পর্ব-১
-যাহা পার মিঠাই হোগা চুট্টীকা কাতার হোগিই, হোগিই। এ চুট্টীওসে মিঠাইকো বাচানা বড়া মুসিবত হ্যায়, বড়া মুসিবত...
ঠোঁটের দুপাশে সাদা ফেনা নিয়ে মেথরপল্লীর জমাদার যদুলাল গজগজ করতে থাকে। কেবল সাদা ফেনাই নয় তার গালভর্তি খোঁচাখোঁচা সাদা দাড়িও হয়েছে। সে এখন দাড়ি কাটাবে, স্নান করবে, আজ সে বরের বাবা বলে কথা। নিত্যদিনের সাজ তো আর আজকের জন্য নয়। আবার এতো তাড়াহুড়োর মধ্যে তাকে পিঁপড়ার মতো নাতিদের হাত থেকে এই মিঠাই রক্ষা করতে হচ্ছে।
মেথর পল্লীটি বেশি প্রসারিত না হলেও একেবারে ক্ষুদ্রও নয়, মাঝারি আয়তনের। তবে এর খোপে খোপে মানুষের সংখ্যা নেহায়েত অপ্রতুল নয়। তারা সকলেই মেথর আর তাদের অনেকের পদবি দাস। এদের মধ্যে অল্প কেউ আছে মুচি, নাপিত বা ধোপা। তবে তারা সংখ্যায় খুব কম, এরা কোনো না কোনোভাবে পল্লীতে ঢুকে পড়েছে। মূলত, মেথর বা ধাঙরই প্রধান।
এই মেথরপল্লীর একটি ঘরে আজ সকলের ব্যস্ততা, কাজকর্ম, ধোয়ামোছা লক্ষ করার মতো। ঘরের চৌহদ্দিতে গরম ভাতের ভেজা ঘ্রাণ, ডাল বাগাড়ের সৌরভ আর মাংস রান্নার সুঘ্রাণ ক্ষুধার্ত মানুষকে আরো বেশি ক্ষুধার্ত করে তুলছে। আজ শুক্রবার দুপুরের পর যদুলাল দাস ও সুধাবালার কনিষ্ঠ পুত্র হীরালালের বিয়ে।
যদুলাল ও সুধাবালা দম্পতির তিন মেয়ে। দু’মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় মেয়ে কৃষ্ণা থাকে তুষভান্ডার ইউনিয়নের কাশিরামপুর সুইপার কলোনিতে। তাদের তিন ছেলেমেয়ে। মেজো কন্যা কুসুম, সে থাকে রংপুর পুলিশলাইন সুইপার কলোনিতে। ওর কোলে সদ্য ভূমিষ্ঠ সন্তান। এর আগে দুবার আঁতুড় তুলেছে, কিন্তু কোলে সন্তান তুলতে পারেনি। এজন্য ছোটভাইয়ের বিয়েতে আসতে পারেনি। সেজো মেয়ে মধুবালা বা মধুমতি মানসিক প্রতিবন্ধী। বিয়েশাদি হবে না জানা কথা। তাই সর্বশেষ সন্তান হীরালালের বিয়ে।
এই বিয়ে ঠিক করেছে মেজো মেয়ের জামাই নিমাই গোসাই। রংপুরের নিউ জুম্মাপাড়া সুইপার কলোনির পরিচ্ছন্নতা কর্মী নাগিনার মেয়ে যমুনাবতীর সাথে। এই মেয়ে এনজিওর স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে। সাধারণত একই গোত্র ছাড়া এদের বিয়েশাদি হয় না, কিন্তু গোত্র মেলানোটাই কঠিন। এখানে গোত্র মিলেছে এবং মেয়েটা পড়ালেখা জানে বলে কাজ হচ্ছে। তবে আজকাল ভিন্ন গোত্রেও বিয়েশাদি হচ্ছে।
বিয়েতে যা যা করার তা হীরার বড়দি কৃষ্ণা আর প্রতিবেশি যোগেন কাকার বউ মিলে করছে। বর অর্থাৎ হীরার মা সুধাবালা তেমন গা করছে না। ইদানিং তার শরীর আর চলে না, ঝিমানি রোগে ধরেছে। যতটা না বয়সের ভারে তারচেয়ে অভাব, উপোস, দাম্পত্য যন্ত্রণা আর পাগল এক মেয়ে মধুবালার চিন্তায় সে স্থবির হয়ে পড়েছে। মধুবালাকে বাড়িতে বাবামা ভাই বোন সবাই আদরে অনাদরে মধুমতি বললেও, কলোনীর লোকজন ‘মধু পাগলি’ বলে। প্রতিবন্ধিকে সকলে পাগল সাব্যস্ত করে থাকে।
রান্নার যোগাড়ের সাথে সাথে পাশের ঘরের কাকী ডাকহাঁকও করছে। সে যেমন মুখরা তেমনি কাজ কর্মে পটু। তার হাত একগুণ চললে মুখ চলে তিনগুণ তবে দুটোই চলে রেলগাড়ির মতো তুফানবেগে, এজন্য আড়ালে আবডালে তাকে ‘তুফানমেল’ বলে ডাকা হয়। পান, জর্দা, গুলের গন্ধ ছড়িয়ে সে সশব্দে দু’হাত নাড়াচ্ছে। রান্না হবে বড় হাঁড়িতে ভাত, বড় বড় হল্যান্ডের আলু দিয়ে ব্রয়লার মুরগি আর বুটের ডাল। এরা খেয়েদেয়ে যাবে আবার বউ নিয়ে ফিরে এসেও সবাই খাবে। খাবারের আয়োজনে পোলাও করার কথা ছিল। কিন্ত বরের বাবা যদুলাল বাজার করতে গিয়ে পোলাওয়ের চালের আড়তে ঘোরাঘুরি করে শেষতক ভাতের চালই এনেছে আর সেটাই রান্না হচ্ছে। তবে একেবারে নিত্যদিনের মোটা চাল না এনে কিছুটা চিকন ঘেষা চাল এনেছে। ভাতের চাল মুঠিতে নিয়ে উপর থেকে চিকন ধারায় ফেলতে ফেলতে কাকী মুখটা বেঁকা করে বলছে,
-বিয়াতে পুলাও না হইলে কি হয়? বাপের জম্মে দেকি নাই বিয়াত ফির ভাত খায়। মানুষ মরি গেইলে যে শ্রাদ্দ হয় তাতেও ভাত খায় না। আর বিয়া বাড়িত ভাত? এইগলা এমার বেবেচনা!
সেই সাত সকালে যদুলাল রেলবাজারের দোকান থেকে অন্যান্য বাজারের সাথে খোরমাও এনেছে এক কেজি। বহু কসরতে কৃষ্ণার বাচ্চাদের হাত থেকে খোরমা রক্ষা করা গেছে। যেখানেই রাখে পিঁপড়ার মত ঠিক খুঁজে পেয়ে, নাকের সিকনি, মুখের লালা মুছতে মুছতে নখ দিয়ে ঠোঙা ছেঁড়ার চেষ্টা করে। যদুলাল কয়েকবার রাগারাগি করে ঠোঙাটা একবার মিটসেফের মাথায়, একবার শিকেয় তুলে রেখেছিল কিন্তু ওদের দৌরাত্ম সেখানেও পৌঁছে যায়। অবশেষে, নতুন বউয়ের জন্য যে ফুলতোলা টিনের তোরঙ্গ কেনা হয়েছে, সেখানে ওই লোভনীয় বস্তু ঢুকিয়ে রেখে তালা দিয়ে, গজগজ করতে করতে সে স্নান করতে যায়।
স্নান সেরে এসে জোর গলায় মেয়েকে বলে,
-কৃষ্ণা, হীরা কাঁহা? আবার প্রতিবেশিদের উদ্দেশ্যে হাঁক দেয়,
-হেই! নন্দ! যোগেন! আজেশ! আরে হেই মুল্লুকখাওয়া!...
বড়দি কৃষ্ণা হীরালালকে সাজিয়ে দিয়েছে। শেষ সময়ে ওর মা এগিয়ে আসে, সদ্য স্নান করা, নতুন কাপড় পরা ছেলের দিকে তাকিয়ে মায়ের মনটা ভালো হয়ে যায়। সে ছেলের কপালে একটা তিলক দিয়ে দেয় আর সারা মাথা মুখ ছুঁয়ে নিজের আঙুলের মাথায় চুমু খায়।
নতুন টিনের বাক্সে একখানা লাল রঙের মালা শাড়ি, একখানা ফুলতোলা সুতি শাড়ি, সিঁদুরের কৌটা, শাখা, পলা, কুমকুম, আলতা, ফিতা, চিরুনী আর সেই মিঠাই বা খোরমা নিয়ে তারা কয়েকজন বরযাত্রী রওনা দেয়।
সকাল গড়াতে না গড়াতেই জৈষ্ঠ্যের রাগী সূর্যটা ঝলসাচ্ছে। পিচ যেন গলে গলে যাচ্ছে, গরম একটা ভাপ উঠছে পথ থেকে। কৃষ্ণচূড়া গাছ রক্তচোখে দেখছে সূর্যকে। বিরল পথচারী ছায়া খুঁজে কপাল কুঁচকে হাঁটছে।
ফাঁকা চায়ের দোকানের বেঞ্চির নিচে লম্বা জিহ্বা বের করে শুয়ে আছে নেড়ি কুকুর বেঞ্চের উপরে দোকানদার। শুকনো গনগনে লু হাওয়া বইছে। রোদ আর খরতাপের ঢেউ বয়ে যাচ্ছে। এসবের মধ্যে টার্মিনাল থেকে বরযাত্রী তাদের জন্য নির্ধারিত লক্করমার্কা বাসে করে রংপুরে গিয়ে পৌঁছে। মেয়ের জামাই নিমাই আসে তাদেরকে নিয়ে যেতে। বিয়েশাদি সেরে, বউ নিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যে নেমে আসে। শহরে তখন সোনাঝুরি আলো।
এরমধ্যে হীরালালের বন্ধুরা রঙিন কাগজ কেটে শিকলি বানিয়ে যদুলালের আদ্যিকালের ঘরটা সাজিয়ে ফেলেছে। কোত্থেকে একটা সাউন্ডবক্স জোগাড় করে ধুমধারাক্কা হিন্দি গানও বাজাচ্ছে। লাল টুকটুকে শাড়ি, চুড়ি, আলতা, সিঁদুরে ঝলমলে বউ নিয়ে ফিরলে সত্যি সত্যি বিয়েবাড়ি বিয়েবাড়ি মনে হতে থাকে।
যদুলালের একটিমাত্র ঘর। চুনকাম, পলেস্তারা, কবেই খসে পড়েছে। ঘরের সাথে একটা দাওয়া। এক চিলতে উঠান, ওপাশে পাকঘর। দাওয়ার ঠিক নিচেই একটা প্রকাণ্ড পাথরের চাঁই। সেটা এতবড় যে চিলতে উঠান পাথরের নিচে ঢাকা পড়েছে। বর্ষা বাদলার দিনে জায়গাটা প্যাচপ্যাচে কর্দমাক্ত হয় বলে যদুলালের বাপো কিংবা তার বাপের বাপো এই পাথর কোথা থেকে এনে এখানে পেতে রেখেছে কেউ জানে না।
পলেস্তারা খষা ঘরের মতোই হীরালালের বাবা মায়ের দাম্পত্য জীবনও শতরূপে জীর্ণ, বিবর্ণ। যদুলাল, পুত্র আর পুত্রবধূকে নিজের ঘর ছেড়ে দিয়ে দাওয়ায় নিজেদের ব্যবস্থা করে নিয়েছে। একপাশে ওরা মা মেয়ে আরেকপাশে একটা খাটিয়ায় যদুলাল। বউ বরণ, বউ দেখা পর্ব শেষে রাতের খাওয়া দাওয়া সারা হয়। কৃষ্ণাই সব করে। নিজেদের প্রথামতো বউকে বরণ করে ঘরে তোলে।
জানে বিয়েরদিন উপোস করতে হয় তাই ছোটভাইয়ের বউটিকে সে যত্ন করে খাওয়ায়। রাত হলে সে কণ্ঠ তুলে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলে,
-হইচে, হইচে, ম্যালা রাইত হইচে, বউ দেকা হইচে ফির কাইল আইসেন। কইরে ছটু! আরে ঐ হীরা! বউ লিয়া ঘরত যা।
বলে সে তুফানমেল কাকীর সাথে চলে যায় তার ঘরে ঘুমাবে বলে। হীরালাল তখন ঘরের পেছনে বন্ধুদের তালে পড়ে হিন্দি গানের সাথে নাচছে। তুমুল বাজনায় চলছে ট্রেনের ছাদে গাওয়া শাহরুখ খানের গান, ‘চলে ছাইয়া ছাইয়া, চলে ছাইয়া ছাইয়া’...
হীরালাল ঘরে যাওয়ার জন্য এগিয়ে এলে বউ জানায় সে টাট্টিখানায় যাবে।
হীরালাল উঠোন পেরিয়ে পেছনের দিকে বউকে নিয়ে যায়। বউ ভালো করেই জানে, রংপুরে তাদের কলোনিতেও কয়েকঘর মিলে একটা টাট্টিখানা এখানে লালমনিরহাট মেথর পট্টির শ্বশুর বাড়িতেও তাই। অবশ্য এর বেশি সে আশাও করেনি। মা বুঝিয়ে দিয়েছে অহেতুক আশা করা ভালো নয়। ওদের জীবন তো এমনই।
পরদিন সকালে ঐ চিলতে আঙিনায় বউ দেখার হাট বসে। চারপাশের ঘর থেকে অনেকেই চলে আসে বউ দেখতে। একেক করে সবাই দেখে শুনে নানা মন্তব্য করে চলে যায়। কেউ প্রশংসায় পঞ্চমুখ হয় তো কেউ নিন্দেয় শতমুখ হয়।
অনেকের সাথে নন্দ’র পাতানো মাসি চারুবালাও এসেছে বউ দেখতে। কাছে গিয়ে, পাশে বসে ঘোমটা ফেলে দিয়ে নজর করে দেখার পর, অকস্মাৎ বুকের কাপড় ঈষৎ সরিয়ে ঝলমলে কন্ঠে বলে ওঠে,
-বউ সোন্দর হইছে। বড্ড বড্ড সোন্দর হইছে। কেউ একজন বলে ওঠে,
-অ ঠাম্মা তুমি নাকি চওকে দেক না, তা বুজলে ক্যাম্বা করি?
-অ আমি বুঝি রে ছেমড়ি বুঝি। অর বুনি সোন্দর। যে ছেমড়ির বুনি আঁটোসাটো সোন্দর, সেই বড় সুন্দরী। সবাই বুড়ির কথা শুনে হাসতে হাসতে এ ওর গায়ের উপর ঢলে পড়ে। মেয়েরা পরস্পরকে চিমটি কাটে, নতুন বউ বড় লজ্জা পায়। দ্রুত হাতে শাড়ি ঠিক করে মুখ তুলে তাকায় এই মাঝ বয়সী মহিলার দিকে। তাকিয়ে স্পষ্ট করে বলে,
-এইসব দেহ গতরের সোন্দর দিয়া কি হয়? আসল সোন্দর তো মানুষের মনের ভেতর, তাই না?
মাসিসহ উপস্থিত সকলেই চমকে ওঠে। মনে মনে ভাবে বাপরে, ‘হীরালালের বউ তো জিনিস বটে’!
তুফানমেল কাকীর মুখও হা হয়ে যায় নতুন বউ যমুনার কথা শুনে।।
২ পর্ব
সূর্যঘড়ি চলে নিজ গতিতে। হিসেব করলে দেখা যায় মাসের পিছে মাস যেতে যেতে বেশ কয়েকমাস চলে গেছে। বানের জল বানে চলে গেলে সেই তলানিই পড়ে থাকে। সবকিছু থিতিয়ে আসে। নতুন জিনিস পুরনো হয়, নতুন বউও পুরনো হয়। বাস্তবতা ঘাড়ের উপর তপ্ত নিঃশ্বাস ফেলে। পেটের সংখ্যা বাড়ে, আরো বাড়ার সম্ভাবনায়, যদুলাল মাঝে মাঝেই গালের খোঁচা খোঁচা সাদা দাড়ি ঘষঘষ করে চুলকোতে চুলকোতে নিজের মনে বিড়বিড় করে,
-বহুকা আগার এক নোকরি লাগ যাতি তো আচ্ছা হোতা, কব নোকরিকা নুটিশ মিলেগা তব যাকে বহুকা কাগজ দেনা পড়েগা।
সে অপেক্ষায় আছে কবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি হবে! কেবলি মাথায় ঘোরে কবে এ্যালোয়ারিতে লোক নেবে, ছেলে আর বহুকে ঢুকিয়ে দেবে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অর্থাৎ ডিআরএম স্যার যদুলালকে স্নেহের চোখে দেখে। যদুর ধারনা, ধারনা নয় বিশ্বাস যে স্যার বললে ওর ছেলের চাকরি হয়ে যাবে।
তবে কিছুদিন আগে যখন, অস্থায়ী রোলে লোক নিয়েছিল তখন ছেলে হীরালালের একটা ব্যবস্থা হয়েছে। অস্থায়ী নিয়োগে হীরালালের কাজটা জুটে গিয়েছিল বলেই শুরু হয়েছিল বিয়ের এত তোড়জোড়। বেতন টেতন জমতে না জমতেই বাপে বিয়ে লাগিয়ে দিয়েছে। হীরা অবশ্য মন দিয়ে কাজ করে। বলা যায়, হীরালাল নিজের আয়েই বিয়ে করেছে।
বউ নিয়ে থাকার জন্য বাপ নিজেদের ঘরটা ছেড়ে দিয়েছে। আবার কিছুদিন পরে হয়তো ঘর নিয়েও নিতে পারে। কলোনির মানুষের ভাষ্যমতে, অন্যান্য ছেলেপিলেদের চেয়ে যদুর ছেলে হীরা খুব ভালো ছেলে। বাপের কথামত চলে। বাপের কথায় সে বেশ কিছুদিন রিকশার গ্যারেজে কাজ করেছে। কিছুদিন ঠেলাগাড়ি ঠেলেছে, রেলবাজারে মাছের আড়তে কাজ করেছে আবার সিনেমাহলে ব্লাকে টিকেটও বেচেছে। এভাবে যা টুকটাক আয় করেছে তা বাপের হাতেই দিয়েছে, আজও বেতনটাও বাপের হাতেই তুলে দেয়। সে কোনো নেশা করে না বা কোনো আউল ফাউল খরচও করে না।
টাকা পয়সা বাপের হাতে দেওয়ার মতো হীরালাল মাঝেমধ্যে বাজারে, অফিসে, বা যোগেন কাকার কাছে শোনা কথাবার্তাও বাপো’র কাছে মুখস্ত ঢেলে দেয়। যদুলাল ব্যাটার মুখে শুনেছে,
‘বাংলাদেশের এই অস্পৃশ্য সম্প্রদায়, এখনো সমাজের মূল স্রোতের সঙ্গে মিশতে পারেনি, তাদেরকে মিশতে দেওয়া হয় না। ফলে তারা কলোনি ভিত্তিক জীবনযাপন করে যাচ্ছে ব্যাপক অভাব-অনটন, অশিক্ষা-কুশিক্ষার মধ্য দিয়ে।
তবে ধীরে হলেও দিন বদলাচ্ছে। ভেতরে ভেতরে অনেকেই সন্তানদের লেখাপড়া শেখানোর চেষ্টা করছে। সমাজের কিছু কিছু মানুষের চেষ্টায়, বদান্যতায়, এরাও স্কুল কলেজে শিক্ষার সুযোগ পাচ্ছে। যদিও তা সংখ্যায় সীমিত’।
এমন কঠিন কঠিন কথা হীরা ফড়ফড় করে মুখস্ত বলে যায় আর যদুলাল ঝিমাতে ঝিমাতে শোনে নাকি শোনে না ঠিক বোঝা যায় না।
যদুলাল দাস বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের ডিআরএম অফিসের সুইপার। অফিস, অফিস প্রাঙ্গন, ঝাড়ু দেওয়া, এতোবড় অফিসের কয়েকটি বাথরুম পরিষ্কার করা, অফিসের পাশ দিয়ে যে ড্রেন গিয়েছে তা পরিষ্কার করা, রাস্তা ঝাড়ু দেওয়া যদুলালের ডিউটির মধ্যে পড়ে।
পরনে খাকি রঙের পোষাক, ঘাড়ে পেখমমেলা ঝাড়ু, জল খাওয়ার একটা টিনের মগ আর কানের উপর বিড়ি এই সাজ যদুলালের বড় পছন্দের সাজ। এমন সাজ সেজেই সে ডিউটি করে। এই খাকি পোশাক ওদেরকে অফিস থেকে সরবরাহ করা হয়। পোশাকের জন্য টাকা হাতে দেওয়া হয় না। অফিস থেকে নির্ধারিত দর্জির কাছে গেলে মাপজোখ নিয়ে পোশাক বানিয়ে দেয়। টাকা হাতে পেলে কেউ কি আর পোশাক বানায়! বানায় না বলেই অফিস থেকে বরাদ্দ করে, ঝাড়ুও অফিসের বরাদ্দ।
মাসের সব দিনই যে সে কাজ করে তা নয়। দারু বা চোলাই খেয়ে পড়ে থাকলে তার বদলি কাজ বউ সুধাবালা করে। সুধাবালাও মাঝে অস্থায়ী রোলে কাজ করেছে কয়েকবছর, কিন্তু সে তো আর সারাজীবনের জন্য নয়। প্রায় সময়ই যদুলাল দারু খেয়ে পড়ে থাকে আর স্বামীর বদলী কাজ করে সুধাবালা, কিন্তু আজকাল আর করতে চায় না। তাতে যদুলাল রাগারাগি করে করুক। হীরালাল মাঝেমধ্যে মা আর বাপোকে বলে,
-হামরা যে বেতন পাই তাতে হিসাব টিসাব করি, গোছাগুছি করি সংসার করলে জেবন ভালো করি চলি যাইত, কমছে কম উপাস করির নাগত না।
কিন্তু ওর বাপো কেবল শুনে যায়, বাস্তবে তা পালন করে না। বেতন হাতে পেলে আর হুঁশ থাকে না, রাজা বাদশাহ হয়ে যায়, পরিমাপহীন চোলাই খেয়ে বেহুঁশের মতো পড়ে থাকে লম্বা সময়। অবশ্য বেতনের অংকও তো হাওয়াই মিঠাইয়ের মতো, মুখ থেকে পেটে দিতে না দিতেই ফুরিয়ে আসে।
বিকেলের দিকে হীরালাল শখ করে বিয়েতে পাওয়া রঙিন নকশার ফতুয়াটা গায়ে চাপিয়ে ওর সেই একমাত্র গান, ‘মেরা জুতা হ্যায় জাপানি’...গাইতে গাইতে হাঁটছিল, ফুর্তির চোটে সে অনেকদূর চলে এসেছে। মনে মনে বউয়ের কথা ভাবে, যখন কাজে যায় তখনও মাথায় কেবল বউয়ের মুখটাই ভাসে, বউয়ের হাসিটা এতো মারাত্মক, বুকের ভেতর কেমন যেন ছলকে ছলকে ওঠে। তবে সে এটাও বুঝতে পেরেছে ওর বউ যমুনা বিরাট বুদ্ধিমতি। সে যে কতকিছু জানে, কতকিছু বোঝে, হীরালাল বউয়ের গুণপনায় একেবারে মুগ্ধ হয়ে থাকে।
হাঁটতে হাঁটতে, আর গলা সাধতে সাধতে ওর ভেতরটা কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে আসে। জল তেষ্টা পায়। রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখে সে দাঁড়ায়, একটু জল চায়। সেখানে অনেকে বেঞ্চে বসে আছে, যাদেরকে হীরালাল চেনে। তাদের মধ্যে একজন বলে ওঠে,
-কিরে হীরা খুব যে ফুলবাবু সাজি ঘুরি বেড়াওছিস? বউ ক্যাংকা রে? তোর বউয়ের বোলে খুব মুখ? খুব চোটপাট? বাকিরা হো হো করে হেসে ওঠে। সে কোনো উত্তর দেয় না। এরা ওর বউয়ের কি বুঝবে!
এদিকে চায়ের দোকানের কেউই ওকে জল দেয় না। সে আবার বলে,
-একনা জল দ্যান তো, খুব তিয়াস নাগচে ক্যাম্বা। নাহ! কেউই গা করে না, ভাবে শুনতে পায়নি। এবারে সে গলা তুলে অনুরোধ করলে, দোকানদার খেকিয়ে ওঠে,
-এহ! নবাব আইছে রে! আরে হারামজাদা তোর মগ কইরে? কিসে পানি দেব? শালা।
হীরালালের মনে পড়ে সে আজ মগ না নিয়ে বের হয়েছে। আজ তো কাজে বের হয়নি, যমুনার বাপের বাড়ি থেকে দেওয়া নতুন জামাটা পরে তো আর গু সাফ করতে যাওয়া যায় না। উদ্দেশ্যহীন হাঁটতে বের হয়েছিল। জলের জন্য সে যতটা না কাতর হয়, একটা মগের অভাবে জল না দেওয়ার জন্য সে অনেক বেশি কাতর হয়ে পড়ে। এতক্ষণের সুখ সুখ মন, আনন্দ অনুভূতি, ফুর্তি, গান সব উধাও হয়ে যায়। অভিমানে গলার কাছটা ভার লাগে, কান্না চলে আসে। সে সকলের মুখের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলে। কি হবে কাউকে চোখের জল দেখিয়ে। এতোগুলা মানুষ কেউ বলে না, ‘আরে ধুর একগ্লাস জল দাওত’।
সে হনহন করে বাড়ির দিকে হাঁটতে থাকে।
হাঁটতে হাঁটতে সে যোগেন কাকার কাছ থেকে শতবার শোনা কথাগুলো মনে মনে মুখস্ত আওড়ায়, ‘সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী দলিত বা এই হরিজনদের মেথর, সুইপার না বলে ‘হরিজন’ বলার অমোঘ বাণী দিয়ে গেছেন। এই জায়গায় এসে হীরা থামে, বিড়বিড় করে ‘তাতে কী বালটা হইচে’।
দেবদাসী প্রথা দক্ষিণ ভারতে এখনো টিকে আছে। এসব দেবদাসীরা অধিকাংশই হরিজন সম্প্রদায় থেকে আসা। কিছু মানুষ তাদেরকে ভোগ করলে জাত যায় না। জাত যায় তাদের হাতের জল খেলে’।
যোগেন কাকাটা কতকিছু জানে! হীরা অবাক হয়ে ভাবে। আবার নিজে নিজে বলে ‘জানিইবা কী বাল হইচে’!