একটি দাম্পত্য সম্পর্কের ইতি ঘটতে পারে, কিন্তু বাবা-মা হিসেবে দায়িত্বের কখনো বিচ্ছেদ হয় না। অথচ আমাদের সমাজে অনেক বিচ্ছেদের পর সন্তান হয়ে ওঠে সাবেক সঙ্গীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সহজ হাতিয়ার।
ধরা যাক, আট বছরের একটি শিশু প্রতিদিন বাবার জন্য
অপেক্ষা করে। বাবাকে ফোন করতে চায়, দেখা করতে চায়। কিন্তু মা নানা অভিমানে বলে ওঠেন, তোমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তার কথা
আর কখনো বলবে না।
অন্যদিকে, বাবা যখন সন্তানের সঙ্গে কথা বলেন, তখন মায়ের
বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। সন্তানকে বোঝানোর চেষ্টা করেন, তার মা-ই তাদের বিচ্ছেদের
জন্য দায়ী। শিশুটি তখন কার কথা বিশ্বাস করবে কাকে ভালোবাসবে।
মাকে ভালোবাসলে কি বাবার প্রতি অবিচার হবে,বাবার কাছে যেতে চাইলে কি মা কষ্ট পাবেন।
একটি শিশুর কাছে বাবা-মা দুজনই তার পৃথিবীর
গুরুত্বপূর্ণ অংশ। অথচ বড়দের ব্যক্তিগত দ্বন্দ্বে সেই পৃথিবীটিই যখন দুই ভাগে ভাগ হয়ে
যায়,তখন শিশুটি এক অদ্ভুত মানসিক সংকটে পড়ে। সন্তান হয়ে ওঠে প্রতিশোধের হাতিয়ার।
বিচ্ছেদের পর একজন নারী বা পুরুষের মধ্যে
রাগ, ক্ষোভ, অপমান, অভিমান কিংবা প্রতারিত হওয়ার বেদনা থাকা অস্বাভাবিক নয়। বিশেষ করে
সম্পর্কের মধ্যে বিশ্বাসভঙ্গ, নির্যাতন, দায়িত্বহীনতা কিংবা দীর্ঘদিনের অবহেলা থাকলে
সেই ক্ষত সহজে শুকায় না। কিন্তু নিজের সাবেক সঙ্গীর প্রতি জমে থাকা
ক্ষোভের দায় সন্তানকে বহন করতে বাধ্য করা কতটা যুক্তিযুক্ত।
অনেক সময় দেখা যায় সাবেক সঙ্গীকে কষ্ট দেওয়ার জন্য সন্তানকে
তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। সন্তানের সামনে অন্য অভিভাবককে অপমান বা
চরিত্রহীন হিসেবে উপস্থাপন করা হয়।
সন্তানকে দিয়ে সাবেক সঙ্গীর খোঁজখবর নেওয়া
হয়।
সন্তানের মাধ্যমে টাকা, ভরণপোষণ কিংবা ব্যক্তিগত
বিষয়ে চাপ সৃষ্টি করা হয়।
সন্তান অন্য অভিভাবকের কাছে যেতে চাইলে তাকে
অপরাধবোধে ভোগানো হয়।
নতুন সংসার শুরু করার পর সন্তানকে আগের সম্পর্কের
বোঝা হিসেবে দেখা হয়।
কখনো সন্তানকে বলা হয়, তুমি যদি আমাকে ভালোবাসো,
তাহলে তার সঙ্গে যোগাযোগ রাখবে না।
এসব আচরণ শুধু পারিবারিক বিরোধ নয় এগুলো
শিশুর মানসিক নিরাপত্তা ও সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে।
মনোবিজ্ঞান কী বলছে?
মনোবিজ্ঞানে বাবা-মায়ের দ্বন্দ্বের মধ্যে
সন্তানকে টেনে আনা, তাকে পক্ষ বেছে নিতে বাধ্য করা কিংবা একজন অভিভাবকের বিরুদ্ধে অন্যজনের
সঙ্গে জোট বাঁধতে উৎসাহিত করার প্রক্রিয়াকে Parent-Child Triangulation বলা হয়।
২০২৫ সালে Paul Schrodt-এর নেতৃত্বে প্রকাশিত
একটি গবেষণায় ৪৯টি গবেষণার ২৩,৩৩৬ জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায়
দেখা গেছে, বাবা-মায়ের পারস্পরিক দ্বন্দ্ব যত বাড়ে, সন্তানদের দুই অভিভাবকের মাঝখানে
আটকে পড়ার প্রবণতাও তত বাড়ে।
২০২৬ সালে প্রকাশিত আরেকটি মেটা-অ্যানালাইসিসে
৫৪টি গবেষণার ২৫,৫৮২ জনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাবা-মায়ের দ্বন্দ্বের মধ্যে
আটকে পড়া শিশুদের উদ্বেগ, মানসিক কষ্ট এবং আচরণগত সমস্যার সঙ্গে সম্পর্কিত।
অর্থাৎ, বাবা-মায়ের বিচ্ছেদই সব সমস্যার
মূল নয়; বিচ্ছেদের পরও চলতে থাকা দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বে সন্তানকে জড়িয়ে ফেলার
প্রবণতা শিশুর জন্য বড় মানসিক চাপ তৈরি করতে পারে।
শিশুর মনে কী ধরনের প্রভাব পড়ে:
১. নিরাপত্তাহীনতা: শিশু ভাবতে শুরু করে,
তার পরিবারে আর কোনো স্থায়ী নিরাপত্তা নেই।
২. অপরাধবোধ: অনেক শিশু মনে করে, তার কোনো
ভুলের কারণেই বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে।
৩. উদ্বেগ ও বিষণ্নতা: প্রিয় দুই মানুষের
মধ্যে দ্বন্দ্ব তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে।
৪. সম্পর্কের প্রতি অবিশ্বাস: বাবা-মায়ের
সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা ভবিষ্যতে তার নিজের সম্পর্ক গড়ার ক্ষেত্রেও প্রভাব ফেলতে
পারে।
৫. আত্মপরিচয়ের সংকট: একজন অভিভাবককে ঘৃণা
করতে শেখানো হলে শিশুর নিজের পরিচয়ের একটি অংশ নিয়েও দ্বন্দ্ব তৈরি হতে পারে।
তাহলে কি সন্তানের সঙ্গে দেখা করার অধিকার
সব পরিস্থিতিতে সমান : এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা
প্রয়োজন।সন্তানের কল্যাণের কথা বলতে গিয়ে কখনোই নির্যাতনকারী, সহিংস কিংবা শিশুর জন্য
ঝুঁকিপূর্ণ অভিভাবকের সঙ্গে জোর করে যোগাযোগ বজায় রাখার কথা বলা হচ্ছে না।যদি কোনো
অভিভাবকের কারণে শিশুর শারীরিক বা মানসিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে সুরক্ষার
ব্যবস্থা নেওয়া জরুরি। প্রয়োজন হলে আইনগত সহায়তা, পারিবারিক আদালত, শিশু সুরক্ষা বিশেষজ্ঞ
কিংবা মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে হবে।
কিন্তু নিরাপত্তার বাস্তব ঝুঁকি না থাকলে
কেবল ব্যক্তিগত রাগ, প্রতিশোধ কিংবা নতুন সম্পর্কের কারণে সন্তানকে অন্য অভিভাবকের
কাছ থেকে বিচ্ছিন্ন করা শিশুর সর্বোত্তম স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিচ্ছেদের পর দায়িত্বশীল অভিভাবকত্ব কেমন
হওয়া উচিত:
বিচ্ছেদের পরও সন্তানের জীবনে বাবা-মা দুজনের
ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই কিছু বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।
সন্তানের সামনে একে অপরকে অপমান করবেন না।
সন্তানকে কখনো পক্ষ বেছে নিতে বাধ্য করবেন
না।
সন্তানের মাধ্যমে কোনো বার্তা বা অভিযোগ
পাঠাবেন না।
ভরণপোষণ ও ব্যক্তিগত বিরোধকে সন্তানের সঙ্গে
সম্পর্কের শর্ত বানাবেন না।
সন্তানের বয়স অনুযায়ী তার অনুভূতি ও মতামতকে
গুরুত্ব দিন।
স্কুল, চিকিৎসা, নিরাপত্তা ও মানসিক বিকাশের
বিষয়ে দায়িত্বশীল থাকুন।
সম্ভব হলে সম্মানজনক যোগাযোগ ও সহযোগিতামূলক
অভিভাবকত্ব বজায় রাখুন।
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের পরামর্শেও
বলা হয়েছে, বিচ্ছেদের পর সন্তানকে বাবা-মায়ের বিরোধ থেকে দূরে রাখা, তাকে পক্ষ বেছে
নিতে বাধ্য না করা এবং তার মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সন্তান কোনো যুদ্ধের ময়দান নয়: একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে দুজন মানুষের
অসংখ্য গল্প থাকতে পারে।সেখানে কে কতটা অপরাধী, কে কাকে ঠকিয়েছে, কে কাকে ছেড়ে গেছে
সেসবের বিচার হয়তো সময়, বাস্তবতা কিংবা আইন করবে।
কিন্তু সন্তানকে সেই বিচারের অংশ বানানোর
অধিকার কারও নেই।
মনে রাখতে হবে, একজন নারী ভালো মা হতে পারেন, যদিও তিনি
ভালো স্ত্রী হিসেবে সেই সম্পর্কে সুখী ছিলেন না। একইভাবে একজন পুরুষ ভালো বাবা হতে
পারেন, যদিও তিনি ভালো স্বামী হতে পারেননি। স্বামী-স্ত্রীর সম্পর্কের ব্যর্থতা দিয়ে
বাবা-মা হিসেবে কারও সম্পূর্ণ পরিচয় নির্ধারণ করা যায় না।সন্তানের সামনে অন্য অভিভাবকের
সব ভুল তুলে ধরলে হয়তো সাময়িকভাবে নিজের প্রতি তার সহানুভূতি পাওয়া যায়, কিন্তু বিনিময়ে
শিশুটির মন থেকে হারিয়ে যেতে পারে স্বাভাবিকভাবে ভালোবাসার স্বাধীনতা।একটি শিশুকে বড়
করার জন্য বাবা-মায়ের একই ছাদের নিচে থাকা সব সময় জরুরি নয় কিন্তু তার জন্য নিরাপদ
পরিবেশ, ভালোবাসা, সম্মান এবং মানসিক স্থিতিশীলতা জরুরি।
প্রতিশোধের খেলায় সাবেক সঙ্গীকে হয়তো কিছুটা
কষ্ট দেওয়া যায়, কিন্তু সেই খেলায় সবচেয়ে বড় মূল্য দিতে হয় শিশুটিকে।
তাই বিচ্ছেদের পর নিজেকে একটি প্রশ্ন করুন—
আপনি কি সত্যিই আপনার সাবেক সঙ্গীকে শাস্তি
দিতে চাইছেন, নাকি অজান্তেই নিজের সন্তানের শৈশবকে শাস্তি দিচ্ছেন?
মনে রাখবেন, দাম্পত্যের বিচ্ছেদ হতে পারে,
কিন্তু সন্তানের শৈশব আর দ্বিতীয়বার ফিরে আসে না।
তথ্যসূত্র ও গবেষণা: পল শ্রট (২০২৫), ইন্টারপ্যারেন্টাল কনফ্লিক্ট
অ্যান্ড প্যারেন্ট-চাইল্ড ট্রায়াঙ্গুলেশন: আ মেটা-অ্যানালিটিক্যাল রিভিউ অব চিলড্রেন
ফিলিং কট বিটুইন প্যারেন্টস, হিউম্যান কমিউনিকেশন রিসার্চ।
ঢাকা/টিএ