‘মাইসা’র টিজারে রাশমিকাকে দেখে যেন চেনাই কঠিন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
দক্ষিণি সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দানা। রোমান্টিক গল্প, প্রাণবন্ত অভিনয় আর গ্ল্যামারনির্ভর চরিত্রে এরই মধ্যে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। তবে এবার সেই পরিচিত ছক থেকে বেরিয়ে একেবারে নতুন রূপে হাজির হচ্ছেন অভিনেত্রী। নতুন সিনেমা ‘মাইসা’র টিজারে রাশমিকাকে দেখে যেন চেনাই কঠিন।



গত রোববার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘মাইসা’র প্রথম টিজার। নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। টিজারের ঝলকে উঠে এসেছে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার এক নারীর গল্প।



টিজারের শুরুতেই রাশমিকার চরিত্রের কণ্ঠে শোনা যায় হতাশার সুর—ক্লান্তি, থেমে যাওয়া আর হেরে যাওয়ার অনুভূতি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্যপট। ভেঙে পড়া সেই নারীই যেন ঘুরে দাঁড়ান। বাধা যতই আসুক, এবার তাঁর লক্ষ্য লড়াই করে নিজের পথ তৈরি করা।


আর সেই লড়াই মোটেও সহজ নয়। হাতে কাস্তে নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ছেন রাশমিকা। কখনো হাত-পায়ে আঘাত করছেন, কখনো ভয়ংকর কায়দায় প্রতিপক্ষকে কাবু করছেন। টিজারে রয়েছে মোটরসাইকেল চালানোর দৃশ্যও। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পানির নিচের অ্যাকশন দৃশ্য। সেখানে একাধিক প্রতিপক্ষের সঙ্গে পানির মধ্যেই লড়াই করতে দেখা গেছে তাঁকে।


শুধু পর্দায় সাহসী হয়ে ওঠাই নয়, চরিত্রটির জন্য শারীরিকভাবেও কঠোর প্রস্তুতি নিতে হয়েছে অভিনেত্রীকে। শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে গুরুতর চোট পাওয়ার কথাও জানিয়েছেন রাশমিকা। তাঁর টেনডন বা পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখা টিস্যু ছিঁড়ে গিয়েছিল বলে জানা যায়।


টিজারে সেই পরিশ্রমের ছাপও স্পষ্ট। সাধারণত বাণিজ্যিক সিনেমায় যে গ্ল্যামারনির্ভর উপস্থিতির সঙ্গে রাশমিকাকে দেখা যায়, ‘মাইসা’য় তার বদলে দেখা যাচ্ছে এক শক্ত, দৃঢ়চেতা ও লড়াকু নারীকে। চরিত্রটির পোশাক, পরিবেশ এবং অ্যাকশননির্ভর উপস্থিতি—সবকিছুতেই রয়েছে আলাদা মাত্রা।


টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যে অনেকেই রাশমিকার নতুন অবতারের প্রশংসা করেছেন। বিশেষ করে নারীকে কেন্দ্র করে এমন অ্যাকশন চরিত্রে তাঁকে দেখার বিষয়টি দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।


‘মাইসা’য় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।


সিনেমাটি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম—এই পাঁচ ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।


সব মিলিয়ে ‘মাইসা’র টিজার রাশমিকা মান্দানার ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। রোমান্টিক নায়িকার পরিচিত গণ্ডি পেরিয়ে এবার তিনি কতটা শক্তিশালী অ্যাকশন অভিনেত্রী হিসেবে নিজেকে তুলে ধরতে পারেন, সেই উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পরই।
sidebar ad