তিনটি কবিতা ।। নুসরাত নুসিন

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬

নুসরাত নুসিন
নুসরাত নুসিন


শূন্য মাঠ


ফাঁকা মাঠে অমন সুর উঠেছে কেন?

শুধু শুধু শূন্য মাঠ। নাড়া পড়ে আছে।

সোনালি সম্ভাবনা কেউ বাড়ি নিয়ে গেছে।

রাঘব ফড়িং একটা পা-হারানো ফড়িংকে বলছে,

তুমি পশ্চাৎ, ময়দানে বেমানান। শস্যের বিড়ম্বনা।

শুধু শুধু শূন্য মাঠ। নাড়া পড়ে আছে।

সকল সম্ভাবনা কেউ বাড়ি নিয়ে গেছে।

***


প্রেমতলী


তখনও ঘাসে শিশির ছিল। শিশিরে মজেছি।

তারপর এক লহমায় পৌঁছে গেছি প্রেমতলী।

যাওয়াটা খুব দ্রুত ছিল। আকাশে দুটি পাখি

নিরাকারে ছুটেছিল। নিমঘটুর নিস্তব্ধতায়—

আমাদের যেকোনো উচ্চ শব্দ বারণ ছিল।

***


ওম


বনের মধ্যে বৃক্ষের বাহার। মায়া ও মাধুর্যের ওম

কণ্ঠে তুলে নিই। টের পাচ্ছি গভীর এ সংঘটন।

তোমাকে বসন্তে পেলে তোমাকে দেখি।

মন্দ নয়, অধিক। আমার আছে ততোধিক।

স্বর না শরীর?

হাওয়া, আজ জানলা খোলা।

হাওয়া আজ আত্মভোলা।

***


কবি পরিচিতি


নুসরাত নুসিন

জন্ম: ২১ নভেম্বর, দিনাজপুরের পার্বতীপুরে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন।


কবিতার বই

দীর্ঘ স্বরের অনুপ্রাস, কাগজ প্রকাশন (২০১৭)

কামনাফলের দিকে, বৈভব (২০২১)

অধর ও আধুলি, বাংলা একাডেমি (২০২৫)


গবেষণাকর্ম

রাজশাহীর চলচ্চিত্রের ইতিহাস

কাইয়ুম চৌধুরী ও সমরজিৎ রায় চৌধুরীর চিত্রকলায় লোকঐতিহ্যের অনুষঙ্গ: অনুসন্ধান ও বিশ্লেষণ


পুরস্কার

জেমকন তরুণ কবিতা পুরস্কার (২০১৭)


আদম সম্মাননা (২০২২), কলকাতা, ভারত


অনন্যা তরুণ কবিতা পুরস্কার (২০২৪)

***


ঢাকা/আরএস

sidebar ad