রান্নাঘরে মিনিমালিজম: কম জিনিসে সুন্দর ও গোছানো সংসার

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রান্নাঘরকে বলা হয় একটি বাড়ির হৃদস্পন্দন, যেখানে ভালোবাসা, যত্ন আর স্মৃতির ঘ্রাণ মিশে থাকে। সকালের জলখাবার থেকে শুরু করে রাতের শেষ খাবারের আয়োজন—একটি পরিবারের পুরো দিনের ছন্দই যেন বাঁধা থাকে রান্নাঘরের ব্যস্ততায়। পরিবারের কেউ গৃহিণী, কেউ চাকরিজীবী, কেউবা ঘর ও বাইরের দুই দায়িত্বই সামলান; ব্যস্ততার ফাঁকে দিনের কোনো না কোনো সময়ে তাঁদের ফিরতে হয় এই রান্নাঘরেই। রান্নাঘর যখন বাহুল্যবর্জিত, পরিচ্ছন্ন ও ছিমছাম থাকে, তখন রান্নার কাজটি বিরক্তির বদলে হয়ে উঠতে পারে আনন্দময় অভিজ্ঞতা। অন্যদিকে, অগোছালো ও জিনিসপত্রে ঠাসা রান্নাঘর শুধু জায়গার অপচয়ই করে না, তৈরি করতে পারে মানসিক চাপও। তাই রান্নাঘর সুন্দর ও কার্যকর রাখতে সব সময় নতুন নতুন জিনিস কেনার প্রয়োজন নেই; বরং প্রয়োজনীয় জিনিসগুলো সঠিকভাবে সাজিয়ে রাখাই যথেষ্ট। আর এই ভাবনা থেকেই জনপ্রিয় হচ্ছে কিচেন মিনিমালিজম বা রান্নাঘরে মিনিমালিজমের ধারণা।



কিচেন মিনিমালিজম কি?


জীবনে যত কম জিনিস থাকবে, সেগুলোর যত্ন নেওয়ার সময় এবং জীবনকে উপভোগ করার সুযোগ তত বেশি বাড়বে— রান্নাঘরের ক্ষেত্রে এই কথাটি শতভাগ সত্য। কিচেন মিনিমালিজম হলো রান্নাঘর থেকে অপ্রয়োজনীয়, অকেজো এবং বাড়তি জিনিসপত্র কমিয়ে কেবল অতি প্রয়োজনীয় ও বহুমুখী সরঞ্জাম ব্যবহারের একটি আধুনিক জীবনদর্শন। এর মূল মন্ত্র হলো "কম জিনিসে বেশি স্বাচ্ছন্দ্য"। 


রান্নাঘরের তাক খুললেই যদি একসঙ্গে বেরিয়ে আসতে চায় কয়েক সেট প্লেট, বাটি, মগ আর হরেক রকমের কিচেন গ্যাজেট, তাহলে বুঝতে হবে—রান্নাঘরে জিনিসের অভাব নেই, অভাব আছে একটু জায়গার! শখের বশে কেনা, উপহার পাওয়া, আবার কখনো বা  ভবিষ্যতে কাজে লাগবে ভেবে তুলে রাখা—এভাবেই কিন্তু জমতে থাকে প্রয়োজনের অতিরিক্ত জিনিস। অথচ একটু খেয়াল করে দেখবেন প্রতিদিনের রান্না ও সংসারের কাজ সামলাতে এতো কিছুর প্রয়োজন হয় না। আজকালকার শহরের ফ্ল্যাট বাসাগুলোতে বেশিরভাগই দেখা যায় রান্নাঘর খুবই ছোট থাকে। তাই এই স্বল্প জায়গায়কে গাদাগাদা বাসনকোসন, গ্যাজেট বা মসলার কৌটায় ভরে না রেখে এমনভাবে সাজান, যাতে জায়গা খোলামেলা থাকে এবং রান্নার কাজ দ্রুত, সহজ ও আনন্দদায়ক হয়।



রান্নাঘরকে মিনিমালিস্ট করতে যা করবেন


রান্নাঘরকে মিনিমালিস্ট ও গোছানো রূপ দিতে কিছু কার্যকরী পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে:


১. অপ্রয়োজনীয় জিনিস ছাঁটাই


রান্নাঘর গোছানো এবং পরিপাটি রাখার জন্য "অপ্রয়োজনীয় জিনিস ছাঁটাই" সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। অদরকারি জিনিস জমে থাকলে কাজ করার জায়গা কমে যায়। রান্নাঘর থেকে জিনিস ছাঁটাই করার জন্য যা করতে পারেন-


- ফ্রিজ এবং মসলার কৌটাগুলো পরীক্ষা করে মেয়াদ শেষ হওয়া সস, আচার, গুঁড়ো মসলা বা শুকনো খাবার ফেলে দিন।


- ফাটা কাপ-পিরিচ, হাতল ভাঙা কড়াই বা তলানি পুড়ে যাওয়া অকেজো হাঁড়ি-পাতিল সরিয়ে ফেলুন।


- অব্যবহৃত যন্ত্রপাতি যেমন যেসব ইলেকট্রিক গেজেট (যেমন: পুরনো টোস্টার বা জুসার) গত এক বছরে একবারও ব্যবহার করেননি বা তেমন প্রয়োজনও নেই সেগুলো বিক্রি বা দান করে দিন।


- প্রায় সকল বাসাবাড়িতে  কিছু থাকুক আর না থাকুক, বিভিন্ন খাবার বা অন্যান্য জিনিসপত্রের সাথে পাওয়া বিভিন্ন প্লাস্টিক বাটি বা কন্টেইনার থাকবেই। এগুলোই একটা সময় জমে অনেক হয়ে যায়। জমে থাকা এইসব অতিরিক্ত প্লাস্টিকের বয়াম ও পলিথিন ব্যাগ বাদ দিন।


তবে আবেগের বশে সবকিছু ফেলে দেওয়ার প্রয়োজন নেই। কোনো জিনিস সত্যিই কাজে লাগে কি না, সেটিও বিবেচনা করুন।


২. প্রয়োজনের বেশি বাসনপত্র জমাবেন না


পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী প্রতিদিন কেমন প্লেট, গ্লাস, বাটি ও চামচ লাগে তা হিসাব করুন। এর সাথে বড়জোর ২-৪টি অতিরিক্ত রেখে বাকিগুলো সরিয়ে ফেলুন। বড় কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নের জন্য রাখা দামি ডিনার সেট বা বড় হাঁড়ি-পাতিল প্রতিদিনের রান্নাঘরের তাক থেকে সরিয়ে স্টোররুম বা ওপরের ক্যাবিনেটে রাখুন। 


একই আকারের ৫টি কড়াই বা ১০টি ফ্রাইপ্যান না রেখে, সবচেয়ে ভালো ও টেকসই দেখে ২-৩টি পাত্র রাখুন। ঠিক একইভাবে ডজনখানেক খুন্তি, চামচ বা ছুরির প্রয়োজন নেই। প্রতিটি কাজের জন্য সেরা ও মজবুত ১-২টি সরঞ্জাম রাখলেই যথেষ্ট। 


'একটি আনলে একটি বাদ' নীতি অনুসরণ করুন। নতুন কোনো মগ, বাটি বা হাঁড়ি রান্নাঘরে যুক্ত করলে পুরনো একটি পাত্র রান্নাঘর থেকে বাদ দেওয়ার অভ্যাস করুন। এতে বাসনপত্রের সংখ্যা কখনোই নিয়ন্ত্রণের বাইরে যাবে না।


৩. রান্নার সরঞ্জাম বাছাই করুন বুঝেশুনে


বাজারে এখন কত রকমের কিচেন গ্যাজেট! নিউজ ফিড স্ক্রল করলে দেখতে পাওয়া যায় সবজি কাটার আলাদা যন্ত্র, ডিম সেদ্ধ করার মেশিন, সরাসরি হাত ব্যবহার না করে ডিম ভাঙার মেশিন, বিভিন্ন ধরনের স্লাইসার -এমন আরো কতো কি। দেখতে আকর্ষণীয় হলেও সবকিছুই আপনার রান্নাঘরের জন্য উপযোগী নাও হতে পারে। তাই সরঞ্জাম কেনার সময় বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া জরুরি।


সিঙ্গেল-ইউজ গ্যাজেট এড়িয়ে চলুন। যেসব সরঞ্জাম দিয়ে শুধু একটি নির্দিষ্ট কাজই করা যায় সেগুলো রান্নাঘরের জায়গা নষ্ট করে। তার পরিবর্তে মাল্টি-পারপাস বা বহুমুখী সরঞ্জাম বেছে নিন। যেমন আলাদা জুসার, গ্রাইন্ডার ও চপার না কিনে একটি ভালো মানের 'ফুড প্রসেসর' বা 'হ্যান্ড ব্লেন্ডার' নিতে পারেন। কোনো নতুন গ্যাজেট কেনার আগে ভাবুন, সেটি সত্যিই প্রয়োজন নাকি শুধু ট্রেন্ড দেখেই কিনছেন?


৪. কাউন্টারটপ রাখুন যতটা সম্ভব ফাঁকা

 

রান্নাঘরের কাউন্টারটপ হলো কাজ করার প্রধান জায়গা। এখানে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকলে রান্নাঘর অগোছালো দেখায় এবং কাটাকুটি বা রান্নার কাজে অসুবিধা হয়। 


কাউন্টারটপে শুধু সেই জিনিসগুলোই রাখুন যা প্রতিদিন সকালে বা প্রতিবেলায় ব্যবহার হয় যেমন চুলা, তেল-লবণের পাত্র বা ইলেকট্রিক কেটলি। বাকি সবকিছু ক্যাবিনেট বা ড্রয়ারের ভেতর গুছিয়ে রাখুন। ব্লেন্ডার, টোস্টার বা রাইস কুকারের মতো ভারী যন্ত্রপাতি যেগুলো সাধারণত প্রতিদিন ব্যবহার হয় না, তা কাউন্টারটপে সাজিয়ে না রেখে তাকের ভেতরে তুলে রাখুন। প্রয়োজনের সময় বের করে ব্যবহার করুন।


চামচ, খুন্তি, ছুরি বা মগ রাখার জন্য দেয়ালে হুক, ম্যাগনেটিক স্ট্রিপ বা হ্যাঙ্গিং র‍্যাক ব্যবহার করতে পারেন। আজকাল বাজারে অনেক ধরনের হুক কিংবা ছোট ছোট মাল্টি-ফাংশনাল শেলফ পাওয়া যায়। সেখানে এসব জিনিস গুছিয়ে রাখা যায়। এতে জায়গাও সাশ্রয় হয়। কাউন্টারটপ ফাঁকা থাকলে রান্নার পর তেল-মসলার ছিটেফোঁটা খুব সহজে এবং কম সময়ে মুছে পরিষ্কার করা যায়, ফলে তেলাপোকা বা পিঁপড়ার উপদ্রবও কমে।


৫. একই ধরনের কৌটা ও লেবেলিং ব্যবহার


রান্নাঘরে নানা আকার ও রঙের কৌটা থাকলে তাক দেখতে অনেক সময় বিশৃঙ্খল লাগে। তাই সম্ভব হলে একই ধরনের বা কাছাকাছি নকশার পাত্র ব্যবহার করুন। মসলা, ডাল, চাল, চিনি কিংবা অন্যান্য শুকনো খাবার আলাদা পাত্রে সংরক্ষণ করতে পারেন। 


স্বচ্ছ কাচ বা ফুড-গ্রেড পাত্র ব্যবহার করলে ভেতরের জিনিস সহজে দেখা যায়। পাত্রে নাম ও সংরক্ষণের তারিখ লিখে রাখলে খুঁজে পাওয়া এবং খাবারের মেয়াদ সম্পর্কে সচেতন থাকা সহজ হয়। তবে খাবার সংরক্ষণের জন্য পাত্রগুলো অবশ্যই পরিষ্কার, শুকনো ও বায়ুরোধী হওয়া জরুরি।


৬. রঙ ও নকশায় রাখুন সামঞ্জস্য


রান্নাঘর শুধু কাজের জায়গা নয়, এর পরিবেশ মনোরম হলে রান্না করতেও ভালো লাগে। রঙ এবং নকশায় সামঞ্জস্য থাকলে ছোট রান্নাঘরকেও অনেক বড়, উজ্জ্বল ও শান্তিপূর্ণ মনে হয়। 


রান্নাঘরের দেয়াল, টাইলস ও ক্যাবিনেটের জন্য সাদা, অফ-হোয়াইট, হালকা ধূসর (গ্রে) বা কাঠের প্রাকৃতিক রঙ বেছে নিন। হালকা রঙ আলো প্রতিফলিত করে, ফলে রান্নাঘর খোলামেলা ও পরিচ্ছন্ন দেখায়। খুব বেশি উজ্জ্বল বা হরেক রকম রঙের ব্যবহার এড়িয়ে চলুন। পুরো রান্নাঘরের জন্য সর্বোচ্চ ২ থেকে ৩টি রঙের একটি নির্দিষ্ট কালার প্যালেট ঠিক রাখুন। 


ক্যাবিনেটের হাতল বা টাইলসে খুব জটিল কারুকাজের বদলে ছিমছাম ও সাধারণ নকশা বেছে নিন। এতে দেখতে যেমন আধুনিক লাগে, তেমনি তেল-কালি জমলেও পরিষ্কার করা সহজ হয়। কিচেন টাওয়েল, ওভেন গ্লাভস, ফ্লোর ম্যাট এবং জানালার পর্দার রঙ ও নকশায় সামঞ্জস্য রাখুন। ছোটখাটো এই জিনিসগুলোর রঙ একরকম হলে পুরো রান্নাঘরে একটি গোছানো লুক আসে।


৭. ফ্রিজের ওপর ও ভেতরেও আনুন শৃঙ্খলা


অনেক সময় রান্নাঘরের সবকিছু গোছানো থাকলেও শুধু ফ্রিজের ভেতর পুরোটাই জগাখিচুড়ি পাকিয়ে থাকে। নিয়মিত ফ্রিজ পরিষ্কার করুন। মেয়াদোত্তীর্ণ খাবার সরিয়ে ফেলুন এবং খাবারগুলো আলাদা ভাগে রাখুন। ভেতরের তাকগুলোতে খাবার ছড়িয়ে-ছিটিয়ে না রেখে স্বচ্ছ প্লাস্টিকের অর্গানাইজার বাস্কেট ব্যবহার করুন। সবজি, ফল, দুগ্ধজাত খাবার এবং রান্না করা খাবার আলাদা আলাদা বক্সে গুছিয়ে রাখুন। 


নতুন বাজার করার পর পুরনো খাবারগুলো সামনের দিকে রাখুন এবং নতুনগুলো পেছনে রাখুন। এতে ভেতরে খাবার পড়ে থেকে নষ্ট হবে না এবং ফ্রিজ দুর্গন্ধমুক্ত থাকবে।


ফ্রিজে খাবার রাখার ক্ষেত্রে নিরাপদ তাপমাত্রা বজায় রাখা জরুরি। সাধারণভাবে রেফ্রিজারেটরের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে এবং ফ্রিজারের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখা উচিত।


ফ্রিজের ওপরের অংশে পুরনো কাগজ, ওষুধের বাক্স, টিফিন বক্স বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে  রেখে স্টোররুম বানিয়ে ফেলবেন না। এতে দেখতে যেমন সুন্দর লাগেনা, তেমনি ফ্রিজের তাপ বের হতেও বাঁধা সৃষ্টি হয়। তাই ফ্রিজের ওপরটা একদম ফাঁকা রাখুন, বড়জোর একটি ছোট ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন।


প্রতিদিনের শেষে ৫ মিনিটের গোছগাছ


রাতের খাবারের পর সিঙ্কে এঁটো বাসন জমিয়ে না রেখে ধুয়ে ফেলুন এবং চুলা ও কাউন্টারটপ মুছে রাখুন। সকালে উঠে একটি পরিচ্ছন্ন ও মিনিমালিস্ট রান্নাঘর দেখলে সারা দিনের কাজের উৎসাহ বেড়ে যায়।


মিনিমালিজম মানেই কি রান্নাঘর থেকে সব সৌন্দর্য বাদ দেয়? আপনার কি মনে হয়? এর মানে কিন্তু সাদা দেয়াল, ফাঁকা তাক আর হাতে গোনা কয়েকটি বাসনপত্র নয় বরং প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি নিজের পছন্দের কিছু উপকরণও রাখা যায়। যেমন—একটি ছোট ইনডোর প্ল্যান্ট, সুন্দর একটি সিরামিকের পাত্র, কাঠের কাটিং বোর্ড কিংবা পছন্দের নকশার একটি মগ। শর্ত একটাই, সাজানোর উপকরণ যেন রান্নার কাজে বাধা না দেয় কিংবা অপ্রয়োজনীয় জিনিসের ভিড় তৈরি না করে।


রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, পরিবারের প্রতিদিনের জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই এই জায়গাটি যতটা সম্ভব ব্যবহারবান্ধব, পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক হওয়া প্রয়োজন। রান্নাঘর গোছানোর শুরুটা হোক নতুন কিছু কেনার মধ্য দিয়ে নয়, বরং অপ্রয়োজনীয় কিছু সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে।

sidebar ad