রাতে ৭–৮ ঘণ্টা ঘুমিয়েছেন, তবুও সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে শরীর যেন একেবারেই সতেজ নয়! চোখে ঘুম, শরীরে অবসাদ, কাজে মন বসছে না—এমনটা অনেকেরই হয়। শুধু ঘুমের সময় যথেষ্ট হলেই যে শরীর ও মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে, তা কিন্তু নয়।
১. ঘুমের মান খারাপ হওয়া এর অন্যতম কারণ। রাতে বারবার ঘুম ভেঙে গেলে বা গভীর ঘুমের পর্যায় ঠিকমতো না হলে দীর্ঘ সময় বিছানায় থেকেও শরীর প্রয়োজনীয় বিশ্রাম পায় না।
২. ঘুমের সময় অনিয়ম হলেও সকালে ক্লান্তি থাকতে পারে। প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণ চক্রকে ব্যাহত করতে পারে।
৩. স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাস বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যাও সকালে অতিরিক্ত ক্লান্তির কারণ হতে পারে। বিশেষ করে জোরে নাক ডাকা, ঘুমের মধ্যে হাঁসফাঁস করা এবং দিনের বেলায় অতিরিক্ত ঘুম ঘুম ভাব থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
৪. এ ছাড়া মানসিক চাপ, উদ্বেগ, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার, রাতে ক্যাফেইন গ্রহণ, অ্যালকোহল, শারীরিক পরিশ্রমের অভাব—এসবও ঘুমের মান কমিয়ে দিতে পারে।
৫. কখনও কখনও রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিসসহ কিছু শারীরিক সমস্যার সঙ্গেও দীর্ঘস্থায়ী ক্লান্তি জড়িত থাকতে পারে।
তাই ভালো ঘুমের পরও যদি প্রায় প্রতিদিন সকালে ক্লান্ত লাগে, বিষয়টিকে শুধু ‘অলসতা’ ভেবে এড়িয়ে যাবেন না। নিয়মিত ঘুমের সময় বজায় রাখা, ঘুমের আগে স্ক্রিন ও ক্যাফেইন কমানো এবং পর্যাপ্ত শারীরিক সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করুন। সমস্যা দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়াই সবচেয়ে ভালো।
তথ্যসূত্র: এনএইচএস, সিডিসি