের। তার ধারণা, ইতিহাসের তরুণ অধ্যাপক ব্রিটিশ বিরোধী জ্বালাময়ী যে বক্তব্য রাখলেন তার সামান্য অংশ ব্রিটিশদেরই লেখা।
মাহজাবিন ধীর পদক্ষেপে শ্রেণিকক্ষ ত্যাগ করল। ঘোড়ার গাড়ি নিয়ে সহিস আর পাহারাদার বাইরে দাঁড়িয়ে ছিল। ঘোড়ার বাহনে উঠে মাহজাবিন পাহারাদারকে অবাক করে পর্দা উঠিয়ে দিল। কল্পনায় সে নিজেকে আবার শ্রেণীকক্ষে আবিষ্কার করল। মাহজাবিনের মনে হলো ব্রিটিশরা চীনের প্রতিক্ষার প্রাচীরতত্ত্ব জানে। তাই তারা ঘরের শত্র“ বিভীষণকে তাদের ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসাবে বেছে নিয়েছে। এই নওয়াব আর জমিদার নামের ঘরের শত্র“ বিভীষণরা সেই প্রাচীরের উল্টা বিশেষণ। ভারতবর্ষের জনতার একতার মাঝখানে এক একটা বড় ফাটলের প্রতীক যেন। নিজেকে নওয়াবের আদর করে ডাকা ‘প্রিন্সেস’ ভাবতে এখন তার আর গৌরববোধ হচ্ছে না। সে বরং মনে মনে ইতিহাসের পাতায় ডুব দিল। মনে মনে অধ্যাপককে প্রশ্ন করল,
পরশুরামের রচিত ১৯শ লক্ষণ রচনার ১০ম লক্ষণে যে জিউতকুন্ড তা আপনার মতো অধ্যাপকের চোখে না এসে ব্রিটিশদের চোখে পড়েছিল। তারা আরো তিরিশ-পঁয়ত্রিশ বছর আগে তৎকালীন ম্যাজিস্ট্রেট রামেন্দকৃষ্ণ রায় বাহাদুরকে দিয়ে সেই জিউতকুন্ড মেরামত করিয়ে নিলেন। হাজার বছর ধরে পুণ্ড্র সভ্যতার অধিবাসীগণ নিজের ঐতিহ্যকে দূর সম্পর্কের অতিথির মতো শুধু চেয়ে চেয়ে দেখলেন। এ সম্পর্কে আপনার কিছু করণীয় না থাকলেও, বলার কি কিছু আছে স্যার?
প্যালেসে ফিরে মাহজাবিন গোসল সারল। শরীরে ঢালা জলকণারা তার মনের ক্ষরণ কমাতে পারল না। নওয়াবের সাথে তার কথা বলা প্রয়োজন। ধীর পদক্ষেপে মাহজাবিন মোহাম্মদ আলীর পড়ার টেবিলের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। অত্যন্ত মনোযোগের সাথে নওয়াব কিসব কাগজপত্র ঘাঁটছিলেন। মাহজাবিনকে পাশে এসে দাঁড়াতে দেখে কাগজপত্রগুলো দূরে ঠেলে তিনি ভারহীন হয়ে বসলেন। কামরা হতে বের হয়ে মাহজাবিনের হাত ধরে তিনি তাকে বারান্দায় নিয়ে গেলেন। তার মুখের গুমোট ভাবটা মোহাম্মদ আলীকে অত্যন্ত পীড়া দিল। মাহজাবিনকে তার নিজের কন্যা ব্যতিত আর কিছু ভাবতে ইচ্ছা করে না। সামনের চেয়ারে করতোয়ামুখী হয়ে বসে তিনি মাহজাবিনের চোখে তাকিয়ে কণ্ঠে বললেন,
কী মা? মাই প্রিন্সেস। তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? কলেজের পরিবেশ ভালো নয়? নওয়াবের চোখে চোখ রেখে মাহজাবিন বলল,
আব্বা-হুজুর; আমি আগামিকাল হতে কলেজে সাধারণ ঘোড়ার গাড়িতে করে যাব। কিংকর্তব্যবিমূঢ় নয়নে নওয়াব তার দিকে তাকালেন। কিছুক্ষণ পর নীরবতা ভাঙলেন।
কেন মা? কেউ কিছু বলেছে? নওয়াব বাড়ির কন্যারা নওয়াবী বেশেই চলবেÑ তাতে কেউ নাখোশ হলে, হবে।
না আব্বা-হুজুর আমার নিজের স্বস্তির জন্য বলছি।
সাধারণ ঘোড়ার গাড়ি, সাধারণ মানুষের সাথে মেলামেশা এসবই বরং একজন নওয়াব-কন্যার জন্য অস্বস্তির কারণ হওয়া উচিৎ।
আমরা কি অসাধারণ মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি বলে ব্রিটিশরা নওয়াবিটা কেড়ে নিচ্ছে না?
ব্রিটিশরা আমার নওয়াবি কেড়ে নেওয়ার কে?
রাষ্ট্র পরিচালনা করে তো তারাই...
শোনো মা, এই তালুকগুলার মালিক ব্রিটিশরা নয়। আমরা বংশপরস্পরায় এই সম্পদ আর ঐতিহ্য অর্জন করেছি।
অর্জিত এই ঐতিহ্যের কারণে ব্রিটিশরা কী অনুকূল না প্রতিকূল পরিবেশে আছে? আমার তো মনে হয় এদেশের নওয়াব আর জমিদারগণ শোষক ব্রিটিশদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছেন।
মাহজাবিন! নওয়াবের রুষ্ট কণ্ঠকে ভয় পেয়েও মাহজাবিন তার অবস্থানে অনঢ় হয়ে রইল,
আব্বা-হুজুর তারা এদেশের ভূমিতে নীল-চাষ করিয়ে নিয়ে আমাদের দেশের মানুষদের কষ্টে রেখেছে। জমিদার আর নওয়াবগণ প্রতিবাদ তো নয়ই...
নওয়াব হঠাৎ ফুঁসে ওঠা নদীর মতোই আবেগে উথলে ওঠা কন্যাকে অবাক হয়ে দেখলেন। ভ্রু কুঞ্চিত করে মাহজাবিনকে পড়ার চেষ্টা করলেন। নদীতে ঢল নেমে বন্যা নামায়, কিন্তু মাহজাবিনের স্বভাবের ভেতর সাধারণ মানুষের প্রতি এক ধরনের মমত্ব থাকলেও, তাদের জন্য তার অনিয়ন্ত্রিত আবেগের উৎস কোথায় নওয়াব বোঝার চেষ্টা করলেন। কলেজ থেকে এসে যেহেতু তার আবেগের এই উত্থান সুতরাং নওয়াব বুঝে গেলেন মাহজাবিনের ‘ইতিহাস’ নামক বস্তুটাই সেই উত্থানে ‘ঢল’ হিসাবে কাজ করেছে। কণ্ঠকে যথাসম্ভব নম্র করে নওয়াব বললেন,
শোনো মা, তোমার চোখে ব্রিটিশদের যেসব অসংলগ্নতা ধরা পড়ছে তা ধরতে পারার জন্য, তোমার চোখ ফুটানোর জন্য সেই কলেজ আর শিক্ষাব্যবস্থাটা ওদেরই দান। হাজার জাতিগোষ্ঠির এই ভারতবর্ষের অধিবাসীদের মননের হাজার ধরণ, আমাদের নির্দিষ্ট মনো¯ত্তাত্বিক জায়গায় পৌছাতে দিল কই? এই বঙ্গদেশে কলকাতার অংশ বাদেই ১৭০০ মাইল রেলপথ, ভারতবর্ষে লক্ষাধিক মাইল পাকা-কাঁচা রাস্তা এগুলো তারাই করেছে।
তার থেকেও ওরা বেশি শোষণ করেছে।
এতবড় কাজ যারা করে দেয়, ঐ শোষণটা তাদের জন্য পারিশ্রমিক ধরে নাও। আইন-প্রণয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, কোথায় তাদের অবদান নেই? আমরা তো অলস জাতি মা! যাহোক তোমার এত কিছু বোঝার প্রয়োজন নেই।
মোহাম্মদ আলী বস্তুত মাহজাবিনকে হারাতে চান না। নওয়াবি, জমিদারী সব হারালেও তার কোনো সমস্যা নেই। কিন্তু মোহাম্মদ আলী মুন্সী আব্দুল বশিরকে খুঁজে বের করে জেনে নিয়েছিলেন মাহজাবিনের রক্তধারা, বংশগতি। আসাদুজ্জামান চৌধুরীর মতো মহান দেশপ্রেমিকের বংশধর তার প্রাসাদে কন্যাসম হয়ে আছে। মোহাম্মদ আলী চান না ব্রিটিশরা মাহজাবিনের রক্তধারায় উপস্থিত আগুনটা চিনে যাক। মাহজাবিন মোহাম্মদ আলীর ভাবনায় ছেদ টানল। বলল,
ব্রিটিশরা দেশ উদ্ধার করছে ভালো কথা। কিন্তু দেশের মানুষ এবং আমার পাশের প্রতিবেশিরা ভালো না থাকলে- আমার বুঝতে বাকি থাকে না যে এই উন্নয়ন তারা নিজের স্বার্থে করছে আব্বা-হুজুর।
মুখের ওপর অনবরত যুক্তি তুলে ধরায় বড় নাখোশ হলেন নওয়াব। সমস্ত প্রাণী এমনকি মানুষ প্রাণী, তার বেগমসহ পৃথিবীর সবকিছুর সাথে নওয়াবের এক ধরনের দূরত্ব আছে। তার জীবন- পাণ্ডুলিপিতে নৈকট্য বলতে এই কন্যাই ছিল। তার কথার অবাধ্য হলে, তার কথার বিরুদ্ধাচারণ করলে তার পার্সিয়ান রক্ত তাকে প্যালেসের কুমিরের মুখে নিক্ষেপ করতে দ্বিধা করে না মোটেও। তার প্রতি অপরিসীম স্নেহ আর নৈকট্যের বন্ধন যে সুতায় গ্রন্থিত ছিল তা যেন আজ ছিড়ে গেল। তিনি নির্মোহ এবং রূঢ় কণ্ঠে বললেন,
ভালোবাসা এক ধরনের দুর্বলতা। দুর্বলকে ভালোবাসলে তারা বেশিমাত্রায় সবল হয়। যাহোক আগামিকাল থেকে তুমি কলেজে যাবে না। তোমাকে শীঘ্রই পাত্রস্থ করার সুবন্দোবস্ত করব।
আব্বা-হুজুর!
মাহজাবিনের প্রতি তিনি আর ফিরে তাকালেন না। গুরুগম্ভীর পদক্ষেপে নিজ কক্ষের দিকে হেঁটে গেলেন। তার নিষ্ক্রান্তির ধীরগতির দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকল মাহজাবিন। তার থমথম হৃদয়ে অযুত বজ্রপাত তাকে ভেঙে টুকরা টুকরা করিয়ে ছড়িয়ে দিচ্ছিল বঙ্গদেশের বাতাসে। মাহজাবিনের হৃদয়ে ওঠা ঝড়ের বজ্রঝিলিকে একটা মুখ ছলকে উঠে তখন স্পষ্ট হচ্ছিল-তন্ময় চৌধুরী। তার নারীসত্তা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলল।
মাহজাবিনের কলেজ যাওয়া বন্ধ হলো। বড় ভাই নাগিব মোহা¤মদ আলীকে বোঝাতে গিয়ে নওয়াবের সাথে বরং দূরত্বের দেওয়াল তুলে দিল। নাগিব নওয়াবকে তবু সাহস করে বলল,
অন্তত সে গৃহে বসে পড়াশোনা করুক। পরীক্ষার সময় হলে সে শুধু পরীক্ষা দেবে। তখন আমিই না হয় তাকে সঙ্গ দেবো। নওয়াব কী ভেবে নাগিবের এই প্রস্তাব অনুমোদন করলেন। তবু পরিষ্কার জানিয়ে দিলেন,
গৃহ-শিক্ষকের প্রয়োজন পড়লে জানিয়ো। পার্সি ভাষার পণ্ডিত মেহমুদ আব্বাসকে তখন তলব করা যাবে।
আরও পড়ুন: কাজী রাফির ‘ত্রিমোহিনী’ | ধারাবাহিক উপন্যাস | পর্ব–৪