‘বিয়ে কি ইসলামের পেটেন্ট করা কোনো প্রথা?’- এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সঙ্গীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। রোদসীর পাঠকদের জন্য পারশার পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
বিয়ের ইতিহাস তো ইসলামসহ বর্তমান পৃথিবীর বহু প্রচলিত ধর্মেরও হাজার হাজার বছর আগের। প্রাচীন মেসোপটেমীয় সভ্যতায়, বিশেষ করে সুমেরীয় ও ব্যাবিলনীয় সমাজে বিবাহের সামাজিক ও আইনগত স্বীকৃতি ছিল।
বিয়ের প্রধান উদ্দেশ্য আমি মনে করি সন্তানসন্ততি। আমি বাচ্চাকাচ্চা ভীষণ পছন্দ করি। তাই বিয়ে আমার জন্য লাক্সারি নয়, বরং নেসেসিটি। একদিন না একদিন করতেই হতো। হতে পারে, আমার চিন্তাভাবনা আমি জেন-জি হয়েও একটু সেকেলে। কিন্তু আমার ভবিষ্যৎ সন্তানদের জন্য আমি যেমন স্নেহশীল, দায়িত্ববান ও যত্নশীল একজন বাবা চেয়েছি, আসাদের মধ্যে ঠিক সেই মানুষটাকেই খুঁজে পেয়েছি।
অনেকেই লিখছেন, ‘We got Taslima Nasrin 2.0 before GTA 6!’ মজা লেগেছে কমেন্টটা। ছোট ভাইয়ের জন্য একটা PS5 কিনেছি। সে GTA 6 খেলবে বলে কেঁদে বেড়াচ্ছে। আমিও এক্সাইটেড অবশ্য! তবে অন্য কারও দ্বিতীয় সংস্করণ হওয়ার ইচ্ছা আমার নেই। আমি পারশাই হবো, যে নাম আপনারা উদাহরণ হিসেবে লিখতে পারবেন, দেখাতে পারবেন পরবর্তী প্রজন্মকে।
তবে সব প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সম্ভবত কেউ করছেন না।
আমি ভালো আছি তো?
আপনারা যাঁরা এত বছর ধরে আমাকে ভালোবেসেছেন, আমার গান শুনেছেন, আমার কাজের পাশে থেকেছেন, ভক্ত বা শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের কাছে কি এটাই সবচেয়ে জরুরি হওয়ার কথা নয়?
আমি ভালো আছি। খুব ভালো আছি। আর আসাদের মতো এত যত্নবান, সাহসী, আন্তরিক, দায়িত্বশীল পুরুষ আমি আমার জীবনে আগে কখনো পাইনি, আমার বাবা ব্যতীত। এমন কিছু নেই, যেখানে সে আমার সঙ্গে থাকে না। আমি যা চাই, যেভাবে চাই, তাই সে আমার জন্য করে। আমি তো এমন কাউকেই চেয়েছিলাম, যে আমার বলা প্রতিটি শব্দের যত্ন করবে। আমার নীরবতা বুঝবে। আমার কাজকে সম্মান করবে। আমার নামানুষ বাচ্চা লিও, মোনালিসা, মিষ্টান্ন, পিকাসোকে নিজের বাচ্চার মতোই আগলে নেবে। আমার বাবা যেরকম আমি কিছু না বলতেই বোঝেন, আমার কী দরকার, আসাদও তাই। বাবার মতো আসাদও আমাকে ভাত খাইয়ে দেয়, কাপড় ধুয়ে-গুছিয়ে দেয়, আর কী না করে!
আমি তো আমার সব ইন্টারভিউতেই প্রায় বলেছি যে আমি এমন একজন মানুষ চাই জীবনে, যে কেবল আমার জন্য নয়, সকল প্রাণ-প্রকৃতির জন্যই ভালো ও নিরাপদ। আমি তো তাই পেয়েছি।
আপনারা তাঁর বিশ্বাসের সঙ্গে একমত না-ও হতে পারেন। তাঁর অনেক বক্তব্য আপনাদের অপছন্দ হতে পারে। আমারও তাঁর সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়।
কিন্তু তাই বলে মানুষটাকে শুধু ‘নাস্তিক’, ‘ধর্মহীন’ কিংবা আরও কিছু বিশেষণের মধ্যে আটকে রাখবেন?
ওকে একজন মানুষ হিসেবে দেখুন। আপনাদের প্রিয় পারশার জামাই হিসেবেই দেখুন না! আমার বাবা-মা প্রথমে এই বিয়েতে রাজি ছিলেন না। তাঁরা আমাকে বুঝিয়েছেন, তাঁদের আশঙ্কার কথা বলেছেন। কিন্তু আমাকে আটকে রাখেননি।
তাঁরা ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করেন
আমার বড় ভাই একজন প্র্যাকটিসিং মুসলিম। বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। ইসলামের ওপর তাঁর লেখা বই আছে, গবেষণা আছে। আমার ভাবি নিকাব করেন। এমনকি পরিবারের ভেতরে আমার আপন ছোট ভাইয়ের সামনেও তিনি নিজের পর্দার নিয়ম কঠোরভাবে মেনে চলেন। কিন্তু তাঁরা কখনো আমার গানবাজনা, চলাফেরা নিয়ে কোনো মন্তব্য করেন না। তাঁরা নিতান্তই ভালো মানুষ। আমাকে ভীষণ ভালোবাসেন। আমিও তাঁদের ভালোবাসি।
আমার বাবা-মা যদি আমার ভাই-ভাবির বিশ্বাস ও জীবনযাপনকে সম্মান করতে পারেন, তাহলে আমার সিদ্ধান্তকেও সম্মান করতে পারবেন।
আমার পরিবার আমাকে ধর্মপরিচয়ের আগে মানুষ হতে শিখিয়েছে। শিখিয়েছে, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সহমর্মিতাই মনুষ্যত্বের প্রথম পরিচয়। আমার বন্ধুবান্ধবের মধ্যে সব ধর্ম ও বিশ্বাসের মানুষই রয়েছেন। ছোটবেলা থেকেই আত্মীয়স্বজন, শিক্ষক, প্রতিবেশী, বন্ধুবান্ধব—সবার অকৃত্রিম স্নেহ আর ভালোবাসায় বড় হয়েছি আমি। সেই ভালোবাসা পাওয়ার জন্য কখনো আমাকে কারও ধর্ম বা বিশ্বাসের সঙ্গে নিজের বিশ্বাস মিলিয়ে নিতে হয়নি। মানুষ আমাকে ভালোবেসেছেন আমি যেমন, ঠিক তেমন বলেই।
তাই ধর্ম পালন করা মানুষের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমার আপত্তি ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক স্বার্থ হাসিল করার বিরুদ্ধে।
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও হাজার হাজার মানুষের সামনে ওয়াজ মাহফিলের নামে নারীর শরীর, পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, নারীকে পুরুষের অধস্তন হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালানো এবং ধর্মের দোহাই দিয়ে নারীবিদ্বেষকে বৈধতা দেওয়ার বিরুদ্ধে আমার অবস্থান আজীবন আপসহীন থাকবে। ধর্মীয় মঞ্চ কোনো নারীর চরিত্রহননের আদালত নয়, আর ধর্মপ্রচারের অধিকার কাউকে নারীর মর্যাদা ও স্বাধীনতা খর্ব করার অধিকার দেয় না। নারী কারও অধীনস্থ সত্তা নয়, পূর্ণ মর্যাদাসম্পন্ন স্বাধীন মানুষ। তাঁর জীবন, শরীর ও সিদ্ধান্তের ওপর কর্তৃত্ব করার অধিকার একমাত্র তাঁর নিজের, কোনো ধর্মীয় বক্তা বা সমাজপতির নয়।
আমি জামায়াত-শিবিরের রাজনীতি কিংবা ধর্মের নামে ভণ্ডামি করা ব্যক্তি ও গোষ্ঠীর সমালোচনা করি। সেটা আমার রাজনৈতিক অধিকার। কোনো রাজনৈতিক সংগঠনের সমালোচনা করা আর একটি ধর্মের সব অনুসারীকে ঘৃণা করা এক বিষয় নয়।
ভণ্ডামি আমি সহ্য করতে পারি না। মানুষ এক কথা বলবে, আরেক কাজ করবে, ধর্মের কথা বলে অন্যের জীবন দুর্বিষহ করে তুলবে—এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়।
আমি চাইলেই গানবাজনা, ছবি আঁকা ও অভিনয় করে একই সঙ্গে নিজেকে একজন আদর্শ ধর্মপ্রাণ মুসলিম হিসেবে দাবি করতে পারি না। ইসলামের কিছু কঠোর ব্যাখ্যায় সংগীত, চিত্রকলা ও অভিনয়ের ওপর বিধিনিষেধ রয়েছে। এসব বিষয়ে ধর্মীয় মতভিন্নতাও আছে। কিন্তু আমি জানি, আমার জীবনযাপন সেই কঠোর ব্যাখ্যাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিল্পকে বিসর্জন দেওয়ার অর্থ আমার কাছে নিজের সত্তাকেই অস্বীকার করা। আর আমার মতো মানুষের কাছে মৃত্যু এর চেয়ে শ্রেয়।
আবার ধার্মিকতার অভিনয় করাও আমার পক্ষে সম্ভব নয়। আমাকে যাঁরা কাছ থেকে চেনেন, তাঁরা জানেন, আমি পারফেকশনিস্ট। যা করি, তা মন দিয়ে করি; যা করি না, তা করিই না। আমার প্রতিটি কাজ ডিটেইল্ড। ধর্মীয় অনুশাসন মেনে চলতে না পারলে শুধু সমাজের স্বীকৃতির জন্য ধার্মিক সাজার প্রয়োজন কী আমার? নিজের সঙ্গে অসততা করে ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানো যায়?
তবে ইসলাম থেকে পাওয়া সুন্দর শিক্ষাগুলো আমি আজও সযত্নে ধারণ করি। সততা, সহমর্মিতা, দানশীলতা, মানুষের উপকার করা—এসব আমার জীবনেরই মূল্যবোধ। আমাকে হয়তো আপনাদের সংজ্ঞায় খুব ধার্মিক মনে হবে না, কিন্তু মানুষ হিসেবে ভালো থাকার ও মানুষকে ভালো রাখার চেষ্টাটুকু আমার মধ্যে পাবেন।
আমাকে কখনো দেখবেন না, সারা জীবন শিল্পচর্চা করে একদিন হঠাৎ ঘোষণা দিচ্ছি, ‘এত দিন যা করেছি, সব শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আজ থেকে আমি ভালো হয়ে গেছি।’
আমার শিল্প কোনো পাপ নয়, যার জন্য একদিন আমায় অনুশোচনার অভিনয় করতে হবে। খ্যাতি, মনোযোগ কিংবা সামাজিক গ্রহণযোগ্যতার জন্য নিজের শিল্পীসত্তাকে ছোট করার মানুষ আমি নই।
আমি কাগজে-কলমে মুসলিম, আপনারাও তাই। কিন্তু মুসলিম হতে গেলে যা যা করা লাগে, তা কি আপনারা করেন? কতখানি করেন? আমি তো অনেককেই দেখেছি, ধার্মিক হয়েও পশুপাখিদের ওপর অত্যাচার করতে, বিড়াল-কুকুর দেখলেই ঢিল মারতে, গায়ে গরম চা ফেলে দিতে! দিনমজুর-খেটে খাওয়া মানুষদের সঙ্গে বাজে ব্যবহার করতে। আমি তো দেখেছি, আমার মুসলিম বন্ধুদের শুকর খেতে। কই, আমি তো শুকর খাই না! আমি তো পশুপাখিদের আগলে রাখি। আমি তো সকল শ্রেণি-পেশার মানুষকেই সম্মান দিয়ে কথা বলি। যাঁরা আমার আশপাশে থাকেন, তাঁদের কেউ কি বলতে পারবেন, আমার ব্যবহার খারাপ?
আমি তো দেখি আমার বন্ধুদের নেশা করে উল্টে পড়ে থাকতে। কই, আমি তো বিড়ি-সিগারেট-গাঁজা-ড্রাগস—কিছুই ছুঁইনি জীবনে। আমি তো বাপের মানিব্যাগ থেকে একটা পয়সাও কখনো চুরি করিনি। কোনো দিন কারও ক্ষতি করিনি, বরং উপকারই করেছি সাধ্যমতো। আমি তো লিভ-ইন করিনি, বিয়ে করেছি। আমি তো কখনো কাউকে ঠকাইনি। আমি যা, সেটাই আমি।
মুখে এক কথা বলে আড়ালে আরেক জীবনযাপন করার অভ্যাস আমার নেই। আজ যা আমার অর্জন, সবই আমার নিজের চেষ্টা, সততা ও প্রতিভার জোরে। বলার মতো গল্প আমার জীবনেও আছে। হয়তো বলব কোনো দিন, সময় হলে।
আমি আমার গানের গুরুদের সবচেয়ে পছন্দের ছাত্রী ছিলাম। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান—ধর্ম-বর্ণনির্বিশেষে কত মানুষের যে নিঃস্বার্থ স্নেহ আর ভালোবাসা পেয়েছি, তা বলে শেষ করতে পারব না। স্কুলের সিকিউরিটি গার্ড আঙ্কেল, সিস্টার, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে প্রিন্সিপাল, জিওসি স্যার পর্যন্ত সবার কাছেই আমি আজও ভীষণ প্রিয় মানুষ। আমার স্কুলের সিস্টাররা কত মমতা নিয়ে আমার জন্য বাড়ি থেকে টিফিন বানিয়ে আনতেন! আমি তাঁদের পাশে বসে সেই টিফিন খেতাম। কই, তখন তো আমি ‘সেলিব্রিটি’ পারশা ছিলাম না। আমাকে কেন তাহলে ভালোবাসতেন মানুষ? কী দেখে? আমার ধর্মীয় পরিচয়, নাকি আমার ব্যবহার, আমার মনুষ্যত্ব?
এবার আসাদের কথায় আসি।
আপনারা আজ যে আসাদ নূরকে দেখছেন, সে কিন্তু একদিনে তৈরি হয়নি। যেমন একদিনে তৈরি হইনি আমি নিজেও।
আমার আর আসাদের জীবনের শুরুর জায়গাটা সম্পূর্ণ আলাদা।
আমি প্রিভিলেজড। এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই।
পড়েছি উত্তরবঙ্গের নামকরা এলিট স্কুলে। আমার বাবা একজন পিএইচডিধারী অধ্যাপক। আমার দাদা ব্রিটিশ-ইন্ডিয়ান সামরিক বাহিনীর অফিসার ছিলেন। জেনারেল আতাউল গণি ওসমানী ছিলেন তাঁর বন্ধু। আমার নানী ঢাকা সায়েন্স ল্যাবরেটরির চিফ সায়েন্টিফিক অফিসার ছিলেন। এমন এক সময়ে তিনি উচ্চশিক্ষা ও বিজ্ঞানচর্চায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যখন নারীদের উচ্চশিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত এবং সমাজের প্রচলিত বাধা পেরিয়ে একজন নারীর পক্ষে এত দূর এগিয়ে যাওয়া ছিল বিরল এক অর্জন। তিনি তো ভীষণ ধার্মিক মানুষ ছিলেন। কিন্তু তাঁর আমার মাকে কিনে দেওয়া পঁচিশ বছর আগের হারমোনিয়াম দিয়েই তো আমি গান শিখেছি। আমার দাদি উত্তরবঙ্গের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট ম্যাজিস্ট্রেটের কন্যা এবং নিজেও বগুড়া গভর্নমেন্ট গার্লস স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।
পারিবারিক ভালোবাসা আর সহযোগিতার কোনো অভাব আমার জীবনে কখনো হয়নি। যা চেয়েছি, বাবা সাধ্যের মধ্যে তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করেছেন। একটা কালারবক্স চেয়েছি, তিনি তিনটা কিনে দিয়েছেন। দিয়েছেন, যেন আমি আরও বেশি করে আঁকি, শিখি, নতুন কিছু সৃষ্টি করি। আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণের জন্য বাবা কতটা শ্রম দিয়েছেন, কতটা নিজের কথা না ভেবে আমার কথা ভেবেছেন, তার হিসাব কোনো দিন করিনি।
শিক্ষা, সংস্কৃতি, শিল্পচর্চা, বই, সংগীত, নিরাপত্তা—সব মিলিয়ে আমি এমন একটি পরিবেশে বড় হয়েছি, যেখানে নিজের চিন্তা প্রকাশ করার সাহস এবং স্বাধীনতা পেয়েছি।
আমার বাবা আমাকে পৃথিবীটাকে জানতে শিখিয়েছেন। আমাকে ইতিহাস, সংস্কৃতি, দর্শন—সবকিছুর সঙ্গে পরিচয় করিয়েছেন। আমার মা ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়েছেন আমার পেছনে, যেন নিজেকে চিনতে পারি, দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে পারি।
কিন্তু বাংলাদেশের কতজন এই সুযোগ পায়?
আমার মতো পারশারা সমাজে কালে-ভদ্রে জন্মায়। আর আসাদের মতো অসংখ্য দিকভ্রান্ত মানুষ জন্মায় ঘরে ঘরে।
যাদের ইচ্ছা থাকলেও সবকিছু পাওয়ার সামর্থ্য থাকে না। অনেক সময় কীভাবে নিজের কথা বলতে হয়, প্রশ্ন করতে হয়, নিজের পক্ষে দাঁড়াতে হয়, সেটুকুও শেখার সুযোগ পায় না।
কেউ তাদের জন্য পৃথিবীটাকে সহজ করে রাখে না।
আমি যে সুবিধাগুলো জন্মসূত্রে পেয়েছি, আসাদ তার অনেক কিছুই পায়নি।
তাই আপনারা যখন বলেন, আসাদ আমার চেয়ে অনেক পিছিয়ে, সেটা মেধায়, মননে কিংবা মানুষ হিসেবে নয়। আমাদের জীবনের শুরুর রেখাটাই আলাদা ছিল।
আসাদের বাবা একজন হাইস্কুল শিক্ষক। তাঁর পরিবার অত্যন্ত ধার্মিক।
আসাদের দাদা মৃত্যুর আগে নাতিকে কোলে নিয়ে তাঁর বাবাকে বলেছিলেন, তিনি চান এই নাতি বড় হয়ে আলেম হোক, ইসলামের মুখ উজ্জ্বল করুক।
দাদার শেষ ইচ্ছার প্রতি সম্মান রেখেই আসাদের বাবা তাঁকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন।
পঞ্চম শ্রেণি পর্যন্ত আসাদ মাদ্রাসায় পড়েছে।
আরবি হাতের লেখা ছিল অসাধারণ সুন্দর। বাংলা-ইংরেজির চেয়েও সুন্দর। মক্তবে আজান দিত। কণ্ঠ ভালো ছিল বলে ওয়াজ মাহফিলের আগে হামদ-নাত পরিবেশনার আয়োজনেও অংশ নিত, অনেক সময় প্রধান পরিবেশক থাকত।
সেই ছেলেটা কিন্তু জন্ম থেকেই ধর্মবিরোধী ছিল না।
আসাদের কাছ থেকে যতটুকু জেনেছি, মাদ্রাসায় পড়ার সময় সে গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হয়। বিষয়টি জানতে পেরে তার বাবা বিস্মিত হন এবং তাকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দেন।
কিন্তু মাদ্রাসার সেই অভিজ্ঞতার পরও আসাদ ধর্ম ছেড়ে দেয়নি। অন্য অনেক মুসলিম শিশুর মতোই সে স্কুলে পড়েছে, নামাজ পড়েছে, ধর্ম পালন করেছে।
এরপর কিশোর বয়সে প্রথম প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিধিনিষেধের নামে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হয়, যা তার এবং সেই মেয়েটির জীবনকে নিমিষেই ধ্বংস করে দেয়। মেয়েটি এবং আসাদ দুজনেই মুসলিম ছিল। ‘প্রেম হারাম’—এই ফতোয়ায় দুটো মানুষের জীবন এত এলোমেলো হয়ে যায়, যা আর ঠিক করার মতো ছিল না। আসাদ ও সেই মেয়েটির পরিবার একত্রিত হয়েও কট্টর ও জঙ্গিমনস্ক মেয়েটির বড় ভাইকে মানানো সম্ভব হয়নি। পরিস্থিতি এতটাই বাজে হয়ে যায় যে মেয়েটি বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলে। সেই বয়সে এত বড় ধাক্কা সামলাতে পারেনি বলেই আজ আপনারা এই আসাদকে দেখছেন। যাহোক, তাঁদের ব্যক্তিগত জীবনের বিস্তারিত আলোচনায় যেতে চাই না। আপনারা ইচ্ছে হলে তার কাছ থেকেই শুনে নিয়েন।
তবে এসব ঘটনার পর আসাদের মনে ধর্ম নিয়ে প্রশ্ন তৈরি হয়। সে পড়াশোনা শুরু করে। দীর্ঘদিন নিজের মতো করে জানার, বোঝার এবং বিচার করার পর একসময় নিজেকে ধর্মবিশ্বাসের বাইরে খুঁজে পায়। And the worst part is, once you see it, you can't unsee it!
কিন্তু এখানেই কি গল্প শেষ?
না। বরং শুরু।
নিজের বিশ্বাস বদলানোর কারণে যে সামাজিক প্রত্যাখ্যান, নিরাপত্তাহীনতা এবং চাপের মধ্যে তাকে পড়তে হয়েছে, সেগুলোও তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছে।
বাংলাদেশে যখন একের পর এক মুক্তচিন্তার লেখক ও ব্লগার আক্রান্ত এবং নিহত হচ্ছিলেন, তখন আসাদও সেই ঘটনাগুলো থেকে নিজেকে আলাদা রাখতে পারেনি।
পূর্বের আসাদ ছিল ছন্নছাড়া, যার কারণ ছিলেন আপনারাই। মাদ্রাসায় শিশু বলাৎকারের প্রতিবাদ করে ফেসবুকে লেখার কারণে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে মামলা করা হলো। বছরের পর বছর ধরে জেল খাটল আসাদ। আপনাদের উগ্র বিশ্বাসের জন্যই আসাদকে পরিবার থেকে বিচ্যুত হতে হয়। আসাদ তার মাকে দেখেনি, আজ দশ বছর হবে।
দেশে আসতে না পারার কারণে তার আর কোনো পিছুটান ছিল না। আপনারা তাকে আঘাত দিয়েছেন, সে আঘাত দ্বিগুণ রূপে ফিরিয়ে দিয়েছে তাই। আপনারা তাকে ভালোবাসা দিয়ে বোঝাতে পারতেন। বোঝাননি।
তবে এখন যে আসাদকে আপনারা দেখছেন, সে সম্পূর্ণরূপে ভিন্ন একজন মানুষ। তার জীবন থেকে যে আপনারা অনেকগুলো বছর কেড়ে নিয়েছেন, সেগুলো এখন বুঝতে পারছে সে। সে জানছে, শিখছে। জীবনকে নতুন করে দেখছে। তাকে কি সেই সুযোগটুকুও দেবেন না? সে তো আপনাদেরই মানুষ। শুদ্ধ বাংলায় কথা বলে (যদিও যখন সিলেটি বলে, তখন কিছুই বুঝি না!)।
কানাডায় থেকেও আসাদ বাংলার ভাত-ভর্তা-মাছ-শাকই রান্না করে খায়! সেও তো আপনাদের মতোই সমাজের ভালো চায়, দেশের জন্য কিছু করতে চায়।
আসাদেরা মায়ের পেট থেকে নাস্তিক হয়ে বের হয় না। আসাদদের নাস্তিক বানানো হয়। ঠিক যেভাবে আপনারা চেষ্টা করছেন পারশাকে নাস্তিক বানানোর। যদিও তাতে সক্ষম হবেন না কখনোই। কেন হবেন না জানেন? ভালো মানুষদের জন্য। এই দেশের ভালো মুসলমানদের জন্য। যাঁদের পার্থিব লোভ-লালসা নেই, যাঁরা কেবল সততা ও মানবিকতা নিয়ে বাঁচতে চান, সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ একটা সমাজ গড়তে চান। সেই ভালো মানুষগুলোর প্রতি আমার অগাধ আস্থা। তাঁদের ভালোবাসা আর সমর্থনের কাছে আপনাদের উগ্রতা, বিদ্বেষ কিংবা হুমকিকে আমি বিন্দুমাত্র পরোয়া করি না। নিজের সাহস, সততা, সামর্থ্য, ক্ষমতা এবং মানুষের ভালোবাসার ওপর আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে।
বাংলাদেশ আমার দেশ। এই দেশের মানুষ আমার, নদী-নালা আমার, পশুপাখি আমার, গানবাজনা, ভাষা, সংস্কৃতি—সবই আমার অস্তিত্বের অংশ। এই মাটির সঙ্গে আমার সম্পর্ক কোনো ধর্মীয় পরিচয় কিংবা কারও অনুমতির ওপর নির্ভর করে না। আমাকে আমার শিকড় থেকে বিচ্ছিন্ন করার অধিকার কারও নেই।
মনে রাখবেন, শিকড় উপড়ে ফেলা যদি এতই সহজ হতো, তাহলে চাপিয়ে দেওয়া উর্দুর কাছে বাংলা ভাষা কবেই আত্মসমর্পণ করত। যে জাতি নিজের ভাষা ও আত্মপরিচয়ের মর্যাদা রক্ষায় বুকের রক্ত দিয়েছে, সেই জাতির একজন সন্তানকে তার নিজের দেশেই পরবাসী বানানোর দুঃসাহস নিছক নির্বুদ্ধিতা।
নিজের শিকড় অস্বীকার করা যদি এতই সহজ হতো, তাহলে আপনাদের অনেকেই হয়তো আজ বাংলাকে বিসর্জন দিয়ে উর্দুতে কথা বলতেন।