টানা বৃষ্টি হলে প্রাণীদের জন্য মন কাঁদে নায়লা নাঈমের

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬

টানা বৃষ্টি হলে প্রাণীদের জন্য মন কাঁদে নায়লা নাঈমের

বর্ষা মানেই অনেকের কাছে খিচুড়ি, গরুর মাংস, বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ আর সামাজিক যোগাযোগমাধ্যমে রোমান্টিক স্ট্যাটাস। কিন্তু এই বৃষ্টির মধ্যেই অসহায় পথপ্রাণীদের দুর্দশার কথা মনে করিয়ে দিলেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।


নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘বৃষ্টি বিলাস’ করতে গিয়ে যেন কেউ বন্যা ও টানা বৃষ্টিতে বিপাকে পড়া প্রাণীদের কথা ভুলে না যান।


নায়লা লেখেন, “মজা করে খিচুড়ি, গরুর মাংস, ভর্তা, ভাজি খাচ্ছ! বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির পানিতে হাত দিয়ে জলকেলি করছ? সুন্দর সুন্দর রোমান্টিক স্ট্যাটাস দিচ্ছ? বন্যা হচ্ছে, বন্যা। সাধারণ মানুষ ঘরবন্দী। রাস্তার কুকুর দাঁড়িয়ে থাকতে পারবে—অতটুকু জায়গাও নেই। তার মাথা গুঁজার ঠাঁই নেই। বৃষ্টিতে সে ভিজে একাকার। খাবার খুঁজতে যাবে, সেটা তো দূরের ব্যাপার!”


পোস্টের শেষদিকে নিজের অনুভূতির কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “এক ঘণ্টা, দুই ঘণ্টা কিংবা সর্বোচ্চ তিন ঘণ্টা বৃষ্টি হলে ভালো লাগে। কিন্তু এর বেশি সময় বৃষ্টি হলে আমার মনটা আর ভালো থাকে না। আমার মতো যারা অ্যানিমেল লাভার, আপনাদেরও কি এমন হয়?”


নায়লা নাঈমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মন্তব্য করেছেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় পথকুকুর, বিড়ালসহ অসংখ্য প্রাণী আশ্রয় ও খাবারের সংকটে পড়ে। কেউ কেউ সাধারণ মানুষকে বাড়ির সামনে বা নিরাপদ কোনো স্থানে প্রাণীদের জন্য সামান্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন।


গ্ল্যামার জগতের পরিচিত মুখ হলেও সামাজিক নানা ইস্যুতে মাঝেমধ্যেই নিজের অবস্থান তুলে ধরেন নায়লা নাঈম। এবারও বর্ষার আনন্দের পাশাপাশি পথপ্রাণীদের প্রতি সহমর্মিতা দেখানোর বার্তা দিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

sidebar ad