বাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক যাত্রায় একের পর এক নতুন মাইলফলক যোগ করছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর ধারাবাহিকতায় এবার ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বড় স্বীকৃতি পেল সিনেমাটি। ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘মাস্টার’।
৪ অক্টোবর সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। তাঁর কথায়, দূর তাসকানি থেকে আসা এই খবর তাঁদের জন্য ছিল দারুণ আনন্দের। একই সঙ্গে তিনি মনে করেন, এই অর্জন ‘মাস্টার’-এর গল্পের সর্বজনীনতা ও প্রাসঙ্গিকতারও স্বীকৃতি।
নির্মাতা লিখেছেন, ‘সুদূর তাসকানি থেকে কী দারুণ একটি খবর এলো কিছুক্ষণ আগে! লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এই অর্জন ‘মাস্টার’ সিনেমাটির সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।’
‘মাস্টার’-এর আন্তর্জাতিক সাফল্যের গল্প অবশ্য নতুন নয়। এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি জায়গা করে নিয়ে আলোচনায় এসেছিল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করে নির্মাণ, গল্প ও বিষয়বস্তুর কারণে আলাদা করে নজর কেড়েছে এটি।
একটি সিনেমার সাফল্য শুধু পুরস্কারের সংখ্যায় মাপা যায় না। বিশ্বের বিভিন্ন দেশের দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের কাছে একটি গল্প কতটা গ্রহণযোগ্য হয়ে উঠছে, সেটিও গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেই ‘মাস্টার’-এর লুক্কা জয় বিশেষ তাৎপর্য বহন করছে। বাংলাদেশের বাস্তবতা ও গল্পের ভেতর দিয়ে নির্মিত একটি সিনেমা যখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পায়, তখন সেটি হয়ে ওঠে বাংলা সিনেমার জন্যও গর্বের মুহূর্ত।
রটারড্যাম থেকে লুক্কা—আন্তর্জাতিক উৎসবের এই যাত্রা তাই শুধু ‘মাস্টার’-এর ব্যক্তিগত অর্জন নয়; বাংলাদেশের চলচ্চিত্রের সম্ভাবনাকেও নতুন করে সামনে নিয়ে আসছে। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমাটি সামনে আরও কতটা পথ পাড়ি দেয়, এখন সেদিকেই তাকিয়ে চলচ্চিত্রপ্রেমীরা।