একজন নারী সম্পর্ককে আগলে রাখতে পারেন কিন্তু একা একটি সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারেন না

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটি সম্পর্কের সবচেয়ে বড় অপূর্ণতা সবসময় ভালোবাসার অভাব নয়। কখনো কখনো ভালোবাসা থাকে, অথচ সেই ভালোবাসার মধ্যে যত্ন থাকে না,দায়িত্ব থাকে না, মানসিক নিরাপত্তা থাকে না। মুখে ভালোবাসার কথা বলা হয়, অথচ আচরণে প্রিয় মানুষটিকে বারবার একা করে দেওয়া হয়।


প্রশ্ন হলো, একজন পুরুষ যখন বলে সে একজন নারীকে ভালোবাসে, তখন সেই ভালোবাসার দায়িত্বটুকু কি সে সত্যিই বোঝে? ভালোবাসা কি শুধু অনুভূতি, নাকি এটি একটি দায়িত্বও?


অনেক পুরুষ সম্পর্কের শুরুতে ভীষণ যত্নশীল থাকেন। খোঁজ নেওয়া, সময় দেওয়া, অভিমান ভাঙানো, ছোট ছোট বিষয় মনে রাখা সবকিছুতেই থাকে আন্তরিকতা।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকের আচরণে পরিবর্তন আসে। সম্পর্ক যখন নিশ্চিত হয়ে যায়, তখন যত্ন নেওয়ার তাগিদ যেন কমে যায়।


নারীটি তখনও আগের মতোই সম্পর্কটিকে আগলে রাখেন।কখনো নিজের কষ্ট চেপে রাখেন, কখনো সঙ্গীর ভুল বুঝে নেওয়ার চেষ্টা করেন, কখনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন। অথচ একটা সময় পর তাঁরও মনে প্রশ্ন জাগে সবকিছু বুঝে নেওয়ার দায়িত্ব কি শুধু আমার নয়।


পুরুষের ভালোবাসায় ত্রুটি কোথায় তৈরি হয় তা অনেকে জানে না।  অনেক সময় পুরুষের ভালোবাসায় সমস্যা ভালোবাসার অভাবে নয়, বরং আবেগীয় অপরিপক্বতায়।


১. নিজের অনুভূতি প্রকাশ করতে না পারা, অথচ সঙ্গীর কাছে সবসময় বোঝার প্রত্যাশা করা।


২. ভুল করলে ক্ষমা না চেয়ে রাগ, নীরবতা কিংবা অজুহাত দিয়ে পরিস্থিতি এড়িয়ে যাওয়া।


৩. সঙ্গীর আবেগকে গুরুত্ব না দিয়ে তাকে অতিরিক্ত আবেগপ্রবণ বা অভিযোগপ্রবণ বলে চিহ্নিত করা।


৪. নিজের কাজ, বন্ধু, পরিবার ও ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিলেও সঙ্গীর প্রয়োজনের সময় অনুপস্থিত থাকা।


৫. সম্পর্কের সব মানসিক শ্রম নারীর ওপর ছেড়ে দেওয়া।


এগুলো পরিণত সম্পর্কের লক্ষণ নয়।একজন মানুষ বয়সে বড় হলেই মানসিকভাবে পরিণত হয়ে যান না। আবেগ নিয়ন্ত্রণ, ভুল স্বীকার, দায়িত্ব গ্রহণ এবং অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়ার মধ্য দিয়েই মানসিক পরিপক্বতা প্রকাশ পায়।


একজন নারীই কেন সবসময় সম্পর্কটাকে আগলে রাখবেন?


একজন নারীও ক্লান্ত হন। তাঁরও অভিমান হয়, মন খারাপ হয়, কখনো কারও কাছে নির্ভর করতে ইচ্ছে করে। সবসময় শক্ত থাকার অভিনয় করতে করতে তিনিও একদিন ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যেতে পারেন।অথচ সমাজ অনেক সময় নারীর সহনশীলতাকে তাঁর দায়িত্ব বানিয়ে দেয়। বলা হয়, সংসার টিকিয়ে রাখতে মেয়েদের একটু বেশি মানিয়ে নিতে হয়। কিন্তু প্রশ্ন হলো, মানিয়ে নেওয়ার এই দায়িত্ব পুরুষেরও কি নেই?


একজন নারী কেন প্রতিবার প্রথমে কথা বলতে যাবেন? কেন প্রতিবার তিনিই অভিমান ভাঙাবেন? কেন প্রতিবার তিনিই সম্পর্কের দূরত্ব কমানোর চেষ্টা করবেন?


সম্পর্ক কোনো একক মানুষের টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নয়। দুজন মানুষকে দুদিক থেকে এগিয়ে আসতে হয়।দায়িত্ববান পুরুষ তার ভালোবাসার নারীকে একা করে রাখেন না।এখানে একা করে রাখা বলতে শুধু শারীরিকভাবে পাশে না থাকাকে বোঝায় না। একই ঘরে থেকেও একজন নারী ভীষণ একা অনুভব করতে পারেন।


যে পুরুষ তাঁর সঙ্গীর কথা মন দিয়ে শোনেন, কষ্টকে তুচ্ছ করেন না, কঠিন সময়ে পাশে দাঁড়ান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর মতামতকে গুরুত্ব দেন এবং নিজের ভুলের দায় স্বীকার করেন তিনি সম্পর্কের মধ্যে নিরাপত্তা তৈরি করেন।


তিনি জানেন, ভালোবাসার মানুষটির সব সমস্যা তাঁকে সমাধান করতে হবে না কিন্তু অন্তত তাঁর সমস্যার কথা শোনার মতো একজন মানুষ হয়ে উঠতে হবে।


তিনি জানেন,  সবসময় শক্তিশালী হওয়ার অভিনয় করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়।তাই তাঁর সঙ্গীকে কখনো কখনো দুর্বল হওয়ার সুযোগটুকুও দেন।


পরিণত পুরুষের পরিচয় কোথায়?


পরিণত পুরুষ কখনো নিজের অহংকারকে সম্পর্কের চেয়ে বড় করে দেখেন না। তিনি মনে করেন না, ক্ষমা চাইলে তাঁর সম্মান কমে যাবে। তিনি সঙ্গীর নীরবতাকে সবসময় সম্মতি মনে করেন না। তিনি বোঝেন, কোনো মানুষ বারবার কষ্ট পাচ্ছে মানেই সে ঝগড়া করতে চায়, এমন নয় কখনো সে শুধু চায় তার কষ্টটুকু কেউ বুঝুক।


তিনি জানেন, ভালোবাসা মানে কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখা নয় বরং এমন একটি সম্পর্ক তৈরি করা, যেখানে দুজন মানুষই স্বাধীনভাবে নিজের কথা বলতে পারেন।


আর সবচেয়ে বড় কথা, তিনি শুধু ভালো সময়ে ভালোবাসার প্রমাণ দেন না। কঠিন সময়েও তাঁর আচরণে ভালোবাসার ধারাবাহিকতা থাকে।


কি কি করা উচিত তাহলে:

ইমোশনাল ম্যাচিউরিটি: নিজের আবেগ বুঝতে, নিয়ন্ত্রণ করতে এবং অন্যের আবেগকে সম্মান করতে পারা।


ইমোশনাল অ্যাভেইলেবিলিটি: সঙ্গীর আবেগীয় প্রয়োজনের সময় মানসিকভাবে উপস্থিত থাকা।


ইমোশনাল লেবার: সম্পর্কের আবেগীয় যত্ন, দ্বন্দ্ব মেটানো, যোগাযোগ বজায় রাখা ও সম্পর্ক টিকিয়ে রাখার মানসিক শ্রম।


একজন নারীকে ভালোবাসা মানে তাঁকে প্রতিদিন ফুল দেওয়া, সুন্দর সুন্দর কথা বলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটানোতেই সীমাবদ্ধ নয়।


ভালোবাসা হলো এমন একটি আশ্রয়, যেখানে একজন নারীকে নিজের কষ্ট লুকাতে হয় না, বারবার ভালোবাসার প্রমাণ চাইতে হয় না, নিজের অস্তিত্বের জন্য লড়াই করতে হয় না।


তবে এই দায়িত্ব শুধু পুরুষের একারও নয়। একটি সুস্থ সম্পর্ক গড়ে ওঠে দুজনের সম্মান, যত্ন, সততা ও দায়িত্ববোধে। মনে রাখতে হবে,একজন নারী সম্পর্ককে আগলে রাখতে পারেন, কিন্তু একা একটি সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারেন না।


যে পুরুষ সত্যিই ভালোবাসেন, তিনি শুধু একজন নারীকে নিজের জীবনে চান না তিনি তাঁর জীবনে সেই নারীর জন্য সম্মানজনক, নিরাপদ ও নির্ভরযোগ্য একটি জায়গাও তৈরি করেন। কারণ ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ হলো প্রিয় মানুষটিকে কখনো নিজের একাকিত্বের সঙ্গে একা লড়তে না দেওয়া।

sidebar ad