পরিবার ও সমাজের কাছে আমরা সব সময় নিজেদের ‘ঠিক’ প্রমাণ করার চেষ্টা করি। বাস্তবতা হলো— সকাল থেকে রাত—কাজ, পরিবার, সম্পর্ক, সামাজিকতা, দায়িত্ব; সবকিছু সামলাতে গিয়ে আমরা অনেক সময় নিজের কাছেই একটি কঠিন প্রশ্ন দাঁড় করিয়ে দিই—‘আমি কি ঠিকভাবে সবকিছু করতে পারছি?’ একটু ভুল হলেই নিজেকে দোষ দেওয়া, মন খারাপ হলে তা লুকিয়ে রাখা, ক্লান্ত হলেও বিশ্রাম না নেওয়া কিংবা সব সমস্যার সমাধান নিজের কাঁধে তুলে নেওয়া—এসব যেন আধুনিক জীবনের স্বাভাবিক অভ্যাস হয়ে উঠেছে। কিন্তু সত্যিই কি সব সময় নিজেকে ‘ঠিক’ করতে হবে?—সম্ভবত না।
মানুষ মাত্রই ভুল করবে, ক্লান্ত হবে, কখনো সিদ্ধান্তহীনতায় ভুগবে, কোনো দিন মন ভালো থাকবে, কোনো দিন থাকবে না। জীবনের প্রতিটি মুহূর্তকে নিখুঁত করে তোলার চেষ্টা বরং নিজের ওপর অদৃশ্য চাপ তৈরি করতে পারে। সব সমস্যার সমাধান এখনই করতে হবে—এমন কোনো নিয়ম নেই। কিছু সমস্যার উত্তর সময় দেয়, কিছু অনুভূতিকে শুধু অনুভব করেই পার হতে হয়।
সব সমস্যার সমাধান একদিনে নয়
কোনো সমস্যা তৈরি হলেই আমরা সমাধানের পথ খুঁজতে শুরু করি। এটি প্রয়োজনীয়ও। কিন্তু প্রতিটি সমস্যাকে সঙ্গে সঙ্গে মেরামত করতে যাওয়ার অভ্যাস মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে। কখনো কখনো পরিস্থিতিকে একটু সময় দেওয়া, নিজের অনুভূতিকে বোঝা এবং তারপর সিদ্ধান্ত নেওয়াই ভালো। আজ কোনো কাজ শেষ করতে পারেননি? কাল করবেন। কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে? কিছুটা সময় নিয়ে কথা বলতে পারেন। কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না? নিজেকে একটু সময় দিন।
সব অনুভূতিকে ঠিক করতে হয় না
দুঃখ, রাগ, হতাশা, ভয় কিংবা একাকিত্ব—এসব অনুভূতিকে আমরা অনেক সময় নেতিবাচক বলে মনে করি। ফলে মন খারাপ হলে নিজেকেই বলতে থাকি, ‘এভাবে থাকা যাবে না’, ‘আমাকে শক্ত হতে হবে।’ অথচ অনুভূতি মানুষের স্বাভাবিক অভিজ্ঞতার অংশ। মন খারাপ হলে মন খারাপ করতেই পারেন। ক্লান্ত হলে ক্লান্তি স্বীকার করতে পারেন। কাঁদতে ইচ্ছে করলে কাঁদাও দুর্বলতার প্রমাণ নয়।
মনোবিজ্ঞানী কার্ল রজার্স আত্মগ্রহণের গুরুত্ব বোঝাতে লিখেছিলেন, “The curious paradox is that when I accept myself just as I am, then I can change.” অর্থাৎ, নিজেকে যেমন আছি তেমনভাবে গ্রহণ করতে পারলেই পরিবর্তনের পথ তৈরি হয়।
এই আত্মগ্রহণের অর্থ নিজের ভুল বা সীমাবদ্ধতাকে অস্বীকার করা নয়; বরং নিজেকে শাস্তি না দিয়ে বাস্তবতাকে স্বীকার করা।
সবকিছু সামলানো আপনার একার দায়িত্ব নয়
‘সব আমি সামলাব’—এই মানসিকতা অনেক সময় আত্মনির্ভরতার পরিচয় মনে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সব দায়িত্ব নিজের ওপর নিয়ে চললে মানসিক চাপ বাড়তে পারে। প্রয়োজন হলে সাহায্য চাওয়া, কাউকে ‘না’ বলা কিংবা কিছু দায়িত্ব ভাগ করে নেওয়াও নিজের যত্নের অংশ। সবাইকে খুশি করা সম্ভব নয়। সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করাও সম্ভব নয়। তাই নিজের সামর্থ্যের সীমা বোঝা জরুরি।
কখনো কখনো শুধু একটু থামুন
নিজের যত্ন মানেই বড় কোনো আয়োজন নয়। ব্যস্ত দিনের মাঝে এক কাপ চা বা কফি নিয়ে কয়েক মিনিট নিশ্চুপ বসে থাকা, পছন্দের গান শোনা, একটু হাঁটা, বই পড়া কিংবা মোবাইল থেকে দূরে থাকা—ছোট ছোট বিরতিও মনকে স্বস্তি দিতে পারে।
মনোবিজ্ঞানী ক্রিস্টিন নেফের গবেষণায় আত্ম-সহমর্মিতাকে নিজের প্রতি দয়া, মানবিক সীমাবদ্ধতাকে স্বীকার করা এবং নিজের অনুভূতিকে সচেতনভাবে গ্রহণ করার সঙ্গে যুক্ত করা হয়েছে। তাঁর গবেষণা বলছে, আত্ম-সহমর্মিতা মানসিক স্থিতিস্থাপকতার সঙ্গেও সম্পর্কিত।
তাই সব সময় নিজেকে বদলানোর, ঠিক করার কিংবা আরও ভালো হওয়ার দৌড়ে থাকতে হবে না। কখনো কখনো নিজেকে বলতে হয়—‘আজ এতটুকুই যথেষ্ট।’ কারণ নিজের যত্ন মানে সব সমস্যা মুছে ফেলা নয়; বরং সমস্যার মাঝেও নিজের পাশে থাকা।