শীত এলেই চুল পড়ে, কী করবেন?

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শীত আসতে না আসতেই কি চিরুনিতে আগের চেয়ে বেশি চুল উঠছে? চুল হয়ে উঠছে রুক্ষ, দেখা দিচ্ছে খুশকি কিংবা আগা ফাটার সমস্যা? শীতকালে এসব সমস্যায় অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু কেন বাড়ে চুল পড়া, আর কীভাবে নেবেন এর যত্ন?


শীতের শুষ্ক বাতাস এবং ঘরের হিটার মাথার ত্বকের আর্দ্রতা কমিয়ে দিতে পারে। এতে দেখা দেয় শুষ্কতা, চুলকানি ও খসখসে ভাব। ভারতের চুল ও ত্বক বিশেষজ্ঞ ডা. যতিন মিত্তালের মতে, মাথার ত্বকের শুষ্কতা চুলের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে।


অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধোয়া চুল ও মাথার ত্বকের শুষ্কতা বাড়াতে পারে। তাই মৃদু শ্যাম্পু ও প্রয়োজনমতো কন্ডিশনার ব্যবহার করুন। ভেজা চুল জোরে ঘষে মুছবেন না। হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনারসহ তাপীয় যন্ত্রের ব্যবহারও কমিয়ে আনুন।


চুলের স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবারের বিকল্প নেই। ডা. যতিন মিত্তাল পুষ্টির ঘাটতিকেও চুল দুর্বল হওয়া ও চুল পড়ার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাই খাদ্যতালিকায় প্রোটিন, ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার রাখুন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন বা অন্য কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না।


চুল পড়া সব সময় শীতের কারণে হয় না। হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি কিংবা শারীরিক অসুস্থতাও এর কারণ হতে পারে। ডা. মিত্তালের মতে, শীতকালে চুল পড়ার প্রবণতা অনেক ক্ষেত্রে সাময়িক এবং পরে নতুন চুল গজাতে পারে। তবে সমস্যার কারণ শনাক্ত করাই গুরুত্বপূর্ণ।


প্রতিদিন কিছু চুল পড়া স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুল পড়লে, মাথার নির্দিষ্ট স্থানে চুল উঠে গেলে কিংবা মাথার ত্বকে প্রদাহ ও ক্ষত দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।


শীতে চুলের যত্নে প্রয়োজন সঠিক পরিচর্যা, সুষম খাবার এবং পর্যাপ্ত পানি পান। চুল পড়াকে শুধু ঋতু পরিবর্তনের প্রভাব ভেবে অবহেলা করবেন না।


ভিডিওতে বিস্তারিত জেনে নিন: চুল পড়া কমাতে করণীয়

sidebar ad