অহনা বনিক
হোম বেকিংয়ের ব্যবসায় কাঁচামাল সংগ্রহ, উৎপাদন খরচ নির্ধারণ, পণ্যের মূল্য নির্ধারণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ—প্রতিটি ক্ষেত্রেই উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বিশেষ করে আমদানিনির্ভর কাঁচামালের সহজলভ্যতা না থাকায় ব্যবসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
দেশীয় কাঁচামালগুলো তুলনামূলক সহজে পাওয়া গেলেও বিদেশি অনেক উপকরণ নিয়মিত পাওয়া যায় না। বড় বেকারি প্রতিষ্ঠানগুলো এসব কাঁচামাল মজুদ করে রাখতে পারলেও হোম বেকারদের পক্ষে বাসায় বেশি পরিমাণে উপকরণ সংরক্ষণ করা সম্ভব হয় না। ফলে প্রয়োজনের সময় কাঁচামাল না পাওয়ায় অনেক উদ্যোক্তাকে বিকল্প পণ্য ব্যবহার করতে হয়।
তবে আমি সব সময় চেষ্টা করি, ক্রেতাকে যে মানের ও যে ধরনের পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেটিই সরবরাহ করতে। এ কারণে প্রয়োজনে বেশি দাম দিয়ে হলেও মানসম্মত কাঁচামাল সংগ্রহ করি। এতে অনেক সময় উৎপাদন খরচ বেড়ে যায়। কিন্তু বাড়তি খরচের প্রভাব পণ্যের দামে ফেলতে চাই না। ফলে কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়।
কাঁচামালের বাজারে এ ধরনের সংকটের পেছনে সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলেও অনেকের ধারণা। এ পরিস্থিতিতে হোম বেকারদের জন্য মানসম্মত কাঁচামালের নিয়মিত সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের উপযোগী কাঁচামাল সংরক্ষণ ও সংগ্রহব্যবস্থা গড়ে তোলা গেলে তাঁদের ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ অনেকটাই কমে আসবে।
লেখক: কালিনারি আর্টিস্ট উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও রেসিপি কনট্রিবিউটার
মার্কস ডেজার্ট কুইন-সেরা ০৫, ২০২২।