সংসারটা অনেকটা কাঁচের জানালার মতো। বাইরে থেকে ঝকঝকে দেখালেও ভেতরে ছোট ছোট ফাটল জমতে থাকে নীরবে। কখনো না বলা অভিমান, কখনো অসম প্রত্যাশা, কখনো বা ক্লান্ত নীরবতা দুজন মানুষের মাঝখানে অদৃশ্য দূরত্বের দেয়াল তৈরি করে। অথচ সম্পর্ক ভাঙে না বড় ঝড়ে, ভাঙে প্রতিদিনের অবহেলায়। আর ঠিক সেখানেই ভালোবাসার সবচেয়ে বড় পরিচয়,একজন আরেকজনের প্রতি সম্মান, বোঝাপড়া আর ফিরে এসে পাশে দাঁড়ানোর সাহস।
কমিউনিকেশন গ্যাপ কমানোর বাস্তব উপায়-
* সকালে বের হওয়ার আগে এক কাপ চা একসাথে খাওয়া। রোজ স্ত্রী বানাচ্ছে আজ হাতে সময় নিয়ে আপনি বানান। দিনের শুরুটা একটু ভালবাসার ছোয়ায় শুরু করুন।
দিনের ব্যস্ততার মাঝেও এটা সম্পর্ককে নরম রাখে।
*স্বামীর টিফিন বা স্ত্রীর ব্যাগ গুছিয়ে দিতে ছোট্ট সাহায্য করুন। যত্নের অনুভূতি অনেক বড় ভালোবাসা।
*অফিসে ব্যস্ত থাকলেও দুপুরে একটা ছোট মেসেজ দিন"তুমি খেয়েছ?" এই ছোট খোঁজও মানুষকে আপন অনুভব করায়।
*বাসায় ফিরে শুধু ফোনে ডুবে না থেকে ১০ মিনিট মন দিয়ে দিনের গল্প শুনুন।
*রান্না একজন না করে মাঝে মাঝে একসাথে করুন। কাজ ভাগ হলে ক্লান্তিও কমে, সম্পর্কও কাছাকাছি আসে।
*সপ্তাহে অন্তত একদিন একসাথে মুভি দেখুন বা ছাদে হাঁটুন। সম্পর্ক শুধু দায়িত্বে না, সময়েও বাঁচে।
*রাতে খাওয়ার সময় টিভি বা মোবাইল বন্ধ রেখে একসাথে বসুন। পরিবারের আসল সংযোগ তৈরি হয় ডাইনিং টেবিলে।
*ক্লান্ত দিনেও ছোট্ট প্রশংসা করুন"আজ তোমাকে খুব সুন্দর লাগছে" বা "অনেক কষ্ট করছ।" অথবা "খাবার টা দারুন ছিল"।
*ছুটির দিনে একসাথে বাজার করুন। সাধারণ মুহূর্তগুলোই পরে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়।
*একে অন্যের কাজকে ছোট করবেন না। সংসারে আয় করা আর সংসার সামলানো,দুটোই সমান দায়িত্ব।
*রাগ হলেও ঘুমানোর আগে কথা বলে নিন। নীরবতা অনেক সময় দূরত্বকে আরও গভীর করে দেয়।
*মাঝে মাঝে পুরোনো ছবি দেখে বা পুরোনো দিনের কথা বলে হাসুন। সম্পর্কের ক্লান্তি কমাতে স্মৃতিরও দরকার হয়।
বিশ্বাস ভাঙার পর সম্পর্ক কি আবার ফিরিয়ে আনা সম্ভব?
বিশ্বাস কাঁচের মতো,একবার ভাঙলে জোড়া লাগানো যায়, কিন্তু ফাটলের দাগ থেকে যায়।
ভালোবাসা হয়তো ফিরে আসে, অভ্যাসও ফিরে আসে, কিন্তু আগের সেই নিশ্চিন্ত শান্তিটা আর পুরোপুরি ফিরে আসে না।
কিন্তু তারপর ও যদি পরিস্থিতির ফাঁদে পড়ে আবারো মিলে যেতে হয় তখন কি করা যায়?
তখন সম্পর্কটাকে আগের মতো ভাবার চেষ্টা না করে নতুন বাস্তবতা মেনে নতুন নিয়মে শুরু করতে হয়। কারণ জোর করে এক হওয়া যায়, কিন্তু জোর করে আগের অনুভূতি ফিরিয়ে আনা যায় না।
প্রথমেই, নিজের মানসিক নিরাপত্তাকে গুরুত্ব দিন। শুধু “মানিয়ে নাও” শুনে নিজের কষ্ট চেপে রাখবেন না।
যে কারণে বিশ্বাস ভেঙেছিল, সেটা নিয়ে পরিষ্কার কথা হওয়া জরুরি। না হলে একই ক্ষত বারবার ফিরবে।
সময় দিন,ভাঙা বিশ্বাস একদিনে ঠিক হয় না; আচরণের ধারাবাহিক পরিবর্তনই আসল প্রমাণ।
আগের মতো অন্ধ বিশ্বাস না করে বাস্তববাদী হন।
ভালোবাসা থাকতে পারে, কিন্তু সীমারেখাও দরকার।
শুধু সন্তান, সমাজ বা পরিবারের চাপে একসাথে থাকলে ভেতরের দূরত্ব আরও বাড়তে পারে। তাই সম্পর্কের উদ্দেশ্যটা দুজনকেই বুঝতে হবে।
প্রতিদিন ছোট ছোট স্বচ্ছ আচরণ,খোঁজ নেওয়া, সত্য বলা, সময় দেওয়া,আস্তে আস্তে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনে।
অতীতের ঘটনা বারবার অস্ত্র হিসেবে ব্যবহার করলে সম্পর্ক আবার ভেঙে পড়ে। ক্ষমা করা কঠিন, কিন্তু প্রতিদিন অপমান করাও সমাধান না।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ,নিজেকে হারিয়ে ফেলবেন না। সম্পর্ক টিকুক বা না টিকুক, নিজের সম্মান আর মানসিক শান্তি যেন বেঁচে থাকে।
সংসারে রোলস এবং এক্সপেক্টেশন ব্যালেন্স করা:
সংসারের রোল আর এক্সপেক্টেশন ব্যালেন্স করা অনেকটা দড়ির ওপর হাঁটার মতো।একটু এদিক-ওদিক হলেই চাপ পড়ে। বাস্তব জীবনে কাজে লাগবে এমন কিছু টিপস
১) এক্সপেক্টেশন আগে ক্লিয়ার করো
অনেক সমস্যা শুরু হয় “আমি ভেবেছিলাম সে বুঝবে” থেকে।
কার কী দায়িত্ব, কী আশা।এগুলো কথা বলে পরিষ্কার করে নাও।
২) নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দাও
সব রোল একসাথে পারফেক্টভাবে করা সম্ভব নয়।
না বাবা-মা, না সঙ্গী, না সন্তান হিসেবে।
“ভালোভাবে করছি” এটাই যথেষ্ট, “পারফেক্ট” না।
৩) প্রাধান্য ঠিক করো।
সব কাজ সমান জরুরি না।
আজ কী সবচেয়ে গুরুত্বপূর্ণ,সেটা বেছে নাও, বাকি পরে।
৪) যোগাযোগ বন্ধ করো না
রাগ, কষ্ট, চাপ চুপ করে জমালে সম্পর্ক ভারী হয়ে যায়।
শান্তভাবে বলো
“আমি এইটা নিয়ে চাপ ফিল করছি”।
৫) নিজেকে সময় দাও
নিজের মানসিক অবস্থা খারাপ থাকলে কোনো রোলই ঠিকমতো করা যায় না।
অল্প হলেও নিজের জন্য সময় রাখা দরকার।
৬) “না” বলতে শিখো
সব অনুরোধ, সব দায়িত্ব নেওয়া মানে নিজের উপর অতিরিক্ত চাপ নেওয়া।
সবার খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না।
৭) দায়িত্ব ভাগ করে নাও
সবকিছু একা টানার দরকার নেই।
সংসার টিম ওয়ার্ক,একজনের কাঁধে সব না।
৮) বাস্তবতা মেনে নাও
সংসার কোনো সিনেমা না।এখানে ভুল, ক্লান্তি, ভুল বোঝাবুঝি থাকবেই।
এগুলোকে স্বাভাবিক হিসেবে নিলে চাপ কমে।
একে অপরের প্রতি সম্মান কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ : সম্মানই সেই নীরব সুতো, যা না থাকলে ভালোবাসার সব রঙ একদিন ম্লান হয়ে যায়। সম্মান আসলে কোনো আবেগি শব্দ না।এটা সম্পর্কের সবচেয়ে বাস্তব ভিত্তি। ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে এক ধরনের মানসিক ক্লান্তিতে ভেঙে পড়ে।
ঘরের ভেতর মানুষ থাকে, কথা হয়, দায়িত্ব চলে।কিন্তু কোথাও একটা নীরব দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বটা টাকার না, সময়ের না।সেটা অসম্মান-এর।
ছোট ছোট অবহেলা, তাচ্ছিল্য, বা একে অপরকে গুরুত্ব না দেওয়ার অভ্যাসই একদিন সম্পর্ককে ভেতর থেকে খালি করে দেয়। মানুষ তখন আর ঝগড়ায় কষ্ট পায় না।সে কষ্ট পায় তার অনুভূতিটা কেউ আর গুরুত্ব দিচ্ছে না দেখে। রবীন্দ্রনাথের “নষ্টনীড়”-এর মতো গল্পগুলোও কোথাও গিয়ে এই সত্যটাই বলে,ভালোবাসা না ভাঙলেও, অসম্মান আর অবহেলায় মানুষ ভেতর থেকে দূরে সরে যায়। সবচেয়ে বাস্তব সত্য হলো,ভালোবাসা থাকলেও মানুষ থাকতে পারে, কিন্তু সম্মান না থাকলে কেউ আর থাকতে চায় না।
লেখাঃইশরাত জাহান ইনা