নিহিলিজম: জীবনের কোনো অর্থ নেই এমন বিশ্বাস কেন তৈরি হয়?

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জীবন, সম্পর্ক, সাফল্য, ভালোবাসা কিংবা নৈতিকতার কি সত্যিই কোনো চূড়ান্ত অর্থ কখনো হয়না। মানুষ কেন একসময় সবকিছুকে অর্থহীন ভাবতে শুরু করে কেন জানেন?

মানুষ সাধারণত জীবনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলে।কেউ ভালো ক্যারিয়ার গড়তে চায়, কেউ পরিবার ও সন্তানদের নিয়ে সুখী হতে চায়, কেউ অর্থ-সম্পদ অর্জন কিংবা সামাজিক প্রতিষ্ঠা পাওয়াকে জীবনের সার্থকতা মনে করে।কিন্তু কখনো কখনো একজন মানুষের মনে প্রশ্ন জাগে এত কিছু অর্জন করেই বা কী হবে,একদিন তো সবকিছুরই শেষ হবে। তাহলে জীবনের প্রকৃত অর্থ কোথায় আর কি দাড়ালো?


দর্শনের ভাষায় এমন চিন্তার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো নিহিলিজম (Nihilism)। এটি এমন একটি দার্শনিক অবস্থান,যেখানে জীবনের অন্তর্নিহিত অর্থ,মূল্যবোধ, নৈতিকতা কিংবা সত্যের চূড়ান্ত ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়।বিশেষ করে এক্সিসটেনশিয়াল বা অস্তিত্ববাদী নিহিলিজমের মূল ধারণা হলো,মানুষের জীবনের কোনো পূর্বনির্ধারিত বা অন্তর্নিহিত অর্থ নেই।


নিহিলিজম কী?


নিহিলিজম শব্দটি এসেছে ল্যাটিন ‘Nihil’ থেকে, যার অর্থ কিছুই নয় বা শূন্য। দর্শনে এটি এমন এক ধরনের চিন্তাধারা,যেখানে প্রচলিত বিশ্বাস,মূল্যবোধ, নৈতিকতা এবং জীবনের উদ্দেশ্যকে চূড়ান্ত সত্য হিসেবে মেনে নেওয়া হয় না।একজন নিহিলিস্ট মনে করতে পারেন,পৃথিবীতে মানুষের অস্তিত্বের কোনো পূর্বনির্ধারিত উদ্দেশ্য নেই। ভালো-মন্দ, সফলতা-ব্যর্থতা কিংবা সামাজিক মর্যাদার মতো বিষয়গুলোরও কোনো সর্বজনীন বা চিরস্থায়ী অর্থ নেই।


তবে সব নিহিলিস্টের চিন্তা একরকম নয়।কেউ জীবনের অর্থ নিয়ে প্রশ্ন তোলেন,কেউ নৈতিকতার চূড়ান্ত ভিত্তি অস্বীকার করেন,আবার কেউ জ্ঞানের নির্ভরযোগ্যতা নিয়েও সংশয় প্রকাশ করেন।


নিহিলিজমের প্রধান কয়েকটি ধরন তুলে ধরা হল


১. এক্সিসটেনশিয়াল নিহিলিজম (Existential Nihilism):


এটি সবচেয়ে পরিচিত ধরন।এই মতবাদ অনুযায়ী, মানুষের জীবনের কোনো অন্তর্নিহিত বা পূর্বনির্ধারিত অর্থ,উদ্দেশ্য কিংবা মূল্য নেই।জন্ম, মৃত্যু, ভালোবাসা, অর্জন সবকিছুই শেষ পর্যন্ত মহাবিশ্বের কাছে অর্থহীন হতে পারে।


২. মোরাল বা এথিক্যাল নিহিলিজম (Moral/Ethical Nihilism):


এই মতবাদে বলা হয়, ভালো-মন্দের কোনো চূড়ান্ত, বস্তুনিষ্ঠ বা সর্বজনীন নৈতিক সত্য নেই। সমাজ,সংস্কৃতি ও মানুষের বিশ্বাসের ভিত্তিতে নৈতিকতার ধারণা তৈরি হয়।


৩. এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম (Epistemological Nihilism):


এখানে জ্ঞান, সত্য এবং কোনো বিষয়কে নিশ্চিতভাবে জানার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়।অর্থাৎ মানুষ যা সত্য বলে বিশ্বাস করে,সেটি সত্যিই চূড়ান্ত সত্য কি না তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়।


৪. পলিটিক্যাল নিহিলিজম (Political Nihilism):


এটি প্রচলিত রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রতি চরম প্রত্যাখ্যানের সঙ্গে সম্পর্কিত। ইতিহাসে বিশেষ করে উনিশ শতকের রাশিয়ায় এই ধারার রাজনৈতিক আন্দোলন দেখা গিয়েছিল।


কাদের মধ্যে নিহিলিস্ট চিন্তা দেখা যায়?


নিহিলিজম কোনো নির্দিষ্ট বয়স, পেশা, শ্রেণি কিংবা শিক্ষাগত যোগ্যতার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থী, গবেষক, শিল্পী, চাকরিজীবী কিংবা সফল ব্যবসায়ীর মধ্যেও এ ধরনের দার্শনিক চিন্তা থাকতে পারে।


অনেক সময় মানুষ জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংকট কিংবা অভিজ্ঞতার পর অস্তিত্ব, মৃত্যু ও জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন।


যেমন ধরুন,


*জীবনের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হলে।


*দীর্ঘদিনের বিশ্বাস বা মূল্যবোধের ভিত্তি নড়ে গেলে।


*জীবনে বারবার ব্যর্থতা বা হতাশার অভিজ্ঞতা হলে।


*প্রিয়জনের মৃত্যু কিংবা বড় কোনো ক্ষতির মুখোমুখি হলে।


*সামাজিক বৈষম্য, যুদ্ধ, দুর্নীতি ও অন্যায় দেখে মানুষের প্রচলিত ব্যবস্থার ওপর আস্থা কমে গেলে।


*ধর্ম, সংস্কৃতি কিংবা পারিবারিক বিশ্বাস নিয়ে গভীর প্রশ্ন তৈরি হলে।


তবে, এসব অভিজ্ঞতা থাকলেই কেউ নিহিলিস্ট হয়ে যান না। আবার জীবনের অর্থ নিয়ে প্রশ্ন করাও মানসিক অসুস্থতার লক্ষণ নয়।


নারী না পুরুষকার মধ্যে বেশি দেখা যায়?


নিহিলিজম একটি দার্শনিক মতবাদ।নারী ও পুরুষের মধ্যে কারা বেশি নিহিলিস্ট হন, সে বিষয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ বা প্রতিষ্ঠিত পরিসংখ্যান নেই।


কারণ এটি কোনো রোগ নয়,যার মাধ্যমে নারী-পুরুষের আক্রান্ত হওয়ার হার নির্ধারণ করা যায়।নারী ও পুরুষ উভয়েই জীবনের অর্থ, অস্তিত্ব, মৃত্যু, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলতে পারেন।তবে ব্যক্তির পারিবারিক পরিবেশ, সামাজিক অভিজ্ঞতা, শিক্ষা, সংস্কৃতি, ব্যক্তিত্ব এবং জীবনের ঘটনাগুলো তার চিন্তাধারাকে প্রভাবিত করতে পারে।এখানে একটি বিষয় মনে রাখা জরুরি বিষণ্নতার ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে কিছু পার্থক্য পাওয়া গেলেও সেটিকে নিহিলিজমের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না।


মানুষ কেন নিহিলিস্ট চিন্তায় আকৃষ্ট হয়?


নিহিলিজমের পেছনে একটিমাত্র কারণ নেই। এর সঙ্গে দার্শনিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার সম্পর্ক থাকতে পারে।


১. বিশ্বাসের সংকট:

ছোটবেলা থেকে মানুষ পরিবার,ধর্ম ও সমাজের কাছ থেকে বিভিন্ন মূল্যবোধ শেখে।বড় হওয়ার পর এসব বিশ্বাসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হলে কেউ প্রচলিত ধারণাগুলোকে প্রত্যাখ্যান করতে পারেন।


২. জীবনের অনিশ্চয়তা: 


মানুষ অনেক পরিকল্পনা করেও সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না। মৃত্যু, অসুস্থতা, দুর্ঘটনা কিংবা প্রিয়জনকে হারানোর মতো অভিজ্ঞতা জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।


৩. প্রত্যাশা ভেঙে যাওয়া: 


ভালোবাসা, সম্পর্ক, কর্মজীবন কিংবা অর্থনৈতিক সাফল্য নিয়ে মানুষের প্রত্যাশা পূরণ না হলে জীবনের প্রচলিত লক্ষ্যগুলোর প্রতি আগ্রহ কমে যেতে পারে।


৪. সামাজিক ও রাজনৈতিক হতাশা: 


দুর্নীতি, বৈষম্য, যুদ্ধ, অন্যায় এবং ক্ষমতার অপব্যবহার দেখে কেউ প্রচলিত সামাজিক ও নৈতিক ব্যবস্থার ওপর বিশ্বাস হারাতে পারেন।


৫. অতিরিক্ত বিশ্লেষণ ও অস্তিত্বসংক্রান্ত প্রশ্ন: 


কেউ কেউ জীবনের প্রতিটি বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করেন।পৃথিবীতে মানুষের অবস্থান, মৃত্যুর পরিণতি এবং মহাবিশ্বের বিশালতার সঙ্গে মানুষের অস্তিত্বের সম্পর্ক নিয়ে ভাবতে ভাবতে তারা নিহিলিস্ট দর্শনের প্রতি আকৃষ্ট হতে পারেন।


৬. আধুনিক জীবনের বিচ্ছিন্নতা:


সামাজিক যোগাযোগমাধ্যম, প্রতিযোগিতা,একাকিত্ব এবং অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করার প্রবণতা মানুষের মধ্যে শূন্যতা বা বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করতে পারে।এসব অভিজ্ঞতা অস্তিত্বসংক্রান্ত প্রশ্নের সূত্রপাত ঘটাতে পারে,যদিও এগুলোকে নিহিলিজমের সরাসরি কারণ বলা যায় না।


নিহিলিজম ও বিষণ্নতা কি একই বিষয়?


না।দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।নিহিলিজম একটি দার্শনিক অবস্থান। অন্যদিকে বিষণ্নতা (Depression) একটি মানসিক স্বাস্থ্যগত সমস্যা, যার নির্দিষ্ট লক্ষণ ও চিকিৎসাপদ্ধতি রয়েছে।


একজন ব্যক্তি দার্শনিকভাবে বিশ্বাস করতে পারেন যে জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই, কিন্তু তিনি স্বাভাবিকভাবে কাজ করতে, ভালোবাসতে, সম্পর্ক বজায় রাখতে এবং নিজের লক্ষ্য অর্জনে সক্ষম হতে পারেন।


অন্যদিকে বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তির মধ্যে দীর্ঘস্থায়ী মন খারাপ, আশাহীনতা, আত্মমূল্যহীনতা, আগ্রহ হারানো, ঘুম ও ক্ষুধার পরিবর্তন এবং আত্মহত্যার চিন্তার মতো লক্ষণ দেখা দিতে পারে।


কখনো কখনো বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তির মধ্যে জীবন অর্থহীন মনে হওয়ার অনুভূতিও তৈরি হতে পারে। তাই শুধু জীবনের অর্থ নিয়ে প্রশ্ন করার ভিত্তিতে কাউকে নিহিলিস্ট বা বিষণ্নতায় আক্রান্ত বলা যাবে না।


এ ধরনের হতাশা দীর্ঘস্থায়ী হলে, দৈনন্দিন জীবন ব্যাহত হলে কিংবা আত্মহানির চিন্তা এলে মনোরোগ বিশেষজ্ঞ বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা নেওয়া জরুরি।


নিহিলিজম থেকে বেরিয়ে আসার উপায় আছে কি?


নিহিলিজম কোনো রোগ নয়, তাই এর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা চিকিৎসা নেই। তবে জীবনের অর্থহীনতা নিয়ে চিন্তা যদি মানসিক কষ্ট তৈরি করে, তাহলে কয়েকটি বিষয় সহায়ক হতে পারে।


*নিজের বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে সুস্থভাবে চিন্তা করা।


*পরিবার, বন্ধু ও কাছের মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা।


*ছোট ছোট বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা।


*নিজের পছন্দের কাজ, সৃজনশীলতা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকা।


*চিন্তাগুলো দৈনন্দিন জীবনকে ব্যাহত করলে মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।


দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা অস্তিত্ববাদ (Existentialism)


এটি জীবনের পূর্বনির্ধারিত অর্থ না থাকার ধারণা থেকে ভিন্ন একটি সম্ভাবনার কথা বলে মানুষ নিজের সিদ্ধান্ত, কাজ, দায়িত্ব ও সম্পর্কের মাধ্যমে জীবনের অর্থ তৈরি করতে পারে।


জীবনের অর্থ নিয়ে প্রশ্ন করা মানুষের চিন্তাশীলতারই একটি অংশ।প্রত্যেক মানুষের কাছে জীবনের অর্থ একরকম নয়। কারও কাছে পরিবার,কারও কাছে ভালোবাসা, কারও কাছে জ্ঞান, সৃষ্টিশীলতা কিংবা মানবসেবা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।


নিহিলিজম আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে ধরে জীবনের যদি কোনো পূর্বনির্ধারিত অর্থ না-ও থাকে, তাহলে আমরা কীভাবে বাঁচতে চাই?


হয়তো জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেয়ে নিজের কাজ, সম্পর্ক ও মূল্যবোধের মধ্য দিয়ে অর্থ তৈরি করাটাই মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা।

sidebar ad