এক কাপ চা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিকেলে জানালার পাশে বসে থাকা মানুষটির হাতে এক কাপ চা। অফিসের ব্যস্ততার মাঝে সহকর্মীর বলা—‘চা খাবেন?’ কিংবা বহুদিন পর দেখা বন্ধুর সঙ্গে গল্পের শুরু—‘চল, এক কাপ চা খাই।


চা তখন আর শুধু চা থাকে না। হয়ে ওঠে একটু থামার অজুহাত, কথা বলার উপলক্ষ, কখনো নিঃসঙ্গতার সঙ্গী, কখনো ভালোবাসার নীরব ভাষা।

 

সকালে হোক বা বিকেলে, এককভাবে হোক বা বন্ধুদের আড্ডায়; এক কাপ চা না হলেই নয়। শরীরের নির্জীবতা কাটাতে ধুম্রমান চা করে দিতে পারে মুহুর্তের মধ্যেই চাঙ্গা। চা যেন আমাদের প্রতিদিনের ছোট্ট এক বিরতি।

 

কারও কাছে দুধ-চিনি দেওয়া গাঢ় চা, কারও পছন্দ লিকার; কেউ গ্রিন টি, কেউ আবার আদা-লেবুর চায়ে খুঁজে পান স্বস্তি। চায়ের পছন্দ আলাদা হতে পারে, কিন্তু চায়ের প্রতি ভালোবাসাটা যেন প্রায় সার্বজনীন। এর স্নিগ্ধ, প্রশান্তিদায়ক স্বাদের জন্যই এর জয়জয়কার বিশ্বজুড়ে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর তথ্য অনুযায়ী, পানির পর চা বিশ্বের সবচেয়ে বেশি উপভোগ করা পানীয় এবং এটি শুধু পানীয় নয়বিভিন্ন সংস্কৃতিতে আতিথেয়তা, ঐতিহ্য ও সামাজিক যোগাযোগেরও অংশ।

 

চায়ের গল্প-

 

চায়ের ইতিহাস কয়েক হাজার বছরের পুরোনো। এর সঠিক উৎপত্তিস্থল নিয়ে বিতর্ক থাকলেও চীন, উত্তর-পূর্ব ভারত ও মিয়ানমারের পার্বত্য অঞ্চলকে চা গাছের প্রাচীন আবাসভূমির সঙ্গে যুক্ত করা হয়। চীনে প্রায় পাঁচ হাজার বছর আগে চা পান করার প্রচলনের প্রমাণ পাওয়া যায়।

 

আর ‘চা বা ‘tea’ নামটির গল্পও বেশ মজার। চীনা ভাষায় চায়ের উচ্চারণ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ছিল। দক্ষিণ চীনের কিছু অঞ্চলের উচ্চারণ থেকে ইউরোপীয় বাণিজ্যপথে "টি" শব্দটি ছড়িয়ে পড়ে; অন্যদিকে "চা" বা "চাই" এসেছে চীনা উচ্চারণের আরেক ধারার মাধ্যমে।

 

বাংলাদেশেও চায়ের ইতিহাস বেশ পুরোনো। ১৮৪০ সালে চট্টগ্রাম এলাকায় পরীক্ষামূলকভাবে চা চাষ শুরু হয়। এরপর ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা-বাগান প্রতিষ্ঠিত হয়।  ভারতবর্ষে এর চাষ ১৮১৮ সালে শুরু হলেও আমাদের দেশে বাণিজ্যিক ভাবে এর চাষ শুরু হয় ১৮৫৭ সাল থেকে।  


একই গাছ, এত রকম চা!


দুধ চা, রং চা, গ্রিন টি, ব্ল্যাক টিনাম আলাদা বলে মনে হলেও মজার বিষয় হলো, প্রচলিত বেশির ভাগ চায়ের মূল উৎস একই গাছ, ক্যামেলিয়া সিনেনসিস (Camellia sinensis)। গাছটি একই, কিন্তু পাতা কীভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে, কতটা অক্সিডাইজ করা হচ্ছে এবং কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তার ওপরই নির্ভর করে চায়ের রং, ঘ্রাণ ও স্বাদ। ব্ল্যাক, গ্রিন, উলং, হোয়াইট ও ইয়েলো টিসবই এই একই উদ্ভিদ থেকে আসতে পারে। অন্যদিকে ক্যামোমাইল, পুদিনা, আদা বা বিভিন্ন ফুল-ভেষজ দিয়ে তৈরি পানীয়গুলো আসলে ভেষজ ইনফিউশন; এগুলো ক্যামেলিয়া সিনেনসিস থেকে তৈরি নয়।


আর সাম্প্রতিক সময়ে চায়ের জগতেও এসেছে নতুনত্ব। ম্যাচা, কোল্ড-ব্রু টি, বিভিন্ন ফ্লেভারের আইসড টি কিংবা ভেষজ উপাদানের মিশ্রণবিশেষ করে ম্যাচা এখন শুধু ঐতিহ্যবাহী জাপানি পানীয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; ক্যাফে, ওয়েলনেস সংস্কৃতি ও আধুনিক পানীয়ের জগতেও এর উপস্থিতি বেড়েছে।

 

পারফেক্ট এক কাপ চায়ের রহস্য-


চা বলতেই সচরাচর আমরা সুগন্ধ ও স্বাদযুক্ত উষ্ণ পানীয় বুঝি যা চাপাতা পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে তৈরি করা হয়। প্রস্তুত করার প্রক্রিয়া অনুসারে পাঁচটি শ্রেনীতে ভাগ করা যায়- কালো চা, সবুজ চা, ইষ্টক চা, উলং বা ওলোং চা এবং প্যারাগুয়ে চা। এছাড়াও সাদা চা , হলুদ চা সহ আরো অনেক ধরনের চা আছে। এত শ্রেনীবিভাগ থাকলেও শুধুমাত্র বিভিন্ন উপায়ে প্রস্তুতের কারনে ভিন্ন ভিন্ন স্বাদযুক্ত চা পাওয়া যায়।


এক কাপ চা বানানো খুব কঠিন কোনো কাজ নয় ঠিকই কিন্তু পানি, চা পাতা, দুধ, চিনির মিশেলেই কিন্তু অনেক সময় পারফেক্ট চা পাওয়া যায়না। সামান্য কিছু বিষয় খেয়াল রাখলে সাধারণ চা আর ‘ভালো চা-এর মধ্যে পার্থক্যটা বেশ স্পষ্ট হয়ে ওঠে।


পানি গুরুত্বপূর্ণ। চা বানানোর সময় পানির পরিমান ও গুণাগুণ খুব গুরুত্বপুর্ন। চা তৈরির সময় আমরা অনেকেই প্রয়োজনের চেয়েও বেশি পানি ফুটাতে দিই। যা মোটেও ভালো ধারনা নয়। এতে শুধু যে গ্যাসের অপচয় হয় তা কিন্তু নয়, এতে চায়ের স্বাদেও নিস্তেজ ভাব চলে আসবে। এর পরিবর্তে যতকাপ চা হবে ততটুকুই পানি সিদ্ধ করুন এবং প্রতিবারই ফ্রেশ ঠান্ডা পানি ব্যবহার করুন। পুনঃসিদ্ধ পানির তুলনায় টাটকা পানিতে বেশি অক্সিজেন এবং কম ইমপিউরিটিস রয়েছে যা একটি সুস্বাদু ও উপভোগ্য পানীয়তে পরিনত করে।


তাপমাত্রা বুঝে চা বানান। সব চায়ের জন্য একই তাপমাত্রার পানি প্রয়োজন হয় না। গ্রিন ও হোয়াইট টি তুলনামূলক কম তাপমাত্রার পানিতে ভালোভাবে তৈরি হয়; অতিরিক্ত গরম পানি এগুলোর স্বাদ তিক্ত করে দিতে পারে। অন্যদিকে ব্ল্যাক টি ও ভেষজ চায়ের জন্য ফুটন্ত বা গরম পানির প্রয়োজন হয় যাতে সমস্ত স্বাদ সম অনুপাতে আসে।


সময়ও কম গুরুত্বপূর্ণ নয়। চা পাতাকে খুব অল্প সময় পানিতে রেখে দিলে স্বাদ ও ঘ্রাণ পুরোপুরি বেরিয়ে আসতে পারে না। আবার অতিরিক্ত সময় ভিজিয়ে রাখলে চা তেতো বা কষাটে হয়ে যেতে পারে। তাই চায়ের ধরন অনুযায়ী নির্দিষ্ট ব্রুয়িং টাইম অনুসরণ করাই ভালো।


চা শুধুমাত্র একটি পানীয় নয়, বরং একটি জীবনধারার রুটিন যা মানুষকে সারাদিন সক্রিয় থাকতে সাহায্য করে। তাই এক কাপ চা পারফেক্টভাবে তৈরি করা হল এমন এক শিল্প যাতে কিছুটা ধৈয্যের সাথে কাজ করতে হয়। টি-ব্যাগ মানেই তাড়াহুড়া নয়। কাপে ব্যাগ ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে ফেললেই যে ভালো চা হবে, এমন নয়। পাতাকে পানিতে কিছুটা সময় দিতে হয়, যাতে তার স্বাদ ও ঘ্রাণ পানিতে ঠিকভাবে মিশতে পারে।


দুধের চায়ের জন্য আরো বেশি সময়ের প্রয়োজন হয়। আর যদি চা পাতা হয় তবে প্রতি ৬-৮ আউন্স পানির জন্য (১ আউন্স প্রায় ৩০মিলি) ২-৩ গ্রাম চা পাতা ব্যবহার করা উচিৎ। এটা অবশ্য চায়ের ধরনের উপর নির্ভর করে।

 

দুধ আগে, নাকি পরে?


লিকার টি, হোয়াইট টি, গ্রিন টি, ভেষজ চা যেমন দুধ ছাড়াই ভালো চা অন্যদিকে ব্ল্যাক টি, মাসালা চা দুধ সহকারে আরো ভালো স্বাদ পায়। এক্ষেত্রে দুধ আগে মিক্স করা ভালো না পরে, এই বিতর্কেরও শেষ নেই। কেউ দুধের সঙ্গে চা ফুটিয়ে গাঢ় স্বাদ পছন্দ করেন, আবার কেউ আগে চায়ের লিকার তৈরি করে পরে দুধ মেশান।


দুটির স্বাদ এক নয়। আগে চা ভালোভাবে তৈরি করে পরে দুধ মেশালে চায়ের নিজস্ব স্বাদ ও ঘ্রাণ বেশি স্পষ্ট থাকতে পারে। আর দুধের সঙ্গে দীর্ঘ সময় ফুটালে পাওয়া যায় গাঢ়, ঘন ও মোলায়েম স্বাদযেটা আমাদের পরিচিত ‘দুধ চা-র চরিত্রের সঙ্গে বেশি যায়।


অর্থাৎ, এখানে একটাই নিয়ম নেই। আপনার চায়ের ধন এবং পছন্দই শেষ কথা।


চা পাতার যত্নেও আছে রহস্য


দামি বা ভালো মানের চা পাতা  শুধু সংগ্রহ করলেই হবেনা তা ভালোভাবে সংরক্ষণও করে রাখতে হবে। ঠিকভাবে সংরক্ষণ না করলে ভালো চায়ের স্বাদও নষ্ট হয়ে যেতে পারে।


ভালো এবং উন্নতমানের চা পাতা অত্যন্ত হাইগ্রোস্কোপিক, যার মানে এটি বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে এবং এর চারপাশ থেকে সুগন্ধ গ্রহন করতে পারে। তাই চা রাখার পাত্র হওয়া উচিত শুকনো, পরিষ্কার, ভালোভাবে বন্ধ করা এবং অতিরিক্ত আলো-তাপ থেকে দূরে। রান্নাঘরের মসলা, কফি বা তীব্র গন্ধের জিনিসের পাশে চা রাখা ঠিক নয়। কারণ চা পাতার নিজের সূক্ষ্ম ঘ্রাণ সহজেই অন্য গন্ধের প্রভাব নিতে পারে।


চা শুধু স্বাদের জন্য?


চায়ের সঙ্গে স্বাস্থ্য নিয়েও নানা কথা প্রচলিত আছে। সত্যি বলতে, চায়ে ক্যাফেইন ও বিভিন্ন পলিফেনল রয়েছে। হার্ভার্ডের পুষ্টিবিষয়ক তথ্যসূত্র অনুযায়ী, পর্যবেক্ষণভিত্তিক কিছু গবেষণায় দিনে দুই-তিন কাপ চা পান করার সঙ্গে হৃদ্‌রোগ, স্ট্রোক ও টাইপ-২ ডায়াবেটিসসহ কিছু স্বাস্থ্যঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। তবে এগুলো মূলত পর্যবেক্ষণভিত্তিক গবেষণা; তাই চা খেলেই রোগ প্রতিরোধ হবেএমন সরাসরি সিদ্ধান্তে যাওয়া ঠিক নয়।


চায়ের ক্যাফেইনও মাথায় রাখা দরকার। এক কাপ ব্ল্যাক টিতে গড়ে প্রায় ৪৭ মিলিগ্রাম এবং গ্রিন টিতে প্রায় ২৮ মিলিগ্রাম ক্যাফেইন থাকতে পারে, যদিও পরিমাণ চায়ের ধরন ও তৈরির পদ্ধতির ওপর অনেকটাই নির্ভর করে। বেশি ক্যাফেইন বিশেষ করে রাতে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।


আর একটি বিষয় মনে রাখা জরুরিচা যতই পছন্দের হোক, খুব গরম অবস্থায় পান করা ভালো নয়। দীর্ঘদিন অত্যন্ত গরম পানীয় পান করার সঙ্গে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। তাই কাপ থেকে ধোঁয়া উঠছে দেখেই তাড়াহুড়া করে পান না করে একটু ঠান্ডা হতে দেওয়া ভালো।


এক কাপ চা কখনো ঘুম ভাঙায়, কখনো ক্লান্তি কমায়, কখনো আড্ডার শুরু করে। অফিসের ব্যস্ততার বিরতি, বৃষ্টির দিনে জানালার পাশে বসা কিংবা প্রিয় মানুষের নীরব সঙ্গসবকিছুর সঙ্গেই চায়ের অদ্ভুত সম্পর্ক।

 

চা শুধু পাতা, পানি, দুধ ও চিনির মিশ্রণ নয়; এর সঙ্গে মিশে থাকে অভ্যাস, স্মৃতি, আড্ডা আর নিজের মতো করে বেঁচে নেওয়ার সময়। হয়তো এ কারণেই দিন শেষে প্রশ্নটা থাকে না—‘চা খাবেন?’


প্রশ্নটা হয়ে যায়—‘আরেক কাপ হবে?’


ঢাকা/টিএ

sidebar ad