আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে, কোনো ব্র্যান্ডকে দেখেই কখনো মনে হয়—‘বাহ, বেশ প্রিমিয়াম!’ আবার কোনো ব্র্যান্ডের রং, ছবি, ফন্ট কিংবা ডিজাইন দেখেই মনে হয়—‘এটা নিশ্চয়ই তরুণদের জন্য।’ এই যে অনুভূতি— এটি শুধু একটি সুন্দর লোগো দিয়ে তৈরি হয় না। এর পেছনে কাজ করে ব্র্যান্ডের অ্যাস্থেটিক লুক।
‘অ্যাস্থেটিক’ শব্দটি শুনলে আমরা সাধারণত ‘সুন্দর’ বা ‘নান্দনিক’ কিছু বোঝাতে ব্যবহার করি। কিন্তু ব্র্যান্ডের ক্ষেত্রে অ্যাস্থেটিকের অর্থ আরও বিস্তৃত। এটি শুধু সৌন্দর্য নয়; বরং একটি ব্র্যান্ডকে দেখতে কেমন লাগবে, কী ধরনের অনুভূতি তৈরি করবে এবং বিভিন্ন জায়গায় তার চেহারা কতটা ধারাবাহিক থাকবে—তার সামগ্রিক রূপ।
একটি ক্যাফের উষ্ণ আলো, কাঠের আসবাব ও নির্দিষ্ট রঙের ব্যবহার যেমন তার নিজস্ব আবহ তৈরি করে, তেমনি একটি পোশাকের ব্র্যান্ডের রং, ফন্ট, ছবি, প্যাকেজিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট মিলেও তৈরি হয় তার নিজস্ব অ্যাস্থেটিক।
অ্যাস্থেটিক লুক আসলে কী?
সহজ ভাষায়, ব্র্যান্ড অ্যাস্থেটিক হলো আপনার ব্র্যান্ডকে মানুষ দেখলে যে সামগ্রিক ভিজ্যুয়াল অনুভূতি পায়। এর মধ্যে থাকে—
ব্র্যান্ডের রঙ
ফন্ট বা টাইপোগ্রাফি
ছবির ধরন
গ্রাফিকস ও আইকন
লোগোর ব্যবহার
লেআউট
প্যাকেজিং
সোশ্যাল মিডিয়ার ভিজ্যুয়াল
এমনকি ছোট ছোট ডিজাইন ডিটেইলও
অর্থাৎ অ্যাস্থেটিক কোনো একটি ডিজাইন নয়; এটি পুরো ব্র্যান্ডের ভিজ্যুয়াল ভাষা। একটি মজার পরীক্ষা করা যেতে পারে। আপনার ব্র্যান্ডের একটি পোস্ট থেকে লোগো ও নাম সরিয়ে দিন। তারপর সেটি যদি দেখেও মানুষ বুঝতে পারে এটি আপনার ব্র্যান্ডের—তাহলে বুঝবেন আপনার অ্যাস্থেটিক যথেষ্ট শক্তিশালী। আর যদি লোগো সরিয়ে ফেললেই ব্র্যান্ডটি আর চেনা না যায়, তাহলে হয়তো আপনার একটি লোগো আছে, কিন্তু পূর্ণাঙ্গ ব্র্যান্ড অ্যাস্থেটিক এখনও তৈরি হয়নি।
১. প্রথম দেখাতেই ভালো ধারণা তৈরি করতে
কাস্টমার আপনার পণ্য সম্পর্কে জানার আগেই আপনার ব্র্যান্ডের রং, ছবি, ফন্ট ও ডিজাইন দেখে একটি ধারণা তৈরি করে। সুন্দর ও গোছানো অ্যাস্থেটিক ব্র্যান্ডকে পেশাদার মনে করাতে সাহায্য করে।
২. ব্র্যান্ডকে আলাদা করে তুলতে
বাজারে একই ধরনের পণ্য বা সেবা দেওয়া অনেক প্রতিষ্ঠান থাকে। একটি স্বতন্ত্র অ্যাস্থেটিক ব্র্যান্ডকে প্রতিযোগীদের ভিড়ে সহজে আলাদা করে তুলতে পারে।
৩. কাস্টমারের আস্থা বাড়াতে
ফেসবুক পেজ, ওয়েবসাইট, প্যাকেজিং, বিজ্ঞাপন ও দোকানের সাইনবোর্ড—সব জায়গায় একই ধরনের ভিজ্যুয়াল পরিচয় থাকলে ব্র্যান্ডকে বেশি নির্ভরযোগ্য মনে হয়।
৪. ব্র্যান্ডকে সহজে মনে রাখতে সাহায্য করতে
নির্দিষ্ট রং, ফন্ট ও ছবির ধরন বারবার দেখলে মানুষের মনে ব্র্যান্ডের একটি ভিজ্যুয়াল স্মৃতি তৈরি হয়। ফলে লোগো না দেখেও অনেক সময় ব্র্যান্ডকে চেনা সম্ভব হয়।
৫. সঠিক কাস্টমারকে আকর্ষণ করতে
অ্যাস্থেটিকের মাধ্যমে উদ্যোক্তা তার ব্র্যান্ডের চরিত্র প্রকাশ করতে পারেন। ব্র্যান্ডটি প্রিমিয়াম, তরুণ, বন্ধুত্বপূর্ণ, ঐতিহ্যবাহী নাকি আধুনিক—ভিজ্যুয়াল ভাষার মাধ্যমেই অনেকটা বোঝানো যায়।
৬. ব্যবসাকে পেশাদারভাবে উপস্থাপন করতে
একটি ভালো পণ্য থাকলেই হবে না, সেটিকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। ধারাবাহিক অ্যাস্থেটিক ছোট ব্যবসাকেও অনেক বেশি গোছানো ও প্রতিষ্ঠিত মনে করাতে পারে।
৭. অপ্রয়োজনীয় ডিজাইন খরচ কমাতে
রং, ফন্ট, ছবির ধরন ও লেআউট আগে থেকে নির্ধারণ করা থাকলে প্রতিবার নতুন করে ডিজাইনের সিদ্ধান্ত নিতে হয় না। এতে সময় ও খরচ—দুটিই কমে।
৮. ব্যবসার সব জায়গায় একই পরিচয় ধরে রাখতে
একজন উদ্যোক্তার ব্র্যান্ড শুধু ফেসবুকেই থাকে না। প্যাকেট, ভিজিটিং কার্ড, ওয়েবসাইট, দোকান, বিজ্ঞাপন, রিসিট—সব জায়গায় ব্র্যান্ডের একই চেহারা থাকা দরকার। অ্যাস্থেটিক সেই ধারাবাহিকতা তৈরি করে।
ঢাকা/আরএস