সম্পত্তিতে মেয়েদের পূর্ণ অংশ নিশ্চিতে যা বললেন আইনমন্ত্রী

প্রকাশ: ১০ মার্চ ২০২৬

সম্পত্তিতে মেয়েদের পূর্ণ অংশ নিশ্চিতে যা বললেন আইনমন্ত্রী

অনেক ক্ষেত্রে শরিয়াহ আইনের কারণে মেয়েরা সম্পত্তির পূর্ণ অংশ পায় না। এ বিষয়ে বিকল্প আইনগত পথ খুঁজে দেখা যেতে পারে বলে মনে করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।


মঙ্গলবার (মার্চ ১০) বিজয় সরণির সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 



তিনি জানান, ইসলামে ‘হেবা’ বা গিফটের বিধান রয়েছে।


পাকিস্তান সুপ্রিম কোর্টের ১৯৬৪ সালের একটি রায়ে বলা হয়েছে, বাবা-মা সন্তানকে সম্পত্তি হেবা করার সময় নিজের জীবদ্দশায় ভোগদখলের অধিকার রেখে দিতে পারেন। বাংলাদেশের ট্রান্সফার অব প্রপার্টি আইনে এই ধরনের বিধান আরো কার্যকরভাবে যুক্ত করা যায় কি না, সে বিষয়ে গবেষণা করার জন্য তিনি বিশেষজ্ঞদের আহ্বান জানান।

আসাদুজ্জামান বলেন, আজকে আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম শুরু করেছি। ফ্যামিলি কার্ডের মালিকানা পরিবারের পুরুষ সদস্যের নয়, নারীর নামে।



এটি নারীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন এবং তাদের অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


তিনি বলেন, নির্বাচনী জনসভায় গিয়ে তিনি প্রায়ই নারীদের উদ্দেশে একটি বাস্তব চিত্র তুলে ধরেন। অনেক নারী নিজেদের পরিচয় দিতে গিয়ে বলেন, ‌‘কিছু করি না, বাসায় থাকি।’ কিন্তু বাস্তবে তারাই সবার আগে ঘুম থেকে ওঠেন, ঘর পরিষ্কার করেন, হাঁস-মুরগি দেখেন, রান্নাবান্না করেন, স্বামী-সন্তানকে খাইয়ে কাজে পাঠান এবং সারাদিন সংসারের কাজ সামলান।


দিনের শেষে সবাইকে খাওয়ানোর পর তারাই সবচেয়ে শেষে ঘুমাতে যান।


আইনমন্ত্রী বলেন, এই নারীরাই সংসারকে ভালো রাখেন, আর সংসার ভালো থাকার কারণেই দেশ ভালো থাকে। অথচ অনেক সময় তাদের কাজের মূল্যায়ন হয় না; বরং বলা হয় তারা কিছুই করেন না।

sidebar ad