নিজের সঙ্গে কথা বলা ভালো, নাকি মানসিক সমস্যা?

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজের সঙ্গে মনে মনে কথা বলা মানুষের মস্তিষ্কের একটি স্বাভাবিক মানসিক প্রক্রিয়া। কিন্তু অবাক করার বিষয় হলো, সবাই একইভাবে চিন্তা করেন না। কেউ মনে মনে নিজের সঙ্গে কথোপকথন করেন, কেউ ছবি কল্পনা করেন, কেউ অনুভূতি বা দৃশ্যের মাধ্যমে ভাবেন। তাহলে যাঁরা মনে মনে কথা শুনতে পান না, তাঁদের মস্তিষ্ক কি অন্যভাবে কাজ করে।



ছোট্ট একটি কাল্পনিক গল্প

রাত তখন প্রায় ১২টা। সারাদিনের কাজ শেষ করে বিছানায় শুয়েছে মেহরিন। কিন্তু চোখ বন্ধ করতেই তার মাথার ভেতর শুরু হলো আরেক পৃথিবী। আজ অফিসে সহকর্মীকে কী বলা উচিত ছিল, আগামীকাল কোন কাজটি আগে করবে, কয়েক বছর আগের একটি ভুলের জন্য কেন এখনো খারাপ লাগে এমন অসংখ্য কথোপকথন চলছে তার মনের মধ্যে। কখনো সে নিজেকে প্রশ্ন করছে, কখনো নিজেই উত্তর দিচ্ছে। এমনকি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মনে মনে কয়েকবার কথাগুলো সাজিয়েও নিচ্ছে। অন্যদিকে তার বান্ধবী নীলা একেবারেই আলাদা। নীলা জানায়, সে যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করে, তখন মাথার ভেতর কোনো কণ্ঠস্বর শুনতে পায় না। বরং বিভিন্ন দৃশ্য, ছবি কিংবা অনুভূতির মাধ্যমে বিষয়গুলো বুঝতে পারে। মেহরিন অবাক হয়ে বলে, তাহলে তুমি নিজের সঙ্গে মনে মনে কথাই বলো না? নীলার উত্তর,না। কিন্তু তাই বলে কি আমি চিন্তা করি না। এই ছোট্ট কথোপকথন থেকেই উঠে আসে মানুষের মস্তিষ্কের এক বিস্ময়কর বৈচিত্র্য। আমরা সবাই চিন্তা করি, কিন্তু চিন্তার ভাষা সবার এক নয়।



মনে মনে কথা বলাকে বিজ্ঞানের ভাষায় কী বলা হয়:

মনোবিজ্ঞানে নিজের সঙ্গে নীরবে কথা বলার এই প্রক্রিয়াকে বলা হয় ইনার স্পিচ (Inner Speech)। বাংলায় একে বলা যায় অন্তর্গত কথন বা মনের ভেতরের কথোপকথন।

এটি এমন এক মানসিক প্রক্রিয়া, যেখানে মানুষ মুখে কোনো শব্দ উচ্চারণ না করেও নিজের মনে শব্দ, বাক্য কিংবা কথোপকথনের অভিজ্ঞতা লাভ করেন।

যেমন,


* কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সঙ্গে যুক্তি-তর্ক করা।


* অতীতের কোনো ঘটনা মনে করে মনে মনে উত্তর তৈরি করা।


* আগামী দিনের কাজগুলো মনে মনে সাজিয়ে নেওয়া।


* কোনো সমস্যার সমাধান খুঁজতে নিজেকে প্রশ্ন করা।


* ভুল করলে নিজেকে বকাঝকা করা কিংবা ভালো কিছু করলে নিজের প্রশংসা করা।

মনোবিজ্ঞানীরা মনে করেন, ইনার স্পিচ কেবল নিজের সঙ্গে কথা বলা নয় এটি চিন্তা সংগঠিত করা, আবেগ নিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধানের সঙ্গেও সম্পর্কিত।



মনোবিজ্ঞানী বেন অ্যালডারসন-ডে এবং চার্লস ফার্নিহো ২০১৫ সালে সাইকোলজিক্যাল বুলেটিন  সাময়িকীতে প্রকাশিত তাঁদের গবেষণাধর্মী পর্যালোচনায় ইনার স্পিচের বিকাশ, মানসিক কার্যকারিতা এবং স্নায়ুবৈজ্ঞানিক ভিত্তি বিশ্লেষণ করেছেন। তাঁদের পর্যালোচনা অনুযায়ী, মানুষের চিন্তা ও আত্মনিয়ন্ত্রণের বিভিন্ন ক্ষেত্রে এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 



কেন সবাই মনে মনে কথা বলেন না:


এখানেই রয়েছে সবচেয়ে আকর্ষণীয় বৈজ্ঞানিক বিষয়। ২০২৪ সালের ১০ মে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী সাইকোলজিক্যাল সায়েন্স এ প্রকাশিত একটি গবেষণার শিরোনাম ছিল নট এভরিবডি হ্যাজ অ্যান ইনার ভয়েস: বিহেভিয়ারাল কনসিকোয়েন্সেস অব অ্যানেন্ডোফেশিয়া।


গবেষণাটি পরিচালনা করেন ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের গবেষক জোহানে এস কে নেদারগার্ড এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের মনোবিজ্ঞানী গ্যারি লুপইয়ান। গবেষণায় তাঁরা মনে মনে কথা বলার অভিজ্ঞতার স্বল্পতা বা অনুপস্থিতি বোঝাতে অ্যানেন্ডোফেশিয়া শব্দটি প্রস্তাব করেন। গবেষণার চারটি পরীক্ষায় দেখা যায়, যাঁরা নিজেদের মধ্যে মনে মনে কথা বলার অভিজ্ঞতা কম বলে জানিয়েছেন, তাঁদের মধ্যে শব্দনির্ভর স্বল্পমেয়াদি স্মৃতি এবং ছন্দ মিলিয়ে শব্দ শনাক্ত করার কাজে তুলনামূলক অসুবিধা দেখা গেছে। তবে এর অর্থ এই নয় যে, যাঁরা মনে মনে কথা বলেন না, তাঁদের বুদ্ধিমত্তা কম কিংবা তাঁরা অন্যদের তুলনায় কম চিন্তাশীল। গবেষণাটি মূলত নির্দিষ্ট কিছু ভাষানির্ভর মানসিক কাজের সঙ্গে ইনার স্পিচের সম্পর্ক তুলে ধরেছে। 


মস্তিষ্ক কি তাহলে অন্যভাবে চিন্তা করে:


হ্যাঁ, মানুষের চিন্তার ধরন একরকম নয়। কেউ শব্দ ও বাক্যের মাধ্যমে চিন্তা করেন। কেউ কোনো ঘটনা কল্পনা করলে সেটির ছবি বা দৃশ্য মনে ভেসে ওঠে। আবার কেউ অনুভূতি, ধারণা কিংবা পরিস্থিতির সামগ্রিক অর্থের মাধ্যমে বিষয়টি উপলব্ধি করেন।


উদাহরণ হিসেবে, একজন মানুষ যদি আগামীকাল বাজারে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে তাঁর মনে হয়তো কথোপকথন শুরু হবে আগামীকাল সকালে বাজারে যেতে হবে। কী কী কিনব। অন্যদিকে আরেকজনের মনে বাজারের দৃশ্য, পণ্যের ছবি কিংবা প্রয়োজনীয় জিনিসগুলোর ধারণা একসঙ্গে চলে আসতে পারে। তাঁকে আলাদা করে কোনো বাক্য তৈরি করতে হয় না। অর্থাৎ, চিন্তা করার জন্য সবার মস্তিষ্কে একই রকম শব্দ বা কণ্ঠস্বর থাকা জরুরি নয়।



মনে মনে কথা বলা কি বুদ্ধিমত্তার লক্ষণ:

অনেকেই মনে করেন, যাঁরা সারাক্ষণ নিজের সঙ্গে মনে মনে কথা বলেন, তাঁরা হয়তো বেশি চিন্তাশীল বা বুদ্ধিমান। আবার যাঁদের মাথার ভেতর এমন কথোপকথন চলে না, তাঁরা হয়তো কম চিন্তা করেন। বাস্তবে এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই।


ইনার স্পিচ মানুষের চিন্তার একটি মাধ্যম, বুদ্ধিমত্তা পরিমাপের কোনো মানদণ্ড নয়। ২০২৪ সালের গবেষণায় শব্দনির্ভর স্মৃতির কিছু পার্থক্য পাওয়া গেলেও তা দিয়ে সামগ্রিক বুদ্ধিমত্তা, সৃজনশীলতা কিংবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিচার করা যায় না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের মনোবিজ্ঞানের অধ্যাপক ড. ইথান ক্রস আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (APA) একটি আলোচনায় ব্যাখ্যা করেছেন, মানুষের অন্তর্গত কণ্ঠস্বরের অভিজ্ঞতা একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। নিজের সঙ্গে কথা বলার ধরন ও ঘনত্বেও যথেষ্ট পার্থক্য রয়েছে। 


নিজের সঙ্গে কথা বলার উপকারিতা কী:


সঠিকভাবে ব্যবহার করতে পারলে ইতিবাচক আত্মকথন মানুষের দৈনন্দিন জীবনে বেশ কার্যকর হতে পারে।


১. সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে:

কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সঙ্গে যুক্তি-তর্ক করলে বিভিন্ন সম্ভাবনা ও পরিণতি বিবেচনা করা সহজ হয়।


২. আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে:

রাগ, হতাশা কিংবা ভয় পাওয়ার মুহূর্তে নিজেকে বলা একটু থামি, শান্ত হয়ে চিন্তা করি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।


৩. আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে:

কোনো কঠিন কাজের আগে নিজেকে বলা, আমি চেষ্টা করতে পারব, ভুল হলেও শিখব এ ধরনের ইতিবাচক আত্মকথন মানসিক প্রস্তুতি তৈরি করতে পারে।


৪. স্মৃতি ও মনোযোগে ভূমিকা রাখে:

কাজের ধাপগুলো মনে মনে বলা, প্রয়োজনীয় তথ্য পুনরাবৃত্তি করা কিংবা কোনো নির্দেশনা নিজেকে মনে করিয়ে দেওয়া মনোযোগ ও স্মৃতির কাজে সহায়তা করতে পারে।


৫. অতীত অভিজ্ঞতা: বিশ্লেষণে সাহায্য করে

কোনো ভুলের কারণ খুজে বের করা, ভবিষ্যতে কীভাবে ভালো করা যায় তা ভাবা এবং নিজের আচরণ মূল্যায়ন করাও ইনার স্পিচের গুরুত্বপূর্ণ ব্যবহার।

তবে মনে রাখতে হবে, নিজের সঙ্গে অতিরিক্ত নেতিবাচক কথোপকথন সব সময় উপকারী নয়। আমি কিছুই পারি না, আমার দ্বারা কিছু হবে না এ ধরনের আত্মসমালোচনা আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



সারাক্ষণ নিজের সঙ্গে কথা বলা কি মানসিক সমস্যার লক্ষণ:

না। নিজের সঙ্গে মনে মনে কথা বলা সাধারণত স্বাভাবিক মানসিক অভিজ্ঞতা। একে মানসিক রোগের লক্ষণ হিসেবে বিবেচনা করা ঠিক নয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।


ইনার স্পিচ এবং হ্যালুসিনেশন এক নয়

ইনার স্পিচের ক্ষেত্রে মানুষ সাধারণত বুঝতে পারেন যে কথাগুলো তাঁর নিজের চিন্তা। অন্যদিকে শ্রবণজনিত হ্যালুসিনেশনে ব্যক্তি এমন কণ্ঠস্বর শুনতে পারেন, যা তাঁর কাছে বাইরের কোনো উৎস থেকে আসছে বলে মনে হয়, যদিও বাস্তবে সেই উৎস উপস্থিত নেই। কেউ যদি নিজের নিয়ন্ত্রণের বাইরে কণ্ঠস্বর শুনতে পান, কণ্ঠস্বর তাঁকে ক্ষতি করার নির্দেশ দেয়, ভয় দেখায় কিংবা দৈনন্দিন জীবন ব্যাহত করে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

আবার অতিরিক্ত নেতিবাচক চিন্তা, একই ঘটনা নিয়ে অনবরত দুশ্চিন্তা বা রুমিনেশন মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত হতে পারে। প্রয়োজন অনুযায়ী মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া যেতে পারে।


সত্যিই কি কারও মনে কোনো কণ্ঠস্বর থাকে না।বিষয়টি নিয়ে গবেষণা এখনো চলছে। ২০২৫ সালে লুন্ড ইউনিভার্সিটির কগনিটিভ সায়েন্সের গবেষক আন্দ্রেয়াস লিন্ড  সাময়িকীতে একটি সমালোচনামূলক গবেষণামূলক মন্তব্য প্রকাশ করেন। তাঁর বক্তব্য ছিল, কেউ কম মাত্রায় মনে মনে কথা বলেন এমন তথ্য পাওয়া আর কেউ একেবারেই কখনো মনে মনে কথা বলেন না এ দুটি এক বিষয় নয়। ২০২৪ সালের গবেষণাটি সম্পূর্ণ ইনার স্পিচের অনুপস্থিতি প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। অর্থাৎ, এই বিষয়ে গবেষণার গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও কিছু বৈজ্ঞানিক প্রশ্ন এখনো অমীমাংসিত।



নিজের চিন্তার ধরন বুঝবেন কীভাবে:


নিজেকে কয়েকটি প্রশ্ন করে দেখতে পারেন,


কোনো ঘটনা মনে করলে কি মনে মনে কথোপকথন শুনতে পান? 


বই পড়ার সময় কি মাথার ভেতর শব্দগুলো উচ্চারিত হতে থাকে?


কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কি নিজের সঙ্গে প্রশ্ন-উত্তর করেন?


ভবিষ্যতের পরিকল্পনা করার সময় কি বাক্য তৈরি হয়, নাকি ছবি ও দৃশ্য মনে ভেসে ওঠে?


নিজের ভুল বা সাফল্য নিয়ে কি মনে মনে আলোচনা করেন?


এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিজের চিন্তার ধরন সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। তবে এটি কোনো মনস্তাত্ত্বিক পরীক্ষা বা রোগ নির্ণয়ের পদ্ধতি নয়।চিন্তার ভাষা সবার এক নয়।মানুষের মস্তিষ্কের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্যগুলোর

একটি হলো এর বৈচিত্র্য। কেউ শব্দের মাধ্যমে চিন্তা করেন, কেউ ছবির মাধ্যমে, কেউ আবার অনুভূতি ও ধারণার মাধ্যমে নিজের চিন্তাকে সাজিয়ে নেন।

কারও মাথায় সারাক্ষণ কথার ভিড়, কারও চিন্তার জগৎ তুলনামূলক নীরব। কিন্তু নীরবতা মানেই চিন্তার অনুপস্থিতি নয়। মেহরিন ও নীলার গল্পে ফিরে গেলে দেখা যায়, দুজনের চিন্তার পদ্ধতি আলাদা হলেও দুজনই নিজেদের মতো করে সিদ্ধান্ত নেয়, সমস্যা সমাধান করে এবং ভবিষ্যতের পরিকল্পনা করে। তাই অন্যের চিন্তার ধরন নিজের সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। বরং নিজের মন কীভাবে কাজ করে, কীভাবে ইতিবাচকভাবে চিন্তা করা যায় এবং কীভাবে নেতিবাচক আত্মকথন নিয়ন্ত্রণ করা যায় সেদিকে মনোযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। কারণ, মস্তিষ্কের ভেতরে কথার কোলাহল থাকুক কিংবা নীরবতা চিন্তার সৌন্দর্য তার প্রকাশের ধরনে নয়, বরং তার কার্যকারিতায়।


তথ্যসূত্র : আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (এপিএ)। স্পিকিং অব সাইকোলজি: ইনার মনোলগস, উইথ ইথান ক্রস, পিএইচডি।

sidebar ad