শীতের আগে পরিবারের ‘উইন্টার প্রিপারেশন’ চেকলিস্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ এখনো বেশ চড়া থাকলেও রাত কিংবা ভোরের দিকে হালকা শীতল বাতাস জানান দিচ্ছে শীত আর খুব বেশি দূরে নেই। প্রকৃতিতে যেমন ঋতু পরিবর্তনের এই বদলের দোলা আসছে, তেমনি বদল আনা প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনযাপনেও। আলমারির এক কোণে তুলে রাখা সোয়েটার, লেপ-কম্বল কিংবা শীতের চাদরগুলো বের করার সময়ও বোধ হয় এসে গেছে। তবে শীতের প্রস্তুতি কি শুধু গরম পোশাক আর লেপ-কম্বল গুছিয়ে রাখার মধ্যেই সীমাবদ্ধ? একেবারেই নয়। পরিবারের ছোট-বড় সবার স্বাস্থ্য সুরক্ষা, ঘরবাড়ির পরিচ্ছন্নতা, খাবারদাবার, ত্বকের যত্ন থেকে শুরু করে দৈনন্দিন অভ্যাস—সবকিছুরই প্রয়োজন কিছু আগাম প্রস্তুতি। 


বিশেষ করে শিশু ও বয়স্ক সদস্যদের জন্য শীতের বাড়তি যত্ন নিশ্চিত করা জরুরি। তাই শীত পুরোপুরি জেঁকে বসার আগেই পরিবারের জন্য সেরে ফেলুন প্রয়োজনীয় কিছু কাজ। চলুন, দেখে নেওয়া যাক শীতের আগে পরিবারের একটি পূর্ণাঙ্গ উইন্টার প্রিপারেশন চেকলিস্ট।



শীতের পোশাক বের করুন, পরিচ্ছন্নতার দিকে নজর দিন


আলমারির এক কোণে গুছিয়ে রাখা সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট, শাল কিংবা মাফলার বের করার সময় হয়েছে। তবে দীর্ঘদিন তুলে রাখা পোশাক সরাসরি ব্যবহার না করাই ভালো। এগুলোতে ধুলাবালি, দুর্গন্ধ কিংবা আর্দ্রতার কারণে ছত্রাক জন্মাতে পারে। তাই ব্যবহারের আগে রোদে দিন। এরপর পোশাকের ধরন অনুযায়ী ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন।


শিশুদের পোশাকের দিকে বিশেষ নজর দিন। গত বছরের পোশাকগুলো ফিট হচ্ছে কি না দেখে নিন। বাচ্চাদের জন্য নতুন শীতের পোশাক বা মোজা-টুপি আগে থেকেই কিনে রাখুন। পরিবারের বয়স্ক সদস্যদের জন্যও আরামদায়ক ও সহজে পরা যায় এমন গরম পোশাক রাখুন। একাধিক ভারী পোশাকের বদলে কয়েক স্তরে আরামদায়ক পোশাক পরার ব্যবস্থা করলে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়।



লেপ-কম্বল ও বিছানাপত্রের যত্ন নিন


শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে লেপ, কম্বল এবং ভারী বিছানাপত্র আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তবে দীর্ঘদিন আলমারিতে বা বাক্সে বন্ধ থাকা এগুলো ব্যবহারের অন্তত ২-৩ দিন আগে কড়া রোদে দিন। রোদের আল্ট্রাভায়োলেট রশ্মি ভেতরের আর্দ্রতা দূর করে এবং জীবাণু ও ফাঙ্গাস মেরে ফেলে। রোদে দেওয়ার পর একটি হালকা লাঠি বা হাত দিয়ে লেপ-কম্বল ভালো করে ঝেরে নিন। এতে ভেতরে জমে থাকা ধুলোবালি বের হয়ে যাবে।


শিমুল তুলার লেপ কখনোই পানিতে ধোয়া বা ড্রাই ক্লিন করা যাবে না। পানি লাগলে তুলা দলা পেকে নষ্ট হয়ে যায়। এই লেপের জন্য সবসময় একটি সুতি কাপড়ের কভার (ওয়াশ) ব্যবহার করুন এবং ময়লা হলে শুধু কভারটি খুলে ধুয়ে নিন। 

কম্বল ঘরে ধুতে চাইলে শ্যাম্পু বা মৃদু ডিটারজেন্ট মেশানো হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। বেশি জোরে চিপবেন না। ওয়াশিং মেশিনে ধুতে চাইলে 'উল' (Wool) বা 'ডেলকেট' (Delicate) মোড ব্যবহার করুন।


দামি এবং ভারী পশমি কম্বল ঘরে না ধুয়ে 'ড্রাই ক্লিন' করানোই সবচেয়ে নিরাপদ।


বিছানার চাদর, বালিশের কভার ও ম্যাট্রেসের পরিচ্ছন্নতার দিকেও নজর দিন। যাঁদের ধুলাবালি বা ডাস্ট অ্যালার্জি রয়েছে, তাঁদের ক্ষেত্রে বিছানাপত্র নিয়মিত পরিষ্কার রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। লেপ-কম্বল সংরক্ষণের সময়ও খেয়াল রাখুন, যেন সেগুলো পুরোপুরি শুকনো থাকে। আর্দ্র অবস্থায় তুলে রাখলে ছত্রাকের জন্ম হতে পারে।



ঘরবাড়ি করুন শীতের উপযোগী


শীতের প্রস্তুতি শুধু আলমারি গোছানোর মধ্যে সীমাবদ্ধ নয়, ঘরবাড়িকেও প্রস্তুত করতে হবে। বিশেষ করে যেসব ঘরে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করে না, সেসব জায়গায় আর্দ্রতা ও ছত্রাকের সমস্যা দেখা দিতে পারে। তাই শীত আসার আগেই ঘরের জানালা, দরজা, দেয়াল ও ছাদের অবস্থা পরীক্ষা করুন। এছাড়াও, অতিরিক্ত ঠান্ডা পরলে দরজার নিচের ফাঁকা অংশ দিয়ে সবচেয়ে বেশি ঠান্ডা বাতাস আসে। এমতাবস্থায়  কাপড়ের তৈরি ডোর সিল বা ফোমের ড্রাফট ব্লকার (Draft Blocker) দরজার নিচে লাগিয়ে দিতে পারেন। 


শীতকালে ঘরের মেঝে বা টাইলস অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, যা খালি পায়ে হাঁটলে ঠান্ডা লাগার ঝুঁকি বাড়ায়। বসার ঘর ও শোবার ঘরের মেঝেতে ভারী কার্পেট, শতরঞ্জি বা রাগস (Rugs) বিছিয়ে রাখলে মেঝের ঠান্ডা ভাব সরাসরি পায়ে লাগতে দেয় না।


গ্রীষ্মকালের পাতলা ও হালকা রঙের পর্দা শীতের দিনের জন্য উপযুক্ত নয়। জানালার পাতলা পর্দা বদলে গাঢ় রঙের এবং ভারী কাপড়ের (যেমন- ভেলভেট, ডেনিম বা ডাবল লেয়ার) পর্দা ব্যবহার করতে পারেন। এই পর্দা, ভারী কার্পেট, রাগস এগুলো রোদ থাকতে থাকতে আগে থেকেই শুকিয়ে ঝেড়ে রাখতে পারেন।



পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আগাম প্রস্তুতি নিন


শীতের সময়ে সর্দি, কাশি, হাঁপানি এবং অন্যান্য ঠান্ডাজনিত রোগের প্রকোপ বহুগুণ বেড়ে যায়। এই মৌসুমে পরিবারের সবাইকে, বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষিত রাখতে স্বাস্থ্য সুরক্ষায় আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

শীত আসার আগেই স্বাস্থ্য সুরক্ষায় যে পদক্ষেপগুলো আপনার নেওয়া উচিত:


- শীতের শুরুতে ফ্লুর আক্রমণ সবচেয়ে বেশি হয়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবারের সবার, বিশেষ করে শিশু ও প্রবীণদের বার্ষিক ফ্লু ভ্যাকসিন দিয়ে নিন।


- করোনা বা নিউমোনিয়ার মতো শ্বাসকষ্টজনিত রোগের বুস্টার ডোজ বাকি থাকলে তা এখনই সম্পন্ন করুন।


- প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন (অ্যালার্জির ওষুধ), কাশির সিরাপ ঘরে মজুত রাখুন।


- পরিবারে হাঁপানি বা অ্যাজমার রোগী থাকলে ইনহেলার, নেবুলাইজার এবং প্রয়োজনীয় রেসপিরেটরি ওষুধগুলোর মেয়াদ পরীক্ষা করে আগে থেকেই সংগ্রহে রাখুন। এছাড়াও থার্মোমিটার, অক্সিমিটার এগুলো সচল আছে কিনা দেখে নিন, প্রয়োজনে ব্যাটারি পরিবর্তন করুন।


- বিশেষ করে ছোটদের কাশি বা হাঁচির সময় টিস্যু কিংবা কনুই দিয়ে নাক-মুখ ঢেকে রাখার অভ্যাস গড়ে তুলুন এবং সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন।



শিশুদের জন্য রাখুন বাড়তি প্রস্তুতি


শীতের তীব্রতা বড়দের চেয়ে শিশুদের খুব দ্রুত কাবু করে ফেলে। নিউমোনিয়া, টনসিলাইটিস, ব্রঙ্কিওলাইটিস এবং কোল্ড ডায়রিয়ার মতো রোগ থেকে শিশুদের দূরে রাখতে শীতের শুরুতেই বাড়তি প্রস্তুতি নেওয়া অপরিহার্য।


শিশুর বয়স ও আবহাওয়া অনুযায়ী আরামদায়ক পোশাক পরান। খুব বেশি কাপড় পরিয়ে ঘেমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না। শিশুর হাত-পা ঠান্ডা মনে হলেই যে তার শরীরের তাপমাত্রা কমে গেছে, এমন নয়। ঘাড় বা বুকের ত্বক স্পর্শ করে শরীরের উষ্ণতা বোঝার চেষ্টা করুন।


শিশুর ত্বক শুষ্ক হয়ে গেলে গোসলের পর উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ঠোঁট ও গালের যত্নেও মনোযোগ দিন। শীতে বুকে সরিষার তেল মালিশ করার প্রাচীন অভ্যাস আছে, তবে শিশুর ঠান্ডা লেগে থাকলে বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া বুকে অতিরিক্ত তেল মালিশ করবেন না।



বয়স্ক সদস্যদের প্রতি বাড়তি যত্নশীল হোন


শীতের তীব্রতা শিশুদের মতো পরিবারের বয়স্ক সদস্যদেরও খুব দ্রুত কাবু করে ফেলে। বয়স বাড়ার সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। ফলে শীতে প্রবীণদের আর্থ্রাইটিস বা বাতের ব্যথা, অ্যাজমা, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পরিবারে বয়স্ক সদস্য থাকলে শীতের প্রস্তুতির তালিকায় তাঁদের জন্য আলাদা পরিকল্পনা রাখুন। 


তাঁদের জন্য সহজে পরা যায় এমন উষ্ণ পোশাক, মোজা ও আরামদায়ক বিছানার ব্যবস্থা করুন। ঘরের মেঝে যেন অতিরিক্ত পিচ্ছিল না থাকে, সেদিকেও খেয়াল রাখুন। শীতের সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ বাইরে বের না হয়ে ধীরে ধীরে স্বাভাবিক কাজে অভ্যস্ত হতে উৎসাহিত করুন।


শীতে রক্তনালী সংকুচিত হয়ে রক্তচাপ বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। তাই নিয়মিত প্রেশার ও ডায়াবেটিস মাপুন। নিয়মিত ওষুধ খাওয়া, চিকিৎসকের ফলোআপ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা যেন বাদ না পড়ে। ঠান্ডার কারণে অনেক বয়স্ক মানুষ পানি পান কমিয়ে দেন। কিন্তু শীতকালেও শরীরের পানির চাহিদা পূরণ করা জরুরি। তাই তৃষ্ণা কম পেলেও নিয়মিত পানি পান করতে উৎসাহ দিন।



খাবারদাবারে আনুন মৌসুমি পরিবর্তন


শীতকালে শরীরের বিপাকক্রিয়া (Metabolism) বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে শরীরের অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। তাই শীতের আমেজ শুরু হওয়ার আগেই দৈনন্দিন খাদ্যতালিকায় মৌসুমি ও পুষ্টিকর পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।


শীত মানেই বাজারে রঙিন সবজির সমারোহ। ফুলকপি, বাঁধাকপি, গাজর, মুলা, টমেটো, পালংশাক, মটরশুঁটি—কত রকমের সবজি! পাওয়া যায় কমলা, পেয়ারা ও জলপাইয়ের মতো মৌসুমি ফলও। তাই পরিবারের খাবারের তালিকায় মৌসুমি শাকসবজি ও ফল রাখুন। 


বাজারে আসা টাটকা ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, গাজর, টমেটো এবং ওলকপি খাদ্যতালিকায় রাখুন। এগুলো অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিনে ভরপুর। এছাড়াও গরম স্যুপ, সবজির খিচুড়ি কিংবা ঘরে তৈরি পুষ্টিকর খাবার শীতের দিনে ভালো বিকল্প হতে পারে। তবে শুধু গরম খাবার খেলেই শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বেড়ে যায়, এমন ধারণা ঠিক নয়। সুষম খাদ্যাভ্যাসই এখানে গুরুত্বপূর্ণ।


শীতের রোগবালাই, বিশেষ করে সর্দি-কাশি থেকে বাঁচতে প্রতিদিন অন্তত একটি ভিটামিন-সি যুক্ত ফল খান। এক্ষেত্রে সেরা পছন্দ হতে পারে আমলকী, কমলালেবু, মাল্টা, বরই এবং বাতাবি লেবু যা প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বাড়ায়।


শীতকালে অনেকেই পানি পান কমিয়ে দেন। তৃষ্ণা কম লাগলেও শরীরের পানির প্রয়োজন কমে যায় না। তাই পরিবারের সবাইকে নিয়মিত পানি পান করার কথা মনে করিয়ে দিন। শিশুদের স্কুলের পানির বোতল এবং বয়স্ক সদস্যদের হাতের কাছে পানির ব্যবস্থা রাখুন।


 

হিটার, গিজার ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা করুন


শীতের তীব্রতা শুরু হওয়ার পর হুট করে কোনো ইলেকট্রনিক্স নষ্ট হলে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে গিজার বা রুম হিটারের মতো ভারী যন্ত্রপাতিগুলো দীর্ঘ সময় বন্ধ থাকার পর সরাসরি চালু করলে দুর্ঘটনা বা যান্ত্রিক গোলযোগের ঝুঁকি থাকে। তাই শীত আসার আগেই হিটার, গিজার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা ও প্রস্তুত করা অত্যন্ত জরুরি।


হিটার ব্যবহারের সময় কয়েকটি বিষয় মনে রাখুন:

- হিটার পর্দা, বিছানা, কাগজ কিংবা অন্য দাহ্য বস্তু থেকে দূরে রাখুন।

- কাপড় শুকানোর জন্য হিটারের ওপর বা সামনে কাপড় রাখবেন না।

- ঘুমানোর সময় হিটার বন্ধ করে দিন।

- এক্সটেনশন বোর্ডে অতিরিক্ত বৈদ্যুতিক যন্ত্র সংযুক্ত করবেন না।

- শিশুদের নাগালের বাইরে হিটার রাখুন।


গিজার ব্যবহারের ক্ষেত্রেও নিয়মিত সার্ভিসিং ও নিরাপত্তা পরীক্ষা জরুরি। গ্যাসচালিত গিজারের ক্ষেত্রে সঠিক বায়ু চলাচল ও নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে হবে।



শীতের সঙ্গে মানিয়ে নিন দৈনন্দিন রুটিন


শীতের ছোট দিন আর দীর্ঘ রাতের সাথে তাল মেলাতে দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আনা জরুরি। একটু গোছানো রুটিন শীতের অলসতা কাটিয়ে আপনাকে রাখবে চটপটে, সুস্থ ও কর্মক্ষম।


শীতকালে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ব্যায়াম বাদ পড়ে, আবার সন্ধ্যার পর ঘরের বাইরে যাওয়ার আগ্রহও কমে যায়। কিন্তু সুস্থ থাকতে ঋতু পরিবর্তনের সঙ্গে জীবনযাপনের অভ্যাস পুরোপুরি বদলে ফেলা ঠিক নয়। পরিবারের সবাইকে নিয়মিত শারীরিক কর্মকাণ্ডে উৎসাহিত করুন। শরীরকে দ্রুত সচল ও উষ্ণ করতে ঘরের ভেতরেই ৫-১০ মিনিট হালকা স্ট্রেচিং, ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ বা ইয়োগা করুন। আবহাওয়া অনুকূলে থাকলে সকালে বা বিকেলে হাঁটতে পারেন। শিশুদের খেলাধুলার সুযোগ দিন। বয়স্ক সদস্যদের সামর্থ্য অনুযায়ী হাঁটা বা হালকা ব্যায়াম করতে উৎসাহিত করুন।


শীতে হজমপ্রক্রিয়া কিছুটা ধীর হয়। তাই রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাতের খাবার শেষ করার চেষ্টা করুন। শীতের দিন ছোট হয়ে আসায় অনেকের ঘুমের রুটিনেও পরিবর্তন ঘটে তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠার অভ্যাস বজায় রাখুন। 


পাশাপাশি বারান্দার গাছপালার যত্ন, পোষা প্রাণীর উষ্ণ ও নিরাপদ থাকার জায়গা এবং পরিবারের সদস্যদের বাইরে যাতায়াতের প্রয়োজনীয় প্রস্তুতিও সেরে রাখুন।



শীতের প্রস্তুতি হোক সবার জন্য


শীতের আগমন সবার জন্য একরকম আনন্দের বার্তা নিয়ে আসে না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের জন্য তীব্র শীত এক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই শীতের প্রস্তুতি যেন কেবল নিজের পরিবারের চার দেওয়ালে সীমাবদ্ধ না থাকে— এই শীতের প্রস্তুতি হোক সমাজের সবার জন্য। নিজের পরিবারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক বা রাস্তার পাশের গৃহহীন মানুষের হাতে তুলে দিতে পারেন পুরনো শীতবস্ত্র ও কম্বল। সামর্থ্য থাকলে কিছু নতুন কম্বল বা মাফলার কিনে রাতের বেলা ফুটপাতে থাকা শীতার্ত মানুষের মাঝে বিতরণ করতে পারেন।


তীব্র শীতে ভোরে বা রাতে যারা বাইরে কাজ করেন, তাদের কষ্ট সবচেয়ে বেশি হয়। যাতায়াতের সময় রিকশাচালক বা ভ্যানচালক কিংবা আপনার বাড়ির কাজের সহকারী ও দারোয়ান, তাদের প্রতি কিছুটা সদয় হোন। 


শীতের রাতে রাস্তার অবলা প্রাণীগুলো তীব্র ঠান্ডায় কাঁপে। আপনার বাড়ির নিচে বা গলিতে থাকা কুকুর-বিড়ালদের জন্য পুরনো কোনো চট বা বস্তা কোনো কোণায় বিছিয়ে দিতে পারেন। শীতে অনেক সময় পাখিদের খাবারের সংকট হয়। বারান্দায় বা ছাদে একটি পাত্রে কিছু শস্যদানা এবং পানি রেখে দিতে পারেন।


শীতের আসল সার্থকতা তখনই প্রকাশ পায় যখন আমরা নিজেদের উষ্ণ রাখার পাশাপাশি অন্য কারো জীবনেও কিছুটা উষ্ণতা ছড়িয়ে দিতে পারি।

sidebar ad