মুখে ছোট ছোট বাদামি, তামাটে কিংবা লালচে দাগ! অনেকের ত্বকেই দেখা যায় এমন দাগের গুচ্ছ, যা পরিচিত ফ্রিকেলস (Freckles) নামে। বিশেষ করে মুখ, ঘাড়, বুক, বাহু ও পিঠে এসব দাগ বেশি দেখা যায়। তবে ফ্রিকেলস নিয়ে দুশ্চিন্তার কিছু আছে কি?
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ফ্রিকেলস হলো ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তৈরি হওয়া ছোট ছোট রঞ্জক দাগ। সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ এবং বংশগত বৈশিষ্ট্য এর অন্যতম প্রধান কারণ। সাধারণত রোদে থাকলে এসব দাগ আরও গাঢ় হয়ে উঠতে পারে।
ফ্রিকেলস কি তিলের মতো?
অনেকেই ফ্রিকেলসকে সাধারণ তিলের সঙ্গে গুলিয়ে ফেলেন। কিন্তু দুটির মধ্যে পার্থক্য রয়েছে। ফ্রিকেলস মূলত ত্বকে মেলানিনের রঞ্জক জমার কারণে তৈরি হয়। অন্যদিকে, তিল সাধারণত ত্বকের রঞ্জক উৎপাদনকারী কোষের গুচ্ছ থেকে তৈরি হয়।
ফ্রিকেলস কি পুরোপুরি দূর করা সম্ভব?
ফ্রিকেলস সম্পূর্ণভাবে দূর করা সব সময় সম্ভব নয়। তবে নিয়মিত ত্বকের যত্ন, সূর্যের আলো থেকে সুরক্ষা এবং চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে দাগের দৃশ্যমানতা কমানো সম্ভব।
ফ্রিকেলস কমাতে কী করবেন?
বাইরে যাওয়ার আগে ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন (SPF ৩০ বা তার বেশি)।
ত্বকের ধরন অনুযায়ী মৃদু ক্লিনজার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
রোদে বের হলে ছাতা, টুপি ও সুরক্ষামূলক পোশাক ব্যবহার করুন।
দাগ কমানোর জন্য কোনো ক্রিম বা চিকিৎসা শুরু করার আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ফ্রিকেলস সাধারণত ক্ষতিকর নয়। তবে কোনো দাগের রং, আকার বা আকৃতি পরিবর্তিত হলে কিংবা দাগ থেকে রক্তপাত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তথ্যসূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক