মেঘলা দিনে ঘরে সময় কাটানোর ১ ডজন মজার কৌশল

প্রকাশ: ১২ জুলাই ২০২৬

মেঘলা দিনে ঘরে সময় কাটানোর ১ ডজন মজার কৌশল

লেখা- ইশরাত জাহান


সকাল থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে।চারিদিকে অন্ধকার। টিপটিপ বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। রাস্তায় পানি জমে একাকার, অন্তিক আর আয়াতের স্কুলে যাওয়া হলো না আজ।


অফিসে বের হতে গিয়েও দিপ দরজা খুলে বাইরে তাকিয়ে আবার দরজা বন্ধ করে বললেন, আজ অফিসে যাওয়ার চেয়ে নৌকা কিনে ফেলাই বোধহয় বেশি দরকার!


ইনা হেসে বললেন,  তাহলে আজ অফিস বাতিল। আজকের বস হলো অন্তিক আর আয়াত!


দুজনেই একসঙ্গে চিৎকার করে উঠল, ইয়েস! আজ ফ্যামিলি ফান ডে!


সকালের নাস্তায় সবাই মিলে স্যান্ডউইচ বানালো। যে যেমন বানালো, সবাই সেটাই খেয়ে প্রশংসা করল। 


তারপর শুরু হলো বালিশ যুদ্ধ খেলা। পাঁচ মিনিটের মধ্যেই দিপ দুই ছোট্ট যোদ্ধার কাছে আত্মসমর্পণ করলেন।


এরপর লুডু টুর্নামেন্ট।নিয়ম হলো,যে হারবে, সে বিজয়ীকে এক গ্লাস জুস এনে দেবে। দিপ আবারও হারলেন। অন্তিক মুচকি হেসে বলল, বাবা, তুমি হারতে খুব পছন্দ করো, তাই না? দিপ নাটকীয় ভঙ্গিতে বললেন,বাবাদের একটা গোপন দায়িত্ব আছে।

মাঝে মাঝে হারতে হয়!


তারপর শুরু হল মজার মুখভঙ্গি প্রতিযোগিতা। আয়াত এমন একটা মুখ বানালো যে সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল। বিচারক ইনা ঘোষণা দিলেন, আজকের চ্যাম্পিয়ন আয়াত!


দুপুরে চারজন মিলে রান্নাঘরে ঢুকে খিচুড়ি, ডিম ভাজি আর বেগুনি বানালো। খাওয়া হলো,কিন্তু  ডাইনিং টেবিলে নয়।ঘরের মেঝেতে চাদর পেতে, যেন ঘরের ভেতরেই পিকনিক।


খাওয়ার পর শুরু হলো ট্রেজার হান্ট। ইনা আগে থেকেই ছোট ছোট চকলেট লুকিয়ে রেখেছিলেন। অন্তিক গোয়েন্দার মতো সূত্র খুঁজছে, আর আয়াত উল্টো ভুল জায়গায় খুঁজে সবাইকে হাসিয়ে দিচ্ছে।


বিকেলে সবাই মিলে বড় একটা কাগজে নিজেদের স্বপ্নের বাড়ি এঁকে ফেলল।


তারপর মোবাইল দিয়ে বানালো একটি মজার পারিবারিক ভিডিও। ভিডিওতে দিপ বৃষ্টির আবহাওয়া উপস্থাপক সেজে বলছেন,

আজকের বিশেষ খবর বাবাদের অফিস বন্ধ, কিন্তু বাচ্চাদের দুষ্টুমি ১০০% বৃদ্ধি পেয়েছে!


সন্ধ্যায় জানালার পাশে বসে গরম চা, বাচ্চাদের জন্য গরম দুধ আর পকোড়া খেতে খেতে সবাই নিজেদের ছোটবেলার সবচেয়ে মজার গল্প শোনালো।


রাতে আলো একটু ম্লান করে সিনেমা দেখা হলো।


সিনেমা শেষ হওয়ার পর দিপ বললেন, আজকের দিনের সেরা মুহূর্ত কোনটা? অন্তিক বলল,বাবার হারার অভিনয়!

আয়াত বলল, বালিশ যুদ্ধ! ইনা হেসে বললেন, আমার কাছে পুরো দিনটাই সেরা।


শেষে চারজন মিলে একটি হাসিমুখের সেলফি তুলল। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু তাদের ঘরের ভেতর জমে ছিল হাসি, ভালোবাসা আর এমন কিছু স্মৃতি, যা অনেক রোদেলা দিনের চেয়েও উজ্জ্বল।


সারাদিন মজায় মজায় কাটানোর ১২টি কৌশল-


সবাই মিলে বালিশ যুদ্ধ।


লুডু, ক্যারাম বা UNO টুর্নামেন্ট।


৩০ মিনিটের পারিবারিক নাচের আসর।


যে সবচেয়ে মজার মুখভঙ্গি করতে পারবে তার জন্য ছোট পুরস্কার।


সবাই মিলে ঘরেই পিকনিক মেঝেতে চাদর পেতে।


বাচ্চাদের দিয়ে বাবার চুল বা দাড়ির ফানি স্টাইলিং (নিরাপদভাবে)।


একসঙ্গে কাপকেক, প্যানকেক বা পিজা বানানো।


কে সবচেয়ে ভালো গল্প বানাতে পারে প্রতিযোগিতা।


বৃষ্টির শব্দ শুনতে শুনতে গরম চা, দুধ বা হট চকোলেটের আড্ডা।


পুরোনো ছবি দেখে সেই দিনের গল্প বলা।


সবাই মিলে একটি বড় ছবি আঁকা বা রঙ করা।


দিনের শেষে আজকের সবচেয়ে মজার মুহূর্ত বলে সবাই একে অপরকে জড়িয়ে ধরে একটি পারিবারিক ছবি তোলা।


এমন একটি দিন বাচ্চারা শুধু উপভোগই করবে না, বড় হয়েও হয়তো বলবে, সেদিনের সেই বৃষ্টিভেজা ছুটিটাই ছিল আমাদের সবচেয়ে সুন্দর পারিবারিক স্মৃতিগুলোর একটি।

sidebar ad