বেতন বাড়ানোর ক্ষেত্রে শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয়, তাহলে?


ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাকরিতে যোগ দেওয়ার পর অনেকেই মনে করেন, নিয়মিত সময়মতো অফিস করা, অতিরিক্ত কাজ করা এবং বছরের পর বছর একই প্রতিষ্ঠানে থাকাএসবের স্বাভাবিক ফল হিসেবে একসময় বেতন বাড়বে। কিন্তু কর্মক্ষেত্রের বাস্তবতা সব সময় এত সরল নয়। শুধু কত ঘণ্টা কাজ করেছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেআপনার কাজ প্রতিষ্ঠানের জন্য কী ফল বয়ে আনছে।


ক্যারিয়ার বিশেষজ্ঞ শো ডিওয়ান ২০২৬ সালের মে মাসে Forbes-এ প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, বেতন বাড়ানোর ক্ষেত্রে শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয়। কর্মীকে প্রতিষ্ঠানের কাছে আরও মূল্যবান, নির্ভরযোগ্য এবং ফলাফলের সঙ্গে সরাসরি যুক্ত একজন হিসেবে নিজেকে প্রমাণ করতে হয়। অর্থাৎ, ‘আমি অনেক কাজ করি’ বলার চেয়ে ‘আমার কাজের কারণে এই পরিবর্তন এসেছে’এই পার্থক্যটিই গুরুত্বপূর্ণ।


ব্যস্ত থাকা আর ফল তৈরি করা এক নয়-


সারাদিন ব্যস্ত থাকা মানেই কর্মক্ষেত্রে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মীএমন নয়। আপনি হয়তো প্রতিদিন অসংখ্য ই-মেইলের উত্তর দিচ্ছেন, মিটিং করছেন, রিপোর্ট তৈরি করছেন কিংবা নির্ধারিত কাজ শেষ করছেন। কিন্তু এসব কাজ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কতটা ভূমিকা রাখছে, সেটিই আসল প্রশ্ন।


ধরা যাক, একজন কর্মী নিয়মিত ১০টি রিপোর্ট তৈরি করেন। আরেকজন একই ধরনের কাজ করে এমন একটি পদ্ধতি তৈরি করলেন, যার ফলে পুরো দলের রিপোর্ট তৈরির সময় ৩০ শতাংশ কমে গেল। দুজনই পরিশ্রম করছেন, কিন্তু দ্বিতীয় কর্মীর কাজের প্রভাব সহজে পরিমাপ করা যায়।


তাই নিজের কাজের ক্ষেত্রে প্রশ্ন করুন- আমি কী করছি, তার চেয়ে আমার কাজের ফলে কী পরিবর্তন হচ্ছে?


দায়িত্ব দেওয়া না হলেও দায়িত্ব নিন:


কর্মক্ষেত্রে কিছু কাজ থাকে যার দায়িত্ব স্পষ্টভাবে কারও ওপর দেওয়া থাকে না। সমস্যা আছে, কিন্তু সমাধানের নির্দিষ্ট মালিক নেই। অনেকেই এমন কাজ এড়িয়ে যান। অথচ এখানেই নিজের সক্ষমতা দেখানোর সুযোগ তৈরি হয়।


কোনো সমস্যা চোখে পড়লে শুধু সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে থেমে না গিয়ে সম্ভাব্য সমাধান নিয়ে এগিয়ে আসুন। বলতে পারেন, ‘সমস্যাটি এমন, আমি চাইলে এর একটি প্রাথমিক সমাধান তৈরি করে দেখতে পারি।’


এ ধরনের উদ্যোগ দেখায়, আপনি শুধু নির্দেশের অপেক্ষায় থাকা কর্মী নন; বরং প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাজ করতে পারেন। Sho Dewan-এর পরামর্শেও অস্পষ্ট বা অনির্ধারিত কাজের দায়িত্ব নেওয়াকে কর্মক্ষেত্রে দৃশ্যমানতা ও প্রভাব তৈরির একটি কার্যকর উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে।


নিজের কাজের ফলাফল লিখে রাখুন-


অনেক কর্মী ভালো কাজ করেন, কিন্তু সেই কাজের প্রমাণ সংরক্ষণ করেন না। ফলে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সময় নিজের অবদান তুলে ধরতে গিয়ে শুধু বলতে হয়‘আমি অনেক পরিশ্রম করেছি।’


এর বদলে নিজের কাজের ফলাফল নথিভুক্ত করুন। যেমন


১. কোনো প্রকল্প নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন কি না। 


২. বিক্রি বা আয় বাড়াতে ভূমিকা রেখেছেন কি না। 


৩. কোনো খরচ কমাতে পেরেছেন কি না। 


৪. কাজের সময় কমেছে কি না। 


৫. নতুন কোনো প্রক্রিয়া চালু করেছেন কি না। 

 

৬. গ্রাহক বা সহকর্মীদের সমস্যা সমাধান করেছেন কি না। 


৭. দলের কাজ আরও সহজ বা দ্রুত করতে পেরেছেন কি না। 


৮. বছর শেষে এসব তথ্যই হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে শক্তিশালী কর্মদক্ষতার প্রমাণ।


সমস্যা আসার আগেই সমাধান ভাবুন-


শুধু নিজের দায়িত্ব শেষ করার মধ্যে ক্যারিয়ার আটকে রাখলে এগিয়ে যাওয়া কঠিন। বরং আপনার কাজের জায়গায় নিয়মিত কোন সমস্যাগুলো তৈরি হয়, সেগুলো লক্ষ্য করুন। প্রতি মাসে একই ধরনের তথ্য চাওয়া হলে একটি টেমপ্লেট তৈরি করতে পারেন। কোনো নির্দিষ্ট সময়ে কাজের চাপ বাড়লে আগেই প্রস্তুতি নিতে পারেন। মিটিং বারবার দীর্ঘ হলে আরও কার্যকর এজেন্ডার প্রস্তাব দিতে পারেন।


এতে আপনি ধীরে ধীরে ‘কাজ সম্পন্নকারী’ থেকে ‘সমস্যা সমাধানকারী’ হিসেবে পরিচিত হবেন। আর প্রতিষ্ঠানের কাছে এই মূল্যই আপনাকে অন্যদের থেকে আলাদা করতে পারে।


ঊর্ধ্বতনের কাছে শুধু সমস্যা নয়, সমাধানও দিন-


কর্মক্ষেত্রে যোগাযোগের ধরনও আপনার মূল্য নির্ধারণে ভূমিকা রাখে। কোনো সমস্যা জানিয়ে শুধু ‘এটা হচ্ছে’ বলার বদলে বলুন‘সমস্যাটি হচ্ছে এই কারণে এবং আমার পরামর্শ হলো এভাবে এগোনো।’ অর্থাৎ, শুধু তথ্য দেওয়ার বদলে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করুন।


এতে আপনার মধ্যে নেতৃত্বের সম্ভাবনা আছেএমন একটি ধারণা তৈরি হয়। কারণ নেতৃত্ব মানে শুধু পদবি নয়; সমস্যা বোঝা, সিদ্ধান্তের সম্ভাব্য পথ খুঁজে বের করা এবং দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতাও নেতৃত্বের অংশ।


এমন কর্মী হোন, যাকে বারবার মনে করিয়ে দিতে হয় না। 


বিশ্বাসযোগ্যতা বেতন বৃদ্ধির আলোচনায় একটি বড় সম্পদ। কোনো কাজ শেষ করতে বারবার মনে করিয়ে দিতে হলে আপনার ওপর ব্যবস্থাপকের নির্ভরতা কমে যায়। বিপরীতে, আপনি যদি প্রতিশ্রুত কাজ সময়মতো শেষ করেন, সমস্যা হলে আগে থেকেই জানান এবং নিজের কাজের অগ্রগতি সম্পর্কে পরিষ্কার থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার ওপর আস্থা তৈরি হয়।


আর এই আস্থাই আপনাকে বড় দায়িত্ব পাওয়ার সুযোগ এনে দিতে পারে।


বড় দায়িত্ব এবং বেতন বৃদ্ধি অনেক সময় পরস্পরের সঙ্গে যুক্ত। কারণ প্রতিষ্ঠান সাধারণত সেই কর্মীকেই বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চায়, যার কাজের ওপর নির্ভর করা যায়। Sho Dewan-ও নিয়মিতভাবে অনুসরণ না করিয়েই কাজ শেষ করা বা ‘follow through’ করাকে বেতন বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে উল্লেখ করেছেন।


বেতন চাইবেন, কিন্তু তার আগে হিসাব তৈরি করুন। 


বেতন বাড়ানোর সময় শুধু নিজের ব্যক্তিগত প্রয়োজনের কথা বললে আলোচনা দুর্বল হতে পারে। বরং প্রতিষ্ঠানে আপনার অবদান কীতার একটি পরিষ্কার হিসাব তৈরি করুন।


উদাহরণ হতে পারে


‘গত ছয় মাসে আমি এই প্রকল্পের দায়িত্ব নিয়েছি। এর ফলে কাজের সময় কমেছে, নতুন গ্রাহক এসেছে এবং দলের এই প্রক্রিয়াটি আরও সহজ হয়েছে।’


এ ধরনের তথ্য আপনার দাবিকে আবেগনির্ভর না রেখে ফলাফলনির্ভর করে। তবে এর অর্থ এই নয় যে কর্মীর পরিশ্রমের মূল্য নেই। বরং পরিশ্রমকে এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে তার ফলাফলও দৃশ্যমান হয়।


কর্মজীবনে শুধু ‘ভালো কর্মী’ হওয়া যথেষ্ট নয়; প্রতিষ্ঠানের কাছে কেন আপনি গুরুত্বপূর্ণ, সেটিও দৃশ্যমান করতে হয়। তাই প্রতিদিন নিজেকে তিনটি প্রশ্ন করতে পারেন


১. আমি কী কাজ করছি?


২. এই কাজের ফলে কী পরিবর্তন হচ্ছে?


৩. আমার অবদান কীভাবে পরিমাপ করা যায়?


যে কর্মী শুধু নিজের দায়িত্ব পালন করেন, তিনি একজন ভালো কর্মী। কিন্তু যে কর্মী দায়িত্বের পাশাপাশি সমস্যা সমাধান করেন, ফলাফল তৈরি করেন, আগেভাগে প্রয়োজন বুঝতে পারেন এবং নির্ভরযোগ্যভাবে কাজ শেষ করেনতিনি প্রতিষ্ঠানের কাছে ধীরে ধীরে অপরিহার্য হয়ে ওঠেন।


আর বেতন বৃদ্ধির আলোচনায় সবচেয়ে শক্তিশালী অবস্থান তৈরি হয় সেখানেইযখন আপনি শুধু বেশি বেতন চান না, বরং আপনার তৈরি করা মূল্য দিয়ে দেখাতে পারেন, কেন আপনি বেশি বেতনের যোগ্য।


ঢাকা/টিএ

sidebar ad