লাউড লুকিং: প্রেমে আর লুকোচুরি নয়, নিজের চাওয়াটা বলুন স্পষ্ট করে

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্পর্কের শুরুতেই সিরিয়াস সম্পর্ক চান—এ কথা বললে একসময় ‘মরিয়া’ বা ‘বড্ড বেশি আগ্রহী’ তকমা জুটত। এখন বদলাচ্ছে সেই ধারণা। ডেটিংয়ের নতুন ট্রেন্ড ‘লাউড লুকিং’ বলছে, মনের কথা লুকিয়ে নয়, বরং স্পষ্ট করেই শুরু হোক সম্পর্ক।


কাউকে ভালো লাগছে? তাঁর সঙ্গে নিয়মিত কথা বলতে ইচ্ছা করছে? ভবিষ্যতে একটা সুন্দর, স্থায়ী সম্পর্কের স্বপ্নও দেখছেন? কিন্তু মুখ ফুটে বলছেন না। পাছে অন্যজন ভাবেন, আপনি বড্ড বেশি সিরিয়াস! তাই চলছে ইঙ্গিতের খেলা। কে আগে মেসেজ দেবেন, কে কতটা আগ্রহ দেখাবেন, কিংবা সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে—এসব নিয়ে নীরব প্রতিযোগিতা।




ডেটিংয়ের এই চেনা সমীকরণ বদলাতে এসেছে নতুন এক প্রবণতা—‘লাউড লুকিং’। সহজ কথায়, সম্পর্কে নিজের প্রত্যাশা ও উদ্দেশ্য স্পষ্ট করে প্রকাশ করা। আপনি যদি দীর্ঘমেয়াদি, প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক চান, তাহলে শুরুতেই তা জানাতে দ্বিধা না করা।


তবে এর অর্থ প্রথম কয়েকবার কথা বলেই কাউকে সম্পর্কের প্রতিশ্রুতি দিতে বাধ্য করা নয়। বরং নিজের চাওয়াটা জানিয়ে দুজনকে স্বাভাবিকভাবে একে অপরকে বোঝার সুযোগ দেওয়া।


সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ও ডেটিং অ্যাপ কোয়াককোয়াকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রবি মিত্তালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের প্রায় ৪৭ শতাংশই পছন্দ করছেন লাউড লুকিং। অস্পষ্ট ইঙ্গিতের বদলে তাঁরা সরাসরি নিজের উদ্দেশ্য জানাতে আগ্রহী। তাঁর আরও দাবি, প্রতি ১০ জন অবিবাহিত মানুষের মধ্যে ৭ জনই প্রথম সপ্তাহের কথোপকথনে কিংবা ডেটিং প্রোফাইলেই নিজেদের প্রত্যাশা জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।


কেন এই স্পষ্টবাদিতা?


ধরুন, কারও সঙ্গে কয়েক সপ্তাহ ধরে নিয়মিত কথা হচ্ছে। ব্যক্তিগত গল্প, পছন্দ-অপছন্দ ভাগাভাগি করতে করতে তৈরি হয়েছে একধরনের ঘনিষ্ঠতা। আপনি ভাবছেন, সম্পর্কটি হয়তো পরিণতির দিকে এগোচ্ছে। অথচ অন্যজনের কাছে বিষয়টি নিছক সময় কাটানো। প্রত্যাশার এই অমিল থেকেই তৈরি হয় হতাশা, অনিশ্চয়তা ও মানসিক চাপ।


আহমেদাবাদের নারায়ণা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক গোপাল ভাটিয়ার মতে, সম্পর্কের প্রত্যাশা না মিললে অনিশ্চয়তা থেকে উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও অতিরিক্ত চিন্তা তৈরি হয়। নিজের অনুভূতি, ব্যক্তিগত সীমারেখা ও মানসিক সুস্থতা নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে। তাই সম্পর্কের শুরুতেই খোলামেলা কথাবার্তার গুরুত্বও বাড়ছে।


স্পষ্ট হবেন, চাপ সৃষ্টি করবেন না


লাউড লুকিং মানে ডেটিং প্রোফাইলে চাহিদার দীর্ঘ তালিকা দেওয়া নয়। বরং কেমন সম্পর্ক চান, সেটি সহজভাবে জানানো। যেমন লিখতে পারেন, ‘অর্থপূর্ণ একটা সম্পর্ক চাই। অনুমানের খেলায় আমার আগ্রহ নেই।’


মিত্তালের পরামর্শ, সম্পর্কের গন্তব্য সম্পর্কে নিজের আগ্রহ জানান, কিন্তু সেখানে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করে দেবেন না। কাউকে ভালো লাগলেই যে সব ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে ফেলতে হবে, তা নয়।


চিকিৎসক ভাটিয়ার ভাষায়, নিজের চাহিদা প্রকাশ করা আত্মবিশ্বাসের পরিচয়। কাউকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়াই বরং মরিয়া আচরণ।


ম্যাচ কমলে ক্ষতি কী?


নিজের প্রত্যাশা স্পষ্ট করলে হয়তো পছন্দের মানুষের সংখ্যা কমবে। কিন্তু তাতে ক্ষতি নেই। একজন যদি চান নিছক বন্ধুত্ব বা ক্যাজুয়াল সম্পর্ক, অন্যজন যদি চান দীর্ঘমেয়াদি অঙ্গীকার—শুধু ভালো লাগা দিয়ে এই ব্যবধান ঘোচানো কঠিন।


তবে একই ধরনের সম্পর্ক চাইলেই দুজনের মধ্যে সবকিছু মিলে যাবে, এমন নিশ্চয়তাও নেই। স্পষ্টতা মানেই নিশ্চিত ভবিষ্যৎ নয়।


দিন শেষে লাউড লুকিংয়ের মূল কথা খুব সহজ—ভালোবাসা চাইতে লজ্জা নেই, প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের আকাঙ্ক্ষাও দুর্বলতা নয়। কাউকে ভালো লাগতে পারে, তাঁর সঙ্গে ভবিষ্যৎ কল্পনাও করতে পারেন। শুধু মনে রাখবেন, নিজের চাওয়া জানানো আর অন্যের ওপর তা চাপিয়ে দেওয়া এক বিষয় নয়।

sidebar ad