বন্ধুত্ব হলো এমন আত্মার আত্মীয়তা, যা স্বার্থহীন, গভীর এবং বিশ্বাসের ওপর টিকে থাকে। আর প্রেম? সে তো স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে থাকে। জীবনের এই দুটি সুন্দরতম অনুভূতি যখন এক সমান্তরালে চলে আসে, তখন প্রশ্ন জাগে, এটা কি কাছে আসার গল্প রচনা করে নাকি পুরো সম্পর্কের সমীকরণই বদলে দেয়?
রবি ঠাকুরের মতে, বন্ধুত্ব ও ভালোবাসা একই মুদ্রার এপিঠ-ওপিঠ হলেও তাদের মাঝে রয়েছে গভীর তফাৎ। বন্ধুত্ব হলো আটপৌরে কাপড়ের মতো, যা কিছুটা মলিন বা ছেঁড়া হলেও আরামদায়ক। অন্যদিকে ভালোবাসা হলো পোশাকী, যাতে কোনো খুঁত বা দাগ থাকা চলে না। এদিকে, উইলিয়াম শেক্সপিয়র তো আরেক কাঠি সরেস। তাঁর মতে, কাউকে সারা জীবন কাছে পেতে চাইলে তাহলে তাকে প্রেম দিয়ে নয়; বন্ধুত্ব দিয়ে আগলে রাখতে হয়। কারন প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারাবে না। তাই বলে জীবনের সবসময় সবকিছুই কি ছকে বেঁধে চলে? মাঝে মাঝে বন্ধুত্বে নিঃশব্দে পরিবর্তন আসে। হয়তো কথাবার্তা আরও দীর্ঘ হয়, একে অপরের সাহচর্য আরো উষ্ণ হয় কিংবা হঠাৎ করেই হাসির কারণটাও অর্থবহ হয়ে উঠে।
যখন কোন বন্ধুত্বে ভিন্নতা আসতে শুরু করে, তার মানে হলো বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া এবং মানসিক সমর্থনের ওপর ভিত্তি করে গড়ে উঠা দুই ব্যক্তির মধ্যকার বন্ধনটি শুধু ঘনিষ্ঠ বন্ধু হওয়ার গন্ডি ছাড়িয়ে আরও গভীর হতে শুরু করে। ২০২২ সালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, প্রায় ১৯০০ জনের উপর করা একটি মেটা বিশ্লেষণে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ প্রেমের সম্পর্কের শুরুটা হয়েছিল বন্ধু হিসেবে, যা থেকে বোঝা যায় যে সম্পর্ক শুরুর ক্ষেত্রে প্রথমে বন্ধুত্ব একটি প্রচলিত ও অধিকতর পছন্দের পদ্ধতি।
বন্ধুত্ব থেকে প্রেমে পড়ার লক্ষণ
যখন কোন বন্ধুত্ব আরও উষ্ণ, ঘনিষ্ঠ এবং আবেগঘন হয়ে উঠে, ছোট ছোট মুহূর্তগুলো অর্থবহ মনে হতে শুরু করে; তখন তা আরও গভীর কোনো সম্পর্কের ইঙ্গিত দিতে পারে। কি দেখে বুঝবেন বন্ধুত্ব জায়গাটি প্রেমের দিকে ধাবিত হচ্ছে?
• যোগাযোগের ফ্রিকোয়েন্সি হঠাৎ বৃদ্ধি পায়
• বন্ধুত্বের সাথে প্রাক্তন বা বর্তমান সঙ্গীদের নিয়ে আলোচনা করা একটি সাধারণ ব্যাপার। কিন্তু যখন তারা তাদের প্রাক্তনদের সম্পর্কে কথা বলে, তখন কি নিজের মধ্যে ঈর্ষার এক অনুভূতি জাগে? এটি বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে পরিণত হওয়ার আরেকটি লক্ষণ, কারণ আপনি তাদেরকে অন্য কারো সাথে কল্পনা করতে চান না।
• ফ্লাটিং হলো বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে যাওয়ার আরেকটি সূক্ষ্ম লক্ষণ। তবে বুঝতে হবে যে এটা শুধু দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ, নাকি এর মধ্যে ফ্লাটিংও রয়েছে।
• দুজনের মধ্যেকার দিনের ছোট-বড় যেকোন ঘটনা একে অপরকে বলার জন্য হঠাৎ করে তীব্র ইচ্ছা জাগে।
• মনের মাঝে থাকা সকল না বলা ভাষা চোখে ফুটে উঠে। চোখের চাহনি আরও গভীর ও দীর্ঘ হয়ে ওঠে, ভেতরে জমে থাকা অনুভূতিকে প্রতিফলিত করে, যা হয়তো কথায় প্রকাশ করতে দ্বিধা হয়।
• একে অপরের সামনে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করার প্রবণতা দেখা দেয়। যেখানে আগে তারা সাদামাটা থাকতো, সেখানে হয়তো তারা গুছিয়ে এমন পোশাক পরেছে যা আরও বেশি যত্ন করে বানানো অথবা এমন কোনো নতুন সুগন্ধী ব্যবহার করছে যা আগে কখনো খেয়াল করা হয়নি। পরিবর্তনগুলো হয়তো খুব বড় নয়, কিন্তু সেগুলো এতটাই ধারাবাহিকভাবে হবে যা তা খেয়ালে আসতে বাধ্য।
• সর্বোপরি, তাকে গুরুত্ব দিতে শুরু করবেন। একটা সময় উপলব্ধি করবেন যে, আপনার সেই বেস্ট ফ্রেন্ডের প্রতিটি কাজকর্ম, যেমন সে কিভাবে কথা বলে, কিভাবে চলাফেরা করে, কেমন খাবার পছন্দ করে ইত্যাদি প্রতিটি জিনিসের ব্যাপারেই আপনি লক্ষ্য রাখতে শুরু করেছেন। তাঁর উপস্থিতি, কথাবার্তা, হাসি-ঠাট্টা সবকিছুই আপনার ভালো লাগার অংশ হয়ে থাকে।
ইতিবাচক দিক
বন্ধুত্ব থেকে আসা প্রেমের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো “কমফোর্ট জোন।’’ একে অপরের ভালো-মন্দ, অভ্যাস, রাগ, অভিমান সবকিছুই আগে থেকেই জানা থাকে। ফলে সম্পর্কের ভিতটা অনেক শক্ত হয়। ফলে এই সম্পর্কের স্থায়িত্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
এছাড়াও, একে অপরের ওপর বিশ্বাস এবং মানসিক নিরাপত্তা বেশি থাকে। বন্ধুত্ব থেকে প্রেম হলে সম্পর্কের শুরু থেকেই মানুষটি কেমন তা জানা থাকে, তাই সম্পর্কের ক্ষেত্রে কোনো লুকোছাপা বা অন্ধবিশ্বাস থাকেনা।
বিপদে বা প্রয়োজনে সবার আগে বন্ধুকে পাশে পাওয়া যায়, যা প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটি বড় নিরাপত্তা দেয়।
নেতিবাচক দিক
বন্ধুত্বের রুপান্তর যখন প্রেমে ঘটে, তখন সবচেয়ে বড় ঝুঁকিটা হলো, সম্পর্কটি যদি সফল না হয়; তবে চিরচেনা বন্ধুটিকেও হারাতে হয়। বিচ্ছেদের পর পুরনো সেই সম্পর্কে ফিরে যাবার আর কোন পথ থাকেনা। একবার প্রেমের সম্পর্কে পড়লে এবং তা ভেঙ্গে গেলে, পুনরায় আগের মতো স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্কে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বন্ধু হিসেবে আমরা একে অপরের ভুলগুলো যেভাবে সহজে ক্ষমা করে দেই, প্রেমের ক্ষেত্রে সবসময় তেমনটা হয়না। বন্ধু থাকাকালীন যেসব বিষয় স্বাভাবিক ছিলো, প্রেমে যাওয়ার পর সেগুলো নিয়েই শুরু হতে পারে ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত প্রত্যাশা।
এছাড়াও, আরেকটি যে নেতিবাচক দিক রয়েছে তা হলো, বন্ধু থাকাকালীন একে অপরের পরিবারের কাছে পরিচিত থাকতে পারেন। কিন্তু প্রেমের সম্পর্ক জানাজানি হওয়ার পর সেই সহজ সমীকরণগুলো বদলে যেতে পারে। আর নিজেদের মধ্যে যদি মনোমালিন্য চলে তবে কমন ফ্রেন্ড সার্কেলে এক ধরনের অস্বস্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
করনীয় ও বাস্তবতা
বন্ধুত্বের সীমা ডিঙ্গিয়ে ভালবাসার পথে হাঁটা অনেকটা ভারসাম্য বজায় রেখে দড়ির উপর হাঁটার মতো। তাহলে কি বন্ধুত্ব থেকে প্রেম ভূল? উত্তর হলো একদমই নয়। একটি মানুষকে তাঁর সত্যিকারের সবটুকু জেনে আপন করে নেয়া, অনেক বেশি পরিণত এক অনুভূতি। তাই কোন সিদ্ধান্ত নেয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্কের ক্ষেত্রে আপনি কতটা স্বচ্ছ? এটা কি কেবল সাময়িক মোহ নাকি দীর্ঘস্থায়ী কোন অনুভূতি? ভালোবাসার ক্ষেত্রে ঝুঁকি থাকবেই। সেই সব কিছু জয় করে, নিজের অনুভূতির উপর আস্থা রেখে সঠিক পথে এগিয়ে যাওয়াই উত্তম।
লেখাঃ শায়লা জাহান