বড় ব্যবধানে জিতলেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬

বড় ব্যবধানে জিতলেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ৭৯ হাজার ৩২১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ‘গুম’ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা)। গতকাল বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।


ফলাফল ঘেঁটে দেখা গেছে, ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্য জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট। সিলেট জেলার ছয়টি আসনের ৩৩ প্রার্থীর মধ্যে তাহসিনা রুশদীর একমাত্র নারী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও আইনি জটিলতায় সেবার নির্বাচনে অংশ নিতে পারেননি।


স্থানীয় বিএনপির তথ্য অনুযায়ী, তাহসিনা রুশদীর স্বামী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী এ আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ ইলিয়াস আলী ‘গুম’ হন। এর পর থেকে স্বামীর নির্বাচনী এলাকায় রাজনীতিতে সক্রিয় হন তাহসিনা রুশদীর। পরে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ১৩ বছর ধরে তিনি সিলেট-২ আসনে রাজনৈতিকভাবে তৎপর।


সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর ও মুহাম্মদ মুনতাছির আলী ছাড়াও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন—জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন ও গণফোরামের মুজিবুল হক।


এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা ৪ মিনিটে বিশ্বনাথ উপজেলার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তাহসিনা রুশদীর। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ‘গুম হওয়া’ স্বামী ইলিয়াস আলীকে ফিরে না-পাওয়ার বেদনার কথা জানান। তাহসিনা রুশদীর বলেন, ‘কষ্ট হচ্ছে ইলিয়াস আলীকে ফিরে পাইনি। উনার অবর্তমানে আমি উনার সংসদীয় আসন সিলেট-২ থেকে নির্বাচনে প্রতিযোগিতাটা করছি।’

sidebar ad