মাসিক বন্ধ হওয়াকে আমরা মেনোপজের প্রধান লক্ষণ হিসেবে জানি। কিন্তু নারীর শরীরে তখন যে আরও অনেক পরিবর্তন ঘটে, তা এত দিন পুরোপুরি স্পষ্ট ছিল না। সাম্প্রতিক এক বড় গবেষণা বলছে, মেনোপজের সময় হরমোনের পাশাপাশি হাড়, যকৃৎ, কিডনি ও রক্তের চর্বি নিয়ন্ত্রণব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তন ঘটে। এমনকি এর প্রস্তুতি শুরু হয় শেষ মাসিকের এক দশকেরও বেশি আগে!
নারীর জীবনে মেনোপজ একটি স্বাভাবিক জৈবিক অধ্যায়। সাধারণত টানা ১২ মাস মাসিক বন্ধ থাকলে তাকে মেনোপজ বলা হয়। অধিকাংশ নারীর ক্ষেত্রে এটি ঘটে ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে। অনেকেই মনে করেন, মাসিক বন্ধ হওয়া এবং হরমোনের ওঠানামাই মেনোপজের মূল ঘটনা। কিন্তু নারীর শরীর কি শুধু এতটুকুই বদলায়?
সাম্প্রতিক একটি গবেষণা এই ধারণাকে আরও বিস্তৃত করেছে। গবেষকেরা দেখেছেন, মেনোপজ নারীর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ ও জৈবিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই পরিবর্তন সব সময় ধীরে ধীরে ঘটে না। শেষ মাসিকের সময় শরীরের বিভিন্ন ব্যবস্থায় একধরনের আকস্মিক পরিবর্তন বা ‘ফিজিওলজিক্যাল ক্লিফ’ তৈরি হতে পারে।
৩০ কোটি পরীক্ষার তথ্য, উঠে এল নতুন চিত্র
গবেষণাটিতে দুটি স্বতন্ত্র জনগোষ্ঠীর প্রায় ৩০ কোটি ল্যাবরেটরি পরীক্ষার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এত বিপুল পরিমাণ স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যবহার করে গবেষকেরা মেনোপজের সময় নারীর শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তার একটি সামগ্রিক চিত্র তৈরির চেষ্টা করেছেন।
গবেষণাটির বিশেষত্ব হলো, এখানে শুধু অল্পসংখ্যক নারীর দীর্ঘদিনের স্বাস্থ্যতথ্যের ওপর নির্ভর করা হয়নি। বরং বিপুলসংখ্যক মানুষের বিভিন্ন সময়ের পরীক্ষার ফল বিশ্লেষণ করে একটি নতুন গণনাপদ্ধতির সাহায্যে মেনোপজের সময়কে কেন্দ্র করে শারীরিক পরিবর্তনের ধারাবাহিকতা পুনর্গঠন করা হয়েছে।
কারণ, সাধারণ স্বাস্থ্যতথ্যে একজন নারীর শেষ মাসিকের সঠিক বয়স বা সময় সচরাচর নথিভুক্ত থাকে না। ফলে মেনোপজের আগে ও পরে শরীরের পরিবর্তন নির্ভুলভাবে বোঝা কঠিন। গবেষকেরা এই সীমাবদ্ধতা কাটাতে জ্যোতির্বিজ্ঞানের একটি ধারণা থেকে অনুপ্রাণিত গণনাপদ্ধতি ব্যবহার করেছেন। এর মাধ্যমে বিভিন্ন বয়সে মেনোপজ হওয়া নারীদের তথ্যকে শেষ মাসিকের সময়ের সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করা সম্ভব হয়েছে।
শুধু হরমোন নয়, বদলায় একাধিক অঙ্গের কার্যক্রম
গবেষণায় দেখা গেছে, মেনোপজের সময় নারীর শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থায় পরিবর্তন ঘটে। এর মধ্যে রয়েছে—
হরমোনের ভারসাম্য: প্রজনন হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বড় পরিবর্তন আসে।
হাড়: হাড়ের বিপাক ও ঘনত্বের সঙ্গে সম্পর্কিত সূচকে পরিবর্তন দেখা যায়। এ সময় হাড়ের ক্ষয়জনিত সমস্যার ঝুঁকিও বাড়তে পারে।
যকৃৎ: যকৃতের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত কিছু পরীক্ষার মানে পরিবর্তন ঘটে।
কিডনি: কিডনির কার্যক্ষমতা নির্দেশকারী কিছু জৈবিক সূচকেও পরিবর্তন দেখা যায়।
রক্তের চর্বি: কোলেস্টেরলসহ বিভিন্ন লিপিডের মাত্রায় পরিবর্তন ঘটে, যা হৃদ্স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
অর্থাৎ, মেনোপজ কেবল প্রজননক্ষমতার অবসান নয়; এটি নারীর শরীরের সামগ্রিক জৈবিক ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।
পরিবর্তন শুরু হয় আরও আগে
গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, শরীরের কিছু পরিবর্তন শেষ মাসিকের এক দশকেরও বেশি আগে শুরু হতে পারে। অর্থাৎ, মেনোপজের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরের ভেতরে পরিবর্তনের প্রক্রিয়া চলতে থাকে।
এ কারণেই মধ্যবয়সী নারীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা শুধু মাসিক বন্ধ হওয়ার পর শুরু করলে চলবে না। বরং তার অনেক আগে থেকেই হাড়ের স্বাস্থ্য, হৃদ্স্বাস্থ্য, বিপাকীয় কার্যক্রম এবং হরমোনজনিত পরিবর্তনের দিকে নজর দেওয়া জরুরি।
হরমোন থেরাপিতে কি পরিবর্তন কমে?
গবেষণায় আরও দেখা গেছে, মেনোপজের সময় শরীরের বিভিন্ন ব্যবস্থায় যে আকস্মিক পরিবর্তন ঘটে, মেনোপজ-সংক্রান্ত হরমোন থেরাপি গ্রহণকারী নারীদের ক্ষেত্রে তার মাত্রা তুলনামূলকভাবে কম।
এটি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তবে এর অর্থ এই নয় যে সব নারীর হরমোন থেরাপি নেওয়া উচিত। চিকিৎসার প্রয়োজন, উপকারিতা ও ঝুঁকি ব্যক্তিভেদে আলাদা। তাই এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ জরুরি।
পুরুষের শরীরে কেন দেখা গেল না একই পরিবর্তন?
গবেষণার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, পুরুষদের তথ্য বিশ্লেষণে একই ধরনের আকস্মিক পরিবর্তন দেখা যায়নি। পাশাপাশি ভিন্ন জনগোষ্ঠীর তথ্যেও নারীদের ক্ষেত্রে পাওয়া পরিবর্তনের চিত্রে মিল ছিল। এতে মেনোপজের সঙ্গে এসব শারীরিক পরিবর্তনের সম্পর্ক আরও গুরুত্ব পেয়েছে।
মেনোপজ মানেই জীবনের শেষ অধ্যায় নয়
মেনোপজ কোনো রোগ নয়, বরং নারীর জীবনের স্বাভাবিক জৈবিক পরিবর্তন। কিন্তু এই সময় শরীরের ভেতরে কী ঘটছে, তা জানা থাকলে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া সহজ হয়।