ঢাকা মহানগরীতে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা মহানগরীর মোট ১,৬১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্র এ চারজন করে পুলিশ মোতায়েন থাকবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ দায়িত্ব পালন করবেন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা আরও শক্তিশালী করতে ডিএমপির ২৫ হাজার সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।