ফেক আইডির আড়ালে অপরাধ করেও কী পার পাওয়া যায়? অনলাইন হয়রানির শিকার নারীরা যেখানে পাবেন আইনি সহায়তা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফেসবুক,মেসেঞ্জার কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উদ্দেশে অশালীন বার্তা, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, ব্ল্যাকমেইলিং ও মানহানিকর পোস্ট এসব এখন অনলাইন নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।কিন্তু ভুক্তভোগী অনেকেই জানেন না,এসব অপরাধের বিরুদ্ধে বাংলাদেশে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।এমনকি ফেক আইডির আড়ালে থাকা অপরাধীকেও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে শনাক্ত করা সম্ভব।


সাইবার অপরাধ বা অনলাইন হয়রানি কী?


ইন্টারনেট,সামাজিক যোগাযোগমাধ্যম,মেসেজিং অ্যাপ কিংবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে ভয় দেখানো, অপমান করা,যৌন হয়রানি করা,ব্যক্তিগত তথ্য বা ছবি ছড়িয়ে দেওয়া, ব্ল্যাকমেইল করা,পরিচয় নকল করে প্রতারণা করা কিংবা বারবার অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করাকে পরিস্থিতি ও অপরাধের ধরন অনুযায়ী সাইবার অপরাধ বা অনলাইন হয়রানি হিসেবে বিবেচনা করা হয়।


নারীরা সাধারণত যেসব অনলাইন হয়রানির শিকার হন, সেগুলোর মধ্যে রয়েছে


*ফেসবুক বা মেসেঞ্জারে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানো।


*বারবার অশ্লীল ছবি বা ভিডিও পাঠানো কিংবা ব্যক্তিগত ছবি চাওয়া।


*ফেক আইডি খুলে নারীর নামে অপপ্রচার ও মানহানিকর পোস্ট দেওয়া।


*ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা।


*অনুমতি ছাড়া ব্যক্তিগত বা অন্তরঙ্গ ছবি প্রকাশ করা।


*ছবি এডিট করে অশ্লীল বা পর্নোগ্রাফিক ছবি তৈরি ও প্রচার করা।


*প্রাণনাশ, শারীরিক ক্ষতি কিংবা সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া।


*অন্যের পরিচয় ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা।


সাইবার আইন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা


বাংলাদেশে সাইবার অপরাধ প্রতিরোধ, অপরাধী শনাক্তকরণ এবং অপরাধের বিচার নিশ্চিত করার জন্য বর্তমানে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ কার্যকর রয়েছে। এটি ২০২৬ সালের ১০ এপ্রিল প্রণীত হয় এবং ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশকে প্রতিস্থাপন করে।পরবর্তী সময়ে ২০২৬ সালের ১ জুলাই সংশোধনী আইনে মূল আইনের ২০ ধারা বিলুপ্ত করা হয়।এই আইনের আওতায় ডিজিটাল মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী দণ্ডবিধি, ১৮৬০ এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনেও ব্যবস্থা নেওয়া যেতে পারে।


কিভাবে আপনি হয়রানির শিকার হতে পারেন দুইটি ভিন্ন গল্প উদাহরণ স্বরুপ তুলে ধরা হল।


ধরা যাক, নারীর নাম নীলা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নিয়মিত ফেসবুকে নিজের ছবি, দৈনন্দিন জীবনের গল্প এবং কাজের অভিজ্ঞতা শেয়ার করেন।


একদিন হঠাৎ অপরিচিত একটি ফেসবুক আইডি থেকে তাঁর মেসেঞ্জারে বার্তা আসে। প্রথমে সাধারণ কথাবার্তা, এরপর বন্ধুত্বের প্রস্তাব। নীলা আগ্রহ না দেখানোয় শুরু হয় অশালীন মন্তব্য। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা ও আপত্তিকর ছবি পাঠাতে থাকে।নীলা বিরক্ত হয়ে আইডিটি ব্লক করেন।কিন্তু হয়রানি সেখানেই থেমে থাকে না।কয়েক দিন পর নতুন একটি ফেক আইডি থেকে তাঁর ছবি নিয়ে আপত্তিকর ক্যাপশনসহ পোস্ট করা হয়।পরিচিত কয়েকজনের কাছেও পাঠানো হয় সেই পোস্টের লিংক।এরপর শুরু হয় ফোনকল, কটূক্তি ও নানা ধরনের হুমকি।


একসময় ওই ব্যক্তি নীলাকে জানায়, তাঁর ব্যক্তিগত ছবি এডিট করে আরও আপত্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে,যদি তিনি তার সঙ্গে যোগাযোগ না রাখেন।


নীলা ভয় পেয়ে যান। পরিবারের কেউ বিষয়টি জানলে কী ভাববে? কর্মস্থলের সহকর্মীরা কী বলবেন? সামাজিকভাবে তাঁকে হেয় হতে হবে না তো?


প্রথমে তিনি কাউকে কিছু বলেননি।কিন্তু পরে বুঝতে পারেন, নীরব থাকলে হয়রানি বন্ধ হওয়ার নিশ্চয়তা নেই।তিনি সব মেসেজের স্ক্রিনশট,ফেক আইডির লিংক,হুমকির বার্তা এবং ঘটনার সময় সংরক্ষণ করেন।এরপর বাংলাদেশ পুলিশের Police Cyber Support for Women (PCSW)-এর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা চান।পুলিশের পরামর্শ অনুযায়ী তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।প্রযুক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডিজিটাল রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে তদন্তকারী সংস্থা অপরাধীকে শনাক্ত করার উদ্যোগ নেয়।


নীলার এই গল্পটি কাল্পনিক। কিন্তু এমন পরিস্থিতি অনেক নারীর জীবনে ঘটতে পারে।


প্রশ্ন হলো, নীলার জায়গায় আপনি থাকলে কী করতেন?


মনে রাখতে হবে, ফেক আইডি ব্যবহার করে পরিচয় গোপন রাখলেও অপরাধী সব সময় নিরাপদ থাকে না। আইনানুগ তদন্তের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে।আর ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি,যৌন হয়রানি কিংবা অপরাধমূলক ভীতি প্রদর্শনের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।


এবার আরেকটা বিষয় আলোচনা করা যাক


সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত অভিনেত্রী পরীমণিকেও বিভিন্ন সময়ে ব্যক্তিগত জীবন, পোশাক, বক্তব্য ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা এবং ট্রলের মুখোমুখি হতে হয়েছে। কোনো তারকার কাজ বা প্রকাশ্য বক্তব্য নিয়ে ভিন্নমত প্রকাশ করা মানুষের অধিকার। কিন্তু সেই সমালোচনার আড়ালে যখন যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অশালীন ভাষা, ব্যক্তিগত আক্রমণ, মিথ্যা অপবাদ কিংবা হুমকি দেওয়া হয়, তখন বিষয়টি আর সাধারণ সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে না।একজন সাধারণ নারী হোন কিংবা জনপ্রিয় অভিনেত্রী কারও ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করার অধিকার কারও নেই।

এখানে একটি বিষয় বোঝা জরুরি কাউকে অপছন্দ করা অপরাধ নয়, তাঁর কাজের সমালোচনা করাও অপরাধ নয়।কিন্তু সেই স্বাধীনতাকে ব্যবহার করে কাউকে যৌনভাবে অপমান করা, ব্ল্যাকমেইল করা, হুমকি দেওয়া কিংবা ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো আইনগতভাবে অপরাধের পর্যায়ে পড়তে পারে।


সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা কাউকে সমালোচনার ঊর্ধ্বে রাখে না, আবার জনপ্রিয়তা কম বলে কাউকে অপমান করার অধিকারও দেয় না।



অনলাইন হয়রানির ঘটনায় বাংলাদেশের কোন কোন আইনে ব্যবস্থা নেওয়া যাবে? অপরাধের ধরন, ব্যবহৃত মাধ্যম, উদ্দেশ্য ও প্রমাণের ভিত্তিতে একাধিক আইনের ধারা প্রযোজ্য হতে পারে।


১. সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ধারা


ডিজিটাল মাধ্যমে যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, রিভেঞ্জ পর্ন, সেক্সটর্শন কিংবা ডিজিটাল শিশু যৌন নিপীড়নসংক্রান্ত উপাদান তৈরি, প্রেরণ, প্রকাশ বা প্রচার করা এবং তা প্রকাশের হুমকি দেওয়া এই ধারায় অপরাধ।


এমন অপরাধ কোনো নারী বা ১৮ বছরের কম বয়সী শিশুর বিরুদ্ধে সংঘটিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা ২০ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।


এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, শুধু ছবি প্রকাশ করাই নয়, নির্দিষ্ট অপরাধমূলক উদ্দেশ্যে ছবি বা ভিডিও প্রকাশের হুমকিও এই ধারার আওতায় আসতে পারে।


২. দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৩ ও ৫০৬ ধারা


কোনো নারীকে শারীরিক ক্ষতি, সম্মানহানি, সম্পত্তির ক্ষতি কিংবা অন্য কোনো ক্ষতির ভয় দেখিয়ে আতঙ্কিত করা বা কোনো কাজ করতে বাধ্য করার চেষ্টা অপরাধমূলক ভীতি প্রদর্শন হিসেবে বিবেচিত হতে পারে।দণ্ডবিধির ৫০৩ ধারায় অপরাধের সংজ্ঞা এবং ৫০৬ ধারায় এর শাস্তির বিধান রয়েছে।


৩. দণ্ডবিধির ৫০৭ ধারা


ফেক আইডি বা পরিচয় গোপন রেখে বেনামে হুমকি দেওয়ার ক্ষেত্রে এই ধারাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অজ্ঞাত পরিচয়ে যোগাযোগের মাধ্যমে অপরাধমূলক ভীতি প্রদর্শনের জন্য ৫০৭ ধারায় অতিরিক্ত শাস্তির বিধান রয়েছে।


৪. দণ্ডবিধির ৫০৯ ধারা


কোনো নারীর শালীনতা অপমান করার উদ্দেশ্যে অশালীন শব্দ, ইঙ্গিত, অঙ্গভঙ্গি বা আচরণ করা কিংবা তার ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার হস্তক্ষেপ করা এই ধারার আওতায় আসতে পারে।

এ ধারায় সর্বোচ্চ এক বছরের সাধারণ কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।


৫. দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা


সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নারীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য, অপবাদ বা পোস্ট প্রকাশ করে তাঁর সুনাম ক্ষুণ্ণ করা হলে পরিস্থিতি ও আইনি শর্ত অনুযায়ী মানহানির অভিযোগ আনা যেতে পারে।৪৯৯ ধারায় মানহানির সংজ্ঞা এবং ৫০০ ধারায় এর শাস্তির বিধান রয়েছে।


তবে মনে রাখতে হবে, প্রতিটি অশালীন মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে একই ধারায় অপরাধ হয় না। বক্তব্যের প্রকৃতি, উদ্দেশ্য, প্রেক্ষাপট ও প্রমাণ বিবেচনা করে পুলিশ, আইনজীবী ও আদালত প্রযোজ্য আইন নির্ধারণ করবেন।



অনলাইন হয়রানির অপরাধে কী শাস্তি হতে পারে:


সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অশালীন বার্তা পাঠানো, যৌন হয়রানি করা, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো কিংবা ফেক আইডির আড়ালে হুমকি দেওয়াকে নিছক দুষ্টুমি ভাবার সুযোগ নেই।অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে এসব ঘটনায় বাংলাদেশের প্রচলিত আইনে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী সম্ভাব্য শাস্তিগুলো হলো,


১. যৌন হয়রানি ও ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইলিং:


সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ধারায় ডিজিটাল মাধ্যমে যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, রিভেঞ্জ পর্ন, সেক্সটর্শন এবং সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান রয়েছে। নারী বা শিশুর ক্ষেত্রে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড অথবা ২০ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।


২. ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি:


দণ্ডবিধির ৫০৩ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞা এবং ৫০৬ ধারায় এর শাস্তির বিধান রয়েছে। সাধারণ অপরাধমূলক হুমকির ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। গুরুতর হুমকির ক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।


৩. ফেক আইডি ব্যবহার করে পরিচয় গোপন রেখে হুমকি:


কেউ নিজের পরিচয় গোপন রেখে বা বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করে অপরাধমূলক হুমকি দিলে দণ্ডবিধির ৫০৭ ধারা প্রযোজ্য হতে পারে। এ ক্ষেত্রে মূল অপরাধের শাস্তির অতিরিক্ত সর্বোচ্চ ২ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।


৪. নারীর শালীনতা অপমান করে অশালীন মন্তব্য:


দণ্ডবিধির ৫০৯ ধারায় কোনো নারীর শালীনতা অপমান করার উদ্দেশ্যে অশালীন শব্দ, ইঙ্গিত বা আচরণ করার জন্য সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।


৫. সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট:


কোনো নারীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য, অপবাদ বা পোস্ট প্রকাশ করে তাঁর সুনাম ক্ষুণ্ণ করা হলে দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ অপরাধে সর্বোচ্চ ২ বছরের সাধারণ কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।


শুধু ফেক আইডি নয়, অপরাধের দায়ও শনাক্ত হবে।


ধরা যাক, নীলাকে হয়রানি করা ব্যক্তি একাধিক ফেক আইডি ব্যবহার করে অশালীন বার্তা পাঠাচ্ছেন, তাঁর ছবি নিয়ে ব্ল্যাকমেইল করছেন এবং পরিচিতদের কাছে মানহানিকর পোস্ট ছড়িয়ে দিচ্ছেন। তদন্তে অপরাধ প্রমাণিত হলে ঘটনার প্রকৃতি অনুযায়ী একাধিক আইনি ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব।


তবে কোন ধারায় অভিযোগ গঠন হবে এবং কী শাস্তি দেওয়া হবে, তা নির্ভর করবে অপরাধের উপাদান, ডিজিটাল প্রমাণ, সাক্ষ্য এবং আদালতের সিদ্ধান্তের ওপর।


মনে রাখতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় গোপন রাখা অপরাধ থেকে দায়মুক্তির নিশ্চয়তা নয়। একজন নারীর সম্মান, ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আইন রয়েছে। প্রয়োজন শুধু সচেতনতা, প্রমাণ সংরক্ষণ এবং সঠিক সময়ে আইনি সহায়তা নেওয়া।



ফেক আইডির আড়ালে থাকা অপরাধীকে কি শনাক্ত করা সম্ভব?


অনেকেই মনে করেন, ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করলে অপরাধীকে খুঁজে পাওয়া অসম্ভব। বাস্তবে বিষয়টি এমন নয়।


একটি ফেক আইডি শনাক্ত করতে তদন্তকারী সংস্থা বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করতে পারে। যেমন,

*সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিবন্ধিত ই-মেইল বা ফোন নম্বর।


*লগইন ও ব্যবহারের IP Address এবং সংশ্লিষ্ট সময়ের তথ্য।


*অ্যাকাউন্টের লগইন হিস্ট্রি ও অন্যান্য ডিজিটাল রেকর্ড।


*সংশ্লিষ্ট ডিভাইসের ফরেনসিক তথ্য।


*সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত প্রাসঙ্গিক তথ্য।


আইনানুগ প্রক্রিয়ায় এসব তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অপরাধীর পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সহযোগিতাও নেওয়া হয়।


তবে সব ক্ষেত্রে পরিচয় শনাক্ত করা নিশ্চিত নয়। ভুয়া তথ্য, VPN, বিদেশি সার্ভার কিংবা তথ্য মুছে ফেলার কারণে তদন্ত জটিল হতে পারে।


একজন নারী অনলাইন হয়রানির শিকার হলে প্রথমেই কোথায় অভিযোগ করবেন?


ভুক্তভোগীর প্রথম কাজ হলো ভয় বা সামাজিক সংকোচে চুপ না থেকে দ্রুত অভিযোগ জানানো। বাংলাদেশে অভিযোগ জানানোর কয়েকটি নির্ভরযোগ্য পথ রয়েছে।


১. নিকটস্থ থানায় অভিযোগ


ভুক্তভোগী সরাসরি নিকটস্থ থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে পারেন। ঘটনার বিবরণ, অভিযুক্ত অ্যাকাউন্টের লিংক, স্ক্রিনশট এবং অন্যান্য প্রমাণ সঙ্গে নেওয়া ভালো।


অপরাধের ধরন অনুযায়ী পুলিশ জিডি গ্রহণ করতে পারে অথবা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা গ্রহণের ব্যবস্থা নিতে পারে। শুধু জিডি করেই থেমে না থেকে প্রয়োজন অনুযায়ী মামলা ও তদন্তের বিষয়টি নিশ্চিত করতে হবে।


২. Police Cyber Support for Women (PCSW)


নারীদের সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ ও আইনি সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সেবা হলো Police Cyber Support for Women (PCSW)।


এখানে নারী পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা, আইনি পরামর্শ এবং সংশ্লিষ্ট থানায় বা উপযুক্ত তদন্ত ইউনিটে যোগাযোগের ব্যবস্থা করেন। ভুক্তভোগীর তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়টিও তাদের সেবার অংশ।


যোগাযোগের মাধ্যম:

হটলাইন: 01320000888

ই-মেইল: cybersupport.women@police.gov.bd

ফেসবুক পেজ: Police Cyber Support for Women (PCSW)


৩. ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট

ঢাকায় সংঘটিত সাইবার অপরাধের ক্ষেত্রে ডিএমপির সংশ্লিষ্ট সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করা যায়।

ই-মেইল: cyberhelp@dmp.gov.bd


৪. জাতীয় জরুরি সেবা ৯৯৯

অপরাধী যদি সরাসরি প্রাণনাশ, শারীরিক ক্ষতি বা তাৎক্ষণিক বিপদের হুমকি দেয়, তাহলে দেরি না করে ৯৯৯ নম্বরে ফোন করতে হবে।



অভিযোগ করার আগে কী কী প্রমাণ সংগ্রহ করবেন?


অনেক সময় ভুক্তভোগী রাগ,ভয় বা অপমানবোধ থেকে হয়রানিকারীর মেসেজ ডিলিট করে দেন কিংবা সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ব্লক করেন।এতে পরবর্তী তদন্তে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ কঠিন হতে পারে।

তাই অভিযোগ করার আগে সম্ভব হলে


১. অশালীন বার্তা, মন্তব্য ও হুমকির স্ক্রিনশট সংরক্ষণ করুন।


২. ফেক আইডির প্রোফাইল লিংক ও অ্যাকাউন্টের পরিচিতি সংরক্ষণ করুন।


৩. মেসেজের তারিখ, সময় এবং ঘটনার ধারাবাহিকতা লিখে রাখুন।


৪. ছবি বা ভিডিও থাকলে মূল ফাইল সংরক্ষণ করুন। সম্পাদনা করে প্রমাণের মূল রূপ নষ্ট করবেন না।


৫. প্রয়োজনে স্ক্রিন রেকর্ডিং ও সংশ্লিষ্ট কথোপকথনের লিংক সংরক্ষণ করুন।


৬. কোনো প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করে তদন্তকারী কর্মকর্তাকে দিন।


৭. ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে দ্রুত সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করুন এবং পুলিশের সহায়তা নিন।



ভুক্তভোগীর কি পরিচয় গোপন রাখার সুযোগ রয়েছে?


অনেক নারী সামাজিক সম্মানহানি বা পরিবারের প্রতিক্রিয়ার ভয়ে অভিযোগ করতে চান না।বিশেষ করে ব্যক্তিগত ছবি বা ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলিংয়ের ঘটনায় এই ভয় আরও বেশি কাজ করে।


বাংলাদেশ পুলিশের PCSW ভুক্তভোগীর তথ্যের গোপনীয়তা রক্ষার কথা জানিয়েছে।তাই অভিযোগ করতে গিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই।তবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য আইনানুগভাবে ব্যবহৃত হতে পারে।পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে এমন নিশ্চয়তা সব ক্ষেত্রে দেওয়া যায় না।


অনলাইন হয়রানির শিকার হলে যে ভুলগুলো করবেন না:


*ভয় পেয়ে অপরাধীর দাবি অনুযায়ী টাকা পাঠাবেন না।


*ব্যক্তিগত ছবি বা ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইলকারীর দাবি পূরণ করবেন না।


*পাল্টা হুমকি বা গালিগালাজ করে পরিস্থিতি জটিল করবেন না।


*প্রমাণ সংরক্ষণের আগেই সব মেসেজ ও অ্যাকাউন্টের তথ্য মুছে ফেলবেন না।


*অপরাধীর পরিচয় নিজে নিশ্চিত না হয়ে কাউকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধী হিসেবে চিহ্নিত করবেন না।



সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীকে অপমান করা, তাঁর ব্যক্তিগত ছবি নিয়ে ভয় দেখানো কিংবা ফেক আইডির আড়ালে যৌন হয়রানি করা কোনোভাবেই বাকস্বাধীনতা বা ব্যক্তিগত মতপ্রকাশের অধিকার নয়। এটি ব্যক্তির মর্যাদা, নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার ওপর আঘাত।


অনলাইন হয়রানির শিকার হলে নীরব থাকা সমাধান নয়। প্রমাণ সংরক্ষণ করুন, পুলিশের বিশেষায়িত সেবায় যোগাযোগ করুন এবং প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নিন।


মনে রাখবেন, অপরাধীর পরিচয় ফেক হতে পারে, কিন্তু অপরাধের দায় ফেক নয়।

sidebar ad