মাইক্রোটিয়া কী, কেন হয়?

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর যখন নতুন অতিথি পৃথিবীতে আসে, তখন পুরো পরিবারে খুশির জোয়ার বয়ে যায়। বিশেষ করে মা-বাবার জন্য প্রথমবার সন্তানকে স্পর্শ করার, কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। দীর্ঘ প্রসব বেদনা বা মানসিক উদ্বেগের পর শিশুর প্রথম কান্না পরিবারে এক পরম স্বস্তি এনে দেয়। শিশুর জন্মের পর তার চোখ, নাক, মুখ, হাত-পা—সবকিছুই যেন পরিবারের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিন্তু কখনো কখনো দেখা যায়, শিশুর একটি বা দুটি কান স্বাভাবিক আকৃতির নয়। কারও কান আকারে বেশ ছোট, কারও কানের বাইরের অংশ অসম্পূর্ণ, আবার কারও ক্ষেত্রে কানের বাইরের অংশটি একেবারেই তৈরি হয় না। বিষয়টি দেখে মা-বাবা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক সময় আশপাশের মানুষের কৌতূহলী প্রশ্ন কিংবা মন্তব্য সেই উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। 


চিকিৎসাবিজ্ঞানে জন্মগতভাবে কানের বাইরের অংশ ছোট, অপরিণত বা অনুপস্থিত থাকার এই অবস্থাকে বলা হয় মাইক্রোটিয়া (Microtia)। এটি কেবল কানের গঠনগত একটি পার্থক্য নয়; অনেক ক্ষেত্রে এর সঙ্গে শ্রবণশক্তির সমস্যাও যুক্ত থাকতে পারে। প্রতি বছর ৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ‘মাইক্রোটিয়া সচেতনতা দিবস’। আজকের এই দিনটির মূল উদ্দেশ্য হলো—এই বিশেষ পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, আক্রান্ত শিশুদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের সুন্দর ভবিষ্যতের পথ সুগম করা।


মাইক্রোটিয়া কী, কেন হয়?


ল্যাটিন শব্দ থেকে আগত ‘মাইক্রোটিয়া’ হলো একটি জন্মগত শারীরিক ত্রুটি, যার শাব্দিক অর্থ "ছোট কান"। গর্ভাবস্থার প্রথম দিকে (প্রথম তিন মাসে) শিশুর বাইরের কান বা অরিকল (auricle) ঠিকমতো বিকাশ লাভ না করলে এটি দেখা দেয়। এতে শিশুর এক বা উভয় কান সম্পূর্ণ বা আংশিকভাবে গঠিত হতে পারে না। অনেক সময় এর সাথে ‘অ্যাট্রেসিয়া’ (Atresia) থাকে, যার অর্থ হলো কানের ছিদ্র না থাকা, যা শ্রবণশক্তির ক্ষতি করে। প্রায় ৯,০০০ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে এই অবস্থা দেখা যায়।


কানের ক্ষতির মাত্রার ওপর ভিত্তি করে মাইক্রোটিয়া প্রধানত ৪টি গ্রেডে বিভক্ত: 


- গ্রেড ১: কানের আকার স্বাভাবিকের চেয়ে কিছুটা ছোট, তবে কানের প্রায় সব গঠনই চেনা যায়।

- গ্রেড ২: কানের ওপরের অংশ অনুন্নত থাকে এবং কানের নালী সরু বা বন্ধ থাকে।

- গ্রেড ৩: এটি সবচেয়ে সাধারণ রূপ; এতে কানের স্বাভাবিক গড়ন প্রায় থাকেই না এবং কানের নালী অনুপস্থিত থাকে।

- গ্রেড ৪: কানের বাইরের অংশের সম্পূর্ণ অনুপস্থিতি থাকে। এই অবস্থাকে অ্যানোটিয়া (Anotia) বলা হয়। 



মাইক্রোটিয়া হওয়ার কারণ কী?


মাইক্রোটিয়া (Microtia) কেন হয়, তার সুনির্দিষ্ট কারণ চিকিৎসাবিজ্ঞানে এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে চিকিৎসকদের মতে, এটি কোনো একক কারণে ঘটে না। গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহে (বিশেষ করে প্রথম ৩ মাসের মধ্যে) যখন শিশুর কানের গঠন তৈরি হতে থাকে, তখন কোনো কারণে সেই প্রক্রিয়া ব্যাহত হলে মাইক্রোটিয়া দেখা দেয়। জিনগত ও গর্ভাবস্থার কিছু বিষয় নিয়ে গবেষণা হয়েছে, তবে আক্রান্ত শিশুর মা-বাবার কোনো ভুল বা অবহেলার কারণে এই অবস্থা হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর ভিত্তি নেই। অনেক ক্ষেত্রেই মাইক্রোটিয়া অন্য কোনো জন্মগত সমস্যার সঙ্গে সম্পর্কিত না হয়ে এককভাবেই দেখা দেয়। তাই কোনো শিশুর মাইক্রোটিয়া শনাক্ত হলে মা-বাবাকে দোষারোপ করা নয়, বরং প্রয়োজনীয় চিকিৎসা, পরীক্ষা ও সহায়তার ব্যবস্থা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


মাইক্রোটিয়া কি শ্রবণশক্তিকে প্রভাবিত করে?


মাইক্রোটিয়ায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে কম-বেশি শ্রবণশক্তির ঘাটতি বা বধিরতা দেখা দেওয়া অত্যন্ত সাধারণ একটি বিষয়। তবে মাইক্রোটিয়া সরাসরি কানের ভেতরের মূল শ্রবণযন্ত্রকে নষ্ট করে না, বরং শব্দ ভেতরে পৌঁছানোর পথটি বন্ধ করে দেয়। মাইক্রোটিয়ায় আক্রান্ত প্রায় ৯০% শিশুর ক্ষেত্রে কনডাক্টিভ হিয়ারিং লস বা 'শব্দ সঞ্চালনে বাধা জনিত শ্রবণ সমস্যা' দেখা দেয়। 


তবে একটি আশার কথা হলো, গর্ভাবস্থায় কানের বাইরের অংশ এবং ভেতরের অংশ সম্পূর্ণ ভিন্ন দুটি সময়ে এবং ভিন্ন উপায়ে তৈরি হয়। মাইক্রোটিয়ায় বহিঃকর্ণ বিকৃত হলেও সাধারণত কানের ভেতরের অংশ অর্থাৎ শ্রবণ স্নায়ু (Auditory Nerve) এবং কক্লিয়া (Cochlea) সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক থাকে। এর মানে হলো, শিশুটির মস্তিষ্কে শব্দ শোনার ক্ষমতা ঠিকই আছে, কেবল শব্দ ভেতরে পৌঁছানোর রাস্তাটি বন্ধ।


শিশুর এক কান আক্রান্ত হলে অন্য কান ভালো থাকায় সে স্বাভাবিকভাবেই কথা বলতে ও ভাষা শিখতে পারে। তবে তার দিক নির্ণয়ে সমস্যা হয় এবং কোলাহলপূর্ণ পরিবেশে কথা শুনতে কষ্ট হয়। দুটি কানই আক্রান্ত হলে সে সময়মতো কথা বলা শিখতে পারে না এবং তার মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয়।


কীভাবে মাইক্রোটিয়া শনাক্ত ও চিকিৎসা করা হয়?


শিশুর জন্মের পর কানের দৃশ্যমান গঠন দেখে চিকিৎসকেরা মাইক্রোটিয়া ও এর গ্রেড নির্ধারণ করেন। তবে কানের ভেতরের অবস্থা এবং শ্রবণশক্তির মাত্রা বোঝার জন্য কিছু বিশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়। শ্রবণশক্তি এবং কানের ভেতরের গঠন সম্পর্কে জানতে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারেন। পরিস্থিতি অনুযায়ী শ্রবণ পরীক্ষা, অডিওলজি মূল্যায়ন এবং সিটি স্ক্যানের প্রয়োজন হতে পারে। 


এর চিকিৎসা নির্ভর করে শিশুর বয়স, কানের গঠন এবং শ্রবণশক্তির অবস্থার ওপর। যদি কানের নালি বন্ধ থাকে (Atresia), তবে শব্দ ভেতরে পৌঁছানোর জন্য সফট-ব্যান্ড বোন কনডাকশন হিয়ারিং এইড বসানো হয়, যা হাড়ের কম্পনের মাধ্যমে শব্দ সরাসরি ভেতরের কানে পৌঁছে দেয়। প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে কানের বাইরের অংশ তৈরি বা পুনর্গঠন করা সম্ভব। তবে সেক্ষেত্রে বয়স, শারীরিক অবস্থা ও ব্যবহৃত পদ্ধতির ওপর অস্ত্রোপচারের সময় নির্ভর করে। এরপর শিশুর শ্রবণশক্তি, ভাষার বিকাশ এবং সামগ্রিক অগ্রগতি পর্যবেক্ষণ করতে নিয়মিত ফলোআপের প্রয়োজন। 


মাইক্রোটিয়া সচেতনতা দিবসের বার্তা কী?


৯ নভেম্বর মাইক্রোটিয়া সচেতনতা দিবস। এই দিনটির সঙ্গে লুকিয়ে আছে এক সুন্দর প্রতীকী অর্থ। ইংরেজি ‘৯’ সংখ্যাটির আকৃতি অনেকটা মানুষের কানের মতো। এই মিলের জন্যই ৯ নভেম্বরকে বেছে নেওয়া হয়েছে। ২০১৬ সালে "ইয়ার কমিউনিটি" নামের একটি সংস্থা এই দিনটির প্রচলন করে। তাদের লক্ষ্য একটাই— মাইক্রোটিয়া সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া এবং আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো।


 এই দিবসটির প্রস্তাবনা টাম্বলিন পরিবারের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল। মেলিসা টাম্বলিন, যিনি ২০১০ সালে ইয়ার কমিউনিটি প্রতিষ্ঠা করেন। তাঁর মেয়ে যখন মাইক্রোটিয়া নিয়ে জন্মায় তখন তিনি এর কারণ খুঁজে পেতে নানা বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন। তখন থেকে, ইয়ার কমিউনিটি তাদের বিভিন্ন অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে ৬,৫০০-এরও বেশি মানুষকে একত্রিত করেছে, এই ব্যাপারে তাদের অভিজ্ঞতা ও তথ্য আদান-প্রদান করার জন্য। এই কমিউনিটিটি শুধু মাইক্রোটিয়ায় আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্ক এবং তাদের পরিবারকেই নিয়ে গঠিত নয়, বরং এতে রয়েছেন সারা বিশ্বের শিক্ষক, সমর্থক এবং চিকিৎসা পেশাজীবীরা, যারা এই অসাধারণ জনগোষ্ঠীর জন্য সচেতনতা বৃদ্ধি ও সহায়তা প্রদানে কাজ করেন। 


মাইক্রোটিয়া নিয়ে সচেতনতা জরুরি। কারন এটা নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা বা অজ্ঞতা রয়েছে। শিশুরা যখন জন্মায়, তখন তারা জানে না যে তারা অন্য সবার থেকে আলাদা। কিন্তু এরাই ছোটবেলা থেকেই কৌতূহলী দৃষ্টি, প্রশ্ন বা কখনও কখনও সমবয়সীদের উত্যক্তির শিকার হয়। সঠিক তথ্যের অভাবে অভিভাবকরাও অনেক সময় উদ্বেগে ভোগেন। তাই এই দিনে আমাদের করনীয়—


- জানুন: বিশ্বস্ত সূত্র থেকে মাইক্রোটিয়া সম্পর্কে সঠিক তথ্য জেনে নিন।


- শেয়ার করুন: আক্রান্ত কারও গল্প বা এই বিষয়ে সচেতনতামূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারেন।


- পাশে দাঁড়ান: ভিন্নভাবে জন্মানো শিশুদের প্রতি একটু বেশি যত্নশীল হোন। তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। 


ভিন্নতা কোনো দুর্বলতা নয়। একটু ভালোবাসা ও সহানুভূতিই একজন মানুষের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিতে পারে। সবার আগে মানুষ। চেহারার ভিন্নতা কখনও কারও প্রতি বৈষম্যের কারণ হতে পারে না। 


তথ্যসূত্র : সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি), ন্যাশনাল ডে ক্যালেন্ডার

sidebar ad